প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : রাজধানীর জলাবদ্ধতা সমস্যা সমাধান, খালের পানিপ্রবাহ সচল রাখা, ডেঙ্গু প্রতিরোধ এবং পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে দক্ষিণ ও উত্তর কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
আজ সোমবার দুপুরে, কুতুবখালী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, যা রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ কুতুবখালী খালের ধোলাইপাড় (গোলাপবাগ-সংলগ্ন) থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (যাত্রাবাড়ী) পর্যন্ত এবং উত্তর কুতুবখালী খালের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে শনির আখড়া আন্ডারপাস পর্যন্ত মোট ১ দশমিক ৯৭৫ কিলোমিটার অংশ পরিষ্কার ও পুনঃখনন করার পরিকল্পনা রয়েছে। আগামী দুই মাসের মধ্যে খালটি থেকে প্রায় ১১ হাজার ১৪৫ ঘনমিটার বর্জ্য ও পলি (স্লাজ) অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষার জন্য খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করার উদ্যোগ নেওয়া হবে।
ডিএসসিসির ৫০ ও ৬২ নম্বর ওয়ার্ডের আওতাধীন এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার প্রায় ১৫ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরে আসবে, জলাবদ্ধতা কমবে এবং মশার প্রজননস্থল ধ্বংস হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে, ডিএসসিসি প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, ‘ঢাকা শহরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যমগুলোর মধ্যে কুতুবখালী খাল অন্যতম। এর আগেও একাধিকবার খালটি পরিষ্কার করা হয়েছে, এমনকি আমি দায়িত্ব নেওয়ার পরও উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলার কারণে খালটি বারবার ভরাট হয়ে যাচ্ছে। জনগণ সচেতন না হলে এবং নিজেদের ভালো নিজেরা না বুঝলে শুধু সিটি কর্পোরেশনের পক্ষে এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয়।’
স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে প্রশাসক আরও বলেন, খাল পরিষ্কার ও খননের পর কেউ যেন পুনরায় পলিথিন ও আবর্জনা না ফেলে এবং খালের জায়গা দখল করে দোকানপাট না বসায়, সে বিষয়ে এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধ ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে।
দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মো. আবদুস সালাম বলেন, ‘আমরা কোনো পরনির্ভরশীলতা চাই না, নিজেদের পায়ে দাঁড়াতে চাই এবং নিজের দেশ নিজেরাই গড়তে চাই। এ জন্য সবাইকে সরকারকে সহযোগিতা করতে হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থাকতে হবে, যাতে তিনি সফল হতে পারেন।’
বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আসুন, দলমত নির্বিশেষে সবাই মিলে ড্রেন ও খাল পরিষ্কার করি এবং ডেঙ্গুর হাত থেকে নগরবাসীকে রক্ষা করি। এ ধরনের জনকল্যাণমূলক কাজে কোনো বাধা নেই; সিটি কর্পোরেশন সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে।’
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ২২টি ছোট-বড় খাল পুনরুদ্ধার, পুনঃখনন ও পরিষ্কারের বিশেষ কর্মসূচি গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর কোনাপাড়া-কদমতলা খাল এবং ১৮ নভেম্বর ডগাইর-বামৈল খাল পরিষ্কার ও পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন