মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৫৩ পি.এম
র
শহরের টেপাখোলা সেতুর নিচে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। এই ঘটনা হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ওই ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে।
গতকাল সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে ফরিদপুর শহরের সিএন্ডবি ঘাট সড়কের টেপাখোলা সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে সেতুর নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশে একটি কীটনাশকের বোতল পাওয়া যায়। তবে ওই ব্যক্তি কিভাবে সেখানে পৌঁছালেন কিংবা কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে কাজ করছে পুলিশের একাধিক টিম। তবে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হাসান শিকদার জানান, স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে মো. আসিফ নামের এক মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে, যেখানে ছুরি ব্যবহার করা হয়। এ ঘটনায় আসিফকে মারধর করা হয় এবং পরে ছিনতাইকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়।
ঘটনাটি ঘটে সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শান্তি বাজার এলাকায়।
ছিনতাইয়ের শিকার আসিফ পোপাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোবহান চৌধুরীর বাড়ির মোহাম্মদ আশরাফের ছেলে। তার মোবাইল ব্যাংকিং এজেন্টের দোকান খরণদ্বীপ স্কুল এলাকায় অবস্থিত।
আসিফ জানান, তিনি শ্রীপুর বুড়া মসজিদ থেকে গাড়ি না পেয়ে হেঁটে নানার বাড়িতে যাচ্ছিলেন। শান্তিবাজার পার হওয়ার পর মোটরসাইকেলে দাঁড়িয়ে থাকা দুই যুবক তার পথরোধ করেন। এক পর্যায়ে তারা ছুরি ঠেকিয়ে পকেটে থাকা টাকা ছিনিয়ে নেন। বাধা দিলে তাকে মারধর করে মোটরসাইকেলে করে পালিয়ে যান। তাদের মুখ মাফলার দিয়ে ঢাকা ছিল।
আসিফ আরো বলেন, তিনি চার-পাঁচ মাস আগে নতুন দোকান দিয়ে বিকাশের ব্যবসা শুরু করেছেন। ছিনতাইয়ের শিকার হওয়া টাকা ছিল সারা দিনের লেনদেনের অর্থ এবং পুরো টাকাই তার পকেটে ছিল।
শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে থানা-পুলিশকে অবহিত করা হয়েছে। তিনি ধারণা করছেন, বখাটে ও মাদকসেবী যুবকরা এ ঘটনায় জড়িত থাকতে পারে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কর্তনের কাজ চলবে। এই কারণে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) শরীয়তপুরের কিছু এলাকায় টানা আট ঘণ্টা এবং রাজশাহীর বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (১৬ নভেম্বর) শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও রাজশাহী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ তাদের নিজস্ব বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে।
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কর্তনের জন্য মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভেসালিয়া ও পূর্ব সোনামুখী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে এই কাজ করা হচ্ছে।
অন্যদিকে, রাজশাহীর ১১ কেভি বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলোর মধ্যে রয়েছে তালাইমারী, ফুলতলা, জাহাজঘাট, মিজানের মোড়, খোঁজাপুর, ডাশমারী, নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, ভদ্রা, উপরভদ্রা, শিরোইল, শান্তিবাগ, মটপুকুর এবং আশপাশের এলাকা।
সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় দুজন পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার সময় হাটিকুমরুলের ধোপাকান্দি অঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠাণ্ডু মিয়া (৬০) এবং অপরজন হলেন দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে, সলঙ্গা সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান জানিয়েছেন, সকালে কুয়াশার মধ্যে আলীম ও ঠাণ্ডু নামের দুই ব্যক্তি মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি পাথরবোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। ট্রাকের চাপায় ঘটনাস্থলে তারা মারা যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটির সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
হিমালয়ের পাদদেশের জেলা দিনাজপুরে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। মহাসড়কে যানবাহন চলাচলের জন্য হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আগামী ১৯ ও ২০ নভেম্বর জেলার বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকে তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে।
মঙ্গলবার (১৭নভেম্বর) সকাল ৬টায় দিনাজপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ।
এদিকে, দিনাজপুরে গত কয়েক দিন ধরে তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার ঘন কুয়াশার কারণে মানুষ কিছুটা দেরিতে কাজে বের হয়েছে। ঘন কুয়াশার কারণে আমন ধান কাঁটা, আলু বীজ বোপন ও আলুসহ বিভিন্ন সবজির ক্ষেত পরিচর্যায় কিছুটা খরচ বেড়ে যাবে।
দিনাজপুরের সদর উপজেলার আলম বলেন, "কয়েক দিন থেকে কুয়াশা পড়ছে। শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ ঘন কুয়াশা পড়েছে। এই ঘন কুয়াশা অব্যাহত থাকলে সবজি চাষের খরচ বেড়ে যাবে।"
সদর উপজেলার মিন্ত্রিপাড়া গ্রামের মাহফুজুল ইসলাম দিনার বলেন, "আজকের কুয়াশা জানান দিচ্ছে, উত্তরের জেলায় শীত এসে গেছে। আমারও প্রস্তুতি নিতে শুরু করেছি।"
সদর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামের জুয়েল ইসলাম বলেন, "ঘন কুয়াশা শস্যের জন্য কিছুটা বিপজ্জনক। এতে করে সবজি চাষে খরচ বেড়ে যাবে। বেশি কুয়াশা পড়লে আগাম আলুর জন্য ক্ষতিকর হবে। প্রতিদিন স্প্রে করতে গিয়ে খরচ বেড়ে যাবে।"
পাইকারি বাজারে সবজি নিয়ে আসা কৃষক আবুজার বলেন, "কুয়াশার কারণে ফজর নামাজের পর রাস্তায় কিছুই দেখা যাচ্ছিল না। তাই একটু দেরিতে বের হয়ে ধীরে ধীরে সাইকেল চালিয়ে সবজি নিয়ে আসতে দেরি হয়েছে। এবার আজকেই প্রথম এত বেশি কুয়াশা পড়েছে।"
শহরের বাহাদুর বাজারে দোকানের জন্য সবজি কিনতে আসা একরামুল ইসলাম বলেন, "ঘন কুয়াশার কারণে আজ বাজারে চাষিরা দেরিতে সবজি নিয়ে এসেছেন। তার বাজার করতে দেরি হয়েছে।"
শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় দেখা হয় বাস হেলপার সিরাজের সঙ্গে। তিনি বলেন, "কয়েকদিন ধরে কুয়াশা পড়ছে। তবে আজ এতো বেশি কুয়াশা পড়েছে, হেডলাইট-কাটার লাইটসহ সব ধরনের লাইট জ্বালিয়ে যানবাহন চালাতে হচ্ছে।"
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, "কয়েদিন ধরে দিনাজপুরে বেশ কুয়াশা দেখা দিয়েছে। তবে আজ মঙ্গলবার এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ কুয়াশা পড়েছে। আজ সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। আগামী ১৯ ও ২০ নভেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পর থেকে তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ