প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত সকাল-সন্ধ্যা ‘লকডাউন’ কর্মসূচির কারণে রাজধানী ঢাকা এবং সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকায় কোথাও লকডাউনের প্রভাব লক্ষ্য করা যায়নি। গাবতলী ও সায়েদাবাদ টার্মিনাল থেকে দূরপাল্লার বাসগুলো যথারীতি ছেড়ে গেছে এবং বিভিন্ন জেলা থেকেও ঢাকায় পরিবহন এসেছে।
দেশের মহাসড়কগুলো, যেমন ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-বরিশাল, ঢাকা-সিলেট, যান চলাচল স্বাভাবিক রয়েছে। পদ্মা সেতু ও যমুনা সেতু সচল থাকায় পরিবহন চলাচল নির্বিঘ্নে হচ্ছে।
পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা ঢাকা এবং আশপাশের জেলাগুলোতে সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন। মানুষের নিরাপত্তার স্বার্থে গতকাল রাত থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ক্ষমতাসীন দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মাঠে অবস্থান নিয়েছেন। রাজধানীসহ সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি কর্মীরা সক্রিয়ভাবে কাজ করছেন।
ঢাকার অভ্যন্তরীণ সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে কোনো অচলাবস্থা দেখা যায়নি। বুধবার রাতে মিরপুর, শাহবাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সতর্ক অবস্থান ও বিক্ষোভ করেন। এ সময় কাকরাইল মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
ঢাকায় জনজীবন স্বাভাবিক থাকলেও ঢাকার বাইরের কিছু স্থানে বিচ্ছিন্ন নাশকতার খবর পাওয়া গেছে। সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ বিরাজ করলেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শ্যামলী পরিবহনের সায়েদাবাদ কাউন্টারের ম্যানেজার কবির হোসেন খান আজ সকাল ৯টায় জানান, বুধবার রাতে তাঁদের গাড়ি দেশের বিভিন্ন জেলা ও কলকাতার উদ্দেশ্যে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে এবং বিভিন্ন জেলা থেকে নিরাপদে ঢাকায় এসেছে। আজ ভোর ৬টার দিকে বরিশাল থেকে আসা প্রথম ট্রিপ সকাল সাড়ে ৮টার পর সায়েদাবাদে পৌঁছেছে। তবে ৭টার পরে ছেড়ে আসা গাড়ি ফরিদপুরের ভাঙ্গার ছাগলছিড়া নামক স্থানে যানজটে আটকে পড়ে। ভাঙ্গা সড়কের কিছু স্থানে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করা হয়। ফলে বিকল্প বা বাইপাস সড়ক দিয়ে কিছু গাড়ি নির্ধারিত গন্তব্যে যাতায়াত করছে।
অন্যদিকে উত্তরাঞ্চলের সব রুটের গাড়ি গাবতলী থেকে বুধবার রাতে যথাসময়ে ছেড়ে গেছে এবং ফিরে এসেছে। আজ ভোর থেকেও নিয়মিত বিরতিতে গাড়ি ছেড়ে যাচ্ছে। তবে গাবতলীর একটি পরিবহনের ম্যানেজার জানান, উত্তরাঞ্চলের দুটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এর আগে গাজীপুরের চান্দুরা নামক স্থানে দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া বুধবার রাতে নাটোরের নলডাঙ্গায় স্লোগান দিয়ে বাসে আগুন ও ককটেল নিক্ষেপ, বরিশালের গৌরনদীতে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ এবং বরগুনার আমতলীতে গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।
বুধবার রাত সাড়ে ৯টায় ফরিদপুর থেকে ঢাকায় আসা যাত্রী শাহাদাৎ হোসেন জানান, ভাঙ্গায় এসে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করার কারণে তাঁদের গাড়ি আটকে যায়। পরে বিএনপি কর্মীরা এসে রাস্তার প্রতিবন্ধকতা দূর করলে ঘণ্টাখানেক পর বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক থাকলেও নিরাপদেই পদ্মা সেতু হয়ে তিনি ঢাকায় পৌঁছান।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে পরিবহন সংশ্লিষ্ট এক কর্মকর্তা অভিযোগ করেন, শ্রমিকদের দোহাই দিয়ে একটি পরিবহন সংস্থা গাড়ি বন্ধ রাখার পাঁয়তারা করছে। গোপালগঞ্জ ও এর পাশের সড়ক দিয়ে চলাচলকারী গাড়িগুলো ফরিদপুর এলাকায় গাছের টুকরো ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে যানজটে আটকে পড়লেও বিকল্প পথে অনেক পরিবহন ঢাকায় ফিরছে। সিলেট, কুমিল্লা ও নওগাঁসহ বিভিন্ন মহাসড়কে অবরোধের চেষ্টা চালানো হলেও আজ সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কগুলোতে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন