ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সেন্টমার্টিনে বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ অবৈধ ট্রলিং বোট আটক


সেন্টমার্টিনে বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ অবৈধ ট্রলিং বোট আটক

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : কোস্ট গার্ড সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, বিপন্নপ্রায় হাঙর এবং শাপলাপাতা মাছসহ ২০ জনকে আটক করেছে।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এই তথ্য প্রকাশ করেন।

তিনি জানান, সেন্টমার্টিন দ্বীপ থেকে ১০ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় গতকাল বিকেল ৫টায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের ফলে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে, জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে পাঁচটি ট্রলিং জাল, একটি আহরণ নিষিদ্ধ হাঙর, ১০টি শাপলাপাতা মাছ এবং প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ২০ জন জেলেকে আটক করা হয়।

আরও পড়ুন: পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের ৪ নেতার বৈঠক ঘিরে উত্তেজনা

পরে, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, প্রবাসী কল্যাণ শাখা, পর্যটন সেল, কক্সবাজারের উপস্থিতিতে আটককৃত বোটের প্রধান মাঝিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয় এবং ১৯ জন জেলেকে মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়।

জব্দকৃত সামুদ্রিক মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং হাঙর, শাপলাপাতা মাছ, ট্রলিং বোট ও জালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, কোস্ট গার্ড সামুদ্রিক পরিবেশ, বিলুপ্তপ্রায় প্রাণী এবং মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন ডা. বিটু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএসসিসি কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


ডিএসসিসি কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : রাজধানীর জলাবদ্ধতা সমস্যা সমাধান, খালের পানিপ্রবাহ সচল রাখা, ডেঙ্গু প্রতিরোধ এবং পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে দক্ষিণ ও উত্তর কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

আজ সোমবার দুপুরে, কুতুবখালী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, যা রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে অনুষ্ঠিত হয়।

দক্ষিণ কুতুবখালী খালের ধোলাইপাড় (গোলাপবাগ-সংলগ্ন) থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (যাত্রাবাড়ী) পর্যন্ত এবং উত্তর কুতুবখালী খালের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে শনির আখড়া আন্ডারপাস পর্যন্ত মোট ১ দশমিক ৯৭৫ কিলোমিটার অংশ পরিষ্কার ও পুনঃখনন করার পরিকল্পনা রয়েছে। আগামী দুই মাসের মধ্যে খালটি থেকে প্রায় ১১ হাজার ১৪৫ ঘনমিটার বর্জ্য ও পলি (স্লাজ) অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষার জন্য খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করার উদ্যোগ নেওয়া হবে।

ডিএসসিসির ৫০ ও ৬২ নম্বর ওয়ার্ডের আওতাধীন এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার প্রায় ১৫ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরে আসবে, জলাবদ্ধতা কমবে এবং মশার প্রজননস্থল ধ্বংস হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে, ডিএসসিসি প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, ‘ঢাকা শহরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যমগুলোর মধ্যে কুতুবখালী খাল অন্যতম। এর আগেও একাধিকবার খালটি পরিষ্কার করা হয়েছে, এমনকি আমি দায়িত্ব নেওয়ার পরও উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলার কারণে খালটি বারবার ভরাট হয়ে যাচ্ছে। জনগণ সচেতন না হলে এবং নিজেদের ভালো নিজেরা না বুঝলে শুধু সিটি কর্পোরেশনের পক্ষে এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয়।’

স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে প্রশাসক আরও বলেন, খাল পরিষ্কার ও খননের পর কেউ যেন পুনরায় পলিথিন ও আবর্জনা না ফেলে এবং খালের জায়গা দখল করে দোকানপাট না বসায়, সে বিষয়ে এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধ ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে।

দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মো. আবদুস সালাম বলেন, ‘আমরা কোনো পরনির্ভরশীলতা চাই না, নিজেদের পায়ে দাঁড়াতে চাই এবং নিজের দেশ নিজেরাই গড়তে চাই। এ জন্য সবাইকে সরকারকে সহযোগিতা করতে হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থাকতে হবে, যাতে তিনি সফল হতে পারেন।’

বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আসুন, দলমত নির্বিশেষে সবাই মিলে ড্রেন ও খাল পরিষ্কার করি এবং ডেঙ্গুর হাত থেকে নগরবাসীকে রক্ষা করি। এ ধরনের জনকল্যাণমূলক কাজে কোনো বাধা নেই; সিটি কর্পোরেশন সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে।’

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ২২টি ছোট-বড় খাল পুনরুদ্ধার, পুনঃখনন ও পরিষ্কারের বিশেষ কর্মসূচি গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর কোনাপাড়া-কদমতলা খাল এবং ১৮ নভেম্বর ডগাইর-বামৈল খাল পরিষ্কার ও পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


বান্দরবানে উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব উদযাপন

বান্দরবান, ২৩ নভেম্বর ২০২৬ : বান্দরবানের উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারে বিভিন্ন ধর্মীয় আয়োজনের মাধ্যমে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব পালন করা হয়েছে।

আজ সকালে বিহারের দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকাদের উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের সূচনা হয় ভোর ৫টায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনার জন্য সূত্র পাঠের মাধ্যমে। এরপর জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং পূজনীয় ভিক্ষু সংঘের প্রাতরাশের আয়োজন করা হয়।

সকাল ৮টায় রাজবাড়ি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। পরে বিহারে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান, কঠিন চীবর উৎসর্গ ও ধর্মদেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে চীবর উৎসর্গ, শীল প্রদান ও ধর্মীয় দেশনা পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ মহা সংঘ নায়ক ভদন্ত আসাবা মহাথের, চিৎমরম বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ রাজনিকায় সংঘ নায়ক ভদন্ত পামোক্ষা মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি ভদন্ত পঞ্চানন্দ মহাথের, মহাসচিব ভদন্ত তেজপ্রিয় মহাথের, উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবন্নলংকারা মহাথেরসহ অন্যান্য বৌদ্ধ বিহারের অধ্যক্ষরা।

কঠিন চীবর দানোৎসবে উপস্থিত ছিলেন বোমাং রাজা বোমাংগ্রী উচ প্রু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং, পার্বত্য জেলা পরিষদের সদস্য চনুমং মারমাসহ বিহারের দায়ক-দায়িকা এবং বিভিন্ন বয়সের বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ।

বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, সুতা রং করা এবং কাপড় বুননের মাধ্যমে চীবর প্রস্তুত করে ভিক্ষু সংঘকে দান করা হয়। এই বিশেষ দানের মাধ্যমে দানকারীরা কায়িক, বাচনিক ও মানসিক পূণ্য অর্জন করেন। বৌদ্ধ শাস্ত্রে এই দানকে শ্রেষ্ঠ দান বা কঠিন চীবর দান হিসেবে অভিহিত করা হয়েছে।

প্রবারণা পূর্ণিমার পর এক মাস ধরে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে এই উৎসবের আয়োজন করা হয়। এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বীরা সম্মিলিতভাবে চীবর তৈরি করে ভিক্ষুসংঘের উদ্দেশে উৎসর্গ করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দানের মাধ্যমে সুখ, শান্তি ও মঙ্গল কামনা করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন নৌ-অবরোধের বিরুদ্ধে সব ধরনের উপায় ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


মার্কিন নৌ-অবরোধের বিরুদ্ধে সব ধরনের উপায় ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের চলমান নৌ-অবরোধের বিরুদ্ধে নিজেদের হাতে থাকা সব ধরনের উপায় ও সরঞ্জাম ব্যবহারের বিষয়ে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের এই পদক্ষেপকে তেহরান সরাসরি ‘সামরিক আগ্রাসন’ হিসেবে বিবেচনা করছে এবং এর দাঁতভাঙা জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে।

সোমবার নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘাই বলেন, “ওয়াশিংটনের চলমান নৌ-অবরোধ প্রতিহত করতে আমাদের কাছে যা যা উপায় আছে, তার সবই ব্যবহার করা হবে।”

মার্কিন পদক্ষেপের তীব্র সমালোচনা করে ইরানের এই মুখপাত্র আরও বলেন, “অর্থনৈতিক ও নৌ-অবরোধের নামে যা কিছু বলা হচ্ছে, তা নিঃসন্দেহে ইরানের বিরুদ্ধে একটি স্পষ্ট সামরিক আগ্রাসনের উদাহরণ। বিশেষ করে যুক্তরাষ্ট্র যেভাবে এই নৌ-অবরোধের কথা বলছে, তা সরাসরি সামরিক আগ্রাসনেরই শামিল।”

জাতিসংঘ সনদের উল্লেখ করে বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের এই অবরোধ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এ ধরনের আগ্রাসনের মুখে আত্মরক্ষার্থে ইরান যেকোনো পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। ইতিমধ্যে রাজনৈতিক, কূটনৈতিক ও প্রতিরক্ষামূলক পাল্টা ব্যবস্থা গ্রহণের বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী ইরানের ওপর আরোপিত এই নৌ-অবরোধকে আরও জোরদার করেছে। সমুদ্রে এক জাহাজ থেকে অন্য জাহাজে (শিপ-টু-শিপ ট্রান্সফার) ইরানি পণ্য বা জ্বালানি তেল স্থানান্তরের ক্ষেত্রেও কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। পাশাপাশি, যেসব জাহাজ ইরানি পণ্য গ্রহণ করবে, তাদের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্কবার্তা দিয়েছে মার্কিন বাহিনী।

উল্লেখ্য, ইরানের তেল রপ্তানি বন্ধের লক্ষ্যে চলতি বছরের এপ্রিল মাসে প্রথম এই নৌ-অবরোধ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরবর্তীতে জুনে একটি প্রাথমিক সমঝোতার পর তা স্থগিত করা হলেও, চুক্তিটি ভেস্তে যাওয়ায় গত জুলাই মাস থেকে পুনরায় কঠোরভাবে এই অবরোধ কার্যকর করা হয়। সূত্র: রয়টার্স, আল জাজিরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ পুলিশের সর্বাধিক সংখ্যক আইপিও সেন্ট্রাল আফ্রিকায় মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


বাংলাদেশ পুলিশের সর্বাধিক সংখ্যক আইপিও সেন্ট্রাল আফ্রিকায় মোতায়েন

বাংলাদেশ পুলিশের আট কর্মকর্তা জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে (মিনুস্কা) যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন। এই মিশনে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এটি সর্বাধিক সংখ্যক ইন্ডিভিজ্যুয়াল পুলিশ অফিসার (আইপিও) মোতায়েনের ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

রোববার দুপুরে তারা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ছেড়ে যান। সোমবার তাদের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

এই আট সদস্যের দলে একজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন নারী পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন। বর্তমানে তারা ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থান করছেন।

জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনটি ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন দ্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (মিনুস্কা) নামে পরিচিত।

বাংলাদেশ পুলিশের অংশগ্রহণের সম্প্রসারণের ক্ষেত্রে এই মোতায়েন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য হচ্ছে। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, সক্ষমতা ও অঙ্গীকারের ধারাবাহিকতায় এটি দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার সম্ভাবনা রাখে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%