শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৫২ পি.এম
মাস্তুল ফাউন্ডেশন, দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের যেকোনো মানবিক সংকটে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে সরকারের কাছে একটি নীতিমালা প্রণয়নের প্রস্তাব রেখেছে। প্রতিষ্ঠার ১৪ বছর পূর্তি ও ১৫তম বছরে পদার্পণ উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও নীতিনির্ধারকদের সামনে এ আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে যৌথভাবে এই চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মাস্তুল ফাউন্ডেশনের দেশ-বিদেশের মানবিক কার্যক্রম তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তুরস্ক, ফিলিস্তিনের গাজা, সুদান ও নেপালে ক্ষতিগ্রস্তদের জন্য আন্তর্জাতিক সহায়তা। এই অভিজ্ঞতার আলোকে আন্তর্জাতিক মানবিক অঙ্গনে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর কাজের সুযোগ আরও প্রসারিত করার তাগিদ দেওয়া হয়। মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, ‘বাংলাদেশ আয়তনে ছোট হলেও, বাংলাদেশের মানুষের হৃদয় অনেক বড়। বিশ্বের যেকোনো মানবিক সংকটে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে আমরা পৌঁছে দিতে চাই। বাংলাদেশ সরকারের কাছে আমরা একটি প্রস্তাব রাখছি, একটি নীতিমালা তৈরি হোক, যার মাধ্যমে দেশের প্রতিষ্ঠানগুলো সরকারের অনুমোদনক্রমে আনুষ্ঠানিকভাবে বিশ্বের মানবিক সংকটে কাজ করতে পারে। এর মাধ্যমে আমরা লাল-সবুজের পতাকাকে বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে পারি।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। সভাপতিত্ব করেন মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। এ সময় প্রতিষ্ঠানের পরিচালক মেজর জেনারেল (অব.) কাজী ইফতেখার-উল-আলম, চিফ পাবলিক রিলেশনস অফিসার ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মতিউর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে মাস্তুল ফাউন্ডেশনের পরিচালক মেজর জেনারেল (অব.) কাজী ইফতেখার-উল-আলম উপস্থিত অতিথিদের স্বাগত জানান। মাস্তুল প্রসঙ্গে বিশেষ মূল্যায়ন তুলে ধরেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও মাস্তুল ফাউন্ডেশনের ডিরেক্টর চিফ পাবলিক রিলেশন অফিসার মতিউর রহমান।
প্রধান অতিথি মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশের যেকোনো দুর্যোগে, বিশেষ করে বন্যা সংকটে মাস্তুল ফাউন্ডেশন এগিয়ে এসেছে।
বিশেষ অতিথি ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, মাস্তুল ফাউন্ডেশন শুরু থেকে অবিচলভাবে কাজ করে যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।
বিশেষ অতিথি রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ব্যক্তিগতভাবে তিনি মাস্তুলের এমন উদ্যোগকে দেশের মানুষের প্রতি দায়বদ্ধতার প্রকাশ হিসেবে দেখেন।
কি-নোট স্পিকার ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম তাঁর বক্তব্যে দেশ ও ফিলিস্তিন মানবিক মিশন ও আন্তর্জাতিক পরিসরে মাস্তুলের মানবিক সহায়তা কার্যক্রম তুলে ধরেন।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, মাস্তুল ফাউন্ডেশনের প্রতিটি প্রকল্পই মানুষের জন্য। বিশেষ করে ‘মাস্তুল মেহমানখানা’ প্রকল্পের মাধ্যমে হাজারো মানুষকে বিনামূল্যে খাবার দেওয়া হচ্ছে। সমাপনী বক্তব্যে মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় মাস্তুল এভাবেই কাজ করে যাবে। সবার পৃষ্ঠপোষকতায় সংস্থাটি আরও কাজ করতে চায়।
২০১২ সালে কাজী রিয়াজ রহমানের উদ্যোগে পথশিশুদের শিক্ষার মাধ্যমে মাস্তুল ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। ১৪ বছরে সংস্থাটির কার্যক্রম খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, আশ্রয় ও দুর্যোগ মোকাবিলাসহ নানা ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। করোনা মহামারিতে মরদেহ দাফন সেবা, ২০২২, ২০২৪ ও ২০২৬ সালের বন্যায় ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ, টিউবওয়েল স্থাপন ও মসজিদ পুনর্নির্মাণ এর উল্লেখযোগ্য উদ্যোগ। ‘মাস্তুল মেহমানখানা’র মাধ্যমে রাজধানীর ২০টি নির্ধারিত স্থানে প্রতিদিন বিনামূল্যে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। ‘যাকাত স্বাবলম্বী’ প্রকল্পের আওতায় অসচ্ছল মানুষকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করা হচ্ছে। ঢাকার হাজারীবাগে এতিম ও বৃদ্ধদের জন্য ‘মাস্তুল ইসলামিক শেল্টারহোম’ পরিচালনা করা হচ্ছে। অনুষ্ঠানে বক্তারা মাস্তুল ফাউন্ডেশনের দীর্ঘদিনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামী দিনে শিক্ষা, কর্মসংস্থান, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে প্রতিষ্ঠানটির আরও বৃহৎ ভূমিকা রাখার আশা প্রকাশ করেন। মাস্তুল ফাউন্ডেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নিবন্ধিত একটি অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী মানবিক সংস্থা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রযোজ্য আইন ও শর্তসাপেক্ষে প্রতিষ্ঠানটিকে দেওয়া অনুদান, যাকাত ও সাদাকার ক্ষেত্রে দাতারা আয়কর রেয়াতের সুবিধা পাওয়ার যোগ্য হতে পারেন। সংস্থাটি আর্থিক স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মিত নিরীক্ষার মাধ্যমে কার্যক্রম পরিচালনায় গুরুত্ব দিয়ে থাকে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১৩ নভেম্বর ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মন্তব্য করেছেন যে, খেলাধুলার প্রসারের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন এবং প্রকৃত সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব।
শুক্রবার বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, যা অত্যন্ত আনন্দের এবং উৎসাহব্যঞ্জক। তিনি আশা প্রকাশ করেন যে, এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে। তিনি জানান, কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার পাশাপাশি বিদ্যমান খেলার মাঠগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে, যাতে নতুন প্রজন্ম খেলাধুলার উপযুক্ত পরিবেশ পায়।
এই জমজমাট টুর্নামেন্টে ১৯টি দলের অংশগ্রহণ ছিল এবং ফাইনালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য এবং পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। এর মাধ্যমে একটি সুস্থ, মেধাবী এবং সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তিনি তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে জানান, দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম খুব দ্রুতই গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, খেলাধুলা বছরের নির্দিষ্ট কোনো সময়ে সীমাবদ্ধ না রেখে বছরব্যাপী ফুটবল, ক্রিকেট, ভলিবল ও টেবিল টেনিসসহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলা অব্যাহত রাখা হবে। জাতীয় পর্যায় থেকে শুরু করে স্কুল ও কলেজ পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করে তিনি উল্লেখ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়াই তাঁদের মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন যে, পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের অন্যান্য বিকেএসপিগুলোকে আরও স্বয়ংসম্পূর্ণ করা হবে এবং খুব শিগগিরই কুমিল্লায় একটি বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে। ক্রীড়া প্রতিমন্ত্রী দল-মত নির্বিশেষে 'সবার আগে বাংলাদেশ' এই চেতনা ধারণ করে একটি সুশৃঙ্খল জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, মো. জসিম উদ্দিন, আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া উপজেলা বিএনপি সভাপতি কায়সার আলম সেলিম উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভারতের আসামের কাজীরাঙ্গাতে একটি কনটেইনার ট্রাক ও মিনি বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ফলে ২৩ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভি র প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাজিরাঙার রঙাজান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। একটি মিনিবাস বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। পথে একটি ট্রাক সেটিকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।
গোলাঘাট জেলার এক নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, নিহতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, চিকিৎসকেরা দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। এতে কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়ে যান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।
গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা পিটিআইকে জানিয়েছেন, প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে উদ্ধারকাজ চলাকালীন বাস থেকে মরদেহ বের করা হলে নিহতের সংখ্যা বেড়ে ২৩-এ পৌঁছায়।
আহতদের চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পুলিশ সুপার আরও জানিয়েছেন, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল এবং পার্কের কাছে জারি করা গতিসীমা অমান্য করেছিল। তার ধারণা, মিনিবাসের চালক নিয়ন্ত্রণ হারালে সেটির সঙ্গে একটি কনটেইনার ট্রাকের সংঘর্ষ ঘটে।
ঘটনাস্থলে এখনো উদ্ধারকাজ চলমান রয়েছে।
এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জানিয়েছেন, কাজিরাঙার এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা সবাইকে নাড়া দিয়েছে। স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই কঠিন সময়ে পুরো আসাম তাদের পাশে রয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আহতদের দ্রুত সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার। রাজ্যের মন্ত্রী অতুল বরা ঘটনাস্থলে থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারক করছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি কামনা করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গত ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে ডেঙ্গুর কারণে ২ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৪৮৩ জনে পৌঁছেছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন।
শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ২৫৫ জন ভর্তি হয়েছেন।
এখন পর্যন্ত চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জনে দাঁড়িয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫২ হাজার ৪৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, যেখানে ৪৩৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৬৭ জন, খুলনায় ১৬০ জন, বরিশালে ১৪৭ জন, রাজশাহীতে ৮৯ জন, ময়মনসিংহে ৭৬ জন, রংপুরে ৭৬ জন এবং সিলেট বিভাগে ৬ জন রোগী ভর্তি হয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ঢাকা শুধু প্রশাসনিক রাজধানী নয়, বরং এটি সাহিত্য ও সংস্কৃতির কেন্দ্রও। সুতরাং, দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক বিপ্লব সৃষ্টির দায়িত্ব ঢাকা মহানগরীর কবি, সাহিত্যিক ও শিল্পীদের উপর বর্তায়। শিরক, বিদআত ও অশ্লীলতার বিরুদ্ধে ইসলামের সুন্দর, মননশীল ও বিশুদ্ধ গান, কবিতা, গল্প, নাটক ও সিনেমা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব এই মহানগরীর সাহিত্য-সংস্কৃতি কর্মীদের। দেশের সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব তাদেরই গ্রহণ করতে হবে।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের ঢাকা মহানগর অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে জামায়াত সেক্রেটারি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ইসলামি সংস্কৃতির মূল ভিত্তি ও প্রাণকেন্দ্র হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস। এটি কেবল একটি ধর্মীয় বিশ্বাস নয়, বরং মানুষের জীবনব্যবস্থা, চিন্তাচেতনা, নৈতিকতা ও আচার-আচরণের সামগ্রিক রূপকার। আল্লাহ তাআলাই সমগ্র সৃষ্টিজগতের একমাত্র স্রষ্টা, পালনকর্তা ও নিয়ন্ত্রণকারী—এই বিশ্বাস ইসলামি সংস্কৃতির মূল চালিকাশক্তি। ভালোবাসা, ভয়, আশা এবং যাবতীয় উপাসনা ও বন্দেগি কেবল একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হবে, যা মানুষকে অন্য কোনো সৃষ্টি বা শক্তির দাসত্ব থেকে মুক্ত করে। নিছক আনন্দের জন্য নয়, বরং মানুষের কল্যাণে সাহিত্য ও সংস্কৃতি চর্চাই এই শাশ্বত দর্শনের মূল কথা।
দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, সাহিত্য-সংস্কৃতি বিভাগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী আমীর দক্ষিণ আমীর ও জাতীয় সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও মেয়র প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন এবং সাহিত্য-সংস্কৃতি কমিটি ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, সাংস্কৃতিক বিপ্লব ছাড়া রাজনৈতিক বিপ্লব সফল হয় না। কোনো পরিবর্তন আসলেও তা স্থায়ী হয় না। ইতিহাসের এই পাঠ সামনে রেখে আমাদের পথ চলতে হবে।
সভাপতির বক্তব্যে সাইফুল্লাহ মানছুর বলেন, গান গাইলে ব্যক্তিত্ব নষ্ট হয় না। গান মানুষের হৃদয়ে আন্দোলনের দোলা সৃষ্টি করে এবং অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করে। তবে আমাদের সব সময় মনে রাখতে হবে, পবিত্র কুরআন হলো মানবমন পরিবর্তনের জন্য সবচেয়ে শক্তিশালী অনুষঙ্গ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ