০৫:২৮ পি.এম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজের ফেডারেশন (আইএফআরসি) কে আহ্বান জানিয়েছেন, তাদের বৈশ্বিক নেটওয়ার্ক ব্যবহার করে রোহিঙ্গা এবং স্থানীয় জনগণের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দফতরে বাংলাদেশে আইএফআরসির নতুন প্রতিনিধি সেভাল গুজেলকিলিঞ্চ তার পরিচয়পত্র পেশ করতে আসলে এই আহ্বান জানান।
এ তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী
হুমায়ুন কবির রোহিঙ্গা ও স্থানীয় জনগণের ক্রমবর্ধমান মানবিক চাহিদার কথা উল্লেখ করে বলেন, তহবিল হ্রাসের এই সময়ে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার ওপর জোর দেওয়া প্রয়োজন।
তিনি পুনর্ব্যক্ত করেন যে, রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান।
আইএফআরসির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে সরকারের আগ্রহ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) সক্ষমতা বৃদ্ধিতে আইএফআরসির অবদানের কথা তুলে ধরেন।
তিনি ২০২৬ সালের জুলাই মাসের বন্যা ও ভূমিধসের ঘটনায় আইএফআরসির দ্রুত সাড়াদানের প্রশংসা করেন এবং দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও পূর্বাভাস-ভিত্তিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেননি: বাংলাদেশ হাইকমিশন
সেভাল গুজেলকিলিঞ্চ সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার বিষয়ে আইএফআরসির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অগ্রাধিকারমূলক বিষয়গুলো তুলে ধরে তিনি মানবিক সেবা বৃদ্ধি, কমিউনিটির সহনশীলতা জোরদার করা, দুর্যোগ মোকাবিলা ব্যবস্থার উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও গভীর করার ওপর জোর দেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে আইএফআরসির মানবিক কার্যক্রম পরিচালনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।
আরও পড়ুন: মিয়ানমারে সার পাচারে জড়িত অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা আটক
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন