ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের দাবি ডব়্প যুব ফোরামের


তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের দাবি ডব়্প যুব ফোরামের

জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি করেছে ডব়্প যুব ফোরাম। তারা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর ১০ এলাকায় একটি মানববন্ধন অনুষ্ঠানে এই দাবি জানায়, যেখানে আগামী প্রজন্মকে তামাকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করার আহ্বান জানানো হয়।

মাননীয় প্রধান উপদেষ্টাকে সময়ক্ষেপণ না করে তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী দ্রুত পাশের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য তামাক বিরোধী যুব প্রতিনিধিরা অনুরোধ জানান। তারা বলেন, টোব্যাকো এটলাস ২০২৫’র তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর প্রায় ১ লক্ষ ৩০ হাজার মানুষ তামাকজনিত রোগে মারা যায়, যা প্রতিদিন গড়ে ৩৫৭ জন। লক্ষ লক্ষ মানুষ অসুস্থ হয়ে পড়ে। তামাকের কারণে অসংক্রামক রোগ যেমন হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসরোগ, ক্যানসার, এবং কিডনি রোগ ক্রমাগত বাড়ছে।

যুব প্রতিনিধিরা আরও বলেন, যদিও সম্প্রতি সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছে তামাক নিয়ন্ত্রণে, তবুও বাংলাদেশে তামাক ব্যবহারের হার দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। উপদেষ্টা পরিষদ কমিটির এই বিলম্বের ফলে আমাদের জীবনকে মূল্য দিতে হচ্ছে। প্রতিদিন মানুষ অসুস্থ হচ্ছে এবং মারা যাচ্ছে—এটি নিষ্ক্রিয় থাকার অপূরণীয় ক্ষতি। তাছাড়া, তামাক ব্যবহারজনিত কারণে প্রতিবছর অর্থনৈতিক ক্ষতি হয় প্রায় ৩৯.২ হাজার কোটি টাকা।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী পাশ হলে দেশে তামাকের ব্যবহার হ্রাস পাবে এবং এর মারাত্মক স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষতি কমানো সম্ভব হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদিব বলেন, বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল-এফসিটিসি’তে স্বাক্ষরকারী প্রথম দেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ধুমপানমুক্ত পরিবেশ এবং তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রণোদনা নিষিদ্ধ করার ক্ষেত্রে এখনও সর্বোচ্চ মান অর্জন করতে পারেনি।

স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত প্রস্তাবিত সংশোধনীটি পাশ হলে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের দুর্বলতাগুলো দূর হবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি’র সুপারিশসমূহের কার্যকর বাস্তবায়ন সম্ভব হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈকত বলেন, তামাক কোম্পানিগুলোর প্রধান লক্ষ্য তরুণরা। তারা জানে যে, তরুণদের একবার আকৃষ্ট করতে পারলে তারা দীর্ঘমেয়াদী ভোক্তা পাবে। এ লক্ষ্যে তারা নতুন নতুন কৌশল অবলম্বন করে। সিগারেট, ই-সিগারেটের পর এখন তাদের নতুন কৌশল হলো নিকোটিন পাউচ।

প্রতিনিয়ত বিভিন্ন প্রলোভন ও ভুল তথ্য দিয়ে তারা তরুণদের আকৃষ্ট করার চেষ্টা করছে। সম্প্রতি দেখা গেছে, ফিলিপ মরিসের মতো তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে নিকোটিন পাউচ উৎপাদনের কারখানা স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এই কূটকৌশল রুখে দিতে হবে এখনই। এজন্য প্রয়োজন তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাস করা। মানববন্ধনে যুব প্রতিনিধিরা বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের ৬টি প্রস্তাবনা তুলে ধরেন। সেগুলো হলো—অধূমপায়ীদের সুরক্ষার জন্য সকল প্রকার পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্ত করা, তামাক পণ্যের প্রচার বন্ধ করার জন্য বিক্রয়কেন্দ্রে তামাকপণ্যের প্রদর্শন নিষিদ্ধ করা, তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম নিষিদ্ধ করা, ই-সিগারেটের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোর ও তরুণদের রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তামাকপণ্যের সকল প্রকার খুচরা ও খোলা বিক্রয় বন্ধ করা এবং সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা।

মানববন্ধন শেষে ইয়ূথরা ইউসেপ বাংলাদেশে ডব়্প’র আয়োজনে এক কর্মশালায় অংশগ্রহণ করে।

আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জের হাওরের কৃষি জমির মাটি ভাটায় চলে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


কিশোরগঞ্জের হাওরের কৃষি জমির মাটি ভাটায় চলে যাচ্ছে

কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলী-কুলিয়ারচর, অষ্টগ্রামসহ হাওর এলাকার কৃষকদের কৃষি জমির মাটি একটি ব্যবসায়িক দলের দ্বারা স্বল্প মূল্যে ক্রয় করে বেকু দিয়ে দেশের বিভিন্ন বিভাগীয় অঞ্চলের ইট ভাটায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও উপজেলা প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ওই এলাকার অসাধু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। বৃহস্পতিবার বিকেলে হাওরে একদল গণমাধ্যম কর্মী সরেজমিনে গেলে দেখা যায়, তারা কৃষকের জমির টপসয়েল মাটি কেটে সাবাড় করে দিচ্ছে। অভিযোগ রয়েছে, একদল দালাল কৃষকদের লাভবান দেখিয়ে এসব কার্যক্রম চালাচ্ছে।

এদিকে অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের জিনারদি পাড়া হাওরে কিছুদিন ধরে এসব অসাধু ব্যবসায়ীরা কৃষকদের টপসয়েল মাটি বেকু দিয়ে কেটে স্টীলবডি নৌকা দিয়ে ঢাকার বিভিন্ন ইট খলায় নিয়ে যাচ্ছে। উপজেলা প্রশাসনকে জানানো হলেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। কৃষকের পাশের জমি ভেঙে যাচ্ছে, এবং প্রশাসনকে জানানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।

নিকলী উপজেলার সদর ইউনিয়ন, গুরই ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নে রাত থেকে সকাল ৮টা পর্যন্ত এসব অসাধু ব্যবসায়ীরা মাটি কেটে বিভিন্ন ইট খলায় দিচ্ছে। তবে নিকলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা মজুমদারকে এ বিষয়ে সংবাদ কর্মীরা জানালে তিনি নির্বিকার থাকেন। তিনি আবারও বলেন, "অভিযোগ অথবা সচেতন নাগরিকগণ জানালে পদক্ষেপ নিবেন।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবাধিকার রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


মানবাধিকার রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী

বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে জাতীয় মানবাধিকার সোসাইটি দ্বারা আয়োজিত একটি আলোচনা সভা বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের শহীদ সফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি আবদুস সালাম মামুন।

সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে সংগঠনের চেয়ারম্যান, কবি ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী মন্তব্য করেন, “মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নাগরিক চেতনা জাগ্রত করাই আজকের প্রধান চ্যালেঞ্জ।” তিনি মানবাধিকার রক্ষায় নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণকে সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা শুধুমাত্র আইনের বিষয় নয়; এটি মানুষের চেতনা, নৈতিকতা ও সামাজিক দায়িত্বের সঙ্গে গভীরভাবে জড়িত।

অনুষ্ঠানের উদ্বোধক কবি, সাংবাদিক ও সাংবাদিক রাজু আলীম বলেন, মানুষের মর্যাদা রক্ষার সংগ্রাম চলমান; গণমাধ্যম মানবাধিকার চর্চার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। গেস্ট অব অনার হিসেবে রয়েল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আ ন ম মেশকাত উদ্দীন এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহমেদও উপস্থিত ছিলেন। তাঁরা মানবাধিকার সংরক্ষণে শিক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সাহিত্য ও মানবকল্যাণে অবদান রাখার জন্য সুফী কবি অনন্ত মৈত্রী এবং সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এ জেড এম আনারুল করিমকে হিউম্যান রাইটস ফেলো প্রদান করা হয়। বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায় রাষ্ট্র, সমাজ ও ব্যক্তির সমন্বিত উদ্যোগ জরুরি। আলোচনা শেষে মানবাধিকার অঙ্গীকার গ্রহণ ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। আয়োজক প্রতিষ্ঠান জানায়, দিবসকে কেন্দ্র করে সারাদেশে মানবাধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাসানীর আদর্শ ধারণের আহ্বান বাংলাদেশ ন্যাপের, রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে জন্ম-মৃত্যুদিন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


ভাসানীর আদর্শ ধারণের আহ্বান বাংলাদেশ ন্যাপের, রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে জন্ম-মৃত্যুদিন

"স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে যথাযথ সম্মান প্রদর্শন না করা সরকার ও রাষ্ট্রের ব্যর্থতা। জুলাই গণ-অভ্যুত্থানে প্রতিষ্ঠিত সরকারও মওলানা ভাসানীকে যথাযথ সম্মান প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে, যা দেশবাসীকে ব্যাথিত করেছে।" বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মজলুম জননেতা মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি এবং মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া উপরোক্ত মন্তব্য করেছেন।

তারা উল্লেখ করেন, "স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধ কোনো একক ব্যক্তির অবদান নয়। বাংলার মানুষের মুক্তির সংগ্রামে যারা ভূমিকা রেখেছেন, সন্দেহাতীতভাবেই মওলানা ভাসানী তাদের মাঝে প্রধানতম। ভোটের রাজনীতি বা ষড়যন্ত্রের রাজনীতি নয়, ভাত-কাপড়ের রাজনীতি দিয়েই তিনি মানুষকে সংগঠিত করেছেন। জনগণের শক্তির ওপর নির্ভর করেই তিনি আপসহীনভাবে লড়াই চালিয়ে গিয়েছেন। আজকেও মুক্তি পেতে হলে জনগণের সংগ্রামের ওপর ভিত্তি করেই মওলানা ভাসানীর রাজনীতিকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হব। ভাসানীর দেশপ্রেমের রাজনীতিকেই আজ ধারন করতে হবে।"

নেতৃদ্বয় আরো বলেন, "খুব বিখ্যাত ছিল মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ‘খামোশ’ বলা। সমগ্র জাতিকে ধমক দিতে পারতেন, শাসন করতে পারতেন একজন মানুষ। সমগ্র জাতির যিনি নেতা তখন ছিলেন, তাকেও শাসন করতে পারতেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্বাধীনতার ৫৪ বছর পরে এখন তার কথা আলোচনা করা হচ্ছে না।"

তারা আরও বলেন, "মওলানা ভাসানী ছিলেন একাধারে কৃষক নেতা, অন্যভাবে তাকে গণমানুষের নেতা হিসাবেও আখ্যায়িত করা যায়। জাতির দুর্ভাগ্য তাকে ভালোভাবে স্মরণ না করে অকৃতজ্ঞার পরিচয় দিচ্ছে। একশ্রেণীর আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে রাজনীতিবিদরা তাকে নিয়ে এমন তুচ্ছভাব দেখাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারও তা অব্যাহত রেখেছে বলে প্রতিয়মান হচ্ছে।"

নেতৃদ্বয় শেষে বলেন, "দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের এই অবিসংবাদিত নেতার জন্ম ও মৃত্যুদিন রাষ্ট্রীয়ভাবে পালনে শাসকগোষ্টি হীনমন্যতার পরিচয় দিচ্ছে। মওলানা ভাসানীর দেশপ্রেম এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আদর্শের পথ ধরে স্বাধীনতার ঘোষণা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংগ্রাম বেগবান করার প্রত্যয় ঘোষণা করতে হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি

দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই মাসের জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে এ তফসিল ঘোষণা করেন। নির্বাচন কমিশন এবারের ভোট আয়োজনকে সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ হিসেবে ব্যাখ্যা করেছে, কারণ একদিনেই সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে।

সিইসি জানিয়েছেন, একসঙ্গে দুই প্রক্রিয়া পরিচালনার জন্য ভোটের সময় বাড়ানো হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে দুটি পৃথক ব্যালটের জন্য আলাদা গোপন বুথ থাকবে। তিনি বলেন, ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এবারের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

এই ঘোষণার মাধ্যমে দীর্ঘ রাজনৈতিক আলোচনার পর অবশেষে নির্বাচনের পথ স্পষ্ট হলো। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ১৬ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতির অংশ হিসেবে তফসিল চূড়ান্ত করা হলো। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে ভোটের তারিখ চূড়ান্ত করেন সিইসি। পাশাপাশি প্রধান বিচারপতির কাছ থেকে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের জন্য ৩০০ বিচারক চেয়ে পাঠানো হয়েছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর সোমবার। ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ৪ জানুয়ারি রোববার পর্যন্ত বাছাইয়ের কাজ চলবে। আপিল করার জন্য সময় ১১ জানুয়ারি রোববার পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১২ জানুয়ারি সোমবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি মঙ্গলবার। প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি বুধবার এবং ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

একই দিনে দুই ভোটের প্রক্রিয়া নতুন অভিজ্ঞতা তৈরি করবে বলে উল্লেখ করেন সিইসি। তিনি জানান, সংসদের ব্যালট হবে সাদা কালো এবং গণভোটের ব্যালট হবে রঙিন। গণভোটে ভোটাররা জুলাই জাতীয় সনদে উল্লেখিত সাংবিধানিক সংস্কারের চারটি মূল প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন। ব্যালট পেপারে পরবর্তী সংসদকে দুই কক্ষবিশিষ্ট করার প্রস্তাবসহ বিচার বিভাগ, স্থানীয় সরকার, মৌলিক অধিকার এবং রাজনৈতিক সংস্কার সংশ্লিষ্ট বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

ভোটার সংখ্যা ব্যাপক হওয়ায় কেন্দ্র ও বুথ সংখ্যা বাড়ানো হয়েছে। এবারের ভোটকেন্দ্র থাকবে ৪২ হাজার ৭৬১টি এবং ভোটকক্ষের সংখ্যা আড়াই লাখের মতো। প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে, যা এ নির্বাচনের অন্যতম উল্লেখযোগ্য পরিবর্তন। ইতোমধ্যে তিন লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচন বিশ্লেষকদের মতে, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজন সময় ব্যবস্থাপনা, গণনা ও নিরাপত্তার ওপর বাড়তি চাপ তৈরি করবে। বিশ্লেষক আব্দুল আলীম বলেন, “একজন ভোটারের দুটি ব্যালট দেওয়ায় সময় বাড়বে এবং গণনার ক্ষেত্রেও সতর্কতা দরকার।” তিনি আরও বলেন, ভোট শেষে গণনার দেরি সহিংসতায় গড়ানোর ঝুঁকি তৈরি করতে পারে, তাই প্রয়োজন আগাম প্রস্তুতি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও সিইসি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ভয়ভীতি বা প্রলোভন থেকে মুক্ত থেকে ভোট দিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার নিরাপত্তায় নিয়োজিত থাকবে।” তিনি অপতথ্য রোধে জনগণকে সতর্ক থাকতে বলেন এবং জানান যে মিথ্যা তথ্য প্রচার বা শেয়ার করা আইনানুগভাবে দণ্ডনীয় অপরাধ।

নতুন নির্বাচন কমিশনের এটি প্রথম জাতীয় ভোট আয়োজন। কমিশনের পাঁচ সদস্যই জানিয়েছেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনায় তারা বদ্ধপরিকর।

১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এক দিনে দুই ব্যালটে ভোট দিয়ে ব্যালট দুটি আলাদা বাক্সে ফেলতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%