প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের আসামের কাজীরাঙ্গাতে একটি কনটেইনার ট্রাক ও মিনি বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ফলে ২৩ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভি র প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাজিরাঙার রঙাজান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। একটি মিনিবাস বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। পথে একটি ট্রাক সেটিকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।
গোলাঘাট জেলার এক নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, নিহতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, চিকিৎসকেরা দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। এতে কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়ে যান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।
গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা পিটিআইকে জানিয়েছেন, প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে উদ্ধারকাজ চলাকালীন বাস থেকে মরদেহ বের করা হলে নিহতের সংখ্যা বেড়ে ২৩-এ পৌঁছায়।
আহতদের চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পুলিশ সুপার আরও জানিয়েছেন, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল এবং পার্কের কাছে জারি করা গতিসীমা অমান্য করেছিল। তার ধারণা, মিনিবাসের চালক নিয়ন্ত্রণ হারালে সেটির সঙ্গে একটি কনটেইনার ট্রাকের সংঘর্ষ ঘটে।
ঘটনাস্থলে এখনো উদ্ধারকাজ চলমান রয়েছে।
এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জানিয়েছেন, কাজিরাঙার এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা সবাইকে নাড়া দিয়েছে। স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই কঠিন সময়ে পুরো আসাম তাদের পাশে রয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আহতদের দ্রুত সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার। রাজ্যের মন্ত্রী অতুল বরা ঘটনাস্থলে থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারক করছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন