ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

মার্কিন দূত উইটকফের পুতিনের সঙ্গে বৈঠক, আলোচনা হবে ইউক্রেনের নিরাপত্তা নিয়ে


মার্কিন দূত উইটকফের পুতিনের সঙ্গে বৈঠক, আলোচনা হবে ইউক্রেনের নিরাপত্তা নিয়ে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে নতুন কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। এর আগে, নরওয়ের রাজধানী অসলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তিনি আলোচনা করেন। বৈঠকের পর, জেলেনস্কি জানিয়েছেন যে, রুশ ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের গোয়েন্দা তথ্য বিনিময় আবার কার্যকর হয়েছে।

মঙ্গলবারের অসলো বৈঠকে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবও উপস্থিত ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার ভিডিও সংযোগে আলোচনায় অংশ নেন। আলোচনায় ইউক্রেনের নিরাপত্তা, যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন এবং শান্তি প্রতিষ্ঠার সম্ভাব্য কাঠামো নিয়ে আলোচনা হয়।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা আলোচনাকে ‘খুবই ফলপ্রসূ ও গঠনমূলক’ বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, পরবর্তী পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং ইউরোপের মধ্যে উল্লেখযোগ্য সমন্বয় হয়েছে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট স্টাবও আলোচনায় ‘প্রকৃত অগ্রগতি’ হয়েছে বলে জানান। তবে তিনি সতর্ক করে দেন যে, শান্তি প্রতিষ্ঠায় ধৈর্য প্রয়োজন।

আরও পড়ুন: সৌদিতে আরামকো তেলক্ষেত্রে ড্রোন হামলায় নিহত ২, আহত ২

অসলোতে আলোচিত প্রস্তাবগুলো পুতিনের কাছে তুলে ধরার জন্য উইটকফ প্রস্তুতি নিচ্ছেন। ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা মনে করছেন যে, এসব প্রস্তাবের বিষয়ে রাশিয়ার অবস্থান এখন স্পষ্ট হওয়া প্রয়োজন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে, এই উদ্যোগের লক্ষ্য হলো রাশিয়ার সঙ্গে সরাসরি ত্রিপক্ষীয় এবং আরও বিস্তৃত বহুপক্ষীয় আলোচনার পথ তৈরি করা।

গোয়েন্দা তথ্য বিনিময় প্রসঙ্গে জেলেনস্কি বলেন, রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, ‘আমরা কৃতজ্ঞ যে গোয়েন্দা তথ্য বিনিময় এখন কাজ করছে।’ তাঁর মতে, এ ধরনের সতর্কবার্তা পাওয়া গেলে হামলার আগে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ দেওয়া সম্ভব।

কিয়েভের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে, যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সরবরাহে সীমাবদ্ধতা তৈরি করেছে। ওয়াশিংটন অবশ্য ইচ্ছাকৃতভাবে তথ্য আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছে। জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। সেখানে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা সরবরাহ এবং ইউক্রেনের সামরিক যোগাযোগব্যবস্থা সচল রাখার বিষয়টি উঠে এসেছে।

ইউক্রেনের সামরিক বাহিনী রুশ লক্ষ্যবস্তুতে ড্রোন অভিযানসহ বিভিন্ন সামরিক কার্যক্রমে স্পেসএক্সের স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা ব্যবহার করে। সাম্প্রতিক সময়ে এই ব্যবস্থার কিছু সামরিক ব্যবহারে সীমাবদ্ধতার খবর প্রকাশিত হয়েছে। জেলেনস্কি এ বিষয়ে আরও অগ্রগতির আশা প্রকাশ করেছেন। পাশাপাশি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেছেন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কায় জরুরি সতর্কতা জারি

এদিকে, যুদ্ধ বন্ধে ইউক্রেনের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধ শেষ করতে একটি সমঝোতায় পৌঁছানোর আগ্রহ থাকতে হবে। রাশিয়াও যুদ্ধের অবসান চায় বলে দাবি করেন তিনি। তবে, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক সময়ে সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। রুশ জ্বালানি স্থাপনায় ইউক্রেনের হামলা নিয়েও ট্রাম্প সমালোচনা করেছেন।

ইউরোপীয় নেতারা যুদ্ধ বন্ধের আলোচনায় ইউরোপের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দিয়েছেন। নরওয়ের প্রধানমন্ত্রী স্টোরে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যেকোনো আলোচনায় ইউরোপেরও উপস্থিত থাকা প্রয়োজন। ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা এবং জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের প্রস্তাবও অসলোতে আলোচনার অংশ ছিল।

কূটনৈতিক তৎপরতার মধ্যেও ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার কিয়েভ ও আশপাশের এলাকা, পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক এবং মধ্যাঞ্চলীয় দিনিপ্রো শহরে হামলায় অন্তত ১০ জন নিহত হন। বুধবার রাতেও খারকিভের কাছে আরেকটি হামলায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দীর্ঘস্থায়ী এই যুদ্ধে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। পুতিনের সঙ্গে উইটকফের প্রস্তাবিত বৈঠক যুদ্ধ বন্ধের আলোচনায় নতুন অগ্রগতি আনে কি না, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

আরও পড়ুন: হঠাৎ ইসরাইলে পিট হেগসেথ, নেপথ্যে চাঞ্চল্যকর কারণ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেভেনটিনের কনসার্ট টিকিট বিক্রিতে এশিয়ায় শীর্ষ, আয় ১ হাজার ১৮৮ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


সেভেনটিনের কনসার্ট টিকিট বিক্রিতে এশিয়ায় শীর্ষ, আয় ১ হাজার ১৮৮ কোটি টাকা

দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কে-পপ ব্যান্ড সেভেনটিন এশিয়ায় কনসার্টের টিকিট বিক্রির মাধ্যমে আয়ের ক্ষেত্রে শীর্ষস্থান অর্জন করেছে। গত এক বছরে দলটির কনসার্টের টিকিট বিক্রি থেকে মোট আয় হয়েছে ৯ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১৮৮ কোটি ২৮ লাখ টাকা।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংগীতবিষয়ক সাময়িকী পোলস্টারের ‘এশিয়া ফোকাস টপ ট্যুরিং আর্টিস্টস’ তালিকায় ১৩ সদস্যের এই কে-পপ দল প্রথম স্থান অধিকার করেছে। সোমবার সেভেনটিনের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান প্লেডিস এন্টারটেইনমেন্ট এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ আগস্ট থেকে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত সেভেনটিনের কনসার্টের মোট ৬ লাখ ৬১ হাজার ৮৮টি টিকিট বিক্রি হয়েছে। এই আয় ও টিকিট বিক্রির দিক থেকে এশিয়ায় সফরকারী অন্যান্য শিল্পীদের তুলনায় দলটি এগিয়ে রয়েছে।

পোলস্টারের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেওয়াইপি এন্টারটেইনমেন্টের মেয়েদের দল টোয়াইস। তৃতীয় স্থানে অবস্থান করছে বিগহিট মিউজিকের ছেলেদের দল টুমরো এক্স টুগেদার। আগের বছরে এই তালিকায় সেভেনটিনের অবস্থান ছিল দ্বিতীয়, যেখানে শীর্ষে ছিল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে।

এশিয়াজুড়ে সেভেনটিনের কনসার্ট

সেভেনটিনের ‘নিউ’ ওয়ার্ল্ড ট্যুর শুরু হয়েছিল ২০২৫ সালের সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার ইনচন থেকে। সফরের এশিয়া পর্বে দলটি মোট ২২টি কনসার্টে অংশগ্রহণ করেছে। হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে তাদের চারটি কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

কনসার্টের বাইরেও ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য বিভিন্ন আয়োজন করেছে দলটি। চলতি বছরের মে মাসে জাপানের কিয়োসেরা ডোম ও টোকিও ডোমে এবং জুনে দক্ষিণ কোরিয়ার ইনচনের আসিয়াদ মেইন স্টেডিয়ামে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। প্লেডিস এন্টারটেইনমেন্টের তথ্য অনুযায়ী, এসব অনুষ্ঠানে প্রায় ২ লাখ ৩৮ হাজার ভক্ত অংশগ্রহণ করেন।

সামনে জংহান ও জশুয়ার সফর

এদিকে, সেভেনটিনের দুই সদস্য জংহান ও জশুয়ার সাব ইউনিটের ‘জার্নি ইনটু ড্রিমিং’ সফর শুরু হতে যাচ্ছে ৩০ অক্টোবর। দক্ষিণ কোরিয়ার ইনচনে ইনস্পায়ার অ্যারেনায় ১ নভেম্বর পর্যন্ত চলবে সফরের উদ্বোধনী পর্ব। এরপর ছয়টি শহরে পারফর্ম করবেন এই দুই শিল্পী।

সূত্র: কোরিয়া জুংআং ডেইলি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিকলীতে এমপি ইকবাল: সবাই বাংলাদেশি, কেউ সংখ্যালঘু নয়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


নিকলীতে এমপি ইকবাল: সবাই বাংলাদেশি, কেউ সংখ্যালঘু নয়

কিশোরগঞ্জের নিকলীতে কোনো ব্যক্তি সংখ্যালঘু পরিচয়ে থাকতে পারবেন না। মুসলমান, হিন্দু, বৌদ্ধসহ সকল গোত্রের মানুষের একমাত্র পরিচয় হচ্ছে বাংলাদেশি নাগরিক। এই মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।

তিনি আরও বলেন, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা এবং অধিকারবঞ্চিত অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিকলী উপজেলার দামপাড়া, মোহরকোনা, নিকলী সদর, গুরুই ও জারুইতলাসহ ১৯টি পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনের সময় তিনি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের মধ্যে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেন। এমপি ইকবাল শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়ে বলেন, সরকার হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছে এবং তাঁদের কল্যাণে সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত রাখা হয়েছে।

অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের বিভিন্ন দাবির প্রেক্ষিতে সংসদ সদস্য এলাকার রাস্তাঘাটের উন্নয়নসহ অন্যান্য সমস্যাগুলোর গুরুত্বের সাথে সমাধানের আশ্বাস দেন। তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।

পরে এমপি ইকবাল হিন্দু সম্প্রদায়ের সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা এবং কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি হাজী মাসুক মিয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদির বাসভবনের পাশে রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ, বন্ধ পানি-বিদ্যুৎ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


মোদির বাসভবনের পাশে রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ, বন্ধ পানি-বিদ্যুৎ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের নিকটবর্তী শতবর্ষী রেসকোর্স মসজিদকে ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে দেশটির ভূমি ও উন্নয়ন দপ্তর (এলঅ্যান্ডডিও) ।

গত সোমবার (১৯ অক্টোবর) মসজিদটিকে অনুমোদনহীন স্থাপনা হিসেবে চিহ্নিত করে এ নোটিশ জারি করা হয়। ইতোমধ্যে মসজিদটির বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। মুসলিম সংগঠনগুলো ঐতিহাসিক স্থাপনাটি রক্ষায় সরকারের হস্তক্ষেপ চেয়েছে।

দ্য ওয়্যার-এর প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের পাশে রেসকোর্স মসজিদটির অবস্থান। নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনডিএমসি) ঐতিহ্যবাহী স্থাপনার তালিকায় মসজিদটির নাম অন্তর্ভুক্ত রয়েছে। তবে এলঅ্যান্ডডিওর দাবি, মসজিদটি সরকারি জমিতে নির্মিত হওয়ায় এর বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে, সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, গত ৭ অক্টোবর থেকে মসজিদটির বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে মুসল্লিদের নামাজ আদায় এবং মসজিদে যাতায়াত ব্যাহত হচ্ছে।

জমিয়তে উলামায়ে হিন্দ কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর জরুরি হস্তক্ষেপ চেয়েছে ঐতিহাসিক মসজিদ ও এর সংলগ্ন কবরস্থান রক্ষার জন্য। সংগঠনটির একটি প্রতিনিধি দল মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে মসজিদটি রক্ষা এবং আইনি বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উচ্ছেদ বা ধ্বংসের মতো কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে।

প্রতিনিধি দলের সদস্য মোহাম্মদ হাকিমুদ্দিন কাসমি জানিয়েছেন, ১৯৭৭ সালের দিল্লি গেজেট এবং সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয়ের সংশোধিত ঐতিহ্যবাহী স্থাপনার তালিকায় মসজিদটির উল্লেখ রয়েছে। সংগঠনটি মনে করে, এর ঐতিহাসিক মর্যাদা ও আইনি অবস্থান বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে দিল্লি ওয়াকফ বোর্ড ও এনডিএমসির কাছে এ বিষয়ে প্রতিবেদন চাওয়া হয়েছে। জমিয়তের প্রতিনিধিদের বক্তব্য অনুযায়ী, মন্ত্রী কিরেন রিজিজু বিষয়টি গুরুত্বের সঙ্গে শুনেছেন এবং সহায়তার আশ্বাস দিয়েছেন।

মসজিদের ইমাম মোহাম্মদ হারুন দিল্লি ওয়াকফ বোর্ডের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। হিন্দুস্তান গেজেটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, গত ছয় মাস ধরে বোর্ডের কাছে আবেদন জানিয়ে কার্যকর কোনো সহায়তা পাননি। বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন করার ঘটনায় এনডিএমসিকে চিঠি দেওয়ার বাইরে বোর্ড আর কোনো উদ্যোগ নেয়নি বলে তিনি দাবি করেন।

ইমাম হারুন আরও জানান, মসজিদে যাওয়ার পথ বন্ধ থাকায় মুসল্লিদের যাতায়াত এবং খাবার পানি সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। তিনি ওয়াকফ বোর্ডকে আদালতের আশ্রয় নেওয়ার অনুরোধ করেছিলেন। এমনকি নিজে মামলা করার অনুমতি চাইলেও তা পাননি বলে অভিযোগ করেছেন।

তিনি দাবি করেন, ২০২১ সালের একটি সরকারি জরিপেও মসজিদটিকে অনুমোদনহীন স্থাপনা বা জবরদখল হিসেবে চিহ্নিত করা হয়নি। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি মসজিদটি রক্ষায় কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ চেয়েছেন। কাশ্মীরের প্রধান ধর্মীয় নেতা মিরওয়াইজ উমর ফারুকও মসজিদটির উচ্ছেদ নোটিশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্যে মসজিদটির ঐতিহাসিক মর্যাদা এবং ওয়াকফ কর্তৃপক্ষের ভূমিকার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

মসজিদটির উচ্ছেদের নোটিশকে রেসকোর্স রোড এলাকায় চলমান বৃহত্তর উচ্ছেদ কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত বলে দেখা হচ্ছে। হিন্দুস্তান গেজেটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনের যুক্তিতে ওই এলাকার বস্তিবাসীদের সরিয়ে নেওয়ার উদ্যোগেও আদালতের নির্দেশ রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, সেখানকার বাসিন্দাদের প্রায় ৪৫ কিলোমিটার দূরে সাভদা ঘেভরা পুনর্বাসন এলাকায় স্থানান্তর করা হবে। পুনর্বাসিতদের শিক্ষা, পরিবহন ও পয়োনিষ্কাশন সুবিধা নিশ্চিত করার বিষয়টিও নির্দেশনায় রয়েছে।

রেসকোর্স মসজিদটির জমির মালিকানা, সরকারি নথিতে এর অবস্থান এবং ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে স্বীকৃতির বিষয়গুলো নিয়ে এখন বিরোধ তৈরি হয়েছে। মসজিদ কর্তৃপক্ষ ও মুসলিম সংগঠনগুলো আইনি নিষ্পত্তির আগে উচ্ছেদ না করার দাবি জানালেও কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে স্থাপনাটির ভবিষ্যৎ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কে-পপ তারকা ইজে শুরু করলেন নতুন অধ্যায়, বিয়ে সিউলে সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


কে-পপ তারকা ইজে শুরু করলেন নতুন অধ্যায়, বিয়ে সিউলে সম্পন্ন

বিশ্বজুড়ে পরিচিতি, অস্কারজয়ী গান এবং সংগীতের সাফল্যের পর, কে-পপ তারকা ইজে এবার ব্যক্তিজীবনে একটি নতুন অধ্যায় শুরু করেছেন।

দীর্ঘদিনের প্রেমিক স্যাম কিমের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে গত ১৭ অক্টোবর তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

ইজে ‘কে-পপ ডেমন হান্টার্স’–এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি অর্জন করেন। অ্যানিমেশন চলচ্চিত্রের ‘গোল্ডেন’ গানের জন্য অস্কার জয়ের পরও তিনি আলোচনায় ছিলেন। এবার বিয়ের খবর দিয়ে ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করেছেন এই তারকা।

সংবাদমাধ্যম ভোগ-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইজের বিয়ের স্থানটি তার কাছে বিশেষ স্মৃতিবিজড়িত। ছোটবেলায় যেখানে তার দাদা-দাদি থাকতেন, সেই জায়গাতেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শৈশবের অনেকটা সময় তিনি সেখানে কাটিয়েছেন।

বাড়ির বাগানে ঘুরে বেড়ানো কিংবা পেছনের পাহাড়ে দাদুর সঙ্গে হাঁটাহাঁটির স্মৃতিও ওই স্থানটির সঙ্গে জড়িয়ে আছে। এজন্য এমন একটি জায়গা বিয়ের জন্য বেছে নেওয়া তার কাছে আবেগের বিষয় ছিল।

বিয়ের সাজেও কোরীয় ঐতিহ্যকে প্রাধান্য দিয়েছেন ইজে ও স্যাম কিম। দুজনেই পরেছিলেন কোরিয়ার ঐতিহ্যবাহী বিয়ের পোশাক ‘হানবক’। কনের সাজে ইজের পরনে ছিল সবুজ ও সোনালি রঙের সূক্ষ্ম কারুকাজ করা হানবক, যার সঙ্গে ছিল গাঢ় লাল রঙের দীর্ঘ ও ঘেরওয়ালা স্কার্ট।

পোশাকটির উপরের অংশটি ‘ডাঙ্গুই’ নামে পরিচিত, যা ঐতিহ্যবাহী জ্যাকেটধর্মী পোশাক। অন্যদিকে, নিচের দীর্ঘ স্কার্টটির নাম ‘চিমা’। ঐতিহ্যবাহী পোশাকের রং ও নকশায় বিয়ের সাজে ফুটে উঠেছিল কোরীয় সংস্কৃতির স্বতন্ত্র সৌন্দর্য।

আন্তর্জাতিক সংগীতাঙ্গনে সাফল্যের মধ্যেই ইজের জীবনে যুক্ত হলো নতুন এক অধ্যায়। শৈশবের স্মৃতিবিজড়িত স্থানে ঐতিহ্যবাহী সাজে বিয়ে—সব মিলিয়ে তার বিশেষ দিনটি হয়ে উঠেছে ব্যক্তিগত আবেগ ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%