প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : শনিবার গাজা উপত্যকায় ইসরাইলি হামলা ও গুলিতে চারজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে তিনজন খাদ্য সহায়তা বহনকারী একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলার শিকার হন।
আল-শিফা হাসপাতালের কর্তৃপক্ষ জানায়, হামলার পর তিনজন পুরুষের মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, তাল আল-হাওয়া এলাকায় বাস্তুচ্যুত মানুষের জন্য খাদ্য বহনকারী গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
আল-শিফা হাসপাতাল আরও জানায়, ওই ঘটনায় নিহত একজনের মরদেহও তারা গ্রহণ করেছে।
হামাসের অধীনে কার্যরত উদ্ধারকারী সংস্থা বেসামরিক প্রতিরক্ষা বাহিনী জানায়, উত্তর গাজার জাবালিয়া আল-বালাদ এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে একজন নিহত হয়েছেন।
গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য এএফপি ইসরাইলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরাইল ও হামাস পরস্পরকে নিয়মিত দোষারোপ করে আসছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার মাধ্যমে ইসরাইলের সঙ্গে দুই বছরের যুদ্ধ শুরু হয়।
ঘটনাস্থলে এএফপির তোলা ছবিতে দেখা যায়, বিস্ফোরণে একটি ভ্যানের ব্যাপক ক্ষতি হয়েছে এবং গাড়ির ভেতরে খাবার ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী এএফপিকে জানায়, তারা ওই এলাকায় ‘বেশ কয়েকজন সামরিক অভিযানে জড়িত ব্যক্তিকে’ লক্ষ্য করে হামলা চালিয়েছে, তবে বিস্তারিত কিছু জানায়নি।
এদিকে, শনিবার মধ্য গাজার বিভিন্ন স্থান থেকে ফিলিস্তিনিরা বুরেইজ শরণার্থীশিবিরের দক্ষিণ-পশ্চিমে আগের দিন বিমান হামলায় নিহত চারজনের জানাজায় অংশ নিতে জড়ো হন।
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, গাজার মধ্যাঞ্চলে বেসামরিক ইসরাইলি নাগরিক ও ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা নিয়ে বৈঠক করার সময় হামাসের সামরিক শাখার ‘বেশ কয়েকজন সন্ত্রাসীকে’ লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে।
হামলায় নিহত ব্যক্তিদের একজনের ভাই মাহদি আবু গারকুদ ইসরাইলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘নেতানিয়াহু যে যুদ্ধবিরতির কথা বলছেন, তা কোথায়?’
তিনি এএফপিকে বলেন, ‘গাজায় যুদ্ধ শেষ হয়ে গেছে—এমনটা ধরে নিয়ে পুরো বিশ্ব আমাদের পরিত্যাগ করেছে। অথচ এখনকার দিনগুলো প্রকৃত যুদ্ধের সময়ের চেয়েও বেশি দুর্বিষহ।’
এএফপির হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজায় ১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হিসাব হামাসের কর্তৃত্বাধীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে করা হয়েছে। জাতিসংঘের দৃষ্টিতে এই পরিসংখ্যান নির্ভরযোগ্য।
একই সময়ে, ইসরাইলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, তাদের সাত সেনা এবং একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন