বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৪১ পি.এম
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে এবং জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে সাতটি জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এছাড়া, অতিরিক্ত পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৭ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন এবং ফরিদপুরে ৩ প্লাটুন রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাদের দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তারা বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন।
বিজিবি জানায়, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল প্রযুক্তিনির্ভর নজরদারি কার্যক্রম পরিচালনা করছে। এই কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রী ওঠানামার স্থানে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা যাত্রীবেশে উঠে আগুন ধরিয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে কাঁচপুর ব্রিজের পাশের এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে যাত্রীদের দ্রুত নিরাপদে নেমে যাওয়ার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এদিন সকাল ৯টার দিকে কাঁচপুর ব্রিজের পাশে নিয়মিত যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে একটি যাত্রীবাহী বাস থামানো ছিল। এ সময় সাধারণ যাত্রীর ছদ্মবেশে এক দুর্বৃত্ত বাসটিতে প্রবেশ করে। বাসের ভেতরে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে মুহূর্তের মধ্যে সে বাস থেকে নেমে দ্রুত পালিয়ে যায়। সাথে সাথেই বাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। তবে বাসের চালক, হেলপার ও উপস্থিত যাত্রীদের তৎপরতায় সবাই দ্রুত বাস থেকে বের হয়ে যেতে সক্ষম হন। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জুয়েল রানা জানান, কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রী ওঠানামার সময় যাত্রীবেশে এক দুর্বৃত্ত বাসে উঠে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। চালক ও যাত্রীদের সতর্কতায় কেউ হতাহত হননি, সবাই নিরাপদে নেমে যেতে পেরেছেন।
তিনি আরো জানান, খবর পেয়ে দ্রুত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় জড়িত দুর্বৃত্তকে শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
এক বছরে প্রেক্ষাগৃহে বসে ১ হাজার ২০৭টি সিনেমা দেখে গিনেস বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের এক অবসরপ্রাপ্ত ব্যক্তি। পেনসিলভানিয়ার ৬০ বছর বয়সী গ্লেনউড হসকিন জুনিয়র প্রতিদিন গড়ে তিনটির বেশি সিনেমা দেখেছেন।
গিনেস বিশ্ব রেকর্ডসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩১ মার্চ এই রেকর্ডটি গড়েন তিনি। এর আগে, এক বছরে সর্বোচ্চ ৭৭৭টি সিনেমা দেখার রেকর্ড ছিল আরেক মার্কিন নাগরিক জাকারিয়া সোয়োপের।
রেকর্ড গড়ার জন্য প্রতিদিনের সিনেমার সময়সূচি আগে থেকেই পরিকল্পনা করতেন হসকিন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করতেন তিনি। তার পছন্দের সিনেমাগুলোর মধ্যে অ্যানিমেশন ও হাস্যরসাত্মক ছবি অন্তর্ভুক্ত ছিল।
এত সিনেমা দেখার পরও খরচ কম রাখতে তিনি মাসিক প্রায় ২৮ ডলারের বিশেষ সদস্যপদ ব্যবহার করতেন। বাড়ি থেকে খাবার নিয়ে যেতেন এবং দুই সিনেমার বিরতিতে হাঁটাহাঁটি করতেন।
হসকিনের কাছে এই অভিজ্ঞতা শুধুমাত্র বিশ্ব রেকর্ড গড়ার বিষয় ছিল না; বরং এটি তার দীর্ঘদিনের সিনেমাপ্রীতি উপভোগ করার এবং নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ার সুযোগও ছিল।
সূত্র: হিন্দুস্তান টাইমস
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে, যদিও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা লকডাউন উপেক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পর্যন্ত মহাসড়কে দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দাউদকান্দির টোল প্লাজা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল ও মানুষের উপস্থিতি স্বাভাবিকভাবে লক্ষ্য করা যায়।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা অন্যান্য দিনের মতোই ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন। দাউদকান্দির বলদা খালের কনফেকশনারি দোকানদার সোহান বলেন, "প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন তিনি।"
গৌরীপুর স্টেশনের ফল বিক্রেতা জানান, "অন্যান্য দিনের মতোই ক্রেতারা স্বাভাবিকভাবে কেনাকাটা করছেন।" তবে গৌরীপুর স্টেশন এলাকায় মহাসড়কে যানবাহনের চাপ ও যানজট আগের মতোই রয়েছে।
ইলিয়টগঞ্জ এলাকার বাসিন্দা হাসিব বলেন, "লকডাউনের কোনো প্রভাব এখন পর্যন্ত তাদের এলাকায় চোখে পড়েনি।"
এদিকে, ঢাকা থেকে গৌরীপুরে আসা পরিবহনের চালক কাওছার জানান, ঢাকা থেকে স্বাভাবিক গতিতে গাড়ি চালিয়ে যাত্রী নিয়ে গৌরীপুরে পৌঁছেছেন। পথে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়নি।
সার্বিকভাবে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে লকডাউনের কোনো দৃশ্যমান প্রভাব লক্ষ্য করা যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত সকাল-সন্ধ্যা ‘লকডাউন’ কর্মসূচির কারণে রাজধানী ঢাকা এবং সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকায় কোথাও লকডাউনের প্রভাব লক্ষ্য করা যায়নি। গাবতলী ও সায়েদাবাদ টার্মিনাল থেকে দূরপাল্লার বাসগুলো যথারীতি ছেড়ে গেছে এবং বিভিন্ন জেলা থেকেও ঢাকায় পরিবহন এসেছে।
দেশের মহাসড়কগুলো, যেমন ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-বরিশাল, ঢাকা-সিলেট, যান চলাচল স্বাভাবিক রয়েছে। পদ্মা সেতু ও যমুনা সেতু সচল থাকায় পরিবহন চলাচল নির্বিঘ্নে হচ্ছে।
পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা ঢাকা এবং আশপাশের জেলাগুলোতে সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন। মানুষের নিরাপত্তার স্বার্থে গতকাল রাত থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ক্ষমতাসীন দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মাঠে অবস্থান নিয়েছেন। রাজধানীসহ সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি কর্মীরা সক্রিয়ভাবে কাজ করছেন।
ঢাকার অভ্যন্তরীণ সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে কোনো অচলাবস্থা দেখা যায়নি। বুধবার রাতে মিরপুর, শাহবাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সতর্ক অবস্থান ও বিক্ষোভ করেন। এ সময় কাকরাইল মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
ঢাকায় জনজীবন স্বাভাবিক থাকলেও ঢাকার বাইরের কিছু স্থানে বিচ্ছিন্ন নাশকতার খবর পাওয়া গেছে। সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ বিরাজ করলেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শ্যামলী পরিবহনের সায়েদাবাদ কাউন্টারের ম্যানেজার কবির হোসেন খান আজ সকাল ৯টায় জানান, বুধবার রাতে তাঁদের গাড়ি দেশের বিভিন্ন জেলা ও কলকাতার উদ্দেশ্যে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে এবং বিভিন্ন জেলা থেকে নিরাপদে ঢাকায় এসেছে। আজ ভোর ৬টার দিকে বরিশাল থেকে আসা প্রথম ট্রিপ সকাল সাড়ে ৮টার পর সায়েদাবাদে পৌঁছেছে। তবে ৭টার পরে ছেড়ে আসা গাড়ি ফরিদপুরের ভাঙ্গার ছাগলছিড়া নামক স্থানে যানজটে আটকে পড়ে। ভাঙ্গা সড়কের কিছু স্থানে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করা হয়। ফলে বিকল্প বা বাইপাস সড়ক দিয়ে কিছু গাড়ি নির্ধারিত গন্তব্যে যাতায়াত করছে।
অন্যদিকে উত্তরাঞ্চলের সব রুটের গাড়ি গাবতলী থেকে বুধবার রাতে যথাসময়ে ছেড়ে গেছে এবং ফিরে এসেছে। আজ ভোর থেকেও নিয়মিত বিরতিতে গাড়ি ছেড়ে যাচ্ছে। তবে গাবতলীর একটি পরিবহনের ম্যানেজার জানান, উত্তরাঞ্চলের দুটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এর আগে গাজীপুরের চান্দুরা নামক স্থানে দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া বুধবার রাতে নাটোরের নলডাঙ্গায় স্লোগান দিয়ে বাসে আগুন ও ককটেল নিক্ষেপ, বরিশালের গৌরনদীতে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ এবং বরগুনার আমতলীতে গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।
বুধবার রাত সাড়ে ৯টায় ফরিদপুর থেকে ঢাকায় আসা যাত্রী শাহাদাৎ হোসেন জানান, ভাঙ্গায় এসে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করার কারণে তাঁদের গাড়ি আটকে যায়। পরে বিএনপি কর্মীরা এসে রাস্তার প্রতিবন্ধকতা দূর করলে ঘণ্টাখানেক পর বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক থাকলেও নিরাপদেই পদ্মা সেতু হয়ে তিনি ঢাকায় পৌঁছান।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে পরিবহন সংশ্লিষ্ট এক কর্মকর্তা অভিযোগ করেন, শ্রমিকদের দোহাই দিয়ে একটি পরিবহন সংস্থা গাড়ি বন্ধ রাখার পাঁয়তারা করছে। গোপালগঞ্জ ও এর পাশের সড়ক দিয়ে চলাচলকারী গাড়িগুলো ফরিদপুর এলাকায় গাছের টুকরো ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে যানজটে আটকে পড়লেও বিকল্প পথে অনেক পরিবহন ঢাকায় ফিরছে। সিলেট, কুমিল্লা ও নওগাঁসহ বিভিন্ন মহাসড়কে অবরোধের চেষ্টা চালানো হলেও আজ সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কগুলোতে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ