ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্ববাজারে সোনার দাম কিছুটা কমেছে, বিনিয়োগকারীরা ফেডের বৈঠকের দিকে নজর


বিশ্ববাজারে সোনার দাম কিছুটা কমেছে, বিনিয়োগকারীরা ফেডের বৈঠকের দিকে নজর

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির উদ্বেগের মধ্যে সোনার দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য সুদের হার সংক্রান্ত বৈঠকের দিকে নজর রাখছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টা ৯ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২৩ দশমিক ৯৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে, ডিসেম্বর মাসের জন্য নির্ধারিত সোনার ফিউচার মূল্য ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪২ দশমিক ৭০ ডলারে নেমে এসেছে।

অ্যাকটিভট্রেডসের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিকার্ডো ইভানজেলিস্তা মন্তব্য করেছেন, "উচ্চ জ্বালানি মূল্যের কারণে মূল্যস্ফীতির স্থায়ী চাপ অব্যাহত রয়েছে।" এর ফলে ফেডারেল রিজার্ভের আরও কঠোর মুদ্রানীতি গ্রহণের প্রত্যাশা জোরালো হচ্ছে।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি

এ দিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় পাঁচ মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সৌদি আরবের অবকাঠামোতে হুথিদের হামলা এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলার খবরের কারণে বাজারে ভূরাজনৈতিক ঝুঁকির আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা তেলের দামে এই ঝুঁকির প্রভাব হিসাব করছেন।

ইভানজেলিস্তা আরও উল্লেখ করেছেন, "অক্টোবরে ফেড সুদের হার অপরিবর্তিত রাখবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।" তাই ডিসেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা নিয়ে ফেডের দিকনির্দেশনার ওপর মূলত নজর থাকবে।

ফেডের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে মুদ্রানীতি আরও কঠোর করার বিষয়ে তাড়াহুড়োর ইঙ্গিত না থাকায় ২৭ ও ২৮ অক্টোবরের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার বৃদ্ধির প্রত্যাশা কিছুটা কমেছে। তবে সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ব্যবসায়ীরা দেখছেন। তাদের মতে, এই সম্ভাবনা ৯০ শতাংশ।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে সোনাকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বৃদ্ধি পেলে সোনার আকর্ষণ কমে যায়, কারণ বিনিয়োগকারীরা তখন সুদ বা মুনাফা পাওয়া যায়—এমন সম্পদের দিকে বেশি ঝোঁকেন।

আরও পড়ুন: বিশ্ববাজারে সোনার দাম বেড়ে গেল, বিনিয়োগকারীদের নজর ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তে

এদিকে, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই) প্রকাশিত হবে। মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে ফেডের পছন্দের এই সূচকের তথ্য থেকেও সুদের হার সংক্রান্ত ভবিষ্যৎ সিদ্ধান্তের বিষয়ে ধারণা পেতে চাইছেন বিনিয়োগকারীরা।

অন্যদিকে, জাপানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কাজুও উয়েদা বলেছেন, "দেশটিতে অন্তর্নিহিত মূল্যস্ফীতি ২ শতাংশ লক্ষ্যমাত্রার বেশ কাছাকাছি রয়েছে।" তার এই বক্তব্যে জাপানে আরও সুদের হার বৃদ্ধির সুযোগ থাকার ইঙ্গিত পাওয়া গেছে।

মঙ্গলবার অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭ দশমিক ১৯৩১ ডলারে দাঁড়িয়েছে। বিপরীতে, প্লাটিনামের দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬৩৯ দশমিক ৪৫ ডলারে নেমেছে। প্যালাডিয়ামের দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ১১০ দশমিক ০৬ ডলার।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন: কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সুরক্ষা জোরদার সরকারের অর্থনৈতিক সংস্কারের প্রধান লক্ষ্য: ড. তিতুমীর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকিজ ফুডে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


আকিজ ফুডে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতির অভিযোগ

ঢাকার ধামরাইয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় পণ্য লোড-আনলোড (বোঝাই ও খালাস) কার্যক্রমে কৃত্রিম সংকট সৃষ্টি করে প্রায় ২০ কোটি টাকার ক্ষতির অভিযোগ উঠেছে। কারখানা কর্তৃপক্ষের বক্তব্য, পণ্যবাহী গাড়ির চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা ও বকশিশ আদায়ে ব্যর্থ হওয়ায় শ্রমিকদের একটি অংশকে উসকানি দিয়ে এই অচলাবস্থা তৈরি করা হয়েছে।

এ ঘটনার পেছনে স্থানীয় এক ইউপি সদস্য, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক এবং আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় দুই নেতার সরাসরি ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এই অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান। এর আগে সোমবার (১৯ অক্টোবর) কারখানা কর্তৃপক্ষ ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, পণ্য লোড-আনলোডের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স এম. এম. এন্টারপ্রাইজ’-এর কিছু শ্রমিকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পণ্যবাহী ট্রাকের চালকদের কাছ থেকে জোরপূর্বক বকশিশ ও চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে চালকদের মারধর ও লাঞ্ছিত করার ঘটনাও ঘটে। সম্প্রতি, কারখানা কর্তৃপক্ষ অননুমোদিতভাবে টাকা আদায়ের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে।

এর ফলস্বরূপ সংশ্লিষ্ট শ্রমিকেরা প্রথমে কাজ বন্ধ করে দেন। পরে কাজে ফিরে আসলেও এক-তৃতীয়াংশ লোকবল নিয়ে ধীরগতিতে কাজ শুরু করেন। এতে কারখানার স্বাভাবিক পণ্য সরবরাহ ব্যাহত হয় এবং প্রায় ২০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয় বলে দাবি কর্তৃপক্ষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ নতুন ভেন্ডর (ঠিকাদার) নিয়োগ দিলে স্থানীয় প্রভাবশালীরা তাদের কাজ বন্ধ করতে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ কারণে সোমবার বিকেলে ওই ভেন্ডরের শ্রমিকেরা কাজ বন্ধ করে ঢাকা-আরিচা মহাসড়কে নেমে আসেন। এ সময় তারা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, কাজ চালু রাখার জন্য নতুন ভেন্ডরের কয়েকজন শ্রমিক কাজ করতে গেলে সোমবার দুপুরে তাদের কয়েকজনকে মারধর করা হয়। নতুন ভেন্ডর কর্তৃপক্ষ এ বিষয়ে ধামরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগের সূত্রে জানা যায়, আব্দুল কাদের নামের এক শ্রমিক সর্দারকে মারধর করে রক্তাক্ত জখম করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, এ ঘটনার পেছনে ইন্ধন দিচ্ছেন মেসার্স এম. এম. এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোজাম্মেল হক ও স্থানীয় কুশুন্দিয়া এলাকার ইউপি সদস্য মো. ঈমান আলী। এই ব্যক্তিরা নতুন ভেন্ডরকে সরিয়ে দিয়ে পুনরায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য কারখানা কর্তৃপক্ষের ওপর নানামুখী চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া, স্থানীয় যুবলীগ নেতা মো. মামুনের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি নতুন ভেন্ডরের কর্মীদের কারখানা থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন এবং নিজের লোকজন দিয়ে কাজ চালু রাখার জন্য কারখানা কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করছেন।

কারখানা কর্তৃপক্ষ যোগাযোগ করলে শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, নতুন ভেন্ডরকে বাদ দেওয়ার শর্তেই কেবল তাদের শ্রমিকেরা পুরোদমে কাজ করতে রাজি আছেন।

সার্বিক পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "যেকোনো ধরনের চাঁদাবাজি, শ্রমিক বা চালকদের ওপর শারীরিক নিগ্রহের মতো অনভিপ্রেত ঘটনা প্রতিষ্ঠানের নীতিমালার পরিপন্থী। একটি সুনির্দিষ্ট চক্রের অযৌক্তিক কর্মবিরতি ও ধীরগতির কারণে কারখানার উৎপাদন ও সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমকে ঝুঁকির মুখে ফেলেছে। আমরা কারখানার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং কর্মরত প্রত্যেকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ কামনা করেছি। একই সঙ্গে উৎপাদন সচল রাখতে আইনানুগ পন্থায় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও নেওয়া হয়েছে।"

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, "আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কর্তৃপক্ষের একটি লিখিত আবেদন পাওয়া গেছে। একটি স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা ও ব্যবসায়িক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে পুলিশ তৎপর রয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হলো অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হলো অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অতিরিক্ত ডিআইজি (রিয়েপার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া করা বাড়িতে অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং নারীসহ মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। পুলিশ কর্তৃপক্ষ আব্দুল্লাহ আল জহিরকে সংযুক্ত করেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই সিদ্ধান্তের ঘোষণা করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হচ্ছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

তবে, তাকে কেন সংযুক্ত করা হচ্ছে সে বিষয়ে আদেশে কোনো তথ্য প্রদান করা হয়নি।

এর আগে, সোমবার ভাটারা থানাধীন পুলিশ হাউজিং-১ এলাকায় জহিরের বাড়িতে অভিযান চালায় ডিবির গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল। অভিযানে ৮৪ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ২৬ জন নারী এবং ৫৮ জন পুরুষ রয়েছে, এবং একজন আফগানিস্তানের নাগরিকও আটক হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প, রূপান্তর হবে সাধারণ মহাসড়কে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প, রূপান্তর হবে সাধারণ মহাসড়কে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘ ১৪ বছর ধরে চলমান নির্মাণকাজের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় নির্মিত স্টেশন ও লেন বিভাজক অপসারণ করে সড়কটিকে ৬ লেনের সাধারণ মহাসড়কে রূপান্তরিত করা হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটি শাখা থেকে সোমবার (১৯ অক্টোবর) একটি চিঠির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।

চিঠিতে উপসচিব তাসলিমা আহমেদ পলি স্বাক্ষর করেছেন। এতে উল্লেখ করা হয়েছে, রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট)’ এর ভবিষ্যৎ নির্ধারণ নিয়ে আলোচনা শেষে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, বিআরটি করিডোরের স্টেশন ও লেন ডিভাইডার অপসারণ করে এটিকে তিন যোগ তিন লেনবিশিষ্ট সাধারণ হাইওয়ে করিডোরে রূপান্তর করা হবে। পাশাপাশি, দুই লেনবিশিষ্ট দুটো ওভারপাসকে (উড়ালসড়ক) চার লেনে রূপান্তরের কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে বিদ্যমান আইনি জটিলতা নিরসন করে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত (প্রজেক্ট ক্লোজার) করতে বলা হয়েছে।

চিঠিতে আরও জানানো হয়েছে, বিআরটি পরিচালনার জন্য গঠিত ‘ঢাকা বাস র‍্যাপিড ট্রানজিট পিএলসি’ বন্ধ করে এ-সংক্রান্ত কার্যক্রম সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) আওতায় আনা হবে। মন্ত্রিসভার এই সিদ্ধান্ত জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করে আগামী ১৫ দিনের মধ্যে এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসের ৩ তারিখের মধ্যে অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), সওজ ও বিআরটি কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ বিআরটি প্রকল্পটি ২০১২ সালে গ্রহণ করা হয়েছিল। সড়কের মাঝখানে দুটো আলাদা লেনে বিশেষ বাস চালানোর লক্ষ্যে ২০১৬ সালে এর নির্মাণকাজ শেষ করার কথা ছিল। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি) ও গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির (জিইএফ) অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে ছিল সওজ, সেতু বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। শুরুতে প্রকল্পের ব্যয় প্রায় ২ হাজার ৪০ কোটি টাকা ধরা হলেও তিন দফা সংশোধনে তা বেড়ে ৪ হাজার ২৬৮ কোটি টাকায় দাঁড়ায়। গেল ১৪ বছরে প্রকল্পটিতে ২ হাজার ৮১১ কোটি টাকা ব্যয় হলেও বিশেষ বাস চালু করা সম্ভব হয়নি।

এর আগে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক সামছুল হকের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল প্রকল্পটির কারিগরি দিক পর্যালোচনা করে এটি বাতিল এবং বিদ্যমান অবকাঠামো উন্নত মহাসড়ক হিসেবে ব্যবহারের সুপারিশ করেছিল। তাদের প্রতিবেদনে পরিকল্পনা ও নকশায় ত্রুটি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কথা উল্লেখ করা হয়। তবে প্রকল্পের কাজ ৯৭ শতাংশ সম্পন্ন হওয়ার পর তা বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিবাদ জানানোর কথা বলেছে ‘গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন’ নামের একটি সংগঠন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু ও হাম উপসর্গে মৃত্যু ৮, স্বাস্থ্য অধিদফতরের তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


ডেঙ্গু ও হাম উপসর্গে মৃত্যু ৮, স্বাস্থ্য অধিদফতরের তথ্য

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু ও হাম উপসর্গের কারণে আটজনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে পাঁচজন ডেঙ্গুতে এবং তিনজন হাম উপসর্গে মারা গেছেন।

এ তথ্য মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রকাশিত তথ্যে নিশ্চিত করা হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৬৬ জন। অন্যদিকে, হাম রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫৯ জন।

ডেঙ্গুতে মৃতের সংখ্যা সাড়ে ৩০০ ছাড়াল

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে ৩৫৭ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় পাঁচজন মারা গেছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ১৫ হাজার ৬১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪১৫ জন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)। এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৩ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল বিভাগে ১৯১ জন, খুলনা বিভাগে ১৪১ জন, রাজশাহী বিভাগে ১২৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন এবং রংপুর বিভাগে ৭২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে নতুন করে ১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২০৪

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে তিনজনের মৃত্যুর পর, গত ১৫ মার্চ থেকে মোট ১২০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন মারা গেছেন। বাকি ১১০০ জনের মৃত্যু হয়েছে হাম উপসর্গে। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৬৭ জন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%