ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জনবল সংকটে বিআইডব্লিউটিএর ড্রেজিং সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না


জনবল সংকটে বিআইডব্লিউটিএর ড্রেজিং সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জনবল সংকটের কারণে ড্রেজিং সক্ষমতা পুরোপুরি কাজে লাগাতে পারছে না। এর ফলে দেশের নৌপথ ক্রমশ সংকুচিত হচ্ছে এবং নাব্য সঙ্কট সৃষ্টি হচ্ছে। নিয়মিত নদী খনন কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা গুরুত্বপূর্ণ নৌপথে প্রভাব ফেলছে। এর ফলে নৌপথে স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। বিআইডব্লিউটিএর মালিকানাধীন ৮৭টি ড্রেজার ও সহায়ক যন্ত্র বর্তমানে জনবল সংকটের কারণে অচল অবস্থায় রয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে এই তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বিআইডব্লিউটিএ-এর বহরে বর্তমানে ১১২টি ড্রেজার ও জলযান রয়েছে, তবে এর মধ্যে মাত্র ২৫টি চালু রয়েছে। এর মধ্যে কয়েকটি আংশিকভাবে সচল, বাকিগুলো মাসের পর মাস নাবিক ও অপারেটর সংকটে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। দক্ষ জনবল নিয়োগের অভাবের কারণে মেশিনগুলো নিয়মিত ব্যবহার করা যাচ্ছে না। সংস্থার বিদ্যমান ড্রেজার ও সহায়ক যন্ত্রপাতি পরিচালনার জন্য প্রায় দুই হাজার জনবল প্রয়োজন। ২০১৯ সাল থেকে সংস্থাটি জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। ওই বছর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১ হাজার ৬০১টি পদের অনুমোদন দেওয়া হয়, কিন্তু অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর পর কেবল ৬৭৭টি পদের সম্মতি মেলে। ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর রাজস্ব খাতে ৪৩ ক্যাটাগরিতে ৬৭৭টি পদ সৃজন করে সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। তবে অর্থ মন্ত্রণালয়ের ভেটিং না পাওয়ার কারণে বিআইডব্লিউটিএর চাহিদা অনুযায়ী ৯২৪টি পদ নিয়ে সারা দেশের ১৪টি ড্রেজিং ডিভিশনে ৮৭টি ড্রেজার সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় চাহিদা অনুযায়ী সারা দেশে ড্রেজিং কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না এবং শুধুমাত্র জরুরি ও গুরুত্বপূর্ণ নৌরুটগুলোয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সূত্র জানায়, পূর্বে বিআইডব্লিউটিএর ড্রেজার দিয়ে নিয়মিত ৮-১২ ঘণ্টা ড্রেজিং করা হতো। বর্তমানে ৫-৬ ঘণ্টার বেশি ড্রেজিং করা সম্ভব হচ্ছে না। জনবল সংকটের কারণে নিয়মিত ড্রেজার পরিচালনা কর্মীদের এক স্থান থেকে অন্য স্থানে বদলি করতে হচ্ছে, যা সময়ক্ষেপণ এবং আর্থিক ক্ষতির কারণ হচ্ছে। বর্তমানে সংস্থাটি নারায়ণগঞ্জ, আরিচা, শিমুলিয়া, বরিশাল, খুলনা, ঢাকা, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, দিনাজপুর, ময়মনসিংহ ও কিশোরগঞ্জের ১৪টি ড্রেজিং ডিভিশনের অস্থায়ী দপ্তর থেকে নৌরুটের ড্রেজিং কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু চাহিদা থাকা সত্ত্বেও বিআইডব্লিউটিএ কারিগরি জনবলের অভাবে অন্যান্য জেলাগুলোতে ড্রেজার বেইজ স্থাপন ও ড্রেজিং ডিভিশনের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে পরিচালনা করতে পারছে না।

আরও পড়ুন: ক্যানসার সচেতনতা প্রচারক রুবিয়া নিজেই ক্যানসারে আক্রান্ত

সূত্র আরো জানায়, ড্রেজিংয়ের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে চলতি বছরের শুরুতে বিআইডব্লিউটিএ অর্থ মন্ত্রণালয়ের সম্মতির জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, নিয়মিত পাঁচটি ড্রেজার, পাঁচটি ক্রেনবোট, পাঁচটি ক্র-হাউজবোট ও ১০টি সার্ভে ওয়ার্কবোট পরিচালনার জন্য প্রয়োজনীয় কর্মী নেই। অথচ বিআইডব্লিউটিএর নৌপথ ড্রেজিংয়ের কার্যক্রম তীব্র হয়ে উঠেছে। ৪ হাজার ৫১৫ কোটি টাকা ব্যয়ে আরো ৩৫টি ড্রেজার নির্মাণের একটি প্রকল্প চলমান রয়েছে। ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে চারটি ড্রেজার হস্তান্তর করা হয়েছে এবং আগামী বছরের শুরুতে আরো চারটি ড্রেজার পাওয়া যাবে। চলমান প্রকল্পের ড্রেজারগুলো বহরে যুক্ত হলে জনবল সংকট আরো তীব্র আকার ধারণ করবে। ফলে ড্রেজারসহ নৌপথ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় যন্ত্রপাতির প্রাপ্যতা থাকা সত্ত্বেও কর্মীর অভাবে সেগুলো অলস বসিয়ে রাখা ছাড়া বিআইডব্লিউটিএর আর কোনো উপায় থাকবে না।

এদিকে বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মজনু মিয়া বণিক জানিয়েছেন, "নৌপথে নিয়মিতভাবে ড্রেজিং করতে দক্ষ কারিগরি জনবল প্রয়োজন। আগের দুটি বড় প্রকল্পের ড্রেজারসহ যন্ত্রপাতি এলেও প্রত্যাশা অনুযায়ী জনবলের অনুমোদন পাওয়া যায়নি। ফলে চলমান প্রকল্পটির আকার কমিয়ে ফেলা হয়েছে। আর জনবল নিয়োগ না দেওয়া হলে বিপুল ব্যয়ের যন্ত্রপাতি ও ড্রেজার দিয়ে নৌপথ সুচারু রাখা কঠিন হয়ে পড়বে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধামরাইসহ মানিকগঞ্জের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


ধামরাইসহ মানিকগঞ্জের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণের কাজ চলমান থাকবে। এই কারণে, মানিকগঞ্জের কিছু এলাকায় আগামী ২৩ নভেম্বর সকাল ৮টা থেকে শুরু করে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবউশন পিএলসির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই সময়ের মধ্যে মানিকগঞ্জের ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয় এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার সকল শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এছাড়া, এই এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপও দেখা দিতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে কাল শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী রাস উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


পটুয়াখালীতে কাল শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী রাস উৎসব

পটুয়াখালী, ২২ নভেম্বর ২০২৬ : আগামীকাল থেকে পাঁচ দিনব্যাপী রাস উৎসব শুরু হতে যাচ্ছে জেলার কলাপাড়া ও কুয়াকাটায়।

আয়োজক কর্তৃপক্ষ আশা করছে, সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী এই উৎসবে দেড় থেকে দুই লাখ পুণ্যার্থী সমাগম ঘটবে। এ উপলক্ষে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

মন্দির প্রাঙ্গণকে বর্ণিল সাজে সাজানো হয়েছে উৎসবের জন্য। কারিগরদের রং ও তুলির নিপুণ ছোঁয়ায় ১৭ জোড়া যুগল প্রতিমা সাজানো হচ্ছে। পাশাপাশি, উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) রাতে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হবে সঙ্গীতানুষ্ঠান, ভাবগত পাঠ ও মহানাম কীর্তন। মঙ্গলবার ভোরে কুয়াকাটা সৈকতে গঙ্গাস্নান বা পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। পরে ওই দিন বিকেল থেকে কলাপাড়ার মদনমোহন সেবাশ্রমে শুরু হবে তিন দিনব্যাপী রাস মেলা।

রাস উৎসবকে কেন্দ্র করে কুয়াকাটা সৈকতে বসবে সহস্রাধিক অস্থায়ী দোকান। এতে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান জানিয়েছেন, উৎসবে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইসরাইলি হামলায় গুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


গাজায় ইসরাইলি হামলায় গুলিতে নিহত ৪

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : শনিবার গাজা উপত্যকায় ইসরাইলি হামলা ও গুলিতে চারজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে তিনজন খাদ্য সহায়তা বহনকারী একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলার শিকার হন।

আল-শিফা হাসপাতালের কর্তৃপক্ষ জানায়, হামলার পর তিনজন পুরুষের মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, তাল আল-হাওয়া এলাকায় বাস্তুচ্যুত মানুষের জন্য খাদ্য বহনকারী গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

আল-শিফা হাসপাতাল আরও জানায়, ওই ঘটনায় নিহত একজনের মরদেহও তারা গ্রহণ করেছে।

হামাসের অধীনে কার্যরত উদ্ধারকারী সংস্থা বেসামরিক প্রতিরক্ষা বাহিনী জানায়, উত্তর গাজার জাবালিয়া আল-বালাদ এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে একজন নিহত হয়েছেন।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

এ বিষয়ে মন্তব্যের জন্য এএফপি ইসরাইলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরাইল ও হামাস পরস্পরকে নিয়মিত দোষারোপ করে আসছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার মাধ্যমে ইসরাইলের সঙ্গে দুই বছরের যুদ্ধ শুরু হয়।

ঘটনাস্থলে এএফপির তোলা ছবিতে দেখা যায়, বিস্ফোরণে একটি ভ্যানের ব্যাপক ক্ষতি হয়েছে এবং গাড়ির ভেতরে খাবার ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী এএফপিকে জানায়, তারা ওই এলাকায় ‘বেশ কয়েকজন সামরিক অভিযানে জড়িত ব্যক্তিকে’ লক্ষ্য করে হামলা চালিয়েছে, তবে বিস্তারিত কিছু জানায়নি।

এদিকে, শনিবার মধ্য গাজার বিভিন্ন স্থান থেকে ফিলিস্তিনিরা বুরেইজ শরণার্থীশিবিরের দক্ষিণ-পশ্চিমে আগের দিন বিমান হামলায় নিহত চারজনের জানাজায় অংশ নিতে জড়ো হন।

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, গাজার মধ্যাঞ্চলে বেসামরিক ইসরাইলি নাগরিক ও ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা নিয়ে বৈঠক করার সময় হামাসের সামরিক শাখার ‘বেশ কয়েকজন সন্ত্রাসীকে’ লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে।

হামলায় নিহত ব্যক্তিদের একজনের ভাই মাহদি আবু গারকুদ ইসরাইলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘নেতানিয়াহু যে যুদ্ধবিরতির কথা বলছেন, তা কোথায়?’

তিনি এএফপিকে বলেন, ‘গাজায় যুদ্ধ শেষ হয়ে গেছে—এমনটা ধরে নিয়ে পুরো বিশ্ব আমাদের পরিত্যাগ করেছে। অথচ এখনকার দিনগুলো প্রকৃত যুদ্ধের সময়ের চেয়েও বেশি দুর্বিষহ।’

এএফপির হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজায় ১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হিসাব হামাসের কর্তৃত্বাধীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে করা হয়েছে। জাতিসংঘের দৃষ্টিতে এই পরিসংখ্যান নির্ভরযোগ্য।

একই সময়ে, ইসরাইলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, তাদের সাত সেনা এবং একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় ঐক্যের মাধ্যমে সরকারকে সমর্থন জানাতে বিএনপির আহ্বান দুদুর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


জাতীয় ঐক্যের মাধ্যমে সরকারকে সমর্থন জানাতে বিএনপির আহ্বান দুদুর

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার জন্য জাতীয় ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলকে বর্তমান সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি উল্লেখ করেন, জাতীয় ঐক্যের স্বার্থে সংসদের বিরোধী দলসহ সকল রাজনৈতিক দলকে একত্রিত হয়ে দাঁড়াতে হবে। যারা এই সরকারকে বিশৃঙ্খলার মধ্যে বিপদে ফেলার চেষ্টা করবেন, তারা আগামীতে গণশত্রু হিসেবে চিহ্নিত হবেন।

আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশব্যাপী আগুন-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট ও হত্যার বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার দল ও আত্মীয়-স্বজন বাংলাদেশের জন্য কতটা অপ্রয়োজনীয় হয়ে উঠেছেন, তা তাদের উপলব্ধি করা উচিত। বর্তমানে বাংলাদেশের মানুষ যে অবস্থায় রয়েছে, সে অবস্থায় শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশের মধ্যে পেলে তাদের রক্ষা করা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও কঠিন হবে। জনগণের হাতে তারা ধরা পড়লে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা বলা কঠিন।

তিনি আরও বলেন, নিজের দোষ ও অপশাসনের কারণে শেখ হাসিনা নিজেই দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছেন। এরপরও দেশে বিশৃঙ্খলা, মানুষ হত্যা ও আগুন-সন্ত্রাসের মতো কর্মকাণ্ড শুরু করেছেন।

বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনাকে যারা আশ্রয় দিয়েছেন, সেই দেশটি বাংলাদেশকে একেবারে ফোকলা করে ফেলেছে। এমন কোনো খাত নেই, যেখান থেকে তারা লাভের টাকা নিয়ে যায়নি। সুদে-আসলে সবকিছু নিয়ে গেছে। আওয়ামী শাসকগোষ্ঠী দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় ফেলে দিয়েছে। সেই ভঙ্গুর অর্থনীতি পুনঃপ্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, সরকারকে সমর্থন জানাতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ, বেগম খালেদা জিয়ার বাংলাদেশ ও তারেক রহমানের বাংলাদেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের জীবন-জীবিকা রক্ষায়ও ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন।

শামসুজ্জামান দুদু বলেন, দেশে সাত-আট মাসের মধ্যে বিপদ কেটে গেছে—এমনটি মনে করার কোনো কারণ নেই। বিপদ এখনো রয়েছে। সেই বিপদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

তিনি বলেন, বিরোধীদল যেভাবেই কথা বলুক না কেন, এখনো পর্যন্ত তারা সরকারের বিরুদ্ধে সে ধরনের অবস্থান গ্রহণ করেনি। জাতীয় ঐক্যের জন্য সংসদের বিরোধী দলসহ সকল রাজনৈতিক দলকে একত্রিত হয়ে দাঁড়াতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, এখনো রাজপথে সরকারের প্রশংসা করার লোকের সংখ্যাই বেশি। আর যারা প্রশংসা করতে ব্যর্থ হন, তারা সব সীমান্তের ওপারে রয়েছেন। তারা ভালো কিছু চোখে দেখতে পারেন না।

সমাবেশে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান, ন্যাশনাল লেবার পার্টির সভাপতি লায়ন ফারুক রহমান, আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান এবং দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%