শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৫৪ পি.এম
গত ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে ডেঙ্গুর কারণে ২ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৪৮৩ জনে পৌঁছেছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন।
শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ২৫৫ জন ভর্তি হয়েছেন।
এখন পর্যন্ত চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জনে দাঁড়িয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫২ হাজার ৪৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, যেখানে ৪৩৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৬৭ জন, খুলনায় ১৬০ জন, বরিশালে ১৪৭ জন, রাজশাহীতে ৮৯ জন, ময়মনসিংহে ৭৬ জন, রংপুরে ৭৬ জন এবং সিলেট বিভাগে ৬ জন রোগী ভর্তি হয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ঢাকা শুধু প্রশাসনিক রাজধানী নয়, বরং এটি সাহিত্য ও সংস্কৃতির কেন্দ্রও। সুতরাং, দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক বিপ্লব সৃষ্টির দায়িত্ব ঢাকা মহানগরীর কবি, সাহিত্যিক ও শিল্পীদের উপর বর্তায়। শিরক, বিদআত ও অশ্লীলতার বিরুদ্ধে ইসলামের সুন্দর, মননশীল ও বিশুদ্ধ গান, কবিতা, গল্প, নাটক ও সিনেমা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব এই মহানগরীর সাহিত্য-সংস্কৃতি কর্মীদের। দেশের সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব তাদেরই গ্রহণ করতে হবে।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের ঢাকা মহানগর অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে জামায়াত সেক্রেটারি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ইসলামি সংস্কৃতির মূল ভিত্তি ও প্রাণকেন্দ্র হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস। এটি কেবল একটি ধর্মীয় বিশ্বাস নয়, বরং মানুষের জীবনব্যবস্থা, চিন্তাচেতনা, নৈতিকতা ও আচার-আচরণের সামগ্রিক রূপকার। আল্লাহ তাআলাই সমগ্র সৃষ্টিজগতের একমাত্র স্রষ্টা, পালনকর্তা ও নিয়ন্ত্রণকারী—এই বিশ্বাস ইসলামি সংস্কৃতির মূল চালিকাশক্তি। ভালোবাসা, ভয়, আশা এবং যাবতীয় উপাসনা ও বন্দেগি কেবল একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হবে, যা মানুষকে অন্য কোনো সৃষ্টি বা শক্তির দাসত্ব থেকে মুক্ত করে। নিছক আনন্দের জন্য নয়, বরং মানুষের কল্যাণে সাহিত্য ও সংস্কৃতি চর্চাই এই শাশ্বত দর্শনের মূল কথা।
দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, সাহিত্য-সংস্কৃতি বিভাগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী আমীর দক্ষিণ আমীর ও জাতীয় সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও মেয়র প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন এবং সাহিত্য-সংস্কৃতি কমিটি ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, সাংস্কৃতিক বিপ্লব ছাড়া রাজনৈতিক বিপ্লব সফল হয় না। কোনো পরিবর্তন আসলেও তা স্থায়ী হয় না। ইতিহাসের এই পাঠ সামনে রেখে আমাদের পথ চলতে হবে।
সভাপতির বক্তব্যে সাইফুল্লাহ মানছুর বলেন, গান গাইলে ব্যক্তিত্ব নষ্ট হয় না। গান মানুষের হৃদয়ে আন্দোলনের দোলা সৃষ্টি করে এবং অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করে। তবে আমাদের সব সময় মনে রাখতে হবে, পবিত্র কুরআন হলো মানবমন পরিবর্তনের জন্য সবচেয়ে শক্তিশালী অনুষঙ্গ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ ফুটবল দলের কোচ থমাস ডুলি সাফ চ্যাম্পিয়নশিপের প্রতিটি ম্যাচকে ফাইনাল হিসেবে গ্রহণ করে সামনে এগিয়ে চলেছেন। তিনি উল্লেখ করেছেন, চ্যাম্পিয়নশিপ জিততে হলে প্রতিটি প্রতিপক্ষকে পরাজিত করতে হবে, এবং এটাই তাদের প্রধান লক্ষ্য।
শুক্রবার (১৩ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনে ডুলি এসব মন্তব্য করেন। বাংলাদেশ দলের প্রতি তার আত্মবিশ্বাস রয়েছে। তিনি শিষ্যদের মধ্যে মনোযোগ, ইতিবাচকতা, শক্তি ও ভালো মেজাজ লক্ষ্য করেছেন বলে জানান।
ডুলি বলেন, "এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই আমাদের কাছে ফাইনাল। (পাকিস্তানের বিপক্ষে) ম্যাচটি সত্যিই ফাইনালের মতো, কারণ আমার মতে পাকিস্তান অন্যতম সেরা দল। ফাইনালে পৌঁছাতে হলে আমাদের তাদের হারাতে হবে এবং টুর্নামেন্ট জিততে হলে সবাইকে হারাতে হবে। এটাই আমাদের লক্ষ্য।"
হামজা চৌধুরী ও সমিত সোমদের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, "আমাদের ওয়ার্ম-আপ দুর্দান্ত ছিল, যা গত কয়েক বছরের মধ্যে আমার দেখা সেরা ওয়ার্ম-আপ। খেলোয়াড়েরা মনোযোগী ছিল, ইতিবাচক ছিল, একে অপরকে সাহায্য করছিল এবং উৎসাহ দিচ্ছিল। লকার রুমেও আমি বলেছি, আপনারা যদি ওয়ার্ম-আপের মতো খেলতে পারেন, তবে আমি খুব খুশি হব যে সবকিছু সঠিক দিকে এগোচ্ছে। আমি আশা করি আমরা একই কাজ করতে পারব। খেলোয়াড়েরা তা জানে এবং হোটেলের ভেতরেও সবার মধ্যে দারুণ শক্তি ও ভালো মেজাজ দেখতে পাচ্ছি।"
এবারের আসরে এখন পর্যন্ত দুজন খেলোয়াড় তিনটি করে গোল করেছেন, এর মধ্যে একজন পাকিস্তানের নাজিব উল্লাহ। তাকে নিয়ে চিন্তিত কি না, এমন প্রশ্নের জবাবে আত্মবিশ্বাসী ডুলি বাংলাদেশের গোল হজম না করার বিষয়টি উল্লেখ করেন।
তিনি বলেন, "আমি সবাইকে নিয়েই চিন্তিত। তবে আপনারা জানেন আমাদের রক্ষণভাগও শক্তিশালী, কেউ আমাদের বিপক্ষে গোল করতে পারেনি। এর মানে হলো ম্যাচ ধরে আমাদের রক্ষণ আরও শক্তিশালী হচ্ছে। তাই আমি আমাদের রক্ষণভাগের ওপর ভরসা রাখছি। তারা রক্ষণভাগে খুবই শক্তিশালী এবং ওয়ান-অন-ওয়ানে দারুণ।"
ডুলি দর্শকদের মাঠে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, "যদি গ্যালারিগুলো পূর্ণ থাকে, তবে তা আমাদের খেলোয়াড় ও পুরো দলকে সামনে এগিয়ে যেতে দারুণ শক্তি জোগাবে। (আগের ম্যাচগুলোতে) স্টেডিয়ামের পরিবেশ দারুণ ছিল, অনেক সমর্থন ছিল, তবে দর্শক আরও কিছুটা বাড়লে আমাদের জন্য আরও ভালো হতো।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সাতক্ষীরা, ১৩ নভেম্বর, ২০২৬ : মানবতা ও জনসেবার প্রতি অঙ্গীকারের মাধ্যমে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের বার্ষিক খ্রিস্টীয় প্রতিনিধি সম্মেলন-২০২৬।
আজ শুক্রবার সকাল ১০টায় শহরের সুলতানপুরস্থ সেন্ট জর্জ গির্জা প্রাঙ্গণের সেমিনার কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, "সেবাই পরম ধর্ম, সেবার চেয়ে বড় ধর্ম কিছু নেই।" তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত মানবতা। ধর্মের প্রকৃত শিক্ষা মানুষের প্রতি ভালোবাসা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে নিহিত। তিনি সকলকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।
সম্মেলনে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় জাতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্মল রোজারিও প্রধান আলোচকের বক্তব্য রাখেন।
সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রেভারেন্ড ফাদার স্বপন বৈরাগীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, বড়দল ধর্ম পল্লীর পালক পুরোহিত রেভারেন্ড ফাদার ডমিনিক সরকার, শ্যামনগরের ঈশ্বরীপুর ধর্ম পল্লীর রেভারেন্ড ফাদার লুইজী পাঙ্গী, বড়দল ধর্ম পল্লীর সহকারী পালক পুরোহিত রেভারেন্ড ফাদার সার্জিও, এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক পৌল সাহা। সম্মেলনে বিভিন্ন গির্জার ধর্মীয় প্রতিনিধি, ফাদার, সিস্টার, পালক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা উল্লেখ করেন, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্মিলিত সামাজিক উদ্যোগের বিকল্প নেই। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও মানবতা ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং সংসারের ব্যয় কমানোর উদ্দেশ্যে সরকার বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির মাধ্যমে পোশাকশ্রমিকরা প্রতি কেজি ৩০ টাকা দরে চাল ক্রয় করতে পারবেন। একজন শ্রমিক সপ্তাহে একবার সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় টঙ্গীর পাগাড় এলাকায় নোমান গ্রুপের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি রনি উল্লেখ করেন, দেশের তৈরি পোশাকশিল্পের সূচনা ও বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অপরিসীম। তিনি বলেন, "দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এ শিল্পকে এগিয়ে নিতে বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।" শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বিশেষ ওএমএস কর্মসূচি চালু করা হয়েছে।
এমপি রনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান টঙ্গীতে একটি শিল্প হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী জানুয়ারি থেকে গার্মেন্টস শ্রমিকরা নতুন বেতন পাবেন। এছাড়া, পোশাকশ্রমিকদের নিরাপদ আবাসন নিশ্চিত করার জন্য স্বল্পমূল্যে ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।
শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, "সরকারের নেওয়া উদ্যোগের সুফল যেন প্রকৃত শ্রমিকরা পান, তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।" শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নে সরকার কাজ করতে চায়।
রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এমপি রনি মন্তব্য করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি শ্রমিকদের সতর্ক থাকতে বলেন এবং বলেন, "কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলায় জড়ানো যাবে না।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফিক আফজালুল আলম। সঞ্চালনা করেন গাজী মহসিন। বিশেষ অতিথি ছিলেন নোমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল জাবের, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান নুর, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন প্রবাল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুভেল প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পূর্ব থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান জামাল, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন এবং টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মামুনসহ দলীয় নেতাকর্মী, কারখানার কর্মকর্তা ও শ্রমিকরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় পোশাকশ্রমিকরা নিজ নিজ পরিচয়পত্র প্রদর্শন করে প্রতি কেজি ৩০ টাকা দরে চাল কিনতে পারবেন। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত নির্ধারিত বিক্রয়কেন্দ্রে এ চাল বিক্রি করা হবে। একজন শ্রমিক সপ্তাহে একদিন সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
শিল্পাঞ্চল টঙ্গীতে বিপুলসংখ্যক পোশাকশ্রমিকের বসবাস রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে থাকা এসব শ্রমিকদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল কেনার এ সুযোগ পারিবারিক খাদ্যব্যয় কমাতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে কর্মসূচির সুফল নিশ্চিত করতে প্রকৃত শ্রমিকদের কাছে চাল পৌঁছানো এবং বিতরণব্যবস্থায় স্বচ্ছতা ও নিয়মিত তদারকি জরুরি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ