সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:০৪ পি.এম
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় অভিযান পরিচালনা করে গফরগাঁও থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা রয়েছেন।
রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, ১ নম্বর রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ (৪১), একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. হারুন অর রশিদ (৫৪) এবং মো. আবুল কালাম (৪৫) পিতা মো. ইউনুস আলী ৯নং ওয়ার্ড, গফরগাঁও। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের সূত্রে জানা যায়, রোববার রাতে গফরগাঁও থানা পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে। প্রাপ্ত তথ্যে উল্লেখ রয়েছে যে, গ্রেপ্তারকৃত মো. হানিফ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড পর্যায়ের সাধারণ সম্পাদক এবং মো. হারুন অর রশিদ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানিয়েছেন, রোববার রাতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার (২৩ নভেম্বর) ময়মনসিংহের আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পিএসজি ফরোয়ার্ড দেজিরে দুয়ে একটি ভয়াবহ রাত কাটিয়েছেন। মাঠে মৌসুম শেষ করে দেওয়া গুরুতর হাঁটুর চোট পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার বাড়িতে চুরির চেষ্টা ঘটে।
ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিজিয়েন-এর রিপোর্ট অনুযায়ী, শনিবার নিসের বিপক্ষে পিএসজির ৩-২ ব্যবধানের জয়ের ম্যাচে ইনজুরিতে পড়ার পর গভীর রাতে তিনি নিজের অর্গেভাল এলাকার বাড়িতে ফেরেন। বাড়িতে পৌঁছানোর পর তিনি দেখতে পান, তার বাসভবনের বাইরের দিকে পুলিশ মোতায়েন রয়েছে।
জানা গেছে, কিছু অনুপ্রবেশকারী দুয়ের বাড়ির বাগানে প্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু বাড়ির ভেতরে লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। সৌভাগ্যবশত, তারা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
এই ঘটনার পরপরই পিএসজি দুয়ের বাসভবনের নিরাপত্তা আরও জোরদার করেছে। ক্লাবটি বাড়ির চারপাশে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করেছে, যাতে পুনরায় এ ধরনের ঘটনা না ঘটে এবং দুয়ে নিশ্চিন্তে পুনর্বাসন প্রক্রিয়ায় মনোযোগ দিতে পারেন।
এর আগে শনিবার নিসের বিপক্ষে ম্যাচে দুয়ে দুর্দান্ত পারফর্ম করছিলেন। ম্যাচের ৩২তম মিনিটে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। কিন্তু কয়েক মিনিট পর বলের নিয়ন্ত্রণ রাখতে গিয়ে সংঘর্ষ ছাড়াই তার ডান হাঁটু মচকে যায়। তীব্র ব্যথায় কাঁদতে কাঁদতে তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়।
রোববার পিএসজি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যে, দুয়ের ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে। ফলে ২০২৬-২৭ মৌসুমের বাকি সময় মাঠের বাইরে থাকতে হবে ফরাসি এই ফরোয়ার্ডকে।
তার ইনজুরির খবর ছড়িয়ে পড়ার পর ফুটবল অঙ্গন থেকে সহানুভূতির বার্তা আসে। সাবেক পিএসজি তারকা নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে দুয়েকে উদ্দেশ করে সংক্ষিপ্ত বার্তা দেন, “শক্ত থাকো”।
দুয়ের দীর্ঘ অনুপস্থিতি পিএসজি কোচ লুইস এনরিকের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। কারণ দলের আরেক গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড খভিচা কাভারাতস্কেলিয়াও বর্তমানে এসিএল চোটে ভুগছেন। ফলে আক্রমণভাগ পুনর্গঠন করা এখন এনরিকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
মাস শেষ হওয়ার আগেই দুয়ের অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। এরপর শুরু হবে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া। মাঠের লড়াই থেকে আপাতত দূরে থাকলেও, নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির মধ্যে শান্ত পরিবেশেই তার সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় থাকবে পিএসজি ও ফুটবলপ্রেমীরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
এক সময় আভিজাত্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত ছিল জমিদারবাড়ি। তবে কালের পরিবর্তনে আজ এটি অস্তিত্ব হারাতে বসেছে। দীর্ঘকাল ধরে অবহেলা, অযত্ন এবং সংস্কারের অভাবে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে এই স্থাপনাটি ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। যথাযথ সংরক্ষণ করা হলে এটি এলাকার অন্যতম পর্যটন আকর্ষণ হতে পারে। স্থানীয়রা ঐতিহাসিক জমিদারবাড়িটি রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সম্প্রতি সরজমিনে পরিদর্শনে দেখা যায়, যেখানে এক সময় জমিদারি শাসনের জৌলুস, মানুষের পদচারণা এবং আভিজাত্যের ছোঁয়া ছিল, আজ সেখানে বিরাজ করছে নীরবতা। সময়ের সাথে সাথে জমিদারবাড়ির বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। কোথাও দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, আবার কোথাও স্থাপনার অংশ ভেঙে পড়েছে। গাছপালা এবং আগাছায় ঢেকে যাচ্ছে এই ঐতিহাসিক নিদর্শন।
জানা যায়, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার গ্রামে প্রায় আড়াই যুগ ধরে জমিদারি পরিচালনা করতেন ভারতের কুচবিহার এর মহারাজা নীপেন্দ্র নারায়ন রায় এর অধীনস্থ জমিদার ধর্য্য নারায়ন, মতিলাল রায় এবং লক্ষিন্দ্র নারায়ন রায়। ১৯৫০ সালে দেশে জমিদারী প্রথা আইনগতভাবে বিলুপ্ত হয়। এর ফলে জমিদারদের জমির মালিকানা এবং খাজনা আদায়ের প্রচলিত অধিকার রাষ্ট্রের অধীনে চলে যায়।
জমিদারের নাতীরা জানান, পাকিস্তান সরকার জমিদারি প্রথা বিলুপ্ত করার পর, জমিদার মতিলাল রায় ও মধুসূদন ভারতে চলে যান। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর খাজনার কারণে তাদের জমিদারি বিলুপ্ত হয়ে যায়। সরকার সম্পত্তিগুলো এনিমেনি করে দেয়। জমিগুলো যদি সরকার তাদের ফেরত দেয়, তাহলে তারা ভালোভাবে চলতে পারবেন।
সোনাহার টেকনিক্যাল কলেজের প্রভাষক রতন কুমার রায় জানান, দীর্ঘদিন ধরে সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ না থাকায় জমিদারবাড়ীটির ঐতিহাসিক সৌন্দর্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এটি সংস্কার হলে একটি পর্যটন কেন্দ্র তৈরি হতে পারে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, জমিদারের বাড়ি ও মন্দির পরিদর্শন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পঞ্চগড় যেহেতু পর্যটনের অপার সম্ভাবনাময় জেলা, সেহেতু প্রত্নতত্ত্ব ও পর্যটনের জায়গা হিসেবে নির্ধারণ করা হলে, পর্যটন খাত আরো এগিয়ে যাবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : কোস্ট গার্ড সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, বিপন্নপ্রায় হাঙর এবং শাপলাপাতা মাছসহ ২০ জনকে আটক করেছে।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এই তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, সেন্টমার্টিন দ্বীপ থেকে ১০ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় গতকাল বিকেল ৫টায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের ফলে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে, জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে পাঁচটি ট্রলিং জাল, একটি আহরণ নিষিদ্ধ হাঙর, ১০টি শাপলাপাতা মাছ এবং প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ২০ জন জেলেকে আটক করা হয়।
পরে, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, প্রবাসী কল্যাণ শাখা, পর্যটন সেল, কক্সবাজারের উপস্থিতিতে আটককৃত বোটের প্রধান মাঝিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয় এবং ১৯ জন জেলেকে মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়।
জব্দকৃত সামুদ্রিক মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং হাঙর, শাপলাপাতা মাছ, ট্রলিং বোট ও জালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, কোস্ট গার্ড সামুদ্রিক পরিবেশ, বিলুপ্তপ্রায় প্রাণী এবং মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : রাজধানীর জলাবদ্ধতা সমস্যা সমাধান, খালের পানিপ্রবাহ সচল রাখা, ডেঙ্গু প্রতিরোধ এবং পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে দক্ষিণ ও উত্তর কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
আজ সোমবার দুপুরে, কুতুবখালী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, যা রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ কুতুবখালী খালের ধোলাইপাড় (গোলাপবাগ-সংলগ্ন) থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (যাত্রাবাড়ী) পর্যন্ত এবং উত্তর কুতুবখালী খালের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে শনির আখড়া আন্ডারপাস পর্যন্ত মোট ১ দশমিক ৯৭৫ কিলোমিটার অংশ পরিষ্কার ও পুনঃখনন করার পরিকল্পনা রয়েছে। আগামী দুই মাসের মধ্যে খালটি থেকে প্রায় ১১ হাজার ১৪৫ ঘনমিটার বর্জ্য ও পলি (স্লাজ) অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষার জন্য খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করার উদ্যোগ নেওয়া হবে।
ডিএসসিসির ৫০ ও ৬২ নম্বর ওয়ার্ডের আওতাধীন এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার প্রায় ১৫ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরে আসবে, জলাবদ্ধতা কমবে এবং মশার প্রজননস্থল ধ্বংস হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে, ডিএসসিসি প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, ‘ঢাকা শহরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যমগুলোর মধ্যে কুতুবখালী খাল অন্যতম। এর আগেও একাধিকবার খালটি পরিষ্কার করা হয়েছে, এমনকি আমি দায়িত্ব নেওয়ার পরও উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলার কারণে খালটি বারবার ভরাট হয়ে যাচ্ছে। জনগণ সচেতন না হলে এবং নিজেদের ভালো নিজেরা না বুঝলে শুধু সিটি কর্পোরেশনের পক্ষে এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয়।’
স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে প্রশাসক আরও বলেন, খাল পরিষ্কার ও খননের পর কেউ যেন পুনরায় পলিথিন ও আবর্জনা না ফেলে এবং খালের জায়গা দখল করে দোকানপাট না বসায়, সে বিষয়ে এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধ ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে।
দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মো. আবদুস সালাম বলেন, ‘আমরা কোনো পরনির্ভরশীলতা চাই না, নিজেদের পায়ে দাঁড়াতে চাই এবং নিজের দেশ নিজেরাই গড়তে চাই। এ জন্য সবাইকে সরকারকে সহযোগিতা করতে হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থাকতে হবে, যাতে তিনি সফল হতে পারেন।’
বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আসুন, দলমত নির্বিশেষে সবাই মিলে ড্রেন ও খাল পরিষ্কার করি এবং ডেঙ্গুর হাত থেকে নগরবাসীকে রক্ষা করি। এ ধরনের জনকল্যাণমূলক কাজে কোনো বাধা নেই; সিটি কর্পোরেশন সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে।’
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ২২টি ছোট-বড় খাল পুনরুদ্ধার, পুনঃখনন ও পরিষ্কারের বিশেষ কর্মসূচি গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর কোনাপাড়া-কদমতলা খাল এবং ১৮ নভেম্বর ডগাইর-বামৈল খাল পরিষ্কার ও পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ