প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : ইয়েমেনের সরকারি বাহিনীর একটি সামরিক শিবিরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা ৭৩ জনে পৌঁছেছে।
স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার জানায়, সোমবারের হামলার পর হতাহতের এই নতুন তথ্য প্রকাশিত হয়েছে। এ ঘটনায় ১৪ জন এখনও নিখোঁজ রয়েছেন, তাদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
হুতি বিদ্রোহী গোষ্ঠী এবং সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে দীর্ঘকালীন যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর সংঘাতের মাত্রা বেড়ে গেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা।
প্রাদেশিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সোমবার শাবওয়া প্রদেশের একটি সামরিক শিবিরে হামলায় নিহতের সংখ্যা ৭৩ জনে পৌঁছেছে। নিখোঁজদের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, হামলায় ৫৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২০০ জনেরও বেশি। নিহত ও আহত ব্যক্তিরা অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর নবীন সদস্য, যারা হামলার সময় প্রশিক্ষণ নিচ্ছিলেন।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে বলেন, হুতিরা শাবওয়া প্রদেশের দিকে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র নিরাপত্তা ও পুলিশ বাহিনীর সদস্যদের প্রশিক্ষণকেন্দ্রে আঘাত হানে।
পরে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার দায় স্বীকার করে দাবি করেন, সৌদি আরবের এক কর্মকর্তার নেতৃত্বাধীন আল-আলাম শিবিরে অবস্থানরত সৌদি বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
শাবওয়া প্রদেশে ইয়েমেনের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাসক্ষেত্র রয়েছে। এখানে দেশের সবচেয়ে বড় জ্বালানি স্থাপনা এবং অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সম্পদ বালহাফ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালও অবস্থিত।
প্রদেশটির এক সরকারি সামরিক সূত্র সোমবার জানায়, হামলার পর সেনাবাহিনী আশঙ্কা করছে, এটি হুতিদের নতুন স্থল অভিযান চালানোর পথ তৈরি করতে পারে।
গত মাসে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লোহিত সাগর উপকূলের বন্দরনগরী মোখা দখলের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সৌদি বিমান হামলায় আট জেলে নিহতের দাবি হুতিদের :
এদিকে, ইয়েমেনের তাইজ প্রদেশের উপকূলে সৌদি আরবের বিমান হামলায় আট জেলে নিহত হয়েছেন বলে মঙ্গলবার দাবি করেছে হুতিরা।
হুতি-সমর্থিত সংবাদমাধ্যম সাবা জানিয়েছে, ধুবাব জেলার আল-কাধা উপকূলে মাছ ধরার দু’টি নৌকায় সৌদি বিমান হামলায় ওই আট জেলে নিহত হন।
এলাকাটি ইয়েমেনের পশ্চিম উপকূলে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে অবস্থিত।
হুতিরা গত মাসে এই প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন