ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হিলি বাজারে নতুন আলুর কেজি ২০০ টাকা, পুরোনো আলু ১৫ টাকা


হিলি বাজারে নতুন আলুর কেজি ২০০ টাকা, পুরোনো আলু ১৫ টাকা

দিনাজপুরের হিলি বাজারে আগাম জাতের নতুন আলু বিক্রি শুরু হয়েছে। মৌসুমের প্রথম দিকে প্রতি কেজি নতুন আলুর দাম ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, পুরোনো আলুর দাম বাজারে মাত্র ১৫ টাকা প্রতি কেজি। নতুন আলুর উচ্চমূল্যের কারণে বেশিরভাগ ক্রেতা পুরোনো আলু কেনার দিকে ঝুঁকছেন। তবে কিছু ক্রেতা মৌসুমের প্রথম নতুন আলু শখ করে কিনছেন।

শনিবার (২১ নভেম্বর) সকালে হিলি বাজার পরিদর্শন করে দেখা যায়, কিছু সবজির দোকানে ছোট ছোট ডালায় সাজানো হয়েছে আগাম জাতের নতুন আলু। ব্যবসায়ীরা প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি করছেন। দাম বেশি হওয়ার কারণে অনেক ক্রেতা আলু না কিনে শুধু দেখেই চলে যাচ্ছেন। আবার কেউ কেউ নতুন আলুর স্বাদ গ্রহণের জন্য সামর্থ্য অনুযায়ী কিনছেন।

বাজারে সবজি কেনার জন্য আসা ক্রেতা আজিজুল হক মন্তব্য করেন, ‘নতুন আলু বাজারে এসেছে, কিন্তু দাম অনেক বেশি। প্রতি কেজি ২০০ টাকা। এত দামে আলু কেনার প্রয়োজন নেই। যেখানে পুরোনো আলু মাত্র ১৫ টাকা কেজি, তাই পুরোনো আলুই কিনেছি।’

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

অন্য এক ক্রেতা নাজমুল ইসলাম জানান, ‘শখের দাম লাখ টাকা। বাজারে নতুন আলু এসেছে, নতুন আলুর স্বাদ আলাদা। ২০০ টাকা কেজি হলেও আধা কেজি কিনেছি। পুরোনো আলু তো প্রতিদিনই খাওয়া হয়।’

হিলি বাজারের সবজি ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, ‘গতকাল থেকে বাজারে নতুন আলু উঠতে শুরু করেছে। এই আলুগুলি পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসছে। মৌসুমের শুরুতে আগাম জাতের আলুর দাম বেশি থাকে। আমরা প্রতি কেজি ২০০ টাকা দরে খুচরা বিক্রি করছি। পুরোনো আলুর দাম কম থাকায় নতুন আলুর প্রতি ক্রেতাদের তেমন আগ্রহ নেই। তবে বাজারে নতুন আলুর সরবরাহ বাড়লে দামও কমে আসবে বলে আশা করছি।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে এআই ডেটা সেন্টার নির্মাণে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫০ এম


বিদেশে এআই ডেটা সেন্টার নির্মাণে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোকে বিদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালনার উদ্দেশ্যে ডেটা সেন্টার নির্মাণের অনুমতি না দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, এ ধরনের প্রকল্পের মাধ্যমে চীন মার্কিন প্রযুক্তি ও অবকাঠামোর সুবিধা নিতে সক্ষম হবে। একই সঙ্গে, ট্রাম্প উল্লেখ করেছেন যে, এই নির্দেশনা অমান্যকারী কোম্পানিগুলোর ওপর বড় অঙ্কের কর আরোপের হুমকি রয়েছে।

এশিয়া সফর শেষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বিদেশে ডেটা সেন্টার নির্মাণের অনুমতি দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন যে, এসব অবকাঠামো যুক্তরাষ্ট্রের মধ্যে গড়ে উঠতে হবে। তবে, তিনি এ নিষেধাজ্ঞা কার্যকর করার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। সংবাদ সম্মেলনে তিনি জানান, তাঁর মন্ত্রিসভার সদস্যরাও আগে এ ধরনের নীতির বিষয়ে অবগত ছিলেন না।

চলতি সপ্তাহের শুরুতে, উন্নত কম্পিউটার চিপ রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী, উন্নত চিপ ক্রয়ের জন্য লাইসেন্স নিতে হবে। এর উদ্দেশ্য হলো, চীনা প্রতিষ্ঠানগুলোর হাতে অত্যাধুনিক প্রযুক্তি পৌঁছানো ঠেকানো। ট্রাম্পের নতুন হুমকি কার্যকর হলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ এসব দেশের কয়েকটি এআই ডেটা সেন্টার খাতে বড় অঙ্কের বিনিয়োগ করছে।

চ্যাটজিপিটি ও ক্লডের মতো এআই সেবা পরিচালনার জন্য ডেটা সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, গত এপ্রিল পর্যন্ত দেশটিতে প্রায় ৩ হাজার ডেটা সেন্টার ছিল। এছাড়া আরও ১ হাজার ৫০০টি নির্মাণাধীন অবস্থায় রয়েছে।

তবে, যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার নির্মাণ নিয়ে স্থানীয় পর্যায়ে উদ্বেগও বৃদ্ধি পাচ্ছে। এসব স্থাপনা থেকে উৎপন্ন শব্দদূষণ এবং বিপুল বিদ্যুৎ ব্যবহারের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আপত্তি রয়েছে। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নির্বাচনে অনেক ডেমোক্র্যাট প্রার্থী ডেটা সেন্টার নির্মাণ ও পরিচালনায় কঠোর নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়ে জয়ী হন।

ট্রাম্প ডেটা সেন্টার বন্ধ করে দেওয়ার পরিবর্তে স্থানীয় জনগণের জন্য আর্থিক সুবিধা নিশ্চিত করার পক্ষে মত দিয়েছেন। তিনি বলেন, ‘তাদের দিয়ে আপনাদের এলাকার উন্নয়নে অর্থ ব্যয় করান, সুযোগটি কাজে লাগান; কিন্তু ডেটা সেন্টার বন্ধ করে দেবেন না।’

এদিকে, মেটা ও গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বাইরে ডেটা সেন্টার নির্মাণের কাজ শুরু করেছে। মেটা কানাডার আলবার্টায় একটি ডেটা সেন্টার নির্মাণ করছে। অন্যদিকে, অ্যানথ্রপিক কানাডার নোভা স্কশিয়ায় একটি ডেটা সেন্টারের জন্য ইজারা চুক্তি করেছে।

গত সেপ্টেম্বরে গুগল এআই অবকাঠামো খাতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয়। এর মধ্যে ফিনল্যান্ডে তিনটি ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনাও রয়েছে। তবে, বন উজাড়ের উদ্বেগের কারণে গত মাসে প্রকল্পগুলোর দুটি স্থগিত করা হয়। সংবাদ সম্মেলনে ট্রাম্প বিশেষভাবে ফিনল্যান্ডের প্রকল্পটির কথা উল্লেখ করে বলেন, তাঁর প্রশাসন এ ধরনের ঘটনা ঘটতে দেবে না। তথ্যসূত্র: বিবিসি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একজন সুস্থ মানুষের মাসে ৫০০ থেকে ৬০০ মিলিলিটার তেল খাওয়া উচিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫১ এম


একজন সুস্থ মানুষের মাসে ৫০০ থেকে ৬০০ মিলিলিটার তেল খাওয়া উচিত

রান্নায় তেল ছাড়া কার্যত কিছুই করা যায় না। সবজিতে ফোড়ন দেওয়া, মাছ ভাজা কিংবা পরোটা-পাকোড়া তৈরিতে তেলের ব্যবহার অপরিহার্য। খাবারের স্বাদ বৃদ্ধিতে তেলের ভূমিকা থাকলেও, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খেলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এর ফলে ওজন বৃদ্ধি, রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।

সুস্থ থাকার জন্য অনেকেই বিশেষ ধরনের বা দামি তেল বেছে নেন। তবে বিশেষজ্ঞদের মতে, শুধু কোন তেল ব্যবহৃত হচ্ছে, সেটি নয়; বরং প্রতিদিন মোট কতটা তেল খাওয়া হচ্ছে, সেটির দিকেও নজর দেওয়া প্রয়োজন। তাহলে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের মাসে কতটা রান্নার তেল গ্রহণ করা উচিত?

দিনে কতটা তেল খাওয়া উচিত?

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দিনে প্রায় ১৫ থেকে ২০ মিলিলিটার রান্নার তেল গ্রহণ করা যেতে পারে। এই পরিমাণটি প্রায় ৩ থেকে ৪ চা-চামচের সমান।

এই হিসাব অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক মানুষের মাসে প্রায় ৫০০ থেকে ৬০০ মিলিলিটার রান্নার তেল যথেষ্ট বলে উল্লেখ করা হয়েছে। যদি পরিবারের সদস্য সংখ্যা চারজন হয়, তাহলে মাসে মোট তেলের ব্যবহার প্রায় ২ লিটারের মধ্যে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

তবে এটি একটি সাধারণ হিসাব। বয়স, শারীরিক পরিশ্রম, স্বাস্থ্যগত অবস্থা এবং দৈনন্দিন খাবারের ধরন অনুযায়ী তেলের প্রয়োজন ভিন্ন হতে পারে।

হৃদযন্ত্রের জন্য কোন তেল ভালো?

বাজারে বিভিন্ন ধরনের রান্নার তেল পাওয়া যায়, যেমন সর্ষের তেল, সূর্যমুখী তেল, সয়াবিন তেল, নারকেল তেল এবং জলপাইয়ের তেল। এর মধ্যে সর্ষের তেল, সূর্যমুখী তেল ও জলপাইয়ের তেল তুলনামূলকভাবে ভালো বিকল্প হতে পারে।

এসব তেলে থাকা অসম্পৃক্ত চর্বি হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। তবে যেকোনো তেলই প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়। তেলের ধরন বেছে নেওয়ার পাশাপাশি প্রতিদিনের মোট পরিমাণ নিয়ন্ত্রণ করাও জরুরি।

সর্ষের তেল কেন ভালো বিকল্প?

আমাদের দেশে রান্নায় সর্ষের তেলের ব্যবহার ব্যাপক। বিশেষজ্ঞদের মতে, সর্ষের তেলে থাকা উপকারী চর্বি হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে।

কাঠের ঘানিতে তৈরি সর্ষের তেল রান্নার জন্য একটি বিকল্প। তবে তেল গরম করার সময় অতিরিক্ত তাপ এড়িয়ে চলা উচিত। তেলের ধোঁয়া ওঠার তাপমাত্রা এবং কোন ধরনের রান্নায় সেটি ব্যবহার করা হচ্ছে, সেদিকেও নজর রাখা প্রয়োজন।

অন্যদিকে, জলপাইয়ের তেল কম আঁচে রান্না বা সালাদে ব্যবহারের জন্য উপযুক্ত। তবে সব ধরনের জলপাইয়ের তেল দিয়ে উচ্চ তাপে বা ডুবো তেলে ভাজা উপযুক্ত নয়।

পরিশোধিত তেল বেশি খেলে কী হতে পারে?

কিছু পরিশোধিত তেল তৈরির সময় উচ্চ তাপমাত্রা ও বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করা হয়। তেল বারবার উচ্চ তাপে গরম করা বা একই তেল দিয়ে বারবার খাবার ভাজলে ক্ষতিকর উপাদান তৈরি হতে পারে।

নিয়মিত অতিরিক্ত তেল খাওয়ার অভ্যাস রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে। এতে হৃদযন্ত্রের বিভিন্ন রোগের ঝুঁকিও বৃদ্ধি পেতে পারে। তাই রান্নায় তেলের ব্যবহার সীমিত রাখা এবং একই তেল বারবার গরম করে ব্যবহার না করাই ভালো।

অতিরিক্ত তেল খেলে শরীরে যেসব সমস্যা হতে পারে

মাঝেমধ্যে ভাজাপোড়া খাবার খেলে সাধারণত তাৎক্ষণিকভাবে বড় কোনো সমস্যা হয় না। তবে প্রতিদিন বেশি তেলযুক্ত ও ডুবো তেলে ভাজা খাবার খাওয়ার অভ্যাস দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

অতিরিক্ত তেল খাওয়ার ফলে যেসব সমস্যা দেখা দিতে পারে—

১. ওজন বৃদ্ধি: অতিরিক্ত তেল থেকে শরীরে বাড়তি ক্যালরি জমা হয়। ফলে ওজন বেড়ে যেতে পারে।

২. স্থূলতা: দীর্ঘদিন বেশি ক্যালরিযুক্ত খাবার খেলে শরীরে অতিরিক্ত চর্বি জমে স্থূলতার ঝুঁকি বাড়ে।

৩. ডায়াবেটিসের ঝুঁকি: অতিরিক্ত ওজন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে।

৪. প্রদাহ: অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শরীরে দীর্ঘমেয়াদি প্রদাহের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

৫. ক্ষতিকর কোলেস্টেরল বৃদ্ধি: অতিরিক্ত সম্পৃক্ত ও ট্রান্স চর্বি গ্রহণ রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে।

৬. হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি: দীর্ঘদিন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে।

হৃদরোগীদের কতটা তেল খাওয়া উচিত?

যাদের আগে থেকেই হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, তাদের খাবারে তেলের পরিমাণ ও ধরন নিয়ে বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। তাদের জন্য মাসে ৭৫০ মিলিলিটারের বেশি রান্নার তেল না খাওয়ার একটি পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই পরিমাণ সবার জন্য এক নয়।

কিছু পরামর্শে সর্ষের তেলের সঙ্গে অল্প পরিমাণ ঘি বা মাখন মিশিয়ে ব্যবহারের কথা বলা হয়। সে ক্ষেত্রে ৮০ শতাংশ সর্ষের তেল ও ২০ শতাংশ ঘি বা মাখনের অনুপাত উল্লেখ করা হয়েছে। তবে ঘি ও মাখনে সম্পৃক্ত চর্বি থাকে। তাই হৃদরোগীদের জন্য এই মিশ্রণ উপযুক্ত কি না, তা চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে ঠিক করা উচিত।

হৃদরোগীর বয়স, শারীরিক অবস্থা, রক্তে কোলেস্টেরলের মাত্রা ও অন্যান্য স্বাস্থ্যগত সমস্যার ওপর তেলের প্রয়োজন নির্ভর করে। তাই নির্দিষ্ট পরিমাণ মেনে চলার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

তেলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন

সুস্থ থাকতে শুধু ভালো মানের তেল ব্যবহার করলেই হবে না, রান্নায় তেলের পরিমাণও নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিদিনের খাবারে ভাজাপোড়া কমিয়ে মাছ, সবজি, ডাল ও ফলমূল রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। একই তেল বারবার ব্যবহার করা এড়িয়ে চলা উচিত। পাশাপাশি বয়স ও শারীরিক অবস্থার ভিত্তিতে সুষম খাবার গ্রহণের অভ্যাস গড়ে তোলা জরুরি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫১ এম


গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন মো. তৌহিদুল ইসলাম (৩০) এবং রিফাত সরদার (২৫)। উভয়ের বাড়ি খুলনা জেলার শিরোমণি এলাকায় অবস্থিত।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মুনতাসির মাহমুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে খুলনার দিকে আসা বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এ ঘটনায় মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে যায়, যার ফলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু ঘটে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরকার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি উল্লেখ করেন, দুর্ঘটনার পরেও ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের সূত্রপাত ঘটানোর দায়ে এক ব্যক্তি দোষী সাব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫২ এম


লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের সূত্রপাত ঘটানোর দায়ে এক ব্যক্তি দোষী সাব্যস্ত

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ২০২৫ সালে ভয়াবহ দাবানল সৃষ্টি করার দায়ে আদালত এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে। শুক্রবার দেশটির একটি জুরি বোর্ড এই রায় প্রদান করে। ওই দাবানলে প্যাসিফিক প্যালিসেডস এলাকায় ১২ জনের মৃত্যু ঘটেছিল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দোষী সাব্যস্ত ব্যক্তির নাম জোনাথন রিন্ডারনেখট। তার বয়স ৩০ বছর। তিনি পূর্বে উবার চালক হিসেবে কাজ করতেন। এই ঘটনায় তার বিরুদ্ধে এটি ছিল দ্বিতীয়বারের মতো ফেডারেল আদালতে বিচার। প্রথম বিচারপ্রক্রিয়ায় জুরিরা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় মামলাটি অমীমাংসিত অবস্থায় শেষ হয় এবং নতুন করে বিচারের নির্দেশ দেওয়া হয়।

আগামী বছর ১৭ মার্চ তার সাজা ঘোষণার দিন ধার্য করা হয়েছে। এই ঘটনায় তার সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে।

চলতি বছরের প্রথম দফার বিচারেও জুরিদের মধ্যে ১০ জন তাকে খালাস দেওয়ার পক্ষে এবং দুজন দোষী সাব্যস্ত করার পক্ষে মত দিয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, জুরি বোর্ডের রায় সর্বসম্মত হওয়া বাধ্যতামূলক।

দ্বিতীয় দফার বিচার চলাকালে জুরিদের আগের বিচারপ্রক্রিয়া বা সে-সংক্রান্ত কোনো তথ্য বিবেচনায় না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

শুক্রবারের রায়ে দুটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। একটি অভিযোগ হলো আগুন লাগিয়ে সম্পত্তি ধ্বংস করা এবং অন্যটি আন্তঃরাজ্য বাণিজ্যে ব্যবহৃত সম্পত্তিতে অগ্নিসংযোগ করা। তবে রিন্ডারকনেখট উভয় অভিযোগেই নিজেকে নির্দোষ দাবি করেছেন।

প্রায় দুই দিন ধরে আলোচনা শেষে জুরিরা সিদ্ধান্তে পৌঁছান যে, রিন্ডারকনেখট একটি লাইটার ব্যবহার করে ধনী এলাকা হিসেবে পরিচিত প্যাসিফিক প্যালিসেডসের কাছাকাছি ঝোপঝাড়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন। এই এলাকা মালিবুর পাশেই অবস্থিত।

প্রথমে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন বলে মনে করেছিলেন। কিন্তু পরে দেখা যায়, মাটির নিচে আগুনের কিছু অঙ্গার জ্বলতে ছিল। প্রবল বাতাসে সেগুলো ছড়িয়ে পড়ে এবং নতুন করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই দাবানলটি অভিজাত আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার বাড়িঘর পুড়িয়ে দেয়।

এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক দাবানলে পরিণত হয়।

রিন্ডারকনেখটের আইনজীবী স্টিভেন হ্যানি আদালতে যুক্তি দেন, তাঁর মক্কেল আগুনের সূত্রপাত ঘটিয়েছেন—এমন কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। নববর্ষ উদ্যাপনের আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলেও তিনি দাবি করেন।

আইনজীবীর দাবি, রিন্ডারকনেখটের ফোনের কল রেকর্ডে ৯১১ নম্বরে (জরুরি সেবা) ফোন করার তথ্য রয়েছে, যা প্রমাণ করে তিনি পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করার চেষ্টা করেছিলেন।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জানায়, মোবাইল ফোনের তথ্যসহ বিভিন্ন প্রমাণে ঘটনার সময় ঘটনাস্থলে তার উপস্থিতি নিশ্চিত হয়েছে।

এ ছাড়া নজরদারি ক্যামেরার ভিডিও এবং আগুন কীভাবে ছড়িয়ে পড়েছিল, সে বিষয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণও তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়।

রাষ্ট্রপক্ষ আরও জানায়, রিন্ডারকনেখট চ্যাটজিপিটিকে প্রশ্ন করেছিলেন, সিগারেটের মাধ্যমে আগুন লাগালে কেউ আইনগতভাবে দায়ী হতে পারেন কি না।

জুরি বোর্ডের সদস্যদের একজন ক্যামেরন আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, শুরুতে তিনি রিন্ডারকনেখটকে নির্দোষ মনে করেছিলেন। তবে ফেডারেল তদন্তকারীদের কাছে দেওয়া তার সাক্ষাৎকারের তথ্যগুলো তাকে অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়ে সন্দিহান করে তোলে।

ক্যামেরন বলেন, ‘সেদিন আকাশ পরিষ্কার ছিল, বাতাসও শান্ত ছিল। ওই দিন বা রাতে পাহাড়ে আর কেউ ছিল না। কিন্তু আসামি সেখানে ধূমপান করছিলেন এবং তাঁর কাছে একটি লাইটারও ছিল।’

তিনি আরও বলেন, ‘সবকিছু শেষ পর্যন্ত একটি সিদ্ধান্তের দিকেই ইঙ্গিত করছিল।’

‘কোনো রায়ই স্বজন হারানোর বেদনা মুছে দিতে পারবে না’

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের অ্যাটর্নি অফিসের প্রধান বিল এসাইলি এ রায়কে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, ‘যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে এবং হাজার হাজার মানুষ যাদের জীবন ওলটপালট হয়ে গেছে, তাদের জন্য এই রায় কিছুটা হলেও ন্যায়বিচার নিশ্চিত করবে।’

২০২৫ সালে লস অ্যাঞ্জেলেসে দাবানলের পেছনে প্রবল বাতাস বড় ভূমিকা রেখেছিল। ওই দাবানলে সব মিলিয়ে ৩১ জনের মৃত্যু হয়।

প্যাসিফিক প্যালিসেডস এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতির পাশাপাশি লস অ্যাঞ্জেলেসের উত্তর-পূর্বাঞ্চলের আলতাডেনা এলাকায় আরেকটি দাবানল ছড়িয়ে পড়ে। এতে ওই এলাকার বেশ কিছু অংশ পুড়ে ছাই হয়ে যায়।

তদন্তে জানা যায়, স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসনের একটি নিষ্ক্রিয় বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার থেকে সৃষ্ট স্ফুলিঙ্গ শুকনো গাছপালায় আগুন ধরিয়ে দেয়।

ভয়াবহ ওই দুর্যোগের দুই বছর পরও শহরটি পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছে।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস এক বিবৃতিতে বলেন, ‘কোনো আদালতের রায়ই প্রাণ হারানো মানুষদের ফিরিয়ে আনতে পারবে না কিংবা তাদের পরিবারগুলোর দীর্ঘদিনের বেদনা মুছে দিতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘অনেক মানুষ এখনো নিজেদের ঘরবাড়ি ও জীবন নতুন করে গড়ে তোলার সংগ্রাম করছেন। যারা এখনো বাস্তুচ্যুত, তাদের কাছে এই ধ্বংসযজ্ঞ প্রতিদিনের বাস্তবতা হয়ে আছে।’

সম্প্রতি পুনর্নির্বাচনে হেরে যাওয়া মেয়র কারেন বাস দাবানল মোকাবিলায় তার ভূমিকার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%