ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নোবেল শান্তি পুরস্কার আন্তর্জাতিক অপরাধের ভুক্তভোগীদের উৎসর্গ করলেন নাভি পিল্লাই


নোবেল শান্তি পুরস্কার আন্তর্জাতিক অপরাধের ভুক্তভোগীদের উৎসর্গ করলেন নাভি পিল্লাই

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছেন দক্ষিণ আফ্রিকার আইনজীবী ও সাবেক জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাই। ৮৫ বছর বয়সী এই আইনজ্ঞ পুরস্কার জয়ের খবর শুনে প্রথমে বিশ্বাস করতে পারেননি। পরে তিনি এই অর্জনকে ‘আন্তর্জাতিক অপরাধের’ শিকার ব্যক্তিদের প্রতি উৎসর্গ করেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয়। নরওয়েজীয় নোবেল কমিটি নাভি পিল্লাইকে এই পুরস্কার দেওয়ার কারণ হিসেবে শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় তার দীর্ঘমেয়াদী প্রচেষ্টার কথা উল্লেখ করেছে।

পুরস্কার জয়ের খবর পাওয়ার সময় পিল্লাই জার্মানির নুরেমবার্গে একটি বৈঠকে ছিলেন। বৈঠক থেকে তাকে ডেকে খবরটি জানানো হলে, তিনি প্রথমে বলেন, ‘এটা নিশ্চয়ই মজা।’ পরে সহকর্মীদের সামনে তাৎক্ষণিক বক্তব্যে তিনি পুরস্কার পাওয়ার খবরটি যাচাই করে নিতে চান বলেও জানান। কারণ, একজন আইনজীবী ও বিচারক হিসেবে তিনি কোনো কিছু নিশ্চিত না হয়ে বিশ্বাস করতে চাননি।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

পরে সংবাদ সম্মেলনে পিল্লাই বলেছেন, তিনি এখনো বিস্ময়ের ঘোরে রয়েছেন। একই সঙ্গে তিনি নিজেকে গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ মনে করছেন। তিনি বলেন, এই পুরস্কার ‘আন্তর্জাতিক অপরাধের’ শিকার সকল মানুষের পাশাপাশি আন্তর্জাতিক ন্যায়বিচারের চর্চাকারী ও রক্ষকদের জন্য উৎসর্গ করছেন।

তিনি সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক আইনকে দুর্বল করার চেষ্টা বিশ্বকে এমন এক পরিস্থিতিতে ফিরিয়ে নিতে পারে, যেখানে আইন নয়, বরং ক্ষমতাই ঠিক করবে কার কষ্ট গুরুত্ব পাবে। জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি প্রত্যেক মানুষের সমান মর্যাদা এবং বিশেষ করে নারী ও শিশুর অধিকার রক্ষার পক্ষে কাজ করেছেন বলেও জানান।

ভারতীয় তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাই বর্ণবাদী শাসনামলের দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। তিনি বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলনকারীদের পক্ষে আইনি লড়াই করেছেন। ১৯৬৭ সালে, বর্ণের কারণে কোনো আইনজীবী প্রতিষ্ঠান তাঁকে নিয়োগ দিতে রাজি না হওয়ায় নিজেই আইন পেশার প্রতিষ্ঠান গড়ে তোলেন। নাটাল প্রদেশে নিজস্ব আইন পেশার প্রতিষ্ঠান গড়ে তোলা প্রথম নারী হিসেবে তিনি পরিচিত।

পরবর্তীতে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পিল্লাই। রুয়ান্ডার গণহত্যাবিষয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি ধর্ষণ ও যৌন সহিংসতাকে গণহত্যার অপরাধ হিসেবে বিবেচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতেও দায়িত্ব পালন করেন এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হন।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

সম্প্রতি, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশনের নেতৃত্ব দেন তিনি। কমিশন গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিষয়ে গণহত্যার অভিযোগসংক্রান্ত সিদ্ধান্ত জানায়। ইসরায়েল ওই প্রতিবেদন ও এর সিদ্ধান্ত জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। এর আগে পিল্লাইয়ের নেতৃত্বাধীন কমিশন ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় হামাসের কর্মকাণ্ড এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগ নিয়েও প্রতিবেদন দিয়েছিল।

নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কারের পঞ্চম দক্ষিণ আফ্রিকান বিজয়ী।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নাভি পিল্লাইকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি পিল্লাইকে বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনকারীদের পক্ষে লড়াই করা অগ্রণী আইনজীবী হিসেবে উল্লেখ করেছেন। জাতিসংঘের বর্তমান মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক বলেছেন, এই পুরস্কার মানবাধিকারের জন্য সম্মিলিত অর্জন।

তবে গাজা নিয়ে পিল্লাইয়ের নেতৃত্বাধীন কমিশনের প্রতিবেদনকে কেন্দ্র করে ইসরায়েল তার পুরস্কার জয় নিয়ে সমালোচনা করেছে। দেশটির বক্তব্য, এই পুরস্কার ইসরায়েলবিরোধী ঘৃণা ও পক্ষপাতকে বৈধতা দেয়।

আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

নোবেল কমিটির মতে, শান্তি ও আন্তর্জাতিক আইন এগিয়ে নিতে পিল্লাইয়ের দীর্ঘদিনের প্রচেষ্টা এবং যুদ্ধ ও সহিংসতা প্রতিরোধে আইনি ব্যবস্থার ভূমিকা তুলে ধরার জন্য তাকে এ সম্মান দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের বিপক্ষে প্রথম উইকেট তুলে নিয়ে মধ্যাহ্নভোজে গেল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


বাংলাদেশের বিপক্ষে প্রথম উইকেট তুলে নিয়ে মধ্যাহ্নভোজে গেল আফগানিস্তান

আফগানিস্তানের ওপেনার সেদিকউল্লাহ অটল নতুন জীবন পেয়েও তা কাজে লাগাতে পারেননি। হাসান মাহমুদের বলের মাধ্যমে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান। এর ফলে আফগানিস্তান ৩০ রানে প্রথম উইকেট হারায়। আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে তারা ১ উইকেট হারিয়ে ৩৪ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে।

শনিবার (১০ অক্টোবর) দ্বিতীয় দিনের খেলা শুরু হলে বাংলাদেশ ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে ব্যাট করতে নামে। নাঈম হাসান অপরাজিত থাকলেও স্বাগতিকরা বেশি দূর এগোতে পারেনি। দিনের শুরুতে আর ২৯ রান যোগ করতেই ৩৪৬ রানে অলআউট হয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের পেসার হাসান মাহমুদ শুরু থেকেই আফগানিস্তানের ওপর চাপ সৃষ্টি করেন। দারুণ ফর্মে থাকা এই ডানহাতি পেসার ৭ ওভার বল করে ১১ রান খরচায় সেদিকউল্লাহর উইকেট তুলে নেন।

তবে তার আগে আফগান ওপেনাররা দুইবার জীবন পান। ব্যক্তিগত ৪ রানে থাকা অবস্থায় হাসানের বল ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে জমা হয়। জোরালো আবেদন করলেও আম্পায়ার তাতে সাড়া দেননি। বাংলাদেশ অধিনায়ক শান্তও রিভিউ না নেওয়ায় সেদিকউল্লাহ বেঁচে যান।

শেষ পর্যন্ত সেই জীবন কাজে লাগাতে পারেননি তিনি। অফ স্টাম্পের অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে স্লিপে শান্তর হাতে ক্যাচ দেন এই ওপেনার। ৩১ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।

অন্যদিকে আরেক ওপেনার আবদুল মালিকও জীবন পেয়েছেন। তার ব্যাটের কানায় লেগে বল দুই স্লিপ ফিল্ডারের মাঝ দিয়ে চলে যায়। পরে আরেকটি ক্যাচ তুললেও তানজিদ তামিমের হাতে যাওয়ার ঠিক আগমুহূর্তে বল মাটি স্পর্শ করে।

দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে আফগানিস্তানের সংগ্রহ ১৩ ওভারে ১ উইকেটে ৩৪ রান। আবদুল মালিক ১৫ এবং শহিদুল্লাহ কামাল ২ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের প্রথম ইনিংসের ৩৪৬ রানের জবাবে আফগানিস্তান ব্যাট করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


পিরোজপুরে প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগে মামলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রবাসী কর্তৃক কেনা জমি দখল করার চেষ্টা এবং ঘরের বেড়া ভেঙে মালামাল নিয়ে যাওয়ার অভিযোগে স্থানীয় একজন ব্যক্তি সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সাবেক চেয়ারম্যান জমির মালিকানা দাবি করে অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে, জমি নিয়ে বিরোধের কারণে উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ নোটিশ প্রদান করেছে।

মামলার বাদী মো. মানিক মিয়া (৬৫) মঠবাড়িয়া সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মামলার আসামিরা হলেন ওই ইউনিয়নের আন্ধারমানিক এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মো. জালাল মিয়া (৬০) এবং পৌরসভার বহেরাতলা এলাকার মো. রতন মিয়া (৫৫)। এছাড়া ২০ থেকে ৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে মামলায় আসামি করা হয়েছে।

মামলাটি মঠবাড়িয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে এমপি মামলা নম্বর ১৮৮/২০২৬ (মঠবাড়িয়া) হিসেবে নথিভুক্ত হয়েছে।

আদালতে দাখিল করা অভিযোগ অনুযায়ী, মঠবাড়িয়া মৌজার ২১ নম্বর জে.এল.-ভুক্ত সাবেক ১৫৬ নম্বর খতিয়ানের ১১৫৬ নম্বর দাগের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ বিদ্যমান। বাদীর দাবি, জমিটি তার ভোগদখলে ছিল এবং পরে তিনি এটি প্রবাসী জাহিদুল ইসলামের কাছে বিক্রি করেছেন।

অভিযোগে বলা হয়েছে, গত ১৯ আগস্ট রাত ৮টা থেকে পরদিন রাত ২টার মধ্যে আসামিরা লোকজন নিয়ে জমিতে প্রবেশ করেন। এ সময় তারা টিনের বেড়া ভেঙে ঘরে ঢুকে আসবাবপত্রসহ অন্যান্য মালামাল নিয়ে যান। বাদী দাবি করেছেন, এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। বাধা দিলে প্রবাসী জাহিদুলের পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

মানিক মিয়া জানান, নগদ অর্থের প্রয়োজনের কারণে তিনি জমিটি জাহিদুল ইসলামের কাছে বিক্রি করেছেন। জাহিদুল প্রবাসে থাকায় তার পক্ষে মামলা করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

মুঠোফোনে জাহিদুল ইসলাম বলেন, ২০১৮ সালে ৪ দশমিক ২৫ শতাংশ এবং ২০২৫ সালে ৪ দশমিক ৭৫ শতাংশ জমি মানিক মিয়ার কাছ থেকে কিনেছেন। তিনি দাবি করেন, জমি কেনার পর প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে নিয়ম অনুযায়ী নামজারি সম্পন্ন করেছেন।

জাহিদুলের অভিযোগ, ১৪৪ ধারার আদেশ বহাল থাকা সত্ত্বেও জমিতে থাকা দুটি ঘর ভেঙে মালামাল নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, জমি কেনার পর থেকে তারা চাপ, হয়রানি এবং প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন।

অন্যদিকে, সাবেক ইউপি চেয়ারম্যান জালাল মিয়া অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, জমিটি তার নিজস্ব। স্থানীয়ভাবে সালিশ হয়েছে এবং সালিশের রোয়েদাদে মানিক মিয়ার জমিটিতে কোনো স্বত্ব নেই বলে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, "মানিক মিয়া নিজের প্রাপ্যের চেয়ে বেশি জমি বিক্রি করেছেন।"

জালাল মিয়া বলেন, মামলা হয়েছে। আদালতে দুই পক্ষই নিজেদের কাগজপত্র জমা দেবে এবং মামলার রায়ে যা নির্ধারিত হবে, তা তিনি মেনে নেবেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, জমিটি নিয়ে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আদেশ রয়েছে। তিনি বলেন, "জালাল উদ্দীন এই আদেশের বিরুদ্ধে মামলা করেছিলেন, তবে উচ্চ আদালত মামলাটি খারিজ করে দিয়ে স্থগিতাদেশ বহাল রেখেছে।" জমি নিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ উভয় পক্ষকে নোটিশ দিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাজেকের পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


সাজেকের পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে সশস্ত্র তৎপরতা ও সাধারণ মানুষকে হুমকি দেওয়ার প্রতিবাদে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে।

সংগঠন দুটি জানিয়েছে, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার পরও তাদের দাবি পূরণ না হওয়ায় এই কর্মসূচি নেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এ কর্মসূচির কথা জানান।

বিবৃতিতে তারা অভিযোগ করেন, জেএসএস সন্তু গ্রুপের নামে একটি সশস্ত্র গোষ্ঠী সাজেকে অবস্থান নিয়ে সাধারণ মানুষকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। ৮ অক্টোবরের সমাবেশ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তাদের সরিয়ে নেওয়ার দাবি জানানো হলেও প্রশাসন এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং প্রতিবাদকারীদের দোকান ও বাসাবাড়িতে তল্লাশি চালিয়ে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

নেতারা বলেন, সাজেকের বাসিন্দাদের নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে অবরোধ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কর্মসূচি সফল করতে সাজেক ইউনিয়নসহ বাঘাইছড়ি ও দীঘিনালা উপজেলার যানবাহন মালিক-শ্রমিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সহযোগিতাও তারা চেয়েছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অবরোধ চলাকালে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, মরদেহ বহনকারী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন, সংবাদপত্র বহনকারী যান এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।

নেতারা দাবি করেন, গত প্রায় দুই সপ্তাহ ধরে নিরাপত্তা বাহিনীর মদদে জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র গোষ্ঠী সাজেকের ভুয়োছড়ি, চাইল্যাতলী ও মাচলং ক্যাম্পের আশপাশে অবস্থান করছে এবং স্থানীয় লোকজনকে হুমকি দিচ্ছে। তারা উল্লেখ করেন, ২৯ সেপ্টেম্বর ওই গোষ্ঠীর ছোড়া গুলিতে কস্মিতা ত্রিপুরা (৮) নামে এক শিশু আহত হয়েছে। সংগঠন দুটির নেতারা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সশস্ত্র গোষ্ঠীটিকে সরিয়ে নিয়ে সাজেকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাসার কাজে কয়েদিদের ব্যবহার করায় সাবেক নারী জেলার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


বাসার কাজে কয়েদিদের ব্যবহার করায় সাবেক নারী জেলার গ্রেপ্তার

ভারতের রাজস্থানে বাসার কাজ এবং দুই সন্তানের দেখভালের উদ্দেশ্যে কারাগার থেকে দুই নারী কয়েদিকে নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সাবেক নারী জেলার। চাকরি হারানোর পাশাপাশি, বর্তমানে তাকে সেই কারাগারে বন্দি থাকতে হচ্ছে যেখানে তিনি একসময় দায়িত্ব পালন করতেন।

অভিযুক্ত নারীর নাম দিব্যা চৌধুরী। ৩৭ বছর বয়সী দিব্যা রাজস্থানের আজমির কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার ছিলেন।

এনডিটিভির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আজমির সেন্ট্রাল জেল থেকে প্রায় আট কিলোমিটার দূরে একটি ভাড়া বাসায় দুই সন্তান নিয়ে বসবাস করতেন দিব্যা। তার স্বামী রাজস্থানের কোটা জেলায় কারারক্ষী হিসেবে কর্মরত রয়েছেন।

অফিসের দায়িত্ব এবং সংসার সামলাতে গিয়ে কারাগারের অধীন মহিলা সংশোধনাগারের কয়েদিদের ব্যক্তিগত কাজে ব্যবহারের পরিকল্পনা করেন তিনি। ১২ জুলাই, দিব্যা দুই নারী বন্দিকে নিজের বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাদের মধ্যে একজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কিরণ, যিনি সেথা নামেও পরিচিত। অন্যজন বিচারাধীন বন্দি সানা।

কারাগারের প্রধান ফটকে দায়িত্ব পালনরত অন্য কর্মীরা তাদের এ কাজে বাধা দেন। তবে দিব্যা এবং তার সহকর্মী কনস্টেবল সোনিয়া চৌধুরী বাধা উপেক্ষা করে দুই বন্দিকে নিয়ে কারাগার থেকে বেরিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এক থেকে দুই ঘণ্টার মধ্যে ওই দুই বন্দিকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়। রাজস্থান কারাবিধি-২০২২ অনুযায়ী, বন্দিদের ব্যক্তিগত কাজে ব্যবহার করা বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।

ঘটনার পর বিভাগীয় তদন্ত শুরু হয়। তদন্তে দিব্যা চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ৫ আগস্ট, আজমিরের সিভিল লাইন্স থানায় তার বিরুদ্ধে মামলা করেন কারাগারের এক প্রহরী। মামলা হওয়ার পর থেকে দিব্যা আত্মগোপনে ছিলেন।

পরে তাকে গ্রেপ্তারে বিশেষ দল গঠন করে আজমির পুলিশ। তদন্তে সাইবার সেলের সদস্যরাও যুক্ত হন। তারা সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ড বিশ্লেষণ করে অভিযুক্তের অবস্থান শনাক্তের চেষ্টা করেন।

গত ৬ অক্টোবর, রাজস্থানের কোটা জেলায় দিব্যার স্বামীর ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে নিজের পক্ষে সাফাই দিয়ে দিব্যা দাবি করেন, তিনি ওপেন জেল থেকে বন্দি আনার নির্দেশ দিয়েছিলেন। কারণ, ওপেন জেলের বন্দিদের নির্দিষ্ট শর্তে বাইরে যাওয়ার সুযোগ থাকে। তবে তার সহকর্মী সোনিয়া ভুল করে সাধারণ কারাগারের দুই বন্দিকে নিয়ে আসেন বলে দাবি করেন তিনি।

তবে দিব্যার এই বক্তব্যের বিষয়ে তদন্তকারী কর্তৃপক্ষের চূড়ান্ত অবস্থান সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%