বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:১৮ পি.এম
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় শাহারিয়ার নাফিজ শুভ (২১) নামে এক এনসিপি নেতার ওপর মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়জুল হক সাকিবের বিরুদ্ধে। এই ঘটনায় শুভকে রক্ষা করতে গিয়ে তার বাবা আহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাগানবাজার ইউনিয়নের বড়বিল এলাকায় এই ঘটনা ঘটে।
আহত শাহারিয়ার নাফিজ শুভ উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব হলুদিয়া গ্রামের হানিফ মিয়ার ছেলে। তিনি উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযুক্ত ফয়জুল হক সাকিব (২২) বাগানবাজার ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গার্ডের দোকান এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় শতাধিক মোটরসাইকেল নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনবিরোধী মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। সাকিবের নেতৃত্বে মিছিলটি বড়বিল বাজারে পৌঁছালে শুভকে ছাত্রলীগের কর্মী হিসেবে চিহ্নিত করে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় ছেলেকে রক্ষা করতে গিয়ে তার বাবাও হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আহত শুভ বলেন, "ছাত্রদলের লীগবিরোধী মিছিলকে আমরা স্বাগত জানাই। কিন্তু প্রকাশ্য বাজারে এভাবে আমাকে ও আমার বাবাকে মারধর করবে, তা ভাবিনি। অথচ আমার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমি কখনো ছাত্রলীগ করিনি। জুলাই আন্দোলনে রাজপথে ভূমিকা রেখেছি।"
অভিযোগের বিষয়ে ফয়জুল হক সাকিব বলেন, "ছেলেটি ছাত্রলীগের একজনকে বাঁচিয়েছে, তাই তাকে মেরেছি। সে নিজেও ছাত্রলীগ করত এবং সাবেক চেয়ারম্যান প্রার্থী সাজুর সঙ্গে ছিল। তারাও আমাকে মেরেছে।"
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সাকিব ও শুভ দুজনই সাবেক চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন সাজুর সঙ্গে চলাফেরা করতেন। শাহাদাত হোসেন সাজু বিগত সরকারের আমলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এ বিষয়ে জানতে বাগানবাজার ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার হুসাইন মুহাম্মদ এনামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে জানাবেন বলে জানান।
রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা এবিএম মোজাম্মেল হক জানান, শাহরিয়ার শুভ নামে একজন যুবককে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফিরে গেছেন।
ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয়েছে, যদিও আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত কথিত লকডাউন চলছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল স্বাভাবিক। কোথাও পরীক্ষা কার্যক্রমে বিঘ্ন বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে। অভিভাবকেরাও স্বাভাবিকভাবে সন্তানদের নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছান। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পরীক্ষা আয়োজন ও পরিচালনায় কোনো সমস্যা হয়নি।
কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, লকডাউন কর্মসূচি ঘিরে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি হয়নি। নিয়মিত সময়সূচি মেনে পরীক্ষা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষা দিতে আসা বা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোনো বাধা সৃষ্টি হয়নি।
সন্তানকে পরীক্ষা দিতে নিয়ে আসা কয়েকজন অভিভাবক জানান, সকালে বাসা থেকে বের হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে কোনো সমস্যায় পড়তে হয়নি। সড়কে যানবাহন চলাচলও ছিল স্বাভাবিক। গণপরিবহন ও ব্যক্তিগত গাড়িতে সহজেই সন্তানদের নিয়ে স্কুলে পৌঁছানো গেছে। লকডাউন নিয়ে আগে কিছুটা উদ্বেগ থাকলেও চলাচলের ক্ষেত্রে তেমন কোনো প্রভাব দেখা যায়নি।
এদিকে, পরীক্ষা চলাকালে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে বাড়তি সতর্কতা দেখা গেছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিছু প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে। প্রবেশপথ ও আশপাশের এলাকায় নজরদারি রাখা হয়।
পুলিশ সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিল। কোথাও যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট এলাকায় পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।
সব মিলিয়ে, নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউন কর্মসূচির মধ্যেও রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রমে দৃশ্যমান কোনো প্রভাব পড়েনি। নির্ধারিত সূচি অনুযায়ী বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সড়কে যানবাহন চলাচল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশও ছিল স্বাভাবিক।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যা’ চালানোর প্রমাণ পেয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণার সময় বিচারক ইয়াসাওয়া ইয়ুজি এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এটি স্পষ্ট হয়েছে যে, নির্দিষ্ট কিছু স্থানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্বিচার হত্যাকাণ্ড, পুরুষদের আলাদা করে মৃত্যুদণ্ড কার্যকর করা, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের ঘরবাড়ি ইচ্ছাকৃতভাবে জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনার সঙ্গে জড়িত ছিল।
বিচারক আরও বলেন, আদালত প্রমাণ পেয়েছে যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে এবং ব্যাপকভাবে যৌন সহিংসতা চালিয়েছে। এছাড়া, শিশুদের ওপরও চরম নৃশংসতা চালানো হয়েছে এবং যখন রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন তাদের ওপর হামলা চালানো হয়েছে।
আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে, রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করে আসছে। বিচারক ইউজি বলেন, আদালত দেখতে পেয়েছে যে, মিয়ানমার সরকার ঐতিহাসিকভাবে রোহিঙ্গাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে আসছে। বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধগুলো ক্রমান্বয়ে তাদের অধিকারকে ক্ষুণ্ণ করেছে এবং তাদের প্রান্তিক করে অত্যন্ত অরক্ষিত অবস্থার দিকে ঠেলে দিয়েছে। সামরিক বাহিনী-সমর্থিত বিদ্বেষমূলক বক্তব্যও তাদের বিরুদ্ধে শত্রুতাকে উসকে দিয়েছে।
রায় পড়ার সময় বিচারক ইয়াসাওয়া ইয়ুজি রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেন। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গাদের নিজস্ব ভাষা ও শিল্পকলা রয়েছে এবং তারা নিজেদের স্বতন্ত্র পরিচয়ে চিহ্নিত করে।
বিচারক কিছু সাক্ষ্য-প্রমাণের কথা উল্লেখ করে বলেন, মিয়ানমার কয়েক দশক ধরে রোহিঙ্গাদের প্রতি বৈষম্য করে আসছে এবং তারা একটি সুরক্ষিত গোষ্ঠী হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য। একইসঙ্গে, রাখাইনে মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর দমন-পীড়নে প্রায় দশ হাজার মানুষ নিহত হয়েছেন। বিচারক ইউজি বলেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, ২০১৭ সালের ক্লিয়ারেন্স অপারেশন বা শুদ্ধি অভিযানের সময় প্রায় দশ হাজার রোহিঙ্গাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।
উল্লেখ্য, রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার চেয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। মিয়ানমারের রাখাইন রাজ্যে ওই গণহত্যা চালানো হয়।
ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে গাম্বিয়ার দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযান ও নির্যাতন ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি রাজপথে অংশগ্রহণ না করে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের অর্থের বিনিময়ে ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।
তিনি উল্লেখ করেন, "আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন রাজপথে দেখা যায় না। হারানো বিজ্ঞপ্তি দিয়ে আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছে। তারা রাতের অন্ধকারে কিছু টোকাই দিয়ে ফ্লাইওভারের উপর থেকে বোমা মারছে।"
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, "এ ধরনের অপতৎপরতা চালিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা সফল হবে না। বাংলাদেশের জনগণ এসব সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব দেবে।"
আজ নগরীর কাজীর দেউড়ি মোড়ে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব মন্তব্য করেন, যা আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত হয়।
মিছিলটি কাজীর দেউরী গোল চত্বর থেকে শুরু করে আসকার দিঘির পাড়, জামাল খান মোড়, প্রেসক্লাব হয়ে চেরাগী মোড়ে গিয়ে শেষ হয়।
ডা. শাহাদাত বলেন, "বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাসী মানুষ অগ্নিসন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কোনো অপশক্তি সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারবে না।"
তিনি আরও বলেন, "অগ্নিসংযোগ ও নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।"
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আরও জানান, "দেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশে বসে আগুন সন্ত্রাস করছে পলাতক আওয়ামী লীগ। ২০২৪ সালের জুলাই আগস্টে শিশু ও শিক্ষার্থীদের হত্যার পরও তাদের মধ্যে কোন অনুশোচনা নেই।"
তিনি দণ্ডপ্রাপ্ত আসামী শেখ হাসিনাকে এনে দ্রুত ফাঁসির রায় বাস্তবায়নের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন— মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, সরফরাজ কাদের রাসেল, মহানগর বিএনপি নেতা মো. শাহ আলম, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, আমিন মাহমুদ, হাজী নুরুল আকতার, মনজুর রহমান চৌধুরী, আলহাজ্ব জাকির হোসেন, নূর হোসাইন, জমির উদ্দিন নাহিদ, জিয়াউর রহমান জিয়া ও এমদাদুল হক বাদশাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান উল্লেখ করেছেন যে, অনেক নারী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, এই ব্যবধান স্বাস্থ্যসেবায় বৈষম্যের প্রতিফলন। তিনি মনে করেন, এই বৈষম্য দূর করা আমাদের পক্ষেই সম্ভব।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত ১১তম ইন্টারন্যাশনাল ক্যানসার কংগ্রেসে, যেখানে দেশ-বিদেশের ক্যানসার বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন, সেখানে এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান।
তিনি আরও বলেন, কোনো রোগী যেন চিকিৎসার বাইরে না থাকে। বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক ও স্থানীয় হাসপাতালেও এসব স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট যোগ করেন, যেসব ক্যানসার প্রতিরোধ করা সম্ভব, সেগুলো প্রতিরোধ করা, দ্রুত রোগ শনাক্ত করা এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
তিনি শহর ও গ্রামের প্রতিটি নারীর জন্য ক্যানসার স্ক্রিনিংয়ের সুযোগ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ