ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

স্বাস্থ্যখাতে ১৬ হাজার কোটি টাকার উদ্যোগ, আসছে রোবটিক সার্জারি ব্যবস্থা


স্বাস্থ্যখাতে ১৬ হাজার কোটি টাকার উদ্যোগ, আসছে রোবটিক সার্জারি ব্যবস্থা

স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার বেশি দরপত্র আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে আহ্বান করা হবে, এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আরো জানান, দেশে পাঁচটি রোবটিক সার্জারি মেশিন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এসব তথ্য শেয়ার করেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, সরকার সাধারণ মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে, যা দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করার লক্ষ্যে। তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে, তবে দীর্ঘদিনের অব্যবস্থাপনা একদিনে দূর করা সম্ভব নয়।

আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ

স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে ১৬ হাজার কোটি টাকার বেশি টেন্ডার আহ্বান করা হবে। দেশে পাঁচটি রোবটিক সার্জারি মেশিন আনা হচ্ছে। এছাড়া ক্যানসার চিকিৎসার জন্য রেডিওথেরাপি মেশিন সরবরাহ এবং হাসপাতালগুলোর প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অবকাঠামো উন্নয়নে কাজ চলছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম। একজন চিকিৎসকের যেখানে ৫০ জন রোগী দেখার সক্ষমতা রয়েছে, সেখানে তাকে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ জন রোগী দেখতে হচ্ছে। এতে চিকিৎসকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, “একটা মৃত্যুর জন্য আমাদের সবারই মন কাঁদে। কিন্তু আমাদের ১৮ কোটি মানুষের জন্য ডাক্তার আছে কয়জন? একটা ডাক্তার ৫০টা রোগী দেখতে পারে, সেখানে ২৫০-৩০০ রোগী দেখতে হয়। হাঁপিয়ে যায়, তখন মাথার মেধা কাজ করে না।”

তবে, চিকিৎসকদের ওপর অতিরিক্ত চাপ থাকা সত্ত্বেও দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, চিকিৎসাসেবায় গাফিলতি, দায়িত্ব পালনে অনিয়ম কিংবা কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

হাসপাতাল পরিদর্শনের সময় কয়েকজন চিকিৎসককে অনুপস্থিত পাওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, তাদের দায়িত্ব পালনের রোস্টার সংগ্রহ করা হয়েছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিচালনার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো ক্লিনিক স্থাপন করা যাবে না। পাশাপাশি বিদ্যমান বেসরকারি ক্লিনিকগুলো নির্ধারিত শর্ত মেনে পরিচালিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হবে।

তিনি বলেন, কোনো ক্লিনিকে প্রয়োজনীয় প্রসবকক্ষ না থাকলে, রোগীর চিকিৎসায় অব্যবস্থাপনা দেখা দিলে কিংবা যথাযথ সেবার অভাবে রোগীর মৃত্যু হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত শর্ত পূরণ না করলে ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।

এর আগে সকালে ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপরিচ্ছন্ন পরিবেশ ও কিছু অব্যবস্থাপনা দেখতে পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন: ঢাকায় তিন দিনের সফরে এলেন চীনা মন্ত্রী লিউ হাইশিং

মন্ত্রী জানান, ফুলপুর হাসপাতালের শৌচাগারগুলো আগামী দুই দিনের মধ্যে সংস্কার ও পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বলা হয়েছে।

তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো অন্তর্বিভাগে রোগী ভর্তি কার্যক্রম চালু হয়নি উল্লেখ করে তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে চিকিৎসক নিয়োগ দিয়ে সেখানে অন্তর্বিভাগের সেবা চালু করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতালে ডায়ালাইসিস, ফিজিওথেরাপি, মাতৃসেবা ও শিশুদের জন্য পৃথক শয্যার ব্যবস্থা করা হবে। উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা সম্প্রসারিত হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওপর রোগীর চাপ কমবে।

স্বাভাবিক প্রসবের হার বাড়াতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্য খাতে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের পাশাপাশি নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। মাতৃস্বাস্থ্যসেবা উন্নত করতে মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: তাঁতিদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার আসামি ফায়েক ঢাকায় গ্রেপ্তার

এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে পুরোনো কমিউনিটি ক্লিনিকগুলোকে ফ্যামিলি ওয়েলবিং সেন্টারে রূপান্তরের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

পরিদর্শনকালে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, উপপরিচালক (পরিচালকের দায়িত্বপ্রাপ্ত) ডা. মো. জাকীউল ইসলাম, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করবে ডিএমটিসিএল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করবে ডিএমটিসিএল

রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রীদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার (২৫ অক্টোবর) ডিএমটিসিএলের পরিচালক মো. নজরুল ইসলাম এই তথ্য প্রকাশ করেন।

তিনি জানান, নতুন ব্যবস্থার অধীনে স্টেশনে প্রবেশের পূর্বে যাত্রীদের শরীরে ধাতব বস্তু শনাক্ত করার জন্য আর্চওয়ে মেটাল ডিটেক্টর এবং ব্যাগ ও মালামাল পরীক্ষা করার জন্য লাগেজ স্ক্যানার ব্যবহার করা হবে।

এ লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহের জন্য গত ১৯ অক্টোবর অনলাইনে দরপত্র আহ্বান করেছে ডিএমটিসিএল। সংস্থাটির স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান এই দরপত্র আহ্বান করেন।

দরপত্র বিজ্ঞপ্তিতে আগ্রহী ও যোগ্য প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালের মাধ্যমে দরপত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা ই-জিপি পোর্টালে পাওয়া যাবে।

নতুন নিরাপত্তাব্যবস্থা কার্যকর হলে মেট্রোরেল স্টেশনে প্রবেশের সময় যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য মালামাল স্ক্যান করা সম্ভব হবে।

এছাড়া, আর্চওয়ে মেটাল ডিটেক্টরের মাধ্যমে শরীরে বহন করা ধাতব বস্তু শনাক্ত করা যাবে। এর ফলে নিরাপত্তা তল্লাশির সক্ষমতা বৃদ্ধি পাবে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সহায়তা মিলবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে।

তবে, কতটি নিরাপত্তা যন্ত্র কেনা হবে, প্রথম পর্যায়ে কোন কোন স্টেশনে এসব সরঞ্জাম স্থাপন করা হবে এবং কবে থেকে যাত্রীদের নিয়মিত তল্লাশি শুরু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।

এদিকে, একই দরপত্র বিজ্ঞপ্তিতে মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর ডিপোতে স্থাপিত বৈদ্যুতিক ব্যবস্থার বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আওতায় লো-ভোল্টেজ (এলভি) ব্যবস্থা, ডিজেল জেনারেটর সেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহব্যবস্থা (ইউপিএস), বায়ু চলাচল ব্যবস্থা এবং অন্যান্য সাধারণ বৈদ্যুতিক কাজের রক্ষণাবেক্ষণ করা হবে।

দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দরপত্রের নথি কেনার সময় নির্ধারণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ার শীর্ষ ১০ বৃহত্তম সেনাবাহিনী: চীন, ভারত ও উত্তর কোরিয়া শীর্ষে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


এশিয়ার শীর্ষ ১০ বৃহত্তম সেনাবাহিনী: চীন, ভারত ও উত্তর কোরিয়া শীর্ষে

জনসংখ্যা, নিরাপত্তা চ্যালেঞ্জ এবং কৌশলগত গুরুত্বের কারণে এশিয়ায় বিশ্বের বৃহত্তম সামরিক বাহিনীগুলোর মধ্যে কিছু গড়ে উঠেছে। ২০২৬ সালের বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, সক্রিয় সামরিক সদস্যসংখ্যার দিক থেকে এশিয়ায় প্রথম স্থানে রয়েছে চীন, ভারত এবং উত্তর কোরিয়া। এই তিনটি দেশের প্রত্যেকটির সক্রিয় সামরিক সদস্যসংখ্যা ১০ লাখের বেশি রয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, চীনের সক্রিয় সামরিক সদস্যসংখ্যা প্রায় ২০ লাখ ৩৫ হাজারের মতো। পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সদস্যসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম সক্রিয় সামরিক বাহিনী হিসেবে পরিচিত।

তালিকার দ্বিতীয় স্থানে ভারত রয়েছে। দেশটির সক্রিয় সামরিক সদস্যসংখ্যা ১৪ লাখের বেশি। সক্রিয় সদস্যসংখ্যার দিক থেকে ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম সামরিক শক্তি।

উত্তর কোরিয়া তৃতীয় স্থানে রয়েছে। দেশটির সক্রিয় সামরিক সদস্যসংখ্যা প্রায় ১৩ লাখ ২০ হাজার। জনসংখ্যার তুলনায় সামরিক বাহিনীর আকার যথেষ্ট বড়। জাতীয় নিরাপত্তা কৌশলে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এশিয়ায় সক্রিয় সামরিক সদস্যসংখ্যায় শীর্ষ ১০ দেশের তালিকা নিম্নরূপ:

চীন: প্রায় ২০ লাখ ৩৫ হাজার।

ভারত: প্রায় ১৪ লাখ ৩১ হাজার।

উত্তর কোরিয়া: প্রায় ১৩ লাখ ২০ হাজার।

পাকিস্তান: প্রায় ৬ লাখ ৬০ হাজার।

ইরান: প্রায় ৬ লাখ ১০ হাজার।

ভিয়েতনাম: প্রায় ৪ লাখ ৫০ হাজার।

দক্ষিণ কোরিয়া: প্রায় ৪ লাখ ৫০ হাজার।

ইন্দোনেশিয়া: প্রায় ৪ লাখ ৫ হাজার।

থাইল্যান্ড: প্রায় ৩ লাখ ৬০ হাজার।

শ্রীলঙ্কা: প্রায় ৩ লাখ ৪৬ হাজার।

পাকিস্তান এবং ইরানের বিশাল সামরিক বাহিনী দেশ দুটির নিরাপত্তা দায়িত্ব এবং ভূরাজনৈতিক চাপের প্রতিফলন।

অন্যদিকে, ভিয়েতনাম এবং দক্ষিণ কোরিয়ার সক্রিয় সামরিক সদস্যসংখ্যা প্রায় সমান। কোরীয় উপদ্বীপের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দক্ষিণ কোরিয়ার সামরিক প্রস্তুতি বিশেষ গুরুত্ব বহন করে। ভিয়েতনামও জাতীয় প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে একটি বড় সামরিক বাহিনী বজায় রেখেছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী অন্যতম বৃহৎ। দেশটির বিস্তৃত দ্বীপপুঞ্জ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথজুড়ে ছড়িয়ে রয়েছে। ফলে এসব অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীর অন্যতম দায়িত্ব।

সদস্যসংখ্যাই সামরিক শক্তির একমাত্র মাপকাঠি নয়।

এশিয়ার দেশগুলোর সক্রিয় সামরিক সদস্যসংখ্যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপকতা তুলে ধরে। তবে শুধুমাত্র সেনাসদস্যের সংখ্যা দিয়ে কোনো দেশের সামগ্রিক সামরিক শক্তি নির্ধারণ করা সম্ভব নয়।

সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম, প্রতিরক্ষা বাজেট, রিজার্ভ বাহিনী, রসদ সরবরাহ এবং কৌশলগত সক্ষমতাও সামরিক শক্তির গুরুত্বপূর্ণ উপাদান। তাই এসব পরিসংখ্যানকে দেশগুলোর সক্রিয় সামরিক বাহিনীর আকারের তুলনা হিসেবে দেখা উচিত; সামগ্রিক সামরিক শক্তির চূড়ান্ত র‌্যাঙ্কিং হিসেবে নয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের আশ্বাসে ব্ল্যাকমেইলিং, ঢাবি ছাত্রকে আত্মসমর্পণের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


বিয়ের আশ্বাসে ব্ল্যাকমেইলিং, ঢাবি ছাত্রকে আত্মসমর্পণের নির্দেশ

বিয়ের আশ্বাসে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন এবং সেই সম্পর্কের আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিম মাহিদ চঞ্চলের জামিন আবেদন হাইকোর্ট খারিজ করেছে। আদালত একইসঙ্গে রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তারের বিষয়ে বিচারিক আদালত সিদ্ধান্ত নিতে পারবে। এর আগে, আসামি আপস-মীমাংসার কথা বলে জামিন নিয়েছিলেন।

হাইকোর্টের বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় প্রদান করে। গত ১২ অক্টোবর রায়টি প্রকাশিত হয়।

আসামির পক্ষে আদালতে আইনজীবী সজীব চন্দ্র বণিক উপস্থিত ছিলেন। অপরদিকে, ভুক্তভোগীর পক্ষে আইনজীবী শিকদার গুলজার আহমেদ ছিলেন। উল্লেখ্য, ভুক্তভোগীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

মামলার এজাহার ও আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ফেসবুকে পরিচয়ের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে তাসমিম মাহিদ চঞ্চলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে আসামি ধানমন্ডির একটি রেস্তোরাঁর স্মোকিং জোনে ভুক্তভোগীকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় গোপনে আপত্তিকর ছবি তুলে তা দিয়ে ব্ল্যাকমেইল করে সম্পর্ক বজায় রাখতে ভুক্তভোগীকে বাধ্য করেন আসামি।

পরবর্তী সময়ে, ২০২৫ সালের ৩১ আগস্ট মধ্যরাতে আসামির প্রলোভনে আবারও ভুক্তভোগী ধানমন্ডির একটি হোটেলে যান। সেখানেও বিয়ের প্রতিশ্রুতিতে তাদের শারীরিক সম্পর্ক হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, এরপর আসামি ভুক্তভোগীকে এড়িয়ে চলতে শুরু করেন। বিয়ের কথা বললে তার পরিবার সম্পর্ক মেনে নেবে না বলে হুমকি দেন। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। পরে ২০২৫ সালের ১৫ অক্টোবর আপস-মীমাংসার তারিখ নির্ধারণ করা হলেও আসামি বিয়ে করতে অস্বীকৃতি জানান।

এরপর, ২০২৫ সালের ১৮ অক্টোবর ভুক্তভোগী ধানমন্ডি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২০ অক্টোবর ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা করা হয়। পরীক্ষায় শারীরিক সম্পর্কের আলামত পাওয়া গেলেও তা সাম্প্রতিক বা জোরপূর্বক ছিল না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। মেডিকেল বোর্ড ভুক্তভোগীর বয়স আনুমানিক ২০ বছর নির্ধারণ করে।

তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারায় অভিযোগপত্র দাখিল করে। বর্তমানে মামলাটি ঢাকার ষষ্ঠ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের অপেক্ষায় রয়েছে।

যেভাবে জামিন পেয়েছিলেন আসামি, পরে বাতিল

চলতি বছরের ২৩ এপ্রিল আসামি স্বেচ্ছায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ নেওয়ার যুক্তিতে ট্রাইব্যুনাল তাকে ১০ মে পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরে ১০ মে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২৪ মে ট্রাইব্যুনাল তার জামিন আবেদন নামঞ্জুর করলে তিনি হাইকোর্টে আবেদন করেন। চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ এবং আপস-মীমাংসার মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তাকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

তবে পরবর্তী শুনানিতে দেখা যায়, আসামির পরীক্ষা শেষ হলেও কোনো আপস-মীমাংসা হয়নি। এ পরিস্থিতিতে জামিন বহাল রাখার ভিত্তি না থাকায় গত ১০ সেপ্টেম্বর হাইকোর্ট তার জামিন আবেদন খারিজ করে রায় দেন।

রায়ে বলা হয়, অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। অন্যথায় তাকে গ্রেফতারের বিষয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন বিচারিক আদালত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম-ডেঙ্গুর প্রকোপে উদ্বেগ বাড়ছে, হাসপাতালগুলো চাপে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


হাম-ডেঙ্গুর প্রকোপে উদ্বেগ বাড়ছে, হাসপাতালগুলো চাপে

হাম ও ডেঙ্গুর সংক্রমণের বৃদ্ধির ফলে জনমনে উদ্বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালগুলো রোগীর চাপের কারণে হিমশিম খাচ্ছে। ডেঙ্গুর কারণে প্লাজমা লিকেজের মতো জটিলতা দেখা দিচ্ছে, অন্যদিকে হাম পরিস্থিতির উন্নতি হচ্ছে না। চিকিৎসকরা জানাচ্ছেন, জ্বর কমলেও ডেঙ্গুর ঝুঁকি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে দেখা যায়, আলিফ নামের ৬ মাস বয়সী একটি শিশুর শরীরে নিউমোনিয়া, হাম এবং ডেঙ্গু বাসা বেঁধেছে। শিশুটির মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করা হচ্ছে না, বরং দিনমজুর বাবা মনির বন্ডে সই করে সন্তানের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

চিকিৎসকরা হাম পরিস্থিতির উন্নতি দেখতে পাচ্ছেন না। রোগী ও তাদের স্বজনেরা হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে ক্লান্ত হয়ে পড়ছেন।

অন্যদিকে, ডেঙ্গু রোগীদের জন্য নতুন ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে প্লাজমা লিকেজ। এর ফলে রক্তসঞ্চালন কমে যেতে পারে এবং রক্তচাপও দ্রুত নেমে যেতে পারে।

চিকিৎসকরা বলছেন, জ্বর চলে যাওয়া সুস্থ হওয়ার লক্ষণ নয়। ডেঙ্গুর ‘ক্রিটিক্যাল ফেজ’ জ্বর কমার সময়েই শুরু হয়। তীব্র পেটের ব্যথা, বমি, অস্বাভাবিক দুর্বলতা, রক্তপাত এবং শ্বাসকষ্ট বিপৎসংকেত হতে পারে।

এদিকে, হাম-ডেঙ্গু মোকাবেলায় চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%