প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কে-পপ ব্যান্ড সেভেনটিন এশিয়ায় কনসার্টের টিকিট বিক্রির মাধ্যমে আয়ের ক্ষেত্রে শীর্ষস্থান অর্জন করেছে। গত এক বছরে দলটির কনসার্টের টিকিট বিক্রি থেকে মোট আয় হয়েছে ৯ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১৮৮ কোটি ২৮ লাখ টাকা।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংগীতবিষয়ক সাময়িকী পোলস্টারের ‘এশিয়া ফোকাস টপ ট্যুরিং আর্টিস্টস’ তালিকায় ১৩ সদস্যের এই কে-পপ দল প্রথম স্থান অধিকার করেছে। সোমবার সেভেনটিনের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান প্লেডিস এন্টারটেইনমেন্ট এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ আগস্ট থেকে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত সেভেনটিনের কনসার্টের মোট ৬ লাখ ৬১ হাজার ৮৮টি টিকিট বিক্রি হয়েছে। এই আয় ও টিকিট বিক্রির দিক থেকে এশিয়ায় সফরকারী অন্যান্য শিল্পীদের তুলনায় দলটি এগিয়ে রয়েছে।
পোলস্টারের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেওয়াইপি এন্টারটেইনমেন্টের মেয়েদের দল টোয়াইস। তৃতীয় স্থানে অবস্থান করছে বিগহিট মিউজিকের ছেলেদের দল টুমরো এক্স টুগেদার। আগের বছরে এই তালিকায় সেভেনটিনের অবস্থান ছিল দ্বিতীয়, যেখানে শীর্ষে ছিল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে।
এশিয়াজুড়ে সেভেনটিনের কনসার্ট
সেভেনটিনের ‘নিউ’ ওয়ার্ল্ড ট্যুর শুরু হয়েছিল ২০২৫ সালের সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার ইনচন থেকে। সফরের এশিয়া পর্বে দলটি মোট ২২টি কনসার্টে অংশগ্রহণ করেছে। হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে তাদের চারটি কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে গেছে।
কনসার্টের বাইরেও ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য বিভিন্ন আয়োজন করেছে দলটি। চলতি বছরের মে মাসে জাপানের কিয়োসেরা ডোম ও টোকিও ডোমে এবং জুনে দক্ষিণ কোরিয়ার ইনচনের আসিয়াদ মেইন স্টেডিয়ামে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। প্লেডিস এন্টারটেইনমেন্টের তথ্য অনুযায়ী, এসব অনুষ্ঠানে প্রায় ২ লাখ ৩৮ হাজার ভক্ত অংশগ্রহণ করেন।
সামনে জংহান ও জশুয়ার সফর
এদিকে, সেভেনটিনের দুই সদস্য জংহান ও জশুয়ার সাব ইউনিটের ‘জার্নি ইনটু ড্রিমিং’ সফর শুরু হতে যাচ্ছে ৩০ অক্টোবর। দক্ষিণ কোরিয়ার ইনচনে ইনস্পায়ার অ্যারেনায় ১ নভেম্বর পর্যন্ত চলবে সফরের উদ্বোধনী পর্ব। এরপর ছয়টি শহরে পারফর্ম করবেন এই দুই শিল্পী।
সূত্র: কোরিয়া জুংআং ডেইলি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন