ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত


বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত

বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ করে রেখেছেন পরিবহন মালিকরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বেনাপোলের বিভিন্ন পরিবহনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কলকাতা-ঢাকা রুটের সরাসরি বাস চলাচল অব্যাহত রয়েছে। স্থানীয় বাস চলাচল স্বাভাবিকভাবে চলছে।

বুধবার (১৯ নভেম্বর) গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

আরও পড়ুন: আইসিজের রায় রোহিঙ্গাদের দুর্দশার দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি: এইচআরডব্লিউ

আজ ভোররাত থেকে বৃষ্টি এবং নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির কারণে ভারতফেরত যাত্রীর সংখ্যা কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যারা দেশে ফিরছেন, তাদের মধ্যে অনেকেই বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

এ বিষয়ে শ্যামলী এন আর পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক বাবলুর রহমান জানিয়েছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কারণে কলকাতা-ঢাকা রুটের সরাসরি বাস ছাড়া অন্য কোনো পরিবহনের বাস গতকাল থেকে বেনাপোল ছেড়ে যায়নি। বুধবার কলকাতা থেকে আসা দুটি বাস বেনাপোল ছেড়েছে। ভারত থেকে ফিরে আসা অনেক যাত্রী ওই বাসে ঢাকায় গেছেন।

তিনি আরও জানান, আজ কলকাতা থেকে চারটি বাস আসার কথা রয়েছে। সেগুলোতে গন্তব্যে যেতে ভারতফেরত যাত্রীরা কাউন্টারে অপেক্ষা করছেন। তবে সরাসরি কলকাতা-ঢাকা বাস ছাড়া অন্য কোনো পরিবহনের বাস বৃহস্পতিবারও বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি।

সোহাগ পরিবহনের বেনাপোল কাউন্টার ম্যানেজার শহিদুল ইসলাম বলেছেন, লকডাউনের কারণে চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাস ছাড়া হচ্ছে না।

আরও পড়ুন: জামায়াতের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের বক্তব্যের অভাব নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান

কাউন্টার ম্যানেজাররা জানিয়েছেন, গত বুধবার গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর নিরাপত্তার কথা বিবেচনায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬ : জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটে পরাজিত করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। বাঁহাতি স্পিনার সাইমন হারমারের অসাধারণ বোলিংয়ের ফলে এই জয় সম্ভব হয়েছে।

শেষ দিনে হারমার ৫১ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসকে মাত্র ১৬৮ রানে শেষ করে দেন। এর ফলে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রান।

প্রথম ইনিংসে ১৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলা ওপেনার মারকাস অ্যাকারম্যান মেহেদী হাসান মিরাজের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরে গেলেও দক্ষিণ আফ্রিকা মাত্র ৯ বলের মধ্যে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

এইডেন মার্করাম ৮ রানে অপরাজিত থেকে জয়সূচক রানটি করেন।

বাংলাদেশ চতুর্থ দিনে ৫ উইকেটে ১০০ রান নিয়ে খেলা শেষ করেছিল। শেষ দিনে ব্যাট করতে নেমে হারমারের ঘূর্ণি ও নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারীরা দিশেহারা হয়ে পড়ে।

তবে ইনিংস ব্যবধানে হার এড়াতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এই ক্ষেত্রে বড় অবদান ছিল আগের দিন থেকে অপরাজিত থাকা লিটন দাস ও মুশফিকুর রহিমের। ষষ্ঠ উইকেটে তারা ৪৭ রানের জুটি গড়েন।

কাগিসো রাবাদা লিটনকে ৩৯ রানে বোল্ড করে এই জুটি ভাঙেন।

এরপর মুশফিক ও মেহেদী হাসান মিরাজ সপ্তম উইকেটে ২৬ রান যোগ করে দক্ষিণ আফ্রিকার জয় কিছুটা বিলম্বিত করেন। কিন্তু হারমার ফিরে এসে বাংলাদেশের ব্যাটিংয়ে ধ্বস নামান। শেষ পাঁচ উইকেটের চারটিই তিনি নেন। মাত্র ৮ রানের ব্যবধানে বাংলাদেশ শেষ চার উইকেট হারায়।

মুশফিক ২২ ও মিরাজ ১৫ রান করেন।

রাবাদা ৪৮ রানে ৩ উইকেট নেন। প্রথম ইনিংসে তার শিকার ছিল ৭০ রানে ৫ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে তিনি ম্যাচসেরার পুরস্কার জেতেন।

এর আগে প্রথম ইনিংসে তাওহিদ হৃদয়ের ১৩৭, লিটন দাসের ১২০ এবং ওপেনার তানজিদ হাসান তামিমের ৬৭ রানের ওপর ভর করে বাংলাদেশ ৪০০ রান সংগ্রহ করেছিল। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ইনিংসে কোনো এশীয় দলের ৪০০ রান করার ঘটনা এটি।

জবাবে দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রান করে অলআউট হয়। এতে প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড পায় স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকার হয়ে অ্যাকারম্যান সর্বোচ্চ ১৫৭ রান করেন। রায়ান রিকেলটন ১০২ রান করেন। জুবায়ের হামজা ৮৩ এবং অধিনায়ক টেম্বা বাভুমা অপরাজিত ৬৮ রান করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার বিতরণে অনিয়ম বরদাশত করা হবে না: কৃষি সচিব

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


সার বিতরণে অনিয়ম বরদাশত করা হবে না: কৃষি সচিব

কৃষকের স্বার্থ রক্ষা এবং কৃষি উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে সার বিতরণ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা অবহেলা সহ্য করা হবে না বলে কঠোরভাবে সতর্ক করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। তিনি জানিয়েছেন, ডিলারদের দায়িত্ব পালনে অবহেলা বা অনিয়ম দেখা দিলে তাৎক্ষণিকভাবে তাদের ডিলারশিপ বাতিল করা হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে রাজশাহী অঞ্চলে কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা ও পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম এনডিসি।

কৃষি সচিব উল্লেখ করেন, সঠিক সময়ে সঠিক পরিমাণে সার কৃষকের কাছে পৌঁছে দিতে পারলে সংশ্লিষ্টদের দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে। তিনি বলেন, কৃষকের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা আবশ্যক। উত্তরবঙ্গ বাংলাদেশের কৃষির একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, তাই এ অঞ্চলের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সারের সুষ্ঠু ব্যবস্থাপনা অপরিহার্য।

তিনি আরও বলেন, সার ডিলারদের মধ্যে কোনো বিভাজন নেই; সকলেই কৃষি মন্ত্রণালয়ের সার ডিলার। তাই প্রত্যেককে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সার মজুত ও বিতরণ কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এ জন্য সার মনিটরিং সেলও সার্বক্ষণিক খোলা রয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

বরাদ্দের পরও অনেক ক্ষেত্রে ডিলাররা সার উত্তোলন করেননি উল্লেখ করে কৃষি সচিব বলেন, যেসব ডিলারের নামে সার বরাদ্দ রয়েছে, তাদের দ্রুত তা উত্তোলন করে কৃষকের কাছে সরবরাহ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সার বিতরণে কোনো ধরনের অবহেলা বা অনিয়মের সুযোগ নেই।

সভায় সারের সরবরাহ ব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পিপিবি) কামরুল হাসান। এতে সারের সার্বিক ব্যবস্থাপনার সরবরাহ ব্যবস্থায় উত্তোলন ও অনুত্তোলন সংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরা হয়। তিনি জানান, সরবরাহ ব্যবস্থার শৃঙ্খলা বজায় রাখতে নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

কৃষকদের পরিমিত ও সুষম সার ব্যবহারে উদ্বুদ্ধ করার ওপরও গুরুত্ব দেন কৃষি সচিব। তিনি বলেন, জমির উর্বরতা ও ফসলের চাহিদা অনুযায়ী সঠিক মাত্রায় সার প্রয়োগ করা আবশ্যক। এ জন্য কৃষকদের মাটি পরীক্ষা এবং ফসলভিত্তিক সুপারিশ অনুসারে সার ব্যবহারে সচেতন করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) মো. খোরশেদ আলম, যুগ্মসচিব (সম্প্রসারণ) মোহাম্মদ এনামুল হক, যুগ্মসচিব (পিপিবি) কামরুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আতিকুর রহমান এবং উপসচিব (সার ব্যবস্থাপনা ও মনিটরিং) মুহাম্মদ শহিদ উল্লাহ।

এছাড়া কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের প্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং সার ডিলারদের প্রতিনিধিরা সভায় অংশ নেন। সভায় সার সরবরাহ, বিতরণ ও মাঠ পর্যায়ের ব্যবস্থাপনা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্টদের লকডাউনের প্রভাব নেই ব্যাংক ও ব্যবসা-বাণিজ্যে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


ফ্যাসিস্টদের লকডাউনের প্রভাব নেই ব্যাংক ও ব্যবসা-বাণিজ্যে

দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা "লকডাউনের" কোনো প্রভাব পড়েনি। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। ব্যাংকের শাখা, প্রধান কার্যালয়, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। দাপ্তরিক কার্যক্রম চলছে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে। গ্রাহকরা ব্যাংকে গিয়ে স্বাভাবিকভাবে টাকা জমা, উত্তোলনসহ বিভিন্ন ধরনের আর্থিক সেবা গ্রহণ করছেন। অর্থনৈতিক কর্মকাণ্ডে কোনো ধরনের স্থবিরতা দেখা যায়নি, তবে বৃষ্টি কিছুটা ভোগান্তি তৈরি করেছে।

লকডাউন ঘিরে জনমনে কিছু উদ্বেগ ও শঙ্কা থাকলেও বাস্তবে রাজধানীর অর্থনৈতিক কর্মকাণ্ডে এর কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি। বিশেষ করে দেশের ব্যাংকিং খাতের প্রাণকেন্দ্র মতিঝিল ও দিলকুশা এলাকায় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কর্মচাঞ্চল্য দেখা গেছে। কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিনের মতো অফিসে এসেছেন এবং ব্যাংকের বিভিন্ন বিভাগে নিয়মিত কাজ চলছে। গ্রাহকদের উপস্থিতিও ছিল স্বাভাবিক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মতিঝিল, দিলকুশা, দৈনিক বাংলা, পল্টন ও আশপাশের বাণিজ্যিক এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসব এলাকার ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও শাখায় স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোথাও লেনদেন বন্ধ রাখা বা অফিসের কার্যক্রম সীমিত করার দৃশ্য চোখে পড়েনি। ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রমও স্বাভাবিক ছিল।

ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক কর্মসূচি থাকলেও ব্যাংকিং কার্যক্রম সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন, আমদানি-রপ্তানি, বেতন-ভাতা পরিশোধসহ অর্থনীতির প্রায় সব কার্যক্রম ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত। ব্যাংক বন্ধ থাকলে এর প্রভাব পড়ে সামগ্রিক অর্থনীতিতে। বিশেষ করে ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেন বাধাগ্রস্ত হয়। ফলে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম অব্যাহত থাকা অর্থনীতির জন্য ইতিবাচক।

মতিঝিলের ডাচ্ বাংলা ব্যাংকের এক কর্মকর্তা জানান, লকডাউন কর্মসূচি থাকলেও ব্যাংকের নিয়মিত কার্যক্রমে কোনো পরিবর্তন হয়নি। কর্মকর্তা-কর্মচারীরা যথাসময়ে অফিসে এসেছেন। গ্রাহকদেরও স্বাভাবিক সেবা দেওয়া হচ্ছে। ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রম, গ্রাহকসেবা ও আর্থিক লেনদেন নিয়ম অনুযায়ী চলছে।

প্রাইম ব্যাংকের আরেক ব্যাংকার বলেন, ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে দেশের প্রতিটি খাতের অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত। ব্যবসায়ীদের লেনদেন, আমদানি-রপ্তানির অর্থ পরিশোধ, ঋণের কিস্তি জমা, বেতন-ভাতা প্রদানসহ নানা কাজে ব্যাংকের প্রয়োজন হয়। তাই রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হলে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় ব্যবসায়ী সবাই ক্ষতিগ্রস্ত হন। তবে এবার এখন পর্যন্ত ব্যাংকিং কার্যক্রমে তেমন কোনো প্রভাব দেখা যায়নি।

শুধু ব্যাংক নয়, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। লিজিং কোম্পানি, বীমা প্রতিষ্ঠান ও অন্যান্য আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত অফিস করছেন। গ্রাহকদের বিভিন্ন সেবা প্রদান, ঋণসংক্রান্ত কাজ, কিস্তি আদায় এবং দাপ্তরিক কার্যক্রম চলছে স্বাভাবিক নিয়মে।

ব্যবসা-বাণিজ্যেও লকডাউনের প্রভাব পড়েনি। রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক এলাকায় দোকানপাট, শোরুম, পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। ব্যবসায়ীরা নিয়মিত কেনাবেচা করছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি রয়েছে। পণ্য সরবরাহ ও বাণিজ্যিক লেনদেনও অব্যাহত রয়েছে। ফলে ব্যবসায়িক কর্মকাণ্ডে বড় ধরনের কোনো স্থবিরতা তৈরি হয়নি।

মতিঝিলের এক ব্যবসায়ী বলেন, রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যবসা বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। দোকান বন্ধ থাকলে বিক্রি হয় না, কিন্তু কর্মচারীদের বেতন, দোকানভাড়া ও অন্যান্য খরচ বহন করতে হয়। এ কারণে ব্যবসাপ্রতিষ্ঠান চালু রাখা জরুরি। লকডাউনের দিনও তারা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করছেন।

গুলিস্তানের এক ব্যবসায়ী বলেন, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ স্বাভাবিক থাকলে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল থাকে। রাজনৈতিক কর্মসূচির কারণে দোকানপাট ও অফিস বন্ধ হয়ে গেলে ব্যবসায়িক লেনদেন বাধাগ্রস্ত হয়। এতে উদ্যোক্তা ও সাধারণ মানুষ উভয়ই ক্ষতিগ্রস্ত হন। তবে এবার ব্যবসা পরিচালনায় বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না।

এদিকে সাধারণ মানুষের মধ্যেও লকডাউন নিয়ে তেমন কোনো আতঙ্ক দেখা যায়নি। ব্যাংকে টাকা জমা ও উত্তোলন, কেনাকাটা, অফিসের কাজসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজে মানুষ বাইরে বের হয়েছেন। কর্মজীবী মানুষ নিয়মিত কর্মস্থলে গেছেন। ব্যবসায়ী ও চাকরিজীবীদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষের স্বাভাবিক চলাচলও দেখা গেছে।

তারিক আজিজ খান নামের এক বেসরকারি চাকুরীজীবি বলেন, রাজনৈতিক কর্মসূচির কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়া উচিত নয়। অফিস বন্ধ থাকলে কর্মজীবী মানুষের আয় ও কাজের ওপর প্রভাব পড়ে। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শ্রমিক-কর্মচারীদেরও ক্ষতি হয়। তাই সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখা জরুরি।

মনির হোসেন নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, প্রতিদিনের আয় দিয়ে সংসার চালাতে হয়। এক দিন দোকান বন্ধ থাকলেও তার প্রভাব সংসারের খরচে পড়ে। রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যবসা বন্ধ হয়ে গেলে সাধারণ ব্যবসায়ীদের জন্য তা বড় সমস্যা তৈরি করে। তাই শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা পরিচালনার সুযোগ চান তারা।

অর্থনীতিবিদদের মতে, রাজনৈতিক স্থিতিশীলতা ও স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য গুরুত্বপূর্ণ। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান সচল থাকলে অর্থনীতির চাকা সচল থাকে। রাজনৈতিক কর্মসূচির কারণে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হলে বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও ভোক্তা পর্যায়ের কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে এমন সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে অনিশ্চয়তা তৈরি হলে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আস্থায় প্রভাব পড়ে।

তারা বলেন, দেশের অর্থনীতির স্বার্থে ব্যাংকিং ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান, শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও অর্থনৈতিক কর্মকাণ্ড যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবার নজর দেওয়া জরুরি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা "লকডাউনে" রাজধানীর ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্যে কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি। স্বাভাবিক নিয়মেই চলছে ব্যাংকিং লেনদেন, আর্থিক সেবা ও ব্যবসায়িক কর্মকাণ্ড। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, গ্রাহকদের লেনদেন এবং ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম সচল থাকায় অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা পিকাপভ্যানে দুর্বৃত্তদের আগুনে ১০ লাখ টাকার ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা পিকাপভ্যানে দুর্বৃত্তদের আগুনে ১০ লাখ টাকার ক্ষতি

আশুলিয়ার কটুরিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকাপভ্যানে আগুন লাগিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এই ঘটনায় গাড়ির সামনের অংশ সম্পূর্ণরূপে পুড়ে গেছে। গাড়ির মালিকের দাবি, এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী গাড়ির মালিক আশরাফ ফকির জানান, প্রতিদিনের মতো তার বাসার সামনে পিকাপভ্যানটি পার্কিং করা ছিল। ভোররাতে কে বা কারা গাড়িটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। প্রতিবেশীরা যখন গাড়িতে আগুন জ্বলতে দেখে, তখন তারা তাকে খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ততক্ষণে গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “গাড়িটি মালিকের বাড়ির সামনে পার্কিং করে রাখা ছিল। ভোররাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পরে এলাকার লোকজন আগুন নিভিয়ে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%