০৮:৪১ পি.এম
ফেনীর সোনাগাজীতে মাদক কারবারিদের হামলায় আহত দিনমজুর মোহাম্মদ হানিফ (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে। এই ঘটনার পর পুলিশ রিয়াদ (২৫) নামের এক যুবককে আটক করেছে।
নিহত হানিফ সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের আবদুল আহাদের ছেলে ছিলেন।
পুলিশের সূত্র অনুযায়ী, মেয়ের বিয়ের খরচের জন্য হানিফ ঘরের আলমারিতে ২০ হাজার টাকা রেখেছিলেন। তার ছেলে মেহেরাজ স্থানীয় কয়েকজন মাদক কারবারির সঙ্গে মিলে ওই টাকা চুরি করে খরচ করে ফেলেন। এ ঘটনার পর হানিফ তার ছেলেকে শাসন করার পাশাপাশি মাদক কারবারিদের সঙ্গে মিশতে নিষেধ করেন। এতে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে গত ৯ অক্টোবর শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন হানিফ।
আরও পড়ুন: ভেসে যাচ্ছিলেন একজন, উদ্ধারে একে অপরের হাত ধরে শেকল তৈরি করেও রক্ষা হয়নি
পরিবারের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে বেলায়েত হোসেন মামুন, তার সহযোগী শুভ ও রিয়াদসহ ৪-৫ জন দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। আজ বুধবার (২১ অক্টোবর) ময়নাতদন্ত শেষে লাশ দাফনের পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন