প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশেষ করে রাতের সময় সকল ধরনের বহিরাগত ব্যক্তি এবং তাদের যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত স্টিকারযুক্ত ও অনুমোদিত গাড়ি ছাড়া অন্য সকল ধরনের যানবাহনের প্রবেশ এবং চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোনো সময় যেকোনো ব্যক্তি এবং যানবাহনে তল্লাশি পরিচালনা করতে পারবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রশাসন কর্তৃক সরবরাহকৃত পরিচয়পত্র সবসময় সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দর্শনার্থীদের প্রবেশ নিরুৎসাহিত করা হচ্ছে। বিশেষ করে রাতের সময় সকল বহিরাগত ব্যক্তি ও তাদের যানবাহনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে প্রশাসন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন