ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকার নদীতীরে ১০০ মিটার সুরক্ষা বলয়, গ্রিন-ব্লু নেটওয়ার্কে তাপমাত্রা কমবে


ঢাকার নদীতীরে ১০০ মিটার সুরক্ষা বলয়, গ্রিন-ব্লু নেটওয়ার্কে তাপমাত্রা কমবে

॥ মীর রাসেল ॥

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকা শহরের চারপাশের নদ-নদীর দুই তীরের ১০০ মিটার এলাকার মধ্যে নতুন অবকাঠামো নির্মাণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এই সিদ্ধান্তটি নদী দূষণ প্রতিরোধ ও ইনার সার্কুলার রোডের নির্মাণের স্বার্থে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় গৃহীত হয়েছে।

আরও পড়ুন: ফ্যাসিস্টদের ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

গত ৪ অক্টোবর ঢাকার চারপাশের নদ-নদী ও সংলগ্ন খাল-ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, নদীর নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সেলের সভা অনুষ্ঠিত হয়। সভায় নদীর দুই তীরে ১০০ মিটার এলাকার মধ্যে নতুন সরকারি এবং বেসরকারি অবকাঠামো নির্মাণের অনুমোদন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) এই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

নগর পরিকল্পনাবিদরা মনে করেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে নগরের গ্রিন-ব্লু নেটওয়ার্কে উল্লেখযোগ্য উন্নতি হবে। এটি শহরের পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে সহায়ক হবে এবং শহরের তাপমাত্রা সহনীয় মাত্রায় রাখতে সাহায্য করবে।

গ্রিন-ব্লু নেটওয়ার্ক হল নগর পরিকল্পনা ও পরিবেশ ব্যবস্থাপনায় ব্যবহৃত একটি ধারণা, যেখানে শহরের সবুজ এলাকা (পার্ক, গাছপালা, বন) এবং নীল এলাকা (নদী, খাল, পুকুর, জলাশয়) একটি সংযুক্ত নেটওয়ার্ক হিসেবে গড়ে তোলা হয়।

আরও পড়ুন: শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার বিকল্প নেই: আখতার হোসেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আখতার মাহমুদ বাসসকে জানান, নদীর ১০০ মিটার ভেতরে কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ আরও আগে নেওয়া উচিত ছিল। কারণ, স্থাপনা নির্মাণ হলে বর্ষাকালে পানি নামতে পারে না, ফলে নগরে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, নদীর সৌন্দর্য সংরক্ষণ করা আমাদের নগরের, জনপদের এবং গ্রামীণসহ সব এলাকার জন্য অত্যন্ত প্রয়োজন। তিনি সাজেস্ট করেন যে, নদীর দুই পাশে সীমানা চিহ্নিত করে সেখানে রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট করা হোক। অর্থাৎ, গণপরিসর তৈরি করা যাতে মানুষের বিনোদনের জন্য একটি জায়গা তৈরি হয়। মানুষ যেন নদীর পাড়ে বসে হাঁটাহাঁটি করতে পারে এবং সেখানে গাছপালা লাগানো যেতে পারে।

তিনি বলেন, বর্তমান সরকার এটাই করার চেষ্টা করছে। এই সরকার নির্বাচনী ইশতেহারে বলেছিল যে তারা প্রচুর গাছ লাগাবে এবং খাল ও নদী সংস্কার করবে। তাই এটি তাদের ইশতেহারের সঙ্গে সঙ্গতিপূর্ণ। সুতরাং, এটি আমার মনে হয় অগ্রাধিকারের তালিকা দিয়ে হলেও করা প্রয়োজন।

এদিকে, সরকারের এই সিদ্ধান্তকে পরিবেশ সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন পরিবেশবিদরা। তারা বলছেন, যদি পরিকল্পিতভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করা যায়, তবে নদী দখল ও দূষণ নিয়ন্ত্রণ, জলপ্রবাহ স্বাভাবিক রাখা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নগরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে এটি বড় ভূমিকা রাখবে।

আরও পড়ুন: ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে প্রধানমন্ত্রী, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সদস্যসচিব শরীফ জামিল বলেন, এটি নদীর প্রয়োজনীয়তা ও দখলমুক্ত রাখতে একটি ভাল বার্তা দেবে। তবে দখল ও দূষণ রোধ করতে হলে কঠোরভাবে আরও অনেক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

এদিকে, এই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারি সংস্থাগুলো সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) শাহীনুর আলম বাসসকে জানান, এর মাধ্যমে প্রেরিত নৌপথসংক্রান্ত কেন্দ্রীয় সেলের সভার সিদ্ধান্ত ৩.৮ অনুযায়ী ১০০ মিটার সুরক্ষাবলয় বাস্তবায়নের দায়িত্ব পালনকারী সংস্থা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদী তীরবর্তী বিভিন্ন উন্নয়ন সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ ও অবৈধ স্থাপনা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নিয়মিত উচ্ছেদকরণের কার্যক্রম পরিচালনা করে থাকে।

আরও পড়ুন: আটঘরিয়ায় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মাহাতাব উদ্দিন গ্রেফতার

নদী তীরবর্তী এলাকা রক্ষণাবেক্ষণসহ অন্যান্য কাজ সরাসরি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর কার্যবলীর আওতাধীন হওয়ায়, এ বিষয়ে এ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউক থেকে কার্যক্রম পরিচালনা করা যেতে পারে। আন্তঃমন্ত্রণালয় সভা করে করণীয় বিষয়ে দিকনির্দেশনা চূড়ান্ত করা হবে।

তবে, এ সুরক্ষা বলয় বাস্তবায়নের ক্ষেত্রে নদীর প্রকৃত সীমানা নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাদের মতে, নদীর কোন অংশ থেকে ১০০ মিটার পরিমাপ করা হবে, তা বৈজ্ঞানিক ও আইনগতভাবে নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে নদীর স্বাভাবিক গতিপথ, তীরভূমি এবং মৌসুমি পরিবর্তন বিবেচনায় নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে শাহীনুর আলম বলেন, নদীতীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক স্থাপিত সীমানা পিলার হতে ১০০ মিটার দূরত্ব পরিমাপ করা হবে।

বিআইডব্লিউটি-এর যুগ্ম পরিচালক ও ঢাকা নদীবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন মজুমদার বাসসকে বলেন, ১৯৫০ সালের আইন অনুযায়ী নদী সীমানা থেকে ৫০ মিটারের বাইরে অর্থাৎ ১৫০ ফুটের মধ্যে যদি কোন ব্যক্তি বাড়ি বানাতে চান বা বাড়ি নির্মাণ করতে চান, তাহলে বিআইডব্লিউটি-এর অনুমতিপত্র লাগবে। এতদিন রাজউক আমাদের অনুমতিপত্র নিয়েই স্থাপনা করার ছাড়পত্র দিয়ে এসেছে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ মহড়া

তিনি বলেন, সরকার এটাকে ৫০ মিটার থেকে এখন ১০০ মিটার অর্থাৎ ৩০০ ফুট করছে। এখন পরিপত্র জারি হলে, আমরা সেটি বাস্তবায়নের জন্য কাজ করব।

পরিবেশবিদরা মনে করেন, এ ধরনের উদ্যোগ শুধুমাত্র নদী রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়, বরং ভূমি ব্যবহার পরিকল্পনা, নগর উন্নয়ন, পানি ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণের সঙ্গে সমন্বয় করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, যথাযথ পরিকল্পনা, আইনের প্রয়োগ এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে ১০০ মিটার সুরক্ষা বলয় ও গ্রিন-ব্লু নেটওয়ার্ক দেশের নদী ও জলাভূমি সংরক্ষণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

আরও পড়ুন: ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার মেগা প্রকল্পের প্রাক-পরিদর্শন করলেন চার মন্ত্রী

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার

চট্টগ্রাম (উত্তর), ২৮ নভেম্বর, ২০২৬ : ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর, যিনি বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জানিয়েছেন যে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নতুন এই ডায়ালাইসিস সেন্টার চালু হলে ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হয়ে স্থানীয় কিডনি রোগীদের জন্য চিকিৎসাসেবা গ্রহণ করা আরও সহজ হবে। এতে করে দূরবর্তী হাসপাতালে গিয়ে ডায়ালাইসিস করানোর সময় ও ভোগান্তি কমে আসবে, এমন আশাবাদও প্রকাশ করা হয়েছে।

এই সিদ্ধান্তের কথা গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় জানানো হয়।

সভাটি স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়ন, চিকিৎসা সুবিধা সম্প্রসারণ ও স্থানীয় জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

কিডনি রোগীদের চিকিৎসা সেবা সহজলভ্য করার জন্য ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্টদের ধারণা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ফটিকছড়ি ছাড়াও আশপাশের এলাকার কিডনি রোগীরা উপকৃত হবেন। বিশেষ করে নিয়মিত ডায়ালাইসিসের জন্য চট্টগ্রাম শহরসহ দূরবর্তী হাসপাতালে যাতায়াতের ব্যয় ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

স্থানীয় জনগণের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ডায়ালাইসিস সেন্টারটি চালু হলে এটি ফটিকছড়ির স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, ডা. সাদিকুল আলম, ডা. কামরুল হাসান, ডা. হাসনা হেনা নিফা, মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি এস এম মোরশেদ মুন্না ও সহ-সভাপতি মো. এমরান হোসেন প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান জানালেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


রাষ্ট্রপতি হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান জানালেন

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসহ (সিএ) হিসাব পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন, নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন তৈরির জন্য অযাচিত চাপের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে কাজ করতে হবে।

তিনি উল্লেখ করেন, ‘একটি নিরীক্ষার বিশ্বাসযোগ্যতা শেষ পর্যন্ত নিরীক্ষকের স্বাধীনতার ওপর নির্ভর করে। হিসাব পেশাজীবীদের বস্তুনিষ্ঠভাবে প্রতিবেদন তৈরি ও অযাচিত চাপ প্রতিরোধের সাহস থাকতে হবে।’

আজ সকালে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ এ বক্তব্য প্রদানকালে রাষ্ট্রপতি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সরকার এমন একটি পরিবেশ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে হিসাব পেশাজীবী, সরকারি কর্মকর্তা ও নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা কোনো ধরনের ভয়ভীতি বা পক্ষপাত ছাড়াই তাদের দায়িত্ব পালন করতে পারবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, পুঁজিবাজার শক্তিশালী করা ও মানসম্মত বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে বাংলাদেশের আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন প্রয়োজন। বিনিয়োগকারীদের সঠিক তথ্য পাওয়ার সুযোগ ও একটি পূর্বানুমানযোগ্য নিয়ন্ত্রক পরিবেশ নিশ্চিত করতে হবে।’

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল— ‘সামষ্টিক-রাজস্ব স্থিতিশীলতা সুরক্ষা ও বিনিয়োগকারীদের আস্থা গড়ে তোলা।’

রাষ্ট্রপতি বলেন, একটি শক্তিশালী আর্থিক ব্যবস্থার ভিত্তি হচ্ছে আস্থা। আমানতকারীরা ব্যাংকে তাদের সঞ্চয় জমা রাখেন, বিনিয়োগকারীরা নিরীক্ষিত আর্থিক বিবরণের ওপর নির্ভর করেন। নাগরিকরা আশা করেন যে সরকারি প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

দেশের আর্থিক খাতে অতীতের অনিয়মের কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গত ১৫ বছরেরও বেশি সময়ে ব্যাংকিং, বিমা, পুঁজিবাজার ও করপোরেট সুশাসনের দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে।’

এ সময় তিনি আরও বলেন, ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে একটি অসাধু যোগসাজশের মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে দেশের অর্থনীতি দুর্নীতি ও নৈরাজ্যের চক্রে আটকে পড়েছে।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, ২০২৪ সালের বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে প্রকাশিত শ্বেতপত্রে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হওয়ার তথ্য উঠে এসেছে।

তিনি বলেন, এ হিসাবে বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার বা ১ লাখ ৮০ হাজার কোটি টাকা দেশ থেকে বেরিয়ে গেছে, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ২০২৬ সালের জুনের শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ।

এক্ষেত্রে আর্থিক খাতে স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি আরও বলেন, স্বচ্ছতা অনেক সময় কষ্টদায়ক হতে পারে, কিন্তু এটি অপরিহার্য। সংকটের প্রকৃত মাত্রা স্বীকার না করে, তা মোকাবিলা করা সম্ভব নয়।

তিনি বলেন, ‘অর্থপাচার প্রতিরোধ ব্যবস্থা জোরদার, ব্যাংকিং জালিয়াতির বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা জোরদার, আইনসম্মত উপায়ে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার ও খেলাপি ঋণের বোঝা মোকাবিলায় সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।’

টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল বলেন, অনিয়ম, তহবিলের অপব্যবহার ও অযাচিত প্রভাব প্রতিরোধে সততা, জবাবদিহি ও স্বচ্ছতাকে সুরক্ষার প্রথম সারিতে রাখতে হবে।

তিনি আরও বলেন, ‘অর্থনীতিকে সুরক্ষিত রাখা সবার সম্মিলিত দায়িত্ব, এটি শুধু নিরীক্ষকদের কাজ নয়। হিসাববিদ, কর ও রাজস্ব কর্মকর্তা, সরকারি ক্রয় কার্যক্রমের প্রশাসক, প্রকল্প প্রকৌশলী ও নীতিনির্ধারক— সবারই সরকারি সম্পদ রক্ষায় ভূমিকা রয়েছে।’

এ সময় নীতিনির্ধারণী পর্যায়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সম্পৃক্ত করার ওপরও রাষ্ট্রপতি গুরুত্ব আরোপ করেন।

পরে তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোকে অর্থপাচার, জলবায়ু ঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করার আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রপতি আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান ও উদ্যোগের কথাও স্মরণ করেন।

এর আগে, রাষ্ট্রপতি সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করায় আখতার সানজিদা কাশেমের হাতে অভিনন্দন স্মারক তুলে দেন।

অনুষ্ঠানের আয়োজকরা রাষ্ট্রপতিকেও একটি সম্মাননা স্মারক প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।

সাফার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন আইসিএবির সভাপতি সাব্বির আহমেদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেটলাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা এম আলাউদ্দিন আহমেদ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, ৩৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, ৩৪ জনের মৃত্যু

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : এল নিনোর শক্তিশালী প্রভাবের কারণে শুক্রবার পেরু ও ইকুয়েডরের বিভিন্ন শহরে প্রবল বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে।

পেরুর উত্তরাঞ্চলীয় পিউরা শহরে বৃহস্পতিবার রাত থেকে টানা ১২ ঘণ্টার ভারী বৃষ্টির ফলে রাস্তাঘাট কোমরসমান পানিতে তলিয়ে গেছে।

বার্তা সংস্থা এএফপি পিউরার পরিস্থিতি সম্পর্কে তথ্য দিয়েছে।

পেরুর জাতীয় বেসামরিক প্রতিরক্ষা ইনস্টিটিউটের প্রধান লুইস ভাসকেজ আরপিপি রেডিওকে জানিয়েছেন, প্রাথমিক হিসাব অনুযায়ী, পিউরায় বৃষ্টির কারণে প্রায় দুই হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

পিউরার সান্তা মার্গারিটা এলাকার বাসিন্দা পিয়েরে গারাভিতো তার বাড়িতে একটি ফ্রিজ পানিতে ভাসতে দেখে বলেন, ‘এল নিনোর প্রভাবে এটি কেবল প্রথম ভারী বৃষ্টি। আর এর মধ্যেই আমাদের কী অবস্থা হয়েছে, দেখুন। আমার সবকিছু শেষ, সব হারিয়েছি। আশপাশের সব বাসিন্দার অবস্থাও একই।’

এই সংকটের কারণে পেরুর প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি কলম্বিয়া সফর স্থগিত করেছেন এবং তিনি বন্যাকবলিত এলাকায় পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা করেছেন।

পেরু এবং প্রতিবেশী ইকুয়েডরসহ ল্যাটিন আমেরিকার বেশ কয়েকটি দেশ এল নিনোর কারণে সৃষ্ট পরিস্থিতিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে।

এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা, যা নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের উপরিভাগের পানির তাপমাত্রা বৃদ্ধি করে। এর ফলে বিশ্বজুড়ে বাতাস ও বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন ঘটে।

চলতি বছরের এল নিনো এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে এর সঙ্গে মহাদেশজুড়ে তীব্র বৈরী আবহাওয়ার সম্পর্ক পাওয়া গেছে।

ইকুয়েডরের জাতীয় ঝুঁকি ব্যবস্থাপনা সচিবালয় (এসএনজিআর) শুক্রবার জানিয়েছে, এল নিনোর প্রভাবে ভারী বৃষ্টিতে দেশটিতে ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং ৪৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

দেশটির পশ্চিমাঞ্চলীয় মান্তা শহরে এএফপির সাংবাদিক দেখেছেন, দুটি নদীর পানি উপচে পড়ার ফলে বাসিন্দারা বুকসমান পানির মধ্য দিয়ে চলাচল করছেন। কেউ কেউ গদি ভেলায় ভাসিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন।

৪১ বছর বয়সী ফার্নান্দা নাভারেতে এএফপিকে বলেন, ‘চার দিন ধরে আমরা কাদাপানিতে ডুবে আছি।’ তিনি জানান, এত দীর্ঘ সময় ধরে এত ভয়াবহ বন্যা তিনি অনেক দিন দেখেননি।

তিনি বলেন, ‘এর ওপর পয়োনিষ্কাশন ব্যবস্থার নালাগুলোও ফেটে গেছে। দুর্গন্ধে টেকা দায়।’ বন্যায় তার আসবাবপত্র, পোশাক ও গৃহস্থালির বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে গেছে বলেও জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থ্যাংকসগিভিং দিবসে যুক্তরাষ্ট্রে ঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন লাখো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


থ্যাংকসগিভিং দিবসে যুক্তরাষ্ট্রে ঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন লাখো মানুষ

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে থ্যাংকসগিভিং দিবসে আঘাত হানা ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে। ঝড়ের পর শুক্রবারও দেশটির কয়েক লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। নিউইয়র্কের বিখ্যাত ম্যাসিস থ্যাংকসগিভিং প্যারেডের আয়োজনেও বৈরী আবহাওয়ার কারণে ব্যতিক্রমী বিঘ্ন ঘটেছে।

বৃহস্পতিবারের ঝড়ে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া প্রবাহিত হয়। বছরের অন্যতম ব্যস্ত ছুটির মৌসুমে এ ঝড়ে নিউ হ্যাম্পশায়ার থেকে নর্থ ক্যারোলাইনা পর্যন্ত বিভিন্ন স্থানে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। পাওয়ারআউটেজ ডট ইউএস-এর তথ্য অনুযায়ী, শুক্রবারও প্রায় পাঁচ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন।

বার্তা সংস্থা এএফপি ওয়াশিংটন থেকে এ খবর জানিয়েছে। বিমান চলাচলেও বিঘ্ন অব্যাহত ছিল। ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৬০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং ৫০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে পেনসিলভানিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রায় ১ লাখ ২২ হাজার মানুষ বিদ্যুৎবিহীন ছিলেন। মিসৌরিতে ঝড়ের কারণে প্রায় ৭২ হাজার মানুষ বিদ্যুৎবিহীন ছিলেন। রাজ্যটির পূর্বাঞ্চলে ঝড়ের সময় ১৫ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়।

নিউইয়র্কে প্রায় ৪৫ হাজার মানুষ তখনো বিদ্যুৎবিহীন ছিলেন। বৈরী আবহাওয়ার কারণে ম্যাসিসের থ্যাংকসগিভিং ডে প্যারেড শনিবার নির্ধারণ করা হয়েছে। ১০০ বছরের ইতিহাসে আবহাওয়ার কারণে এটি প্রথমবারের মতো স্থগিত হলো।

বিশ্বজুড়ে দর্শক আকৃষ্ট করা এ বার্ষিক আয়োজনের অন্যতম আকর্ষণ হলো ম্যানহাটনের কেন্দ্রস্থলজুড়ে বর্ণিল বিশাল বেলুনের শোভাযাত্রা। যুক্তরাষ্ট্রে ছুটির মৌসুমের কেনাকাটার সূচনা এ আয়োজনের মাধ্যমে ঘটে।

প্যারেডটি সর্বশেষ বড় ধরনের বিঘ্নের মুখে পড়েছিল ১৯৭১ সালে। সেবার প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি ও বাতাসের কারণে ডোনাল্ড ডাকসহ জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন চরিত্রের আদলে তৈরি বেলুন উড়ানো সম্ভব হয়নি।

১৯৯৭ সালে প্রবল বাতাসে ‘ক্যাট ইন দ্য হ্যাট’ চরিত্রের একটি বিশাল বেলুন সড়কবাতির খুঁটিতে ধাক্কা দেয়। এতে খুঁটিটি এক নারীর ওপর পড়ে, যার ফলে ওই নারী প্রায় এক মাস কোমায় ছিলেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিলিয়ামের সংকটের কারণে ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত প্যারেডটি সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%