ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ব্যাংক অব আমেরিকাকে অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ১২১ কোটি ডলার জরিমানা


ব্যাংক অব আমেরিকাকে অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ১২১ কোটি ডলার জরিমানা

অর্থপাচার প্রতিরোধ আইন ও মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক, ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলারের বেশি জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এই জরিমানা ঘোষণার কথা জানায়। ব্যাংকটির বিরুদ্ধে সন্দেহজনক লেনদেন শনাক্ত করার ক্ষেত্রে ব্যর্থতা এবং তা কর্তৃপক্ষকে জানাতে অক্ষমতার অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতির ভিত্তিতে, জরিমানার মধ্যে অর্থপাচার প্রতিরোধ ও আর্থিক অপরাধ সংক্রান্ত বিভিন্ন বিধি লঙ্ঘনের জন্য বড় অঙ্কের শাস্তি অন্তর্ভুক্ত রয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই জরিমানার একটি অংশ ব্যাংকটির ইতিহাসে তৃতীয় বৃহত্তম।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মন্তব্য করেন, "এত বড় একটি ব্যাংক অর্থপাচার প্রতিরোধ ও নিষেধাজ্ঞা মেনে চলার দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার প্রভাব শুধু ওই প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এতে পুরো মার্কিন আর্থিক ব্যবস্থাই অবৈধ অর্থ লেনদেনের ঝুঁকিতে পড়ে।" তিনি আরও বলেন, এই পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, বড় আর্থিক প্রতিষ্ঠানও আইনের ঊর্ধ্বে নয়।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক অপরাধ দমন নেটওয়ার্ক ব্যাংক অব আমেরিকার বিরুদ্ধে ১২০ কোটি ডলার জরিমানা নির্ধারণ করেছে। চীনভিত্তিক অর্থপাচারকারী চক্র এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম সীমান্ত এলাকায় অবৈধ অর্থ লেনদেনসহ জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড শনাক্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থতার অভিযোগে এই জরিমানা করা হয়।

কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়েছে, ব্যাংকটি সন্দেহজনক লেনদেন শনাক্ত ও প্রতিবেদন তৈরি করার প্রক্রিয়ায় ঘাটতি ছিল। তাছাড়া, সন্দেহজনক লেনদেন শনাক্ত ও তা জানানোর দায়িত্বের বড় একটি অংশ তৃতীয় পক্ষের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের দাবি, ব্যাংক অব আমেরিকা ৫০০ কোটি ডলারের বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য সময়মতো আর্থিক অপরাধ দমন নেটওয়ার্ককে জানায়নি।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের মুদ্রা নিয়ন্ত্রকের কার্যালয় ব্যাংকটির অর্থপাচার প্রতিরোধ কর্মসূচিকে দুর্বল ও অকার্যকর উল্লেখ করে ৭৫ কোটি ডলার জরিমানা করেছে। অর্থ মন্ত্রণালয়ের মতে, এটি সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ জরিমানা। তবে আর্থিক অপরাধ দমন নেটওয়ার্কের নির্ধারিত ১২০ কোটি ডলারের জরিমানার হিসাবের মধ্যে এই জরিমানার অর্থ সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে।

এছাড়া, বিদেশি সম্পদ নিয়ন্ত্রণবিষয়ক কার্যালয় ইরান, রাশিয়া, মাদক চোরাচালান ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সংক্রান্ত বিভিন্ন নিষেধাজ্ঞা কর্মসূচি লঙ্ঘনের অভিযোগে ১ কোটি ১৬ লাখ ডলারের সমঝোতা চুক্তি ঘোষণা করেছে।

ব্যাংক অব আমেরিকা বিভিন্ন নিষেধাজ্ঞা কর্মসূচির ৪৭৫টি সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তিতে সম্মত হয়েছে। এ সমঝোতার অংশ হিসেবে কর্মীদের প্রশিক্ষণ, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা, নিরীক্ষা এবং ভবিষ্যতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও রয়েছে।

জরিমানার বিষয়ে ব্যাংক অব আমেরিকা জানায়, আর্থিক অপরাধ প্রতিরোধের নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ দায়িত্ব সঠিকভাবে পালনের দায় তাদেরই।

আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

ব্যাংকটি আরও উল্লেখ করে যে, আর্থিক অপরাধ প্রতিরোধে প্রযুক্তি খাতে তারা কয়েক শ কোটি ডলার বিনিয়োগ করেছে এবং হাজারো কর্মী এ কাজে নিয়োজিত রয়েছেন। নিয়ন্ত্রক সংস্থাগুলো যেসব সমস্যা চিহ্নিত করেছে, সেগুলো সমাধানে প্রয়োজনীয় কাজ অনেক দূর এগিয়েছে এবং বাকি কাজ শেষ করতেও তারা প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১টি ফায়ার সার্ভিস ইউনিট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


গাজীপুরে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১টি ফায়ার সার্ভিস ইউনিট

গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল নামে কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায়। এরপর সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার কর্মকর্তা তালহা বিন জসীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আতলেটিকোর কাছে ২-০ গোলে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


আতলেটিকোর কাছে ২-০ গোলে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যাচের বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। এর মধ্যেই গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই ধাক্কা খাওয়া দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি। দ্বিতীয়ার্ধে লেনি ইয়োরোর লাল কার্ডে দশজনের দলে পরিণত হওয়া মাইকেল ক্যারিকের দল হেরেছে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে স্বাগতিকদের হয়ে গোল করেন পাবলো বারিওস ও আদেমোলা লুকমান। প্রথম মিনিটেই এগিয়ে যায় দিয়েগো সিমিওনের দল। এরপর ৭৩ মিনিটে ইয়োরো লাল কার্ড দেখলে ৭৯ মিনিটে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করে আতলেতিকো।

ম্যাচের শুরুতেই বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে ওঠে আতলেতিকো। লি কাং-ইনের পাস পেয়ে দ্রুত এগিয়ে যান আলেক্স বায়েনা। তাঁর বাড়ানো বলে প্রথম স্পর্শেই শট নেন বারিওস। বলটি ইউনাইটেডের ডিফেন্ডার আইডেন হেভেনের গায়ে লেগে জালে জড়ালে মাত্র ৫৩ সেকেন্ডেই পিছিয়ে পড়ে সফরকারীরা।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে ইউনাইটেড। তবে ব্রায়ান এমবেউমোর দুটি ভালো সুযোগ কাজে আসেনি। তাঁর একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়, অন্যটি দারুণভাবে ঠেকিয়ে দেন আতলেতিকোর গোলরক্ষক ইয়ান ওব্লাক। সুযোগ পেয়েছিলেন মার্কাস রাশফোর্ডও, কিন্তু স্বাগতিকদের রক্ষণ ভাঙতে পারেননি তিনি।

প্রথমার্ধের শেষদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় আতলেতিকো। ৪৪ মিনিটে দূরপাল্লার শটে বল জালে পাঠান জনি কার্দোসো। তবে আক্রমণের শুরুতে মার্কোস ইয়োরেন্তের হাতে বল লাগায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় গোলটি বাতিল করেন রেফারি।

দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা। হুলিয়ান আলভারেজের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে সমতায় ফেরার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ইউনাইটেড। ইউরি তিলেমানসের বাড়ানো বলে ভালো অবস্থানে বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন ব্রুনো ফার্নান্দেজ। ৭০ মিনিটে তাঁর আরেকটি শট ক্রসবারে লেগে ফিরে আসে।

এর তিন মিনিট পরই বড় ধাক্কা খায় ইউনাইটেড। আতলেতিকোর জনাথন ডেভিডকে বাধা দেন ডিফেন্ডার লেনি ইয়োরো। শুরুতে ফাউলের সিদ্ধান্ত না দিলেও ভিএআরের সহায়তায় ঘটনাটি পর্যালোচনা করেন রেফারি। নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করার দায়ে সরাসরি লাল কার্ড দেখানো হয় ইয়োরোকে। ফলে ম্যাচের শেষভাগে দশজন নিয়ে খেলতে হয় ইংলিশ ক্লাবটিকে।

সংখ্যায় এগিয়ে থাকা আতলেতিকো এরপর আক্রমণের চাপ বাড়ায়। ৭৯ মিনিটে পাল্টা আক্রমণে ডেভিডের শট ঠেকিয়ে দেন ইউনাইটেডের গোলরক্ষক সেন্নে লামেন্স। তবে ফিরতি বলে শট নিয়ে জাল খুঁজে পান লুকমান। তাতেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরার সুযোগ তৈরি করতে পারেনি ইউনাইটেড। প্রথম ম্যাচে আজারবাইজানের সাবাহকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করা ক্যারিকের দল এবার স্পেনে হারের স্বাদ পেল।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচগুলোতেও দেখা গেছে গোলের লড়াই ও অঘটন। নিজেদের মাঠে ইতালির ইন্টার মিলানকে ৪-৩ গোলে হারিয়েছে বেলজিয়ামের ক্লাব ব্রুজ। পিছিয়ে পড়েও নাপোলির বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে স্পেনের ভিয়ারিয়াল।

এ ছাড়া ফ্রান্সের লাঁসকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়েছে পর্তুগালের স্পোর্টিং লিসবন। একই ব্যবধানে চেক প্রজাতন্ত্রের স্লাভিয়া প্রাগকে হারিয়ে এবারের আসরে প্রথম জয় পেয়েছে আজারবাইজানের সাবাহ। অন্যদিকে ব্রায়ান গ্রুদার একমাত্র গোলে নেদারল্যান্ডসের পিএসভি আইন্দহোভেনকে ১-০ ব্যবধানে হারিয়েছে জার্মানির আরবি লাইপজিগ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩,৪৯০ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩,৪৯০ যাত্রী

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে, যা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ ও ফ্লাইট চলাচলে বিঘ্নের কারণে ঘটেছে। এর ফলে, প্রবাসী ও সাধারণ মিলিয়ে ১৩ হাজার ৪৯০ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার (১৪ অক্টোবর) এক বার্তায় এই তথ্য প্রকাশ করেছে। বাতিল বা স্থগিত ফ্লাইটগুলোর মধ্যে ৩৬টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।

সরাসরি চলাচলকারী ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের সাতটি এবং সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে।

এছাড়া, মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী দেশের বিমানবন্দর হয়ে সৌদি আরবগামী যাত্রী পরিবহনকারী ট্রানজিট ফ্লাইটগুলোরও বিঘ্ন ঘটেছে। এসব ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাই দুবাইয়ের ছয়টি, সালাম এয়ারের চারটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি কর্তৃপক্ষের আকস্মিক বিধিনিষেধ ও ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তের কারণে অনেক যাত্রী বিমানবন্দরে এসে আটকা পড়েছেন। এর ফলে, কর্মস্থলে ফেরা ও অন্যান্য জরুরি প্রয়োজনে সৌদি আরবগামী যাত্রীরা বিপাকে পড়েছেন।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইটের সময়সূচি পরিবর্তিত হতে পারে। এই কারণে যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি জানার এবং প্রয়োজন হলে টিকিটের তারিখ পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিকটকে পরিচয় পেয়ে সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


টিকটকে পরিচয় পেয়ে সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় টিকটকের মাধ্যমে পরিচয় গড়ে ওঠা একটি সম্পর্কের স্বীকৃতি না পাওয়ার কারণে বিষপানে এক স্কুলছাত্র এবং এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। নিহত স্কুলছাত্রের বয়স ১৫ বছর এবং গৃহবধূর বয়স ২৫ বছর। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে সাঘাটা থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

নিহত স্কুলছাত্র আল আমিন মিয়া (১৫) উপজেলার পূর্ব রাঘবপুর গ্রামের আজাদুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে, গৃহবধূ তাসলিমা আক্তার তাজমিন (২৫) দক্ষিণ শ্যামপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি পার্শ্ববর্তী পদুমশহর জোরডোবা গ্রামের ফরহাদ মিয়ার স্ত্রী এবং তার একটি সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে আল আমিন ও তাসলিমার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। গত রোববার (১১ অক্টোবর) তাসলিমা আল আমিনের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে ওঠেন। তবে বয়সের পার্থক্য এবং পারিবারিক ও সামাজিক বাস্তবতার কারণে তাদের সম্পর্ক মেনে নিতে পরিবারের সদস্যরা রাজি হননি।

এরপর সোমবার (১২ অক্টোবর) আল আমিন ও তাসলিমা জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশকজাতীয় পদার্থ সেবন করেন। বিষয়টি জানার পর তাদের স্বজনেরা দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু ঘটে।

ঘটনার পর আল আমিনের স্বজনেরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান। অন্যদিকে, তাসলিমার মরদেহ হাসপাতালেই রাখা হয়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ পূর্ব রাঘবপুর গ্রাম থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, "খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুরো ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%