ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শামা ওবায়েদ


নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উল্লেখ করেছেন যে, সরকার জ্বালানি খাতে আমদানি নির্ভরতা ও দুর্নীতি থেকে মুক্ত হয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে চেঞ্জ ইনিশিয়েটিভ কর্তৃক আয়োজিত জাতীয় সংলাপে তিনি এই তথ্য জানান। অনুষ্ঠানে জ্বালানি খাতে ঋণের টেকসই ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা হয়।

শামা ওবায়েদ সৌরবিদ্যুতের প্রসারে আইন প্রণয়ন, সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবহার এবং জলবায়ু কূটনীতিতে আলাদা উইং গঠনের বিষয়েও কথা বলেন। তিনি বলেন, বিগত সরকারের আমদানি নির্ভর ব্যবস্থায় জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। বর্তমান সরকার দীর্ঘমেয়াদে জ্বালানি সংকট সমাধানে এবং সৌরবিদ্যুতের প্রসারে কাজ করছে।

আরও পড়ুন: সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, ধর্মান্তরিত হয়ে মুক্তি

এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন মন্ত্রিসভায় চূড়ান্ত হয়েছে এবং এটি সংসদে বিল আকারে উপস্থাপিত হবে বলেও তিনি জানান।

বিশেষ অতিথি হিসেবে পরিবেশমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের ন্যায্য দাবি আদায়ে আন্তর্জাতিক পরিসরে আরও সক্রিয় হতে হবে। তিনি উল্লেখ করেন যে, আসন্ন কপ সম্মেলনের প্রেক্ষিতে পরিবেশ ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবারই প্রথম একসঙ্গে কাজ করছে। তবে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা একটি বড় বাধা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি নেতা বোরহান উদ্দিনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


বিএনপি নেতা বোরহান উদ্দিনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে

দলীয় আদর্শ, নীতি ও শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বোরহান উদ্দিনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন স্বাক্ষরিত এবং আলমডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ৩১ অক্টোবর আলমডাঙ্গা উপজেলা বিএনপির এক জরুরি সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিগত কিছুদিন ধরে মো. বোরহান উদ্দিনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত, অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মাদক কারবার ও সেবনের মতো সামাজিক ব্যাধি এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে দলের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে আজ থেকে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তার ব্যক্তিগত কোনো অপকর্মের দায়ভার দল বহন করবে না।

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর মাদকসহ আটক হন নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিনামূল্যে ফিনল্যান্ড যাওয়ার সুযোগ, শর্ত ‘সিঙ্গেল হতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


বিনামূল্যে ফিনল্যান্ড যাওয়ার সুযোগ, শর্ত ‘সিঙ্গেল হতে হবে’

প্রেমের সন্ধানে এবার বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে যাওয়ার সুযোগ রয়েছে। তা-ও আবার সম্পূর্ণ বিনামূল্যে। ফিনল্যান্ডের পর্যটন বোর্ড ১৬ জন অবিবাহিত নারী-পুরুষকে নিয়ে একটি ব্যতিক্রমী আয়োজন করতে যাচ্ছে। এই আয়োজনের উদ্দেশ্য শুধুমাত্র মনোরম পরিবেশে ঘুরে বেড়ানো নয়, বরং ফিনল্যান্ডের খাবারের স্বাদ নেওয়া এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া, এমনকি মনের মানুষের খোঁজও করা।

‘ফিনিশ ডিনার ডেট’ নামের এই বিশেষ আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১৬ জন সিঙ্গেলকে আমন্ত্রণ জানাচ্ছে দেশটির পর্যটন সংস্থা ‘ভিজিট ফিনল্যান্ড’। এই আয়োজন ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীরা ফিনল্যান্ডের খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন এবং স্থানীয় সিঙ্গেলদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও থাকবে। এই পরিচয়ের মাধ্যমে কারও জীবনে নতুন প্রেমের সূচনা হতে পারে।

মার্কিন সাময়িকী ফোর্বসের একটি প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে।

এই আয়োজনের অন্যতম আকর্ষণ হলো বিশেষ গ্রুপ ডিনার ডেট। এতে বিদেশি অংশগ্রহণকারীদের সঙ্গে ফিনল্যান্ডের স্থানীয় অবিবাহিত নারী-পুরুষদের পরিচয় করিয়ে দেওয়া হবে। রাজধানী হেলসিঙ্কি এবং লেকল্যান্ড অঞ্চলের ট্যাম্পেরে শহরে এসব নৈশভোজের আয়োজন করা হবে।

অংশগ্রহণকারীরা ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণের সুযোগ পাবেন। মেনুতে থাকবে বুনো মাছ, বিভিন্ন ধরনের বেরি এবং বন থেকে সংগ্রহ করা মাশরুম দিয়ে তৈরি খাবার। দেশের খ্যাতনামা কয়েকজন শেফ বিশেষভাবে এসব খাবারের মেনু তৈরি করবেন।

বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হেলি জিমেনেজ এক বিবৃতিতে বলেছেন, ‘ফিনল্যান্ডের খাবার আমাদের সুখী জীবনযাপনের সরাসরি প্রতিফলন। এর মাধ্যমে আমরা প্রকৃতি, ঋতু এবং আশপাশের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলি।’

তিনি আরও বলেন, ‘খাবার ফিনল্যান্ডের মানুষকে একত্র করে। এবার আমরা ভ্রমণকারীদেরও সম্পূর্ণ ভিন্ন ও বিশেষ এক অভিজ্ঞতার অংশ হতে আমন্ত্রণ জানাচ্ছি।’

এই আয়োজনের পেছনে রয়েছে ফিনল্যান্ডের একটি জনপ্রিয় ডেটিং প্রবণতা, যার নাম ‘সিঙ্কুকোরি’ বা ‘সিঙ্গেল বাস্কেট’।

দেশটির কয়েকটি সুপারশপে গোলাপি রঙের বিশেষ শপিং বাস্কেট চালু করা হয়েছে। অবিবাহিত ক্রেতারা এসব বাস্কেট ব্যবহার করে অন্যদের কাছে সূক্ষ্মভাবে জানাতে পারেন যে, তারা নতুন কারও সঙ্গে কথা বলতে কিংবা সম্পর্কে জড়াতে আগ্রহী।

এই ধারণা থেকেই ‘ফিনিশ ডিনার ডেট’ আয়োজনের অনুপ্রেরণা পেয়েছে পর্যটন সংস্থাটি।

বিবৃতিতে সংস্থাটি বলেছে, ইতালীয়, চীনা ও অন্যান্য নর্ডিক দেশের খাবার বিশ্বজুড়ে জনপ্রিয় হলেও ফিনল্যান্ডের খাবার ইউরোপের অন্যতম অবহেলিত খাদ্য ঐতিহ্য।

জিমেনেজ বলেন, ‘সনা বা বাষ্পস্নানের সঙ্গে সম্পর্কিত খাবারের ঐতিহ্য থেকে শুরু করে বন থেকে খাবার সংগ্রহ—ফিনল্যান্ডের প্রতিটি খাবারের পেছনে রয়েছে স্বতন্ত্র গল্প। আমরা চাই, পর্যটকরা সেই অভিজ্ঞতা পুরোপুরি উপভোগ করুন।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের সবচেয়ে সুখী দেশে এসে কেউ হয়তো প্রেম খুঁজে পাবেন—একে অপরের মধ্যে, ফিনল্যান্ডের খাবারের মধ্যে কিংবা নতুন প্রিয় ভ্রমণ গন্তব্যের মধ্যে।’

কারা আবেদন করতে পারবেন?

বিশ্বের যেকোনো দেশের ১৮ বছর বা তার বেশি বয়সি অবিবাহিত নারী-পুরুষ এ আয়োজনে অংশ নিতে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে অবশ্যই ফিনল্যান্ডের বাইরের দেশের বাসিন্দা হতে হবে। আবেদন করতে হবে ব্যক্তিগতভাবে, দলগতভাবে নয়।

আবেদনের শেষ সময় ২০২৬ সালের ১০ নভেম্বর, ফিনল্যান্ডের স্থানীয় সময় সকাল ১১টা ৫৯ মিনিট (ইইটি, ইউটিসি+২)।

নির্বাচিত ১৬ জনের নাম ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও টিকটকে প্রকাশ করা হবে।

যাতায়াত ও থাকা-খাওয়ার খরচ কে দেবে?

এই সফরের জন্য নির্বাচিত ব্যক্তিদের বিমানভাড়া, আবাসন, বিভিন্ন কার্যক্রম এবং খাবারের সম্পূর্ণ খরচ বহন করবে ফিনল্যান্ডের পর্যটন বোর্ড।

আয়োজকদের বিবৃতি অনুযায়ী, ব্লাইন্ড ডিনার ডেট হবে একটি স্বাভাবিক ও আনন্দঘন গ্রুপ আয়োজন। সব অংশগ্রহণকারী একসঙ্গে খাবার খাবেন এবং ফিনল্যান্ডের বিশেষভাবে তৈরি স্বীকৃত টেস্টিং মেনুর স্বাদ নেবেন।

যেভাবে আবেদন করবেন

আগ্রহীদের আবেদন করতে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

১. প্রথমে ইংরেজিতে একটি ছোট ভিডিও তৈরি করতে হবে। সেখানে উত্তর দিতে হবে—‘আপনি ডিনার ডেটে সঙ্গীকে কী খাবার পরিবেশন করবেন এবং কেন?’

২. ভিডিওটি নিজের পাবলিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে (টিকটক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউব) প্রকাশ করতে হবে।

৩. ভিডিও পোস্ট করার সময় #FinnishDinnerDate হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং ভিজিট ফিনল্যান্ডের অফিসিয়াল অ্যাকাউন্টকে ট্যাগ করতে হবে।

সূত্র: ফোর্বস, ভিজিট ফিনল্যান্ড

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়া সরকার ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণ না করার সিদ্ধান্তে দৃঢ় রয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানিয়েছেন, তাকে ভারতের হাতে তুলে দেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি নেই।

নিউ স্ট্রেইটস টাইমসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং মালয়েশিয়ার ১৯৯২ সালের প্রত্যর্পণ আইনের বিধান অনুসারে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, জাকির নায়েককে ভারতে পাঠানোর জন্য নতুন কোনো প্রত্যর্পণ অনুরোধও তার সরকার পায়নি। তিনি বলেন, "মালয়েশিয়া সরকার ডা. জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ না করার সিদ্ধান্ত নিয়েছে। তাই তাকে প্রত্যর্পণের বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।"

এ তথ্য সংসদের ওয়েবসাইটে প্রকাশিত এক লিখিত জবাবে জানানো হয়েছে। পার্লামেন্ট সদস্য দাতুক ড. আহমাদ মারজুক শারির এক প্রশ্নের জবাবে তিনি এ বক্তব্য দেন। ওই সংসদ সদস্য জানতে চেয়েছিলেন, জাকির নায়েককে প্রত্যর্পণের বিষয়ে ভারতের সর্বশেষ আনুষ্ঠানিক অনুরোধ কবে এসেছে। পাশাপাশি, ভারতের দেওয়া নথি ও প্রমাণ মালয়েশিয়ার প্রত্যর্পণ আইন এবং দুই দেশের চুক্তির শর্ত পূরণ করে কি না, তা জানতে চান।

ভারত সরকার ২০১৮ সালের ১৯ জানুয়ারি জাকির নায়েককে প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিল। পরে ২০২০ সালের ২৯ মে কূটনৈতিক নোটের মাধ্যমে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য আবেদন করে নয়াদিল্লি।

গত সেপ্টেম্বর মাসে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, জাকির নায়েককে প্রত্যর্পণের অনুরোধের আইনি ও কূটনৈতিক অবস্থান স্পষ্ট করার দাবি উঠেছে মালয়েশিয়ায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকে বিষয়টি আলোচনায় এসেছে বলে জানা যায়।

মালয়েশিয়ার বিরোধী দল পাসের মহাসচিব দাতুক সেরি তাকিউদ্দিন হাসান মন্তব্য করেছেন, দুই নেতার বৈঠকে কী আলোচনা হয়েছে এবং কী ধরনের সমঝোতা হয়েছে, তা আনোয়ার ইব্রাহিমের পরিষ্কার করা উচিত। ভারতের দেওয়া প্রমাণ ও নথি মালয়েশিয়ার আইনি শর্ত পূরণ করে কি না, সেটিও ব্যাখ্যা করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

ভারতে অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে জাকির নায়েকের প্রত্যর্পণ চাওয়া হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লিতে দুই দেশের নেতাদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে আনোয়ার ইব্রাহিম নিশ্চিত করেছেন। তবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ বক্তব্যে স্পষ্ট হয়েছে, তাকে ভারতে পাঠানোর বিষয়ে সরকারের কোনো অঙ্গীকার নেই।

সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে পোশাকশ্রমিক আন্দোলনে পুলিশ সদস্যকে পিটিয়ে আহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


মিরপুরে পোশাকশ্রমিক আন্দোলনে পুলিশ সদস্যকে পিটিয়ে আহত

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যকে একা পেয়ে লাঠির আঘাতে গুরুতর আহত করেছেন কয়েকজন ব্যক্তি। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে কালশী সড়কে এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য মো. সাইমন বর্তমানে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর-১১ এলাকা থেকে পুলিশ আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর শ্রমিকরা কালশীর দিকে চলে যান। এ সময় পল্লবী থানার কয়েকজন পুলিশ সদস্য মিরপুর-১১-এর দিকে যাচ্ছিলেন। পথে দলছুট অবস্থায় কনস্টেবল সাইমনকে পেয়ে তার ওপর হামলা চালানো হয়।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে ওই পুলিশ সদস্যকে মারধর করছেন। এ সময় কয়েকজন তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশও জবাবে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। সংঘর্ষের সময় মেট্রো স্টেশনের ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েন।

সকাল থেকেই পল্লবীর শিল্পাঞ্চলে বিভিন্ন পোশাক কারখানার সামনে কয়েক হাজার শ্রমিক অবস্থান নেন। তাদের মধ্যে কয়েকজনের হাতে লাঠিসোঁটাও দেখা যায়। পরে শ্রমিকেরা সড়কে নেমে এলে পুলিশ বাধা দেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশের দিকে ইটপাটকেল ছোড়া হয়।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, পূরবী শিল্প এলাকার বিভিন্ন গলি থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, আন্দোলনকারীদের প্রধান সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%