মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৫১ পি.এম
গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন পুনর্বহালকৃত কর্মকর্তা-কর্মচারীদের দাবি ও আন্দোলন ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনের লক্ষ্যে সোমবার রাত ১০টায় জরুরি সিন্ডিকেট সভা ভার্চুয়ালি শুরু হয়। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে তাঁর কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
এর আগে, বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা মূল ফটক বন্ধ করে ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন। এর ফলে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। ভেতর থেকে কোনো গাড়ি বের হতে পারছে না, এবং বাইরের কোনো গাড়িও ক্যাম্পাসে প্রবেশ করতে পারছে না। অন্যদিকে, আন্দোলনের বিপরীতে পাল্টা কর্মসূচি গ্রহণকারী আওয়ামী লীগপন্থী কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসের বিভিন্ন কোণে কোণঠাসা অবস্থায় রয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে আন্দোলনকারীরা জাতীয় বিশ্ববিদ্যালয় তালাবদ্ধ করে রাখেন। রাত সোয়া ১১টায় মোল্লা মাহফুজ আল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
জানা গেছে, সকালে আওয়ামী লীগপন্থী কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে মিছিল বের করে মূল ফটকের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এসময় আন্দোলনকারী বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা তাদের ধাওয়া দিলে তারা একাডেমিক ভবনের দিকে চলে যান। এরপর তারা একাডেমিক ভবনে অবস্থান করেন।
আন্দোলনকারীদের দাবি হলো, আদালতের নির্দেশে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে জ্যেষ্ঠতা, পদোন্নতি, বেতন-ভাতায় বৈষম্যের শিকার ও বর্তমান বেতন স্কেল থেকে বঞ্চিত। তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ ও বিভিন্ন খাতে ব্যয় চললেও পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে।
আন্দোলনকারীরা জানান, তাঁদের দাবি পূরণে কার্যকর সিদ্ধান্ত না আসায় তাঁরা উপাচার্যের কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এর আগে রবিবারও তাঁরা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেন। দাবি পূরণ না হলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি এবং চলমান অচলাবস্থা নিরসনের বিষয়ে আলোচনা করতে সোমবার রাত ১০টায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। রাত ১১টায় প্রতিবেদন পাঠানোর সময় সভা চলছিল। সভায় কী সিদ্ধান্ত হয়েছে, তা তখনো জানা যায়নি। অপরদিকে আন্দোলনকারীরা বস্তা ও পুরনো পত্রিকা বিছিয়ে ভিসি দপ্তরের সামনে কেউ শুয়ে, কেউ বসে অবস্থান করছে।
উল্লেখ্য, ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। পরে তাঁদের পক্ষে আইনি লড়াই চলে। ২০২৫ সালের ২৭ মে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জীবিত চাকরিচ্যুতদের পুনর্বহালের নির্দেশ দেন। আদালতের নির্দেশনায় চাকরিচ্যুতির সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করার কথা বলা হয় এবং তাঁদের জ্যেষ্ঠতা ক্ষুণ্ন না করার নির্দেশনা দেওয়া হয়। তবে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মানবিক ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নির্ধারণের সুযোগ দেওয়া হয়।
রাত ১১টা ৩৭ মিনিটে জিএমপির উপকমিশনার (অপরাধ দক্ষিণ) মো. শফিকুল ইসলাম কালের কণ্ঠকে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ ভিসিসহ সকল কর্মকর্তারা এখনি বের হয়ে যাবেন। শান্তিপূর্ণ সমাধান হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভের ঘটনার আট দিন পরে পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আল রাফিকে (২৮) গ্রেপ্তার করেছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মনকাসাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আল রাফি কুটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হিসেবে পরিচিত।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী রাশেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন যে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর সন্ধ্যায় কুটি চৌমুহনী এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়, যা সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের জন্য দুর্ভোগের সৃষ্টি করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন নেতাকর্মী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এসময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে স্লোগানও শোনা যায়। বিক্ষোভের ওই ভিডিও পরে আল রাফি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কসবায় ঘটনাটি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। আট দিন পর ওই বিক্ষোভের নেতৃত্বে থাকা আল রাফিকে গ্রেপ্তার করে পুলিশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ রামা দে (৫৩) নামের একজন ডিম ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় আনন্দময়ী পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ এবং স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রায় এক মাস আগে শ্রীনগর বাজারে নিজের ডিমের গোডাউনে চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে রামা দের বিরুদ্ধে। ঘটনার পর অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে।
সম্প্রতি এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শ্রীনগর বাজারসহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। পরে শিশুটির দাদি বাদী হয়ে শ্রীনগর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানিয়েছেন, ধর্ষণের অভিযোগে রামা দেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির দাদি বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আওয়ামী লীগের চোরাগুপ্তা হামলা ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখায় একটি বিশাল মোটরসাইকেল মহড়া ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
মহড়াটি সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কেরানীগঞ্জের কদমতলী থেকে শুরু হয়। এরপর আব্দুল্লাপুর বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে বেলা ১১টা পর্যন্ত কেরানীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি চলতে থাকে।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এমপির নেতৃত্বে এই মহড়া অনুষ্ঠিত হয়। এতে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন।
আব্দুল্লাপুর বাসস্ট্যান্ডে মহড়া শেষ করার পর এক সংক্ষিপ্ত সমাবেশে নিপুণ রায় চৌধুরী মন্তব্য করেন, "আওয়ামী লীগ যে একটি জঙ্গি সন্ত্রাসীদের দল, তা আবার তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ করেছে।"
তিনি দলের নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে বলেন, "আমরা জনগণকে সহযোগিতা করতে, জনগণের পাশে থাকতে, সরকারকে সার্বিক সহযোগিতা করতে এখন থেকে রাজপথে থাকব। রাজপথে থেকে মানুষের জানমালের হেফাজত করব এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সন্ত্রাসসহ প্রতিপক্ষকে মোকাবেলা করব। এটা হোক আমাদের শপথ।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
র
শহরের টেপাখোলা সেতুর নিচে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। এই ঘটনা হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ওই ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে।
গতকাল সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে ফরিদপুর শহরের সিএন্ডবি ঘাট সড়কের টেপাখোলা সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে সেতুর নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশে একটি কীটনাশকের বোতল পাওয়া যায়। তবে ওই ব্যক্তি কিভাবে সেখানে পৌঁছালেন কিংবা কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে কাজ করছে পুলিশের একাধিক টিম। তবে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হাসান শিকদার জানান, স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ