প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অর্থপাচার প্রতিরোধ আইন ও মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক, ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলারের বেশি জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এই জরিমানা ঘোষণার কথা জানায়। ব্যাংকটির বিরুদ্ধে সন্দেহজনক লেনদেন শনাক্ত করার ক্ষেত্রে ব্যর্থতা এবং তা কর্তৃপক্ষকে জানাতে অক্ষমতার অভিযোগ আনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতির ভিত্তিতে, জরিমানার মধ্যে অর্থপাচার প্রতিরোধ ও আর্থিক অপরাধ সংক্রান্ত বিভিন্ন বিধি লঙ্ঘনের জন্য বড় অঙ্কের শাস্তি অন্তর্ভুক্ত রয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই জরিমানার একটি অংশ ব্যাংকটির ইতিহাসে তৃতীয় বৃহত্তম।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মন্তব্য করেন, "এত বড় একটি ব্যাংক অর্থপাচার প্রতিরোধ ও নিষেধাজ্ঞা মেনে চলার দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার প্রভাব শুধু ওই প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এতে পুরো মার্কিন আর্থিক ব্যবস্থাই অবৈধ অর্থ লেনদেনের ঝুঁকিতে পড়ে।" তিনি আরও বলেন, এই পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, বড় আর্থিক প্রতিষ্ঠানও আইনের ঊর্ধ্বে নয়।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক অপরাধ দমন নেটওয়ার্ক ব্যাংক অব আমেরিকার বিরুদ্ধে ১২০ কোটি ডলার জরিমানা নির্ধারণ করেছে। চীনভিত্তিক অর্থপাচারকারী চক্র এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম সীমান্ত এলাকায় অবৈধ অর্থ লেনদেনসহ জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড শনাক্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থতার অভিযোগে এই জরিমানা করা হয়।
কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়েছে, ব্যাংকটি সন্দেহজনক লেনদেন শনাক্ত ও প্রতিবেদন তৈরি করার প্রক্রিয়ায় ঘাটতি ছিল। তাছাড়া, সন্দেহজনক লেনদেন শনাক্ত ও তা জানানোর দায়িত্বের বড় একটি অংশ তৃতীয় পক্ষের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের দাবি, ব্যাংক অব আমেরিকা ৫০০ কোটি ডলারের বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য সময়মতো আর্থিক অপরাধ দমন নেটওয়ার্ককে জানায়নি।
যুক্তরাষ্ট্রের মুদ্রা নিয়ন্ত্রকের কার্যালয় ব্যাংকটির অর্থপাচার প্রতিরোধ কর্মসূচিকে দুর্বল ও অকার্যকর উল্লেখ করে ৭৫ কোটি ডলার জরিমানা করেছে। অর্থ মন্ত্রণালয়ের মতে, এটি সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ জরিমানা। তবে আর্থিক অপরাধ দমন নেটওয়ার্কের নির্ধারিত ১২০ কোটি ডলারের জরিমানার হিসাবের মধ্যে এই জরিমানার অর্থ সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে।
এছাড়া, বিদেশি সম্পদ নিয়ন্ত্রণবিষয়ক কার্যালয় ইরান, রাশিয়া, মাদক চোরাচালান ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সংক্রান্ত বিভিন্ন নিষেধাজ্ঞা কর্মসূচি লঙ্ঘনের অভিযোগে ১ কোটি ১৬ লাখ ডলারের সমঝোতা চুক্তি ঘোষণা করেছে।
ব্যাংক অব আমেরিকা বিভিন্ন নিষেধাজ্ঞা কর্মসূচির ৪৭৫টি সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তিতে সম্মত হয়েছে। এ সমঝোতার অংশ হিসেবে কর্মীদের প্রশিক্ষণ, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা, নিরীক্ষা এবং ভবিষ্যতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও রয়েছে।
জরিমানার বিষয়ে ব্যাংক অব আমেরিকা জানায়, আর্থিক অপরাধ প্রতিরোধের নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ দায়িত্ব সঠিকভাবে পালনের দায় তাদেরই।
ব্যাংকটি আরও উল্লেখ করে যে, আর্থিক অপরাধ প্রতিরোধে প্রযুক্তি খাতে তারা কয়েক শ কোটি ডলার বিনিয়োগ করেছে এবং হাজারো কর্মী এ কাজে নিয়োজিত রয়েছেন। নিয়ন্ত্রক সংস্থাগুলো যেসব সমস্যা চিহ্নিত করেছে, সেগুলো সমাধানে প্রয়োজনীয় কাজ অনেক দূর এগিয়েছে এবং বাকি কাজ শেষ করতেও তারা প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র: আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন