০৮:৪৫ পি.এম
নাটোরের বাগাতিপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পূজামণ্ডপের আয়োজক ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।
শারদীয় দুর্গাপূজার আনন্দ ও উৎসবমুখর পরিবেশ নির্বিঘ্ন রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
আরও পড়ুন: ভেসে যাচ্ছিলেন একজন, উদ্ধারে একে অপরের হাত ধরে শেকল তৈরি করেও রক্ষা হয়নি
তিনি বলেন, "উৎসব যার যার, রাষ্ট্র সবার। পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে উৎসবের আনন্দ আরও বেড়ে যায়।" পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এদিকে প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে বিভিন্ন পূজামণ্ডপের আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উলুধ্বনি দিয়ে তাঁকে স্বাগত জানান। পরে আয়োজকদের পক্ষ থেকে ফুলের মালা পরিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয় এবং ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।
পরিদর্শনকালে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেন, সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন ও রশিদ চৌধুরী, পৌর নেতা আমিরুল ইসলাম জামাল, স্বেচ্ছাসেবক দলের নেতা আনসার আলী মণ্ডল, মহিলা দলের নেত্রী আইভি আক্তার, দয়ারামপুর ইউনিয়নের সাবেক সভাপতি সাজদার রহমান, বাগাতিপাড়া ইউনিয়নের সাবেক সভাপতি মাহতাব উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে দুর্গাপূজার সার্বিক সফলতা কামনা করার পাশাপাশি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: সাইবার সিকিউরিটি আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন