১০:২৬ পি.এম
গাজীপুরের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা উইলিয়াম সমর পালমার পরিবারের চার সদস্যসহ মোট ছয়জনকে হত্যা মামলায় অব্যাহতি প্রদান করা হয়েছে। ২০ মাসের আইনি জটিলতার পর ১৮ অক্টোবর ২০২৬ তারিখে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজিদ উল হাসান চৌধুরী এ আদেশ দেন। আদালত মিথ্যা মামলার অভিযোগে বাদীর বিরুদ্ধে দন্ডবিধির ২১১ ধারায় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা সমর পালমার ছেলে সুমন পালমা ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর রাতে অসুস্থ হয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন এবং ভোর সারে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। মৃত্যুর ১৮ মাস পর ২০২৫ সালের ২৮ মার্চ দড়িপাড়া এলাকার বার্নাড রোজারিও হত্যার অভিযোগে কালীগঞ্জ থানায় মামলা নং ২৭(৩)২৫ এবং গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিআর মামলা নং ৮৭/২০২৫ দায়ের করা হয়। মামলায় বীর মুক্তিযোদ্ধা সমর পালমা, তাঁর স্ত্রী নিরমলা পালমা, ছেলে নিকসন পালমা, পুত্রবধূ ঝুমুর পালমাসহ মোট ছয়জনকে আসামি করা হয়।
তদন্তের অংশ হিসেবে আদালত ২০২৫ সালের ৩ জুন সুমন পালমার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন। তবে মামলার বাদী উপস্থিত না থাকায় স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সহিদ উল্লাহ মরদেহ উত্তোলন না করেই ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন ও সার্বিক বিষয় পর্যালোচনা করে ১৮ অক্টোবর ২০২৬ তারিখে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাজিদ উল হাসান চৌধুরী ছয় আসামিকে অব্যাহতি দেন এবং একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদী বার্নাড রোজারিওর বিরুদ্ধে দন্ডবিধির ২১১ ধারায় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
আরও পড়ুন: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
অব্যাহতি পাওয়ার পর নিরমলা পালমা ও নিকসন পালমা মিথ্যা মামলা দিয়ে পরিবারকে হয়রানির অভিযোগ তুলে বাদীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, পুলিশের তদন্ত প্রতিবেদনের সঙ্গে একমত পোষণ করে আদালত মামলাটি মিথ্যা প্রতীয়মান হওয়ায় বাদীর বিরুদ্ধে দন্ডবিধির ২১১ ধারায় ব্যবস্থা নিতে থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মামলাটি নথিজাতের আদেশও দিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন