মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০১:৩৩ পি.এম
জাতীয় নিরাপত্তার স্বার্থে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ জর্ডান ও ইরাক। জর্ডান কর্তৃপক্ষ জানায়, অবৈধ কনটেন্ট ও উগ্রবাদী প্রচারণা ছড়িয়ে পড়া রোধ করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খবর আল-জাজিরার ।
সোমবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে জর্ডানের পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেট (পিএসডি) টেলিগ্রাম ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টি প্রকাশ করে। সাম্প্রতিক সময়ে দেশটিতে চলমান নিরাপত্তা অভিযানের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হলো। গত মাসে একটি গ্রিক অর্থোডক্স গির্জায় হামলার ঘটনায় ৯ জনের প্রাণহানি ঘটে।
জর্ডানের মধ্য-পশ্চিমাঞ্চলীয় কারাক গভর্নরেটের হাম্মুদ গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। রোববার আদালত তিন অভিযুক্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেয়।
এই ঘটনার পর জর্ডান সিরিয়ায় বিমান হামলা চালায়। দেশটির দাবি, হামলায় গির্জায় হামলার সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র সংগঠন আইএসআইএলের (আইএসআইএস) ২০ জনের বেশি সদস্য নিহত হয়েছে।
এছাড়া, চলতি মাসে রাজধানী আম্মানে আরেকটি ‘সন্ত্রাসী হামলায়’ এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন এবং একজন আহত হন।
জর্ডানের নিরাপত্তা বিভাগ টেলিগ্রাম ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলেছে। অজ্ঞাত উৎসের অ্যাকাউন্ট, লিংক বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেআইনি কর্মকাণ্ড বা কনটেন্ট চোখে পড়লে তা সরকারি কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।
অন্যদিকে, ইরাকের গণমাধ্যম ও যোগাযোগ কর্তৃপক্ষও টেলিগ্রাম ব্যবহারে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। তাদের দাবি, ইরাকি ব্যবহারকারীদের কনটেন্ট পর্যবেক্ষণ এবং আইন লঙ্ঘনকারী বিষয়বস্তু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে অ্যাপটির পরিচালনাকারী প্রতিষ্ঠান।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, প্ল্যাটফর্মটিতে প্রকাশিত আইনবিরোধী কনটেন্ট মোকাবেলায় টেলিগ্রাম প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি। পাশাপাশি ইরাকের প্রচলিত আইনও তারা মেনে চলেনি।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য টেলিগ্রামকে ৩০ দিনের সময় দিয়েছে ইরাক। তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু জানায়নি।
এর আগে ২০২৩ সালে জাতীয় নিরাপত্তার কারণে ইরাকে টেলিগ্রাম বন্ধ করা হয়েছিল। সে সময় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা রক্ষার বিষয়টি সামনে এনেছিল দেশটির সরকার। তাদের অভিযোগ ছিল, অ্যাপটি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য যথাযথভাবে সুরক্ষিত রাখতে ব্যর্থ হয়েছে।
২০১৩ সালে রাশিয়ায় জন্ম নেয়া উদ্যোক্তা পাভেল দুরভ টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। অ্যাপটি আইএসআইএলের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হয়। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে টেলিগ্রাম কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
পাভেল দুরভ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নির্বাসিত জীবনযাপন করছেন বলে ধারণা করা হয়। বিভিন্ন দেশে তার বিরুদ্ধে তদন্ত চলছে। গত জুলাইয়ে রাশিয়া তার বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদে সহায়তার’ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
টেলিগ্রামে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড চ্যাটের সুবিধা থাকলেও সব ধরনের কথোপকথন এই ব্যবস্থার আওতায় পড়ে না। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় অ্যাপটি বেশ জনপ্রিয়। বিশ্বজুড়ে টেলিগ্রামের মোট ব্যবহারকারীর প্রায় ৮ শতাংশ এই অঞ্চল থেকে আসেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হওয়ার পর সৌদি আরব নেতৃত্বে পরিবর্তন এনেছে। নতুন দায়িত্ব দেওয়া হয়েছে সেনাপ্রধানকে, যিনি সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের কমান্ডার হিসেবে নিযুক্ত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়, যখন সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়।
সোমবার (১৬ নভেম্বর) সৌদি বাদশাহ সালমানের জারি করা এক রাজকীয় ফরমানের মাধ্যমে সামরিক নেতৃত্বের এই পরিবর্তনটি কার্যকর করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমান এত দিন সৌদি নেতৃত্বাধীন জোটের কমান্ডারের দায়িত্বে ছিলেন। তাকে প্রতিরক্ষামন্ত্রীর সামরিকবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, সৌদি সেনাপ্রধান জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলিকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে যৌথ বাহিনীর কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দুই পশ্চিমা কূটনীতিক রয়টার্সকে জানিয়েছেন, ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক পরিস্থিতি এবং হুথিদের অগ্রগতির সঙ্গে এই নেতৃত্ব পরিবর্তনের সরাসরি সম্পর্ক রয়েছে।
গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর ইয়েমেনের স্থবির গৃহযুদ্ধ আবারও জোরালো হয়ে ওঠে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের বিরুদ্ধে দ্রুত অগ্রসর হতে শুরু করে।
গত অক্টোবর মাসে পাল্টা অভিযানে কিছু এলাকা পুনর্দখল করেছিল সরকারি বাহিনী। তবে রোববার তারা বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি কয়েকটি এলাকা থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়। আন্তর্জাতিক নৌবাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালির পরিবর্তে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের প্রতিরক্ষায় মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইয়েমেনের সামরিক সূত্রগুলো জানিয়েছে, হুথি যোদ্ধারা দক্ষিণ উপকূলীয় খোর ওমাইর এলাকায় অগ্রসর হয়েছে। এই এলাকা এডেন থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এছাড়া উপকূলীয় আরেকটি এলাকা কাওয়াহতে সরকারি বাহিনীর অবস্থান থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে পৌঁছে গেছে তারা।
এদিকে, ইয়েমেনের গৃহযুদ্ধে হুথিদের অগ্রগতি এবং সৌদি আরব ও লোহিত সাগরে জাহাজে তাদের হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতে ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে হুথিরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
এডেনের বাসিন্দারা জানিয়েছেন, শহরের বিভিন্ন স্থানে সরকারি নিরাপত্তা বাহিনী তল্লাশিচৌকি বাড়িয়েছে। যানবাহন ও সাধারণ মানুষের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর থেকে এডেনই ইয়েমেন সরকারের প্রধান ক্ষমতাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
সরকারি কর্মকর্তা আমিন মাহমুদ রয়টার্সকে বলেন, শহরে খাদ্য ও জ্বালানির সরবরাহ স্বাভাবিক থাকলেও সরকারি বাহিনীর পিছু হটা এবং এডেনের কাছাকাছি যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় মানুষ উদ্বিগ্ন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যাত্রা ও সার্কাসের মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনের সঙ্গে যদি অশ্লীলতা, জুয়া বা মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের সম্পর্ক পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি উল্লেখ করেছেন, সরকার সুস্থ ও শালীন ধারার যাত্রা-সার্কাসের আয়োজন বজায় রাখতে উদ্যোগী হবে। তবে সংস্কৃতির নাম ব্যবহার করে কোনো অবৈধ কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
সাংবাদিকরা যাত্রা ও সার্কাসের নামে অশ্লীল নৃত্য, জুয়া ও হাউজির মতো আয়োজনের অভিযোগ তুলে সরকারের অবস্থান জানতে চান। তৌহিদী জনতার সঙ্গে সরকারের সমন্বয়ের বিষয়ে প্রশ্নেরও উত্তর দেন উপদেষ্টা।
জাহেদ উর রহমান বলেন, সরকার যাত্রা ও সার্কাসের ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে গিয়ে দুটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে। প্রথমত, এসব আয়োজনের সঙ্গে অশ্লীলতার সম্পর্ক। দ্বিতীয়ত, যাত্রা-সার্কাসের আড়ালে জুয়া ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড পরিচালনার ঝুঁকি। সরকার এসব অনৈতিক কার্যক্রম বন্ধ করে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনগুলো চালু রাখতে চায়।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রচলিত আইনে জুয়া নিষিদ্ধ। যেকোনো মাধ্যমে জুয়া খেলা আইনত অপরাধ। যাত্রা ও সার্কাসের সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড যুক্ত হলে বিশেষ করে তরুণ প্রজন্মের বিপথে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উপদেষ্টা জানান, যাত্রা ও সার্কাসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সরকার একাধিক বৈঠক করেছে। এসব বৈঠকে তিনি উপস্থিত ছিলেন এবং সংশ্লিষ্টদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, অশ্লীলতা ও অবৈধ কর্মকাণ্ড বাদ দিয়ে শালীন পরিবেশে আয়োজন পরিচালনা করতে হবে। এছাড়া, এসব অনৈতিক কর্মকাণ্ড ছাড়াও যাত্রা-সার্কাস আয়োজন করে লাভ করা সম্ভব কি না, সে বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, অশ্লীলতা ও জুয়া ছাড়াও এসব আয়োজন পরিচালনা করে লাভ করা সম্ভব।
তিনি আরও জানান, এ বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। কোনো যাত্রা বা সার্কাসের আয়োজনে নির্দেশনা অমান্য করে অশ্লীলতা, মাদক কিংবা জুয়ার মতো অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট দলকে ভবিষ্যতে আর অনুমতি দেওয়া হবে না। প্রয়োজনে তাদের নিষিদ্ধ করা হবে।
সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার ক্ষেত্রে তৌহিদী জনতার পরিচয় ব্যবহারের প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, প্রকৃত তৌহিদী জনতা এ ধরনের হাঙ্গামা বা বাধা সৃষ্টির সঙ্গে জড়িত হতে পারে না। কারও কোনো আয়োজন নিয়ে আপত্তি বা ভিন্নমত থাকতে পারে। তবে কোনো অন্যায় না হলে এবং সরকার যে আয়োজনকে অন্যায় মনে করছে না, তা বন্ধ করতে দেওয়া হবে না।
তিনি বলেন, যাত্রা ও সার্কাস বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। তাই এসব আয়োজন চালু রাখতে সরকার অবশ্যই উদ্যোগ নেবে। বিভিন্ন নাম ব্যবহার করে যারা এসব আয়োজনে বাধা দিতে আসবে, তাদের প্রতিহত করা হবে।
উপদেষ্টা আরও জানান, তৌহিদী জনতার পরিচয় ব্যবহার করে যারা সাংস্কৃতিক আয়োজনে বাধা দিচ্ছেন, তাদের সঙ্গেও যোগাযোগ ও আলোচনা করার চেষ্টা করবে সরকার। তবে সুস্থ, শালীন ও ঐতিহ্যবাহী ধারার যাত্রা-সার্কাসের আয়োজন অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন (ডিএফসি)-এর অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জনকে স্বাগত জানিয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপটি দেশের জন্য নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও দৃঢ় করবে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই অর্জনকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ধারাবাহিক কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সরকারের বক্তব্য অনুযায়ী, ডিএফসি’র এই অর্থায়ন সুবিধা বাংলাদেশে মার্কিন বিনিয়োগকে আকৃষ্ট করবে, বেসরকারি মূলধনের প্রবাহ বৃদ্ধি করবে এবং বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্পগুলোর বাস্তবায়নে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এর ফলে বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে, বিনিয়োগকারীদের আস্থা আরও দৃঢ় হবে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এটি সহায়ক ভূমিকা পালন করবে।
সরকারের মতে, এই যোগ্যতা অর্জন বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রতি আন্তর্জাতিক মহলের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। পাশাপাশি, দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করা, ব্যবসার জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং শ্রমমান শক্তিশালী করার লক্ষ্যে চলমান সংস্কারগুলোর স্বীকৃতি এটি।
বিজ্ঞপ্তিতে আরও যোগ করা হয়েছে, বাংলাদেশ ডিএফসি অর্থায়নের এই সুযোগকে বাস্তবসম্মত বিনিয়োগ, আরও শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক এবং উভয় দেশের জনগণের যৌথ সমৃদ্ধিতে রূপান্তর করতে চায়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মঙ্গলবার সকালে রাজশাহীতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মহোদয়ের আগমন উপলক্ষে শাহ মখদুম বিমানবন্দরে ফুলের শুভেচ্ছা জানিয়ে তাঁকে স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
এই সময় রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মামুন অর রশিদসহ মহানগর বিএনপি এবং অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সফরসূচি অনুযায়ী মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ