০৪:০৭ পি.এম
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ফারজানা ইসলাম নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (২৪ অক্টোবর) রাতে ফতুল্লার সাইনবোর্ডের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়, যা তার স্বামীর।
ফারজানার পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে নির্যাতন করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, ধর্মান্তরিত হয়ে মুক্তি
এই ঘটনায় নিহতের স্বামী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পরিবারের সূত্রে জানা যায়, নিহত ফারজানা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার স্বামী নাজমুল ইসলাম একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।
ফারজানার ভাই আরিফুল ইসলাম অভিযোগ করেন, প্রায় তিন বছর আগে ফারজানার বিয়ে হয় নাজমুল ইসলামের সঙ্গে। বিয়ের পর থেকেই নানা কারণে ফারজানাকে নির্যাতন করা হতে থাকে। নাজমুল প্রথমে বেকার ছিলেন, পরে চাকরি পাওয়ার পর অর্থের চাহিদা বাড়াতে থাকেন। এক পর্যায়ে অর্থের জন্য চাপ দেয়ার পাশাপাশি ফারজানার উপর নির্যাতনও চলতে থাকে।
তিনি আরও জানান, নির্যাতন সহ্য করতে না পেরে গত বছর ডিসেম্বর মাসে ফারজানা বাবার বাড়িতে চলে যান। পরে স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা করেন। সম্প্রতি দুই পরিবারের সমঝোতায় মামলাটি প্রত্যাহারের উদ্যোগ নেয়া হলে ফারজানা আবার স্বামীর ভাড়া বাসায় ফিরে যান।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বাসের নিচে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, অবরোধ ছয় দফা দাবি
আরিফুল অভিযোগ করেন, ঘটনার দিন শনিবার সন্ধ্যায় ফারজানার সঙ্গে তার কথা হয়েছিল এবং তখন তার কথাবার্তায় কিছু অস্বাভাবিক মনে হয়নি। এরপর রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তাকে ফোন করে ফারজানার মৃত্যুর খবর জানানো হয়। পরে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় ফারজানার মরদেহ উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক গাজী সুমন মাহতাব জানান, ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় ফারজানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং স্বামীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে। পরবর্তীতে সে অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) তারেক আল মেহেদী বলেন, পারিবারিক কলহ থেকে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। একই সঙ্গে নিহতের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচণার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মধ্য রাতে গ্যারেজে আনন্দ পরিবহনের বাসে আগুন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন