ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এনভিডিয়ায় ফিরলে ‘আপত্তি নেই’, জেনসেন হুয়াংয়ের সমর্থনে ট্রাম্পের বার্তা


এনভিডিয়ায় ফিরলে ‘আপত্তি নেই’, জেনসেন হুয়াংয়ের সমর্থনে ট্রাম্পের বার্তা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াং যদি ফিরে আসেন, তবে এতে কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে গুপ্তচরবৃত্তির একটি কেলেঙ্কারির কারণে পদত্যাগ করেছিলেন হুয়াং।

স্থানীয় সময় সোমবার, চীন সফরের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে, এনভিডিয়ায় হুয়াংয়ের পুনরায় ফিরে আসা উচিত কি না, ট্রাম্প বলেন, “তাঁকে আবারও ওই পদে দেখতে পেলে আমি মোটেও কিছু মনে করব না। আমার মনে হয়, তিনি বড় ধরনের একটি শিক্ষা পেয়েছেন।”

হুয়াংকে প্রতিষ্ঠানে ফিরিয়ে আনার দাবিতে চলমান প্রচারণার কথাও উল্লেখ করেন ট্রাম্প। প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ও উবারের এক সহপ্রতিষ্ঠাতাসহ ১ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ এক খোলা চিঠিতে হুয়াংকে ফেরানোর দাবি জানিয়েছেন। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “অনেকেই জেনসেনকে অনুরোধ করছেন, তাঁরা মনে করেন তাঁর ফিরে যাওয়া উচিত। এটি নিঃসন্দেহে কোনো খারাপ ধারণা নয়।”

আরও পড়ুন: রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাংগীর আলম সাময়িক বরখাস্ত

এদিকে, অ্যালিস হুয়াং নামের যে নারীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল এবং যিনি চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন বলে অভিযোগ উঠেছিল, সে বিষয়েও নতুন করে সংশয় প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, “তিনি আসলেই গুপ্তচর কি না, তা আমি জানি না। সাধারণত যা হয় তা হলো, চীন থেকে কোনো সুন্দরী নারী এ দেশে এলেই তাঁকে গুপ্তচর বলে আখ্যা দেওয়া হয়। চীন আমাদের সঙ্গে খেলা করে, আর আমরাও তাদের সঙ্গে খেলা করি।”

অ্যালিস হুয়াংয়ের গুপ্তচরবৃত্তির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গোয়েন্দা তথ্য দিয়ে ট্রাম্পকে সতর্ক করেছিলেন বলে যে খবর বেরিয়েছে, তা নাকচ করে দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, “আমি এমন কিছু শুনিনি।” উল্লেখ্য, অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী। মার্কিন তদন্তকারীদের সন্দেহ, প্রতিষ্ঠানটি অবৈধভাবে এনভিডিয়ার প্রযুক্তি চীনে পাচার করছিল।

এনভিডিয়ার এই কেলেঙ্কারি চীনের কাছে উন্নত মার্কিন এআই চিপ বিক্রির বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের ভেতরেও টানাপোড়েন সৃষ্টি করেছে। সবচেয়ে শক্তিশালী চিপ রপ্তানির নিয়ন্ত্রণ সঠিকভাবে কার্যকর করতে ব্যর্থ হওয়ার জন্য অর্থমন্ত্রী স্কট বেসেন্টের নেতৃত্বাধীন একটি পক্ষ বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের দপ্তরকে অভিযুক্ত করেছে।

চীনের প্রবেশাধিকার বন্ধ করতে সোমবার মার্কিন বাণিজ্য দপ্তর একটি নতুন নিয়ম জারি করেছে, যার লক্ষ্য হলো অন্য দেশের ডেটা সেন্টারে থাকা উন্নত মার্কিন এআই চিপ চীনা কোম্পানিগুলোর ব্যবহার বন্ধ করা।

আরও পড়ুন: আবদুল মোতালিব হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

এ বিষয়ে ট্রাম্প বলেন, লুটনিক ও বেসেন্টের মধ্যে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। এক পক্ষ চীনকে অপমান করতে চায় না, কারণ চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো সম্পর্ক রয়েছে। অন্য পক্ষ মনে করে, যা করার তা সরাসরি ও কঠোরভাবেই করা উচিত। তবে এর কোনোটিই ঠিক বা ভুল নয় বলে মন্তব্য করেন তিনি।

এ ছাড়া চিপ বিক্রির ইস্যুতে আবারও জেনসেন হুয়াংয়ের পক্ষে অবস্থান নিয়েছেন ট্রাম্প। গত মে মাসে ট্রাম্পের চীন সফরের সঙ্গী হওয়া এবং হোয়াইট হাউসের নিয়মিত অতিথি হুয়াং প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “জেনসেনের জীবনে স্পষ্টতই দুটি বিষয় চলছে: একটি হলো তার পারিবারিক জটিল পরিস্থিতি, যা বেশ কঠিন; আর অন্যটি হলো তিনি চিপ বিক্রি করতে চান। আমরা তাঁকে গুরুত্বপূর্ণ ও আধুনিক চিপ বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছি। তবে সত্যি বলতে, অন্যান্য সাধারণ চিপ বিক্রি করা ভালো বিষয়, খারাপ কিছু নয়।” সূত্র: ডন ও এএফপি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারিক চয়ন: গোটা আওয়ামী লীগ ‘নয়ন আতঙ্কেই’ অস্থির

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


তারিক চয়ন: গোটা আওয়ামী লীগ ‘নয়ন আতঙ্কেই’ অস্থির

সাংবাদিক ও কলামিস্ট তারিক চয়ন মন্তব্য করেছেন, গোটা আওয়ামী লীগ এক ‘নয়ন আতঙ্কেই’ অস্থির হয়ে পড়েছে। বিএনপির প্রতি দলের আতঙ্কের মাত্রা সহজেই অনুমান করা যায়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে এসব কথা বলেন।

পোস্টে তারিক চয়ন উল্লেখ করেন, জুলাই-আগস্টের পর প্রায় দুই বছর আগে ভারতের এক শীর্ষ কূটনীতিকের সঙ্গে সাক্ষাতের সময় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছিলেন তিনি। ওই কূটনীতিকের জবাব ছিল, ‘বিএনপি যতটুকু চাইবে।’

তারিক চয়ন বলেন, ওই কূটনীতিকের বক্তব্য শুনে তার মনে ফ্যাসিস্টের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার মা-ছেলের ছবি ভেসে উঠেছিল। তিনি আওয়ামী লীগের অতীতের বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে করা মন্তব্য ও অপপ্রচারের প্রসঙ্গও তুলে ধরেন।

তিনি প্রশ্ন করেন, গোপালগঞ্জের ঘটনা বাদ দিলে সারা দেশে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান কি ওই কূটনীতিকের ভবিষ্যদ্বাণীকেই মনে করিয়ে দিচ্ছে না? ফেসবুক-টিকটকে বক্তব্য দেওয়া, ইউটিউবারদের মাধ্যমে প্রচার এবং মুখে মাস্ক পরে মিছিল করার বাইরে মাঠে, রাজপথে কিংবা জনসভায় দলটির উপস্থিতি কোথায়?

পোস্টের শেষে তারিক চয়ন যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি লেখেন, বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভীর বাসায় হামলার প্রস্তুতির সময় কয়েকজনকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছেন যুবদল নেতা নয়ন। গত কয়েক দিনেও এমন অনেক ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্মবিরতির পর সচল হলো চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনাল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


কর্মবিরতির পর সচল হলো চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনাল

বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক পাওনা পরিশোধের দাবিতে সাইফ পাওয়ারটেকের শ্রমিকদের কর্মবিরতি চলাকালীন চট্টগ্রাম বন্দরের দুটি গুরুত্বপূর্ণ টার্মিনালে প্রায় পাঁচ ঘণ্টা কনটেইনার ওঠানো-নামানো বন্ধ ছিল। পরে বন্দরের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর শ্রমিকেরা কাজে ফিরে আসেন। মঙ্গলবার দুপুরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) কার্যক্রম আবার শুরু হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। এর ফলে দুই টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার নামানো এবং রপ্তানি পণ্যভর্তি কনটেইনার জাহাজে তোলার কাজ বন্ধ হয়ে যায়। এই অবস্থায় বন্দরে ভেড়ানো জাহাজগুলোর কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম ব্যাহত হয়।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে বকেয়া গ্র্যাচুইটি, চাকরির বিভিন্ন আর্থিক সুবিধা, অব্যবহৃত অর্জিত ছুটির অর্থ, করোনাকালে দায়িত্ব পালনের ঝুঁকি ভাতা এবং অন্যান্য আইনগত পাওনা পরিশোধ। এসব দাবি আদায়ে তাঁরা বন্দরের ভেতরে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন।

শ্রমিকদের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন ধরে এসব পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসছেন। একাধিকবার কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও কার্যকর সমাধান পাননি। সাইফ পাওয়ারটেকের পরিচালনাগত দায়িত্ব পরিবর্তনের প্রক্রিয়া চলায় তাঁদের চাকরির পাওনা ও ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানান আন্দোলনকারীরা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বন্দরের কর্মকর্তা ও আন্দোলনরত শ্রমিকদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয় এবং এরপর তাঁরা কাজে ফিরে আসেন। বর্তমানে এনসিটি ও সিসিটিতে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম চলছে।

বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) অস্থায়ীভাবে এনসিটি পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি আগের পরিচালনাকারী সাইফ পাওয়ারটেকের শ্রমিক ও কর্মীদের কাজে লাগিয়ে টার্মিনালটির কার্যক্রম চালাচ্ছে।

অন্যদিকে, সিসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেকের সঙ্গে চুক্তির মেয়াদ গত ২ নভেম্বর শেষ হয়েছে। নতুন পরিচালনাকারী নিয়োগের প্রক্রিয়া চলমান থাকায় বন্দরের কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ অস্থায়ীভাবে আরও তিন সপ্তাহ বাড়িয়ে ২৩ নভেম্বর পর্যন্ত করেছে।

এর আগে কর্মীদের সব বকেয়া পাওনা পরিশোধের জন্য সাইফ পাওয়ারটেককে নির্দেশ দিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। তবে শ্রমিকদের দাবি অনুযায়ী পাওনা পরিশোধের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ জাতীয় গ্রিডে রূপপুরের ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


আজ জাতীয় গ্রিডে রূপপুরের ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে

পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আজ মঙ্গলবার শুরু হতে পারে।

সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) কয়েক ঘণ্টার জন্য জাতীয় গ্রিডে যুক্ত করা হবে এ ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ। এ সময় সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান আজ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ করা হতে পারে। কয়েক ঘণ্টা পর গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তিতে পানি থেকে বাষ্প তৈরি হবে। সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে উৎপাদিত হবে বিদ্যুৎ। শুরুতে বিদ্যুৎকেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় চালানো হবে। পরে ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ২৫-৩০ শতাংশে উন্নীত করা হলে জাতীয় গ্রিডে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। এই পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

এরপরও চলবে বিভিন্ন ধরনের নিরাপত্তা, কারিগরি ও সক্ষমতা যাচাইয়ের পরীক্ষা। উৎপাদন বাড়িয়ে পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের ধাপ শেষ হওয়ার পর বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বলেছেন, ‘জাতীয় গ্রিড প্রস্তুত রয়েছে। রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার সময় আমাদের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।’

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার আগে তাদের অনুমোদন নিতে হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এ অনুমোদন দেওয়া হবে।

সূত্র জানায়, রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া উপলক্ষে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হতে পারেন।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে ন্যূনতম ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বাদ দিয়ে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১০৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২০৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। কেন্দ্রটির পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। প্রকল্পটির মূল বাস্তবায়ন মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। পরে দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্প ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়েছে। বর্তমানে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহায়তা চেয়েছে ব্যবসার পরিবেশ উন্নয়ন, সরকারি সেবার ডিজিটাল রূপান্তর এবং তৈরি পোশাকনির্ভর রপ্তানি কাঠামো থেকে বেরিয়ে নতুন শিল্প খাতের বিকাশের জন্য।

সরকার আগামী তিন বছরের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের উদ্যোগ নিয়েছে, যা স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের লক্ষ্যে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব পরিকল্পনা তুলে ধরেন।

মন্ত্রী বৈঠকে জানান, ব্যবসায়িক কার্যক্রমের দীর্ঘসূত্রতা কমাতে ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) প্রদানের প্রক্রিয়া ডিজিটাল করা হচ্ছে। বর্তমানে এসব সেবা পেতে ৫০ থেকে ৫৫ দিন বা তারও বেশি সময় লাগলেও ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো তথা ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর ওয়ান-স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে তা ১৪ দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী রপ্তানি বহুমুখীকরণকে অর্থনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে বলেন, তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সাভার চামড়াশিল্প নগরীতে আন্তর্জাতিক পরিবেশগত মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করতে নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনের পরিকল্পনা রয়েছে। লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের স্বর্ণশিল্পকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় এনে আগামী কয়েক বছরের মধ্যে স্বর্ণালঙ্কার রপ্তানির উপযোগী শিল্প হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সক্ষমতা বাড়াতে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে চলছে। এছাড়া আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত অনুমোদন পাওয়া গেছে।

মন্ত্রী উন্নয়ন প্রকল্পে পুনরাবৃত্তি ও সমন্বয়হীনতা রোধ, প্রকল্প পরিচালকদের দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনাও তুলে ধরেন।

বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দক্ষতা উন্নয়ন এবং এফটিএ-সংক্রান্ত গবেষণায় সহায়তার আশ্বাস দেন। তিনি জানান, বাংলাদেশের বেসরকারি খাত ও উৎপাদনশীল শিল্পের সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসি যৌথভাবে কাজ করতে আগ্রহী।

বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, এলডিসি উত্তরণের আগে আগামী তিন থেকে চার বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ এবং বৈশ্বিক ভ্যালু চেইনে যুক্ত হতে পারলে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়বে। এফটিএ আলোচনায় বাংলাদেশের কর্মকর্তাদের দরকষাকষির সক্ষমতা বাড়াতেও প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি বলেন, প্যারা-ট্যারিফ ও সম্পূরক শুল্ক কাঠামোর সংস্কার রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাণিজ্য সংস্কার ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন ঘটাতে পারলে বাংলাদেশের রপ্তানি আয় ও কর্মসংস্থান বাড়ানোর বড় সুযোগ তৈরি হবে।

বৈঠকে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমদ উল্লাহ, খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%