ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আজ জাতীয় গ্রিডে রূপপুরের ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে


আজ জাতীয় গ্রিডে রূপপুরের ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে

পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আজ মঙ্গলবার শুরু হতে পারে।

সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) কয়েক ঘণ্টার জন্য জাতীয় গ্রিডে যুক্ত করা হবে এ ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ। এ সময় সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান আজ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন।

আরও পড়ুন: ভূঞাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ করা হতে পারে। কয়েক ঘণ্টা পর গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তিতে পানি থেকে বাষ্প তৈরি হবে। সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে উৎপাদিত হবে বিদ্যুৎ। শুরুতে বিদ্যুৎকেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় চালানো হবে। পরে ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ২৫-৩০ শতাংশে উন্নীত করা হলে জাতীয় গ্রিডে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। এই পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

এরপরও চলবে বিভিন্ন ধরনের নিরাপত্তা, কারিগরি ও সক্ষমতা যাচাইয়ের পরীক্ষা। উৎপাদন বাড়িয়ে পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের ধাপ শেষ হওয়ার পর বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বলেছেন, ‘জাতীয় গ্রিড প্রস্তুত রয়েছে। রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার সময় আমাদের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।’

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার আগে তাদের অনুমোদন নিতে হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এ অনুমোদন দেওয়া হবে।

আরও পড়ুন: নড়াইল বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল স্বপদে ফিরলেন

সূত্র জানায়, রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া উপলক্ষে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হতে পারেন।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে ন্যূনতম ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বাদ দিয়ে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১০৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২০৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। কেন্দ্রটির পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। প্রকল্পটির মূল বাস্তবায়ন মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। পরে দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্প ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়েছে। বর্তমানে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।

আরও পড়ুন: কর্মকাণ্ডেই দেশে-বিদেশে ঘৃণিত হওয়ার প্রমাণ দিয়েছে পলাতক অপশক্তি: মাহদী আমিন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহায়তা চেয়েছে ব্যবসার পরিবেশ উন্নয়ন, সরকারি সেবার ডিজিটাল রূপান্তর এবং তৈরি পোশাকনির্ভর রপ্তানি কাঠামো থেকে বেরিয়ে নতুন শিল্প খাতের বিকাশের জন্য।

সরকার আগামী তিন বছরের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের উদ্যোগ নিয়েছে, যা স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের লক্ষ্যে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব পরিকল্পনা তুলে ধরেন।

মন্ত্রী বৈঠকে জানান, ব্যবসায়িক কার্যক্রমের দীর্ঘসূত্রতা কমাতে ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) প্রদানের প্রক্রিয়া ডিজিটাল করা হচ্ছে। বর্তমানে এসব সেবা পেতে ৫০ থেকে ৫৫ দিন বা তারও বেশি সময় লাগলেও ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো তথা ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর ওয়ান-স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে তা ১৪ দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী রপ্তানি বহুমুখীকরণকে অর্থনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে বলেন, তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সাভার চামড়াশিল্প নগরীতে আন্তর্জাতিক পরিবেশগত মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করতে নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনের পরিকল্পনা রয়েছে। লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের স্বর্ণশিল্পকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় এনে আগামী কয়েক বছরের মধ্যে স্বর্ণালঙ্কার রপ্তানির উপযোগী শিল্প হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সক্ষমতা বাড়াতে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে চলছে। এছাড়া আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত অনুমোদন পাওয়া গেছে।

মন্ত্রী উন্নয়ন প্রকল্পে পুনরাবৃত্তি ও সমন্বয়হীনতা রোধ, প্রকল্প পরিচালকদের দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনাও তুলে ধরেন।

বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দক্ষতা উন্নয়ন এবং এফটিএ-সংক্রান্ত গবেষণায় সহায়তার আশ্বাস দেন। তিনি জানান, বাংলাদেশের বেসরকারি খাত ও উৎপাদনশীল শিল্পের সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসি যৌথভাবে কাজ করতে আগ্রহী।

বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, এলডিসি উত্তরণের আগে আগামী তিন থেকে চার বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ এবং বৈশ্বিক ভ্যালু চেইনে যুক্ত হতে পারলে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়বে। এফটিএ আলোচনায় বাংলাদেশের কর্মকর্তাদের দরকষাকষির সক্ষমতা বাড়াতেও প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি বলেন, প্যারা-ট্যারিফ ও সম্পূরক শুল্ক কাঠামোর সংস্কার রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাণিজ্য সংস্কার ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন ঘটাতে পারলে বাংলাদেশের রপ্তানি আয় ও কর্মসংস্থান বাড়ানোর বড় সুযোগ তৈরি হবে।

বৈঠকে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমদ উল্লাহ, খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁওয়ে আ.লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


গফরগাঁওয়ে আ.লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে, যাঁরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্য।

সোমবার (১৬ নভেম্বর) রাতে গফরগাঁও ও পাগলা থানা পুলিশ তাঁদের নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১৭ নভেম্বর) গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ময়মনসিংহের আদালতে পাঠানো হয়েছে, এমন তথ্য পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে গফরগাঁও উপজেলার তিনজন এবং দক্ষিণ গফরগাঁও উপজেলার দুজন রয়েছেন। তাঁরা আওয়ামী লীগ, আওয়ামী ওলামা লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী বলে জানা গেছে। গফরগাঁও থানা এলাকায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, ৭নং গফরগাঁও ইউনিয়ন আওয়ামী ওলামা লীগের সহসভাপতি কাজী নজরুল ইসলাম (৪৭), একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন (৬৭) এবং ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. কহিনুর মেম্বার (৫৫)।

অন্যদিকে, দক্ষিণ গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, পাইথল ইউনিয়নের গোয়ালবর গ্রামের মো. নজরুল দপ্তরীর ছেলে ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. সাজিদ দপ্তরী (২০) এবং টাঙ্গাব ইউনিয়নের রৌহা গ্রামের মো. আবদুল লতিফের ছেলে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. মোখলেছুর রহমান (৪২)। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গফরগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী ওলামা লীগ নেতা কাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান কাজী নজরুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গফরগাঁও ইউনিয়নের কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন ও আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. কহিনুর মেম্বারের নামও গ্রেপ্তার ব্যক্তিদের তালিকায় রয়েছে, তবে তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

অপরদিকে, দক্ষিণ গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ সোমবার গভীর রাতে পৃথক অভিযান পরিচালনা করে ছাত্রলীগের সদস্য মো. সাজিদ দপ্তরী এবং স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করে। পাগলা থানা পুলিশ তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলার ধারা ও অভিযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার তাঁদের ময়মনসিংহের আদালতে পাঠানো হয়। গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও উপজেলার পৃথক দুই থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাব আল-মান্দেব ছেড়ে পালাল ইয়েমেনি সেনা, হুথিরা এডেনের আরও কাছাকাছি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


বাব আল-মান্দেব ছেড়ে পালাল ইয়েমেনি সেনা, হুথিরা এডেনের আরও কাছাকাছি

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের কৌশলগত শহর এডেন এবং এর আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা হুথি বিদ্রোহীদের অগ্রযাত্রার কারণে চরম বিপর্যয়ের শঙ্কায় পড়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার সমর্থিত বাহিনী।

গত রোববার ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, তারা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৌশলগত বাব আল-মান্দেব প্রণালীর নিকটবর্তী ধুবাব বিমানবন্দর এবং তাদের নিয়ন্ত্রণে থাকা আশপাশের এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে, যাতে সরকারের অস্থায়ী রাজধানী এডেনকে রক্ষা করা যায়।

লেবাননের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এবং সামরিক ও কৌশলগত বিশেষজ্ঞ হাসান জুনি মনে করেন, বর্তমানে চলমান লড়াইটি দক্ষিণ ইয়েমেনের একটি পার্বত্য ত্রিভুজাকার অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চলছে, যা এই যুদ্ধের চূড়ান্ত ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে।

এই অঞ্চলটি একদিকে এডেনকে হুথিদের দ্বারা অবরুদ্ধ সরকার-নিয়ন্ত্রিত শহর তাইজের সঙ্গে যুক্ত করছে, অন্যদিকে লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থল বাব আল-মান্দেবের সঙ্গেও এর সংযোগ রয়েছে। জুনি বলেন, সামগ্রিকভাবে ইয়েমেন যুদ্ধের কৌশলগত কেন্দ্রবিন্দু এখন এই ত্রিভুজাকার এলাকা।

বিশ্লেষকরা মনে করেন, উপকূলীয় অঞ্চলে হুথিদের আসন্ন অবরোধ এড়াতে এবং এডেনের প্রতিরক্ষা জোরদার করতেই রোববার ধুবাব থেকে সরকারি বাহিনী সরিয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে সরকারি বাহিনী হুথিদের কাছ থেকে এলাকাটি পুনর্দখল করেছিল। হাসান জুনি সতর্ক করে বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুথিদের এই অগ্রযাত্রা সরকারি বাহিনীর উপকূলীয় সরবরাহ পথগুলোকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি তৈরি করেছে।

যুদ্ধের পটভূমি ও সাম্প্রতিক উত্তেজনা ২০১৪ সালের সেপ্টেম্বরে ইরান-সমর্থিত জাইদি শিয়া গোষ্ঠী হুথিরা রাজধানী সানা দখল করার পর ইয়েমেন যুদ্ধের সূচনা হয় এবং সরকার দক্ষিণের শহর এডেনে পালিয়ে যেতে বাধ্য হয়। পরবর্তীতে ২০১৫ সালের মার্চে সরকারকে সহায়তা করতে সৌদি আরবের নেতৃত্বে আরব জোট হুথিদের বিরুদ্ধে হাজার হাজার বিমান হামলা শুরু করে।

কয়েক বছর তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাই মাসে একটি হুথি প্রতিনিধিদলের অবতরণ ঠেকাতে সরকারি বাহিনীর যুদ্ধবিমান সানা আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলা চালালে নতুন করে সংঘাত শুরু হয়। এরপর সেপ্টেম্বরে হুথিদের পাল্টা অভিযানে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখাসহ লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ হারায় সরকার এবং তাইজ শহরটি পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে।

তীব্র হচ্ছে পাল্টাপাল্টি হামলা

ধুবাব থেকে পিছু হটার বিষয়টিকে বৃহত্তর কৌশলগত পদক্ষেপ হিসেবে দাবি করেছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, অস্থায়ী রাজধানী এডেন রক্ষায় গণপ্রতিরোধ ও দক্ষিণাঞ্চলীয় বাহিনীর বীরত্বপূর্ণ অবস্থানের অংশ হিসেবেই এই সেনা পুনর্বিন্যাস করা হয়েছে।

তবে সামরিক বিশেষজ্ঞ হাসান জুনি সরকারি বাহিনীর পরিস্থিতি বেশ নাজুক বলে মনে করছেন। তার মতে, হুথিরা ইতিমধ্যে এডেন থেকে মাত্র ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে তোর আল-বাহা এলাকায় পৌঁছে গেছে, যা সরাসরি এডেনের প্রথম প্রতিরক্ষা বলয়ের অন্তর্ভুক্ত।

কৌশলগত বিষয়ক বিশেষজ্ঞ আলি আল-দাহাবও সরকারের দাবির চেয়ে ভিন্ন চিত্র তুলে ধরেছেন। তার ভাষ্যমতে, এটি কোনো সেনা পুনর্বিন্যাস নয়, বরং স্পষ্ট পশ্চাদপসরণ—যার ফলে সৃষ্ট বিশাল শূন্যস্থান হুথিরা দ্রুত দখল করে নিচ্ছে।

এদিকে পরিস্থিতি সামাল দিতে সরকারি বাহিনীর ‘অপারেশন ইয়েমেন ডন’-এর আওতায় ২৪ ঘণ্টার মধ্যে হুথিদের অবস্থানে ৯০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর জবাবে হুথিরাও সৌদি আরবের মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ‘অবরোধের বদলে অবরোধ, বিমানবন্দরের বদলে বিমানবন্দর এবং উত্তেজনার বদলে উত্তেজনা’—এই নীতিতে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি।

বিশেষজ্ঞ আলি আল-দাহাবের মতে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক সমুদ্র বাণিজ্যে বাব আল-মান্দেব প্রণালীর গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। এই উপকূলীয় অঞ্চল ও সমুদ্রপথের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে হুথিরা বড় ধরনের ভূ-রাজনৈতিক সুবিধা অর্জন করেছে, যা মূলত ইরানের স্বার্থকেই শক্তিশালী করবে। সূত্র: আল জাজিরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় গ্রিডে প্রথমবারের মতো যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


জাতীয় গ্রিডে প্রথমবারের মতো যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৩টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮-১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এই সময়ের মধ্যে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা, স্থিতিশীলতা পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। পরবর্তীতে, বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘন্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের পারফরম্যান্স এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে যাচাই করা হবে। কারিগরি সকল পরীক্ষা-নিরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে এবং এ পর্যায়ের নির্ধারিত সকল কাজ সম্পন্ন হলে, পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (BAERA) অনুমোদন প্রয়োজন হবে। বায়েরার অনুমোদন পাওয়ার পর বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলকভাবে (Trial Operation) জাতীয় গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রমে এগিয়ে নেওয়া হবে। রশান ঠিকাদারের সাথে চুক্তি অনুযায়ী ১০ মাসের Trial Operation সম্পন্ন হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বানিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর মাধ্যমে প্রথম ইউনিট রাশান ঠিকাদারের নিকট থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে Provisional Takeover করা হবে। পরবর্তীতে, সরকারের গেজেট নোটিফিকেশন/প্রজ্ঞাপনের মাধ্যমে Operating organisation হিসেবে এনপিসিবিএল এর কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। সর্বমোট ২৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎকেন্দ্রটি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক গ্রিড সংযোগ বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রযাত্রায় একটি ঐতিহাসিক পদক্ষেপ। এর মাধ্যমে পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%