ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভাসানীর আদর্শ ধারণের আহ্বান বাংলাদেশ ন্যাপের, রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে জন্ম-মৃত্যুদিন


ভাসানীর আদর্শ ধারণের আহ্বান বাংলাদেশ ন্যাপের, রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে জন্ম-মৃত্যুদিন

"স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে যথাযথ সম্মান প্রদর্শন না করা সরকার ও রাষ্ট্রের ব্যর্থতা। জুলাই গণ-অভ্যুত্থানে প্রতিষ্ঠিত সরকারও মওলানা ভাসানীকে যথাযথ সম্মান প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে, যা দেশবাসীকে ব্যাথিত করেছে।" বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মজলুম জননেতা মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি এবং মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া উপরোক্ত মন্তব্য করেছেন।

তারা উল্লেখ করেন, "স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধ কোনো একক ব্যক্তির অবদান নয়। বাংলার মানুষের মুক্তির সংগ্রামে যারা ভূমিকা রেখেছেন, সন্দেহাতীতভাবেই মওলানা ভাসানী তাদের মাঝে প্রধানতম। ভোটের রাজনীতি বা ষড়যন্ত্রের রাজনীতি নয়, ভাত-কাপড়ের রাজনীতি দিয়েই তিনি মানুষকে সংগঠিত করেছেন। জনগণের শক্তির ওপর নির্ভর করেই তিনি আপসহীনভাবে লড়াই চালিয়ে গিয়েছেন। আজকেও মুক্তি পেতে হলে জনগণের সংগ্রামের ওপর ভিত্তি করেই মওলানা ভাসানীর রাজনীতিকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হব। ভাসানীর দেশপ্রেমের রাজনীতিকেই আজ ধারন করতে হবে।"

নেতৃদ্বয় আরো বলেন, "খুব বিখ্যাত ছিল মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ‘খামোশ’ বলা। সমগ্র জাতিকে ধমক দিতে পারতেন, শাসন করতে পারতেন একজন মানুষ। সমগ্র জাতির যিনি নেতা তখন ছিলেন, তাকেও শাসন করতে পারতেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্বাধীনতার ৫৪ বছর পরে এখন তার কথা আলোচনা করা হচ্ছে না।"

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

তারা আরও বলেন, "মওলানা ভাসানী ছিলেন একাধারে কৃষক নেতা, অন্যভাবে তাকে গণমানুষের নেতা হিসাবেও আখ্যায়িত করা যায়। জাতির দুর্ভাগ্য তাকে ভালোভাবে স্মরণ না করে অকৃতজ্ঞার পরিচয় দিচ্ছে। একশ্রেণীর আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে রাজনীতিবিদরা তাকে নিয়ে এমন তুচ্ছভাব দেখাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারও তা অব্যাহত রেখেছে বলে প্রতিয়মান হচ্ছে।"

নেতৃদ্বয় শেষে বলেন, "দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের এই অবিসংবাদিত নেতার জন্ম ও মৃত্যুদিন রাষ্ট্রীয়ভাবে পালনে শাসকগোষ্টি হীনমন্যতার পরিচয় দিচ্ছে। মওলানা ভাসানীর দেশপ্রেম এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আদর্শের পথ ধরে স্বাধীনতার ঘোষণা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংগ্রাম বেগবান করার প্রত্যয় ঘোষণা করতে হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি

দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই মাসের জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে এ তফসিল ঘোষণা করেন। নির্বাচন কমিশন এবারের ভোট আয়োজনকে সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ হিসেবে ব্যাখ্যা করেছে, কারণ একদিনেই সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে।

সিইসি জানিয়েছেন, একসঙ্গে দুই প্রক্রিয়া পরিচালনার জন্য ভোটের সময় বাড়ানো হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে দুটি পৃথক ব্যালটের জন্য আলাদা গোপন বুথ থাকবে। তিনি বলেন, ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এবারের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

এই ঘোষণার মাধ্যমে দীর্ঘ রাজনৈতিক আলোচনার পর অবশেষে নির্বাচনের পথ স্পষ্ট হলো। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ১৬ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতির অংশ হিসেবে তফসিল চূড়ান্ত করা হলো। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে ভোটের তারিখ চূড়ান্ত করেন সিইসি। পাশাপাশি প্রধান বিচারপতির কাছ থেকে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের জন্য ৩০০ বিচারক চেয়ে পাঠানো হয়েছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর সোমবার। ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ৪ জানুয়ারি রোববার পর্যন্ত বাছাইয়ের কাজ চলবে। আপিল করার জন্য সময় ১১ জানুয়ারি রোববার পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১২ জানুয়ারি সোমবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি মঙ্গলবার। প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি বুধবার এবং ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

একই দিনে দুই ভোটের প্রক্রিয়া নতুন অভিজ্ঞতা তৈরি করবে বলে উল্লেখ করেন সিইসি। তিনি জানান, সংসদের ব্যালট হবে সাদা কালো এবং গণভোটের ব্যালট হবে রঙিন। গণভোটে ভোটাররা জুলাই জাতীয় সনদে উল্লেখিত সাংবিধানিক সংস্কারের চারটি মূল প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন। ব্যালট পেপারে পরবর্তী সংসদকে দুই কক্ষবিশিষ্ট করার প্রস্তাবসহ বিচার বিভাগ, স্থানীয় সরকার, মৌলিক অধিকার এবং রাজনৈতিক সংস্কার সংশ্লিষ্ট বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

ভোটার সংখ্যা ব্যাপক হওয়ায় কেন্দ্র ও বুথ সংখ্যা বাড়ানো হয়েছে। এবারের ভোটকেন্দ্র থাকবে ৪২ হাজার ৭৬১টি এবং ভোটকক্ষের সংখ্যা আড়াই লাখের মতো। প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে, যা এ নির্বাচনের অন্যতম উল্লেখযোগ্য পরিবর্তন। ইতোমধ্যে তিন লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচন বিশ্লেষকদের মতে, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজন সময় ব্যবস্থাপনা, গণনা ও নিরাপত্তার ওপর বাড়তি চাপ তৈরি করবে। বিশ্লেষক আব্দুল আলীম বলেন, “একজন ভোটারের দুটি ব্যালট দেওয়ায় সময় বাড়বে এবং গণনার ক্ষেত্রেও সতর্কতা দরকার।” তিনি আরও বলেন, ভোট শেষে গণনার দেরি সহিংসতায় গড়ানোর ঝুঁকি তৈরি করতে পারে, তাই প্রয়োজন আগাম প্রস্তুতি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও সিইসি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ভয়ভীতি বা প্রলোভন থেকে মুক্ত থেকে ভোট দিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার নিরাপত্তায় নিয়োজিত থাকবে।” তিনি অপতথ্য রোধে জনগণকে সতর্ক থাকতে বলেন এবং জানান যে মিথ্যা তথ্য প্রচার বা শেয়ার করা আইনানুগভাবে দণ্ডনীয় অপরাধ।

নতুন নির্বাচন কমিশনের এটি প্রথম জাতীয় ভোট আয়োজন। কমিশনের পাঁচ সদস্যই জানিয়েছেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনায় তারা বদ্ধপরিকর।

১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এক দিনে দুই ব্যালটে ভোট দিয়ে ব্যালট দুটি আলাদা বাক্সে ফেলতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় ৪৬ হাজারের বেশি অভিবাসী আটক, ১২ হাজার ৪৭১ অভিযান চালানো হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


মালয়েশিয়ায় ৪৬ হাজারের বেশি অভিবাসী আটক, ১২ হাজার ৪৭১ অভিযান চালানো হয়েছে

মালয়েশিয়ায় চলমান কঠোর অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ১২ হাজার ৪৭১টি অভিযান পরিচালনা করে দেশটির অভিবাসন বিভাগ ৪৬ হাজার ৪২৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। এই অভিযানে মোট ১ লাখ ৬১ হাজার ৭৪৮ জনের কাগজপত্র যাচাই করা হয়েছে এবং আইন লঙ্ঘনের কারণে ২ হাজারের বেশি নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) লোকমান এফেন্দি রামলি জানিয়েছেন, প্রতিদিন গড়ে ৩৭টিরও বেশি অভিযান পরিচালিত হচ্ছে এবং এ পর্যন্ত ৫২ হাজার ৭৪৩ জন বিদেশিকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সেলাঙ্গর রাজ্যের মেরু এলাকায় একটি পেরেক তৈরির কারখানায় অভিবাসন বিভাগ ও উপদ্বীপীয় মালয়েশিয়া শ্রম বিভাগ (জেটিকেএসএম) যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এই অভিযানে ১৩১ জন পুরুষ বিদেশি কর্মীকে তল্লাশি করা হয় এবং বৈধ কাগজপত্র না থাকা, ভিসার অপব্যবহার এবং অতিরিক্ত সময় অবস্থানের অভিযোগে ৭১ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫১ জন বাংলাদেশি, ১৯ জন নেপালি এবং একজন তাইওয়ানের নাগরিক রয়েছেন।

অভিযান চলাকালে কারখানাটির অত্যন্ত নোংরা পরিবেশ এবং নিরাপত্তা বিধি লঙ্ঘন করে গাদাগাদি অবস্থায় শ্রমিকদের আবাসন ব্যবস্থা দেখে কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেন। পরে আটককৃতদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য অভিবাসন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়। পাশাপাশি শ্রম বিভাগ (জেটিকেএসএম) শ্রমিকদের আবাসন ও সুবিধাদি সংক্রান্ত ন্যূনতম মানদণ্ড আইন ১৯৯০ (অ্যাক্ট ৪৪৬) এবং কর্মসংস্থান আইন ১৯৫৫-এর আওতায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

লোকমান এফেন্দি আরও জানান, গত বুধবার থেকে সারা দেশে ৩৪টি কারখানায় অভিযান চালিয়ে ১ হাজার ৭০২ জন বিদেশি কর্মীকে যাচাই করা হয়েছে, যার মধ্যে ৫১৯ জনকে আটক করা হয়েছে এবং ৪২ জন নিয়োগকর্তা ও মালিককে সমন জারি করা হয়েছে। শ্রম বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ এবং স্থানীয় কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত এই যৌথ বাহিনী অবৈধ কর্মী ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে অভিযান অব্যাহত রাখবে বলেও তিনি জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা গণহত্যায় আইসিজে-র ঐতিহাসিক রায়: কূটনৈতিক সুযোগ ও করণীয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


রোহিঙ্গা গণহত্যায় আইসিজে-র ঐতিহাসিক রায়: কূটনৈতিক সুযোগ ও করণীয়

আন্তর্জাতিক বিচার আদালত (International Court of Justice-ICJ) থেকে আসা ঐতিহাসিক রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী আন্তর্জাতিক আইন এবং গণহত্যার মতো জঘন্য অপরাধের বিচারিক ইতিহাসে নতুন একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। জাতিসংঘের ব্যবস্থার অধীনে আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ায় এটি একটি যুগান্তকারী অধ্যায়, যেখানে মিয়ানমার জান্তার পরিকল্পিত এবং গণহত্যার উদ্দেশ্যে পরিচালিত সহিংসতাকে স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন বা গণহত্যা সনদের আর্টিকেল ২-এর অধীনে এই নৃশংসতাকে ‘গণহত্যা’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং এর দায় মিয়ানমার রাষ্ট্রের ওপর বর্তানো হয়েছে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অভ্যন্তরীণ ডামাডোলের মধ্যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি যেন কোনোভাবেই আমাদের দৃষ্টির আড়ালে চলে না যায়, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রাষ্ট্র হিসেবে আমাদের রাজনৈতিক শক্তি, সামাজিক সংগঠন, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীজনদের এ বিষয়ে সুনির্দিষ্ট ও সমন্বিত করণীয় রয়েছে। এই রায়ের ফলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে কেবল নৈতিক ও আইনি সমর্থনই পাবে না, বরং এটি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ক্ষেত্রে একটি শক্তিশালী আন্তর্জাতিক বাধ্যবাধকতা তৈরিতে সহায়ক হবে। আন্তর্জাতিক আদালত কর্তৃক গণহত্যার রায় ও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের নির্দেশকে আইনি ও কূটনৈতিক সুযোগ হিসেবে বাংলাদেশকে জোরালোভাবে কাজে লাগাতে হবে। এ বিষয়ে এখনই জরুরি আলোচনা ও সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা শুরু করা প্রয়োজন।

যারা আইনি বা ল ব্যাকগ্রাউন্ডের নন, তাদের জন্য সহজ ভাষায় ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলার ফলাফল ও এর ভবিষ্যৎ দিকগুলো নিচে তুলে ধরা হলো:

এই মামলার মূল রায় কী?

বিচারকরা ৯-৬ ভোটে রায় দিয়েছেন যে, মিয়ানমার উত্তর রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। এর ফলে রাষ্ট্র হিসেবে মিয়ানমার আন্তর্জাতিক আইনে দায়ী সাব্যস্ত হয়েছে।

মিয়ানমারের কোনো সেনা কর্মকর্তার কি জেল-ফাঁসি হবে?

না। আইসিজে কেবল রাষ্ট্রের দায় নির্ধারণ করে, কোনো ব্যক্তির কারাদণ্ড বা সাজা দেয় না। তবে এই রায়কে শক্তিশালী প্রমাণ হিসেবে ব্যবহার করে আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICC) মিয়ানমারের সেনা ও শীর্ষ কর্মকর্তাদের ব্যক্তিগত বিচারের পথ আরও সুগম হলো।

মিয়ানমার এই রায় না মানলে কী হবে?

আইসিজের নিজস্ব কোনো পুলিশ বা সেনাবাহিনী নেই। মিয়ানমার রায় না মানলে বা নির্দেশনা অমান্য করলে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাবে। সেখানে মিয়ানমারের ওপর কঠোর অর্থনৈতিক, কূটনৈতিক বা অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের মতো পদক্ষেপ আসতে পারে।

এই রায়ের বিরুদ্ধে কি আপিল করা যাবে?

না, আইসিজের এই রায়ই চূড়ান্ত। তবে ভবিষ্যতে সম্পূর্ণ নতুন ও আগে অজানা ছিল—এমন কোনো অকাট্য প্রমাণ সামনে এলে কেবল রায় ‘পুনর্বিবেচনার’ (Revision) আবেদন করা যেতে পারে।

রোহিঙ্গারা ক্ষতিপূরণ হিসেবে কী পাবে?

মিয়ানমারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যার সুনির্দিষ্ট পরিমাণ আদালত পরবর্তীতে নির্ধারণ করবে। গাম্বিয়া জমিজমা ফেরত, চিকিৎসা, পুনর্বাসন ও নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানিয়েছে।

রোহিঙ্গারা কি এখন দ্রুত নিজ দেশে ফিরতে পারবে?

রাতারাতি বা তাৎক্ষণিকভাবে না ফিরলেও, এই রায় রোহিঙ্গাদের প্রত্যাবাসনের দাবিকে শক্তিশালী আন্তর্জাতিক বৈধতা দিয়েছে। মিয়ানমারের ওপর বিশ্বব্যাপী কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ এখন বহুগুণ বাড়বে।

বিদ্রোহীদের দমন করেছি’—মিয়ানমারের এই যুক্তি টিকল না কেন?

নির্বিচারে সাধারণ মানুষ হত্যা, ব্যাপক যৌন সহিংসতা, গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং শিশুদের ওপর নির্মম নির্যাতনের প্রমাণ দেখে আদালত নিশ্চিত হয়েছে যে, তাদের মূল লক্ষ্য ছিল বিদ্রোহ দমন নয়; বরং রোহিঙ্গা গোষ্ঠীকে ধ্বংস বা নিশ্চিহ্ন করা।

এই রায়ে বাংলাদেশের কী লাভ হলো?

মিয়ানমার যে গণহত্যা চালিয়েছে তা বিশ্ব আদালতে প্রমাণিত হওয়ায় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান, নৈতিক ভিত্তি এবং আন্তর্জাতিক চাপ প্রয়োগের ক্ষমতা আরও শক্তিশালী হলো।

গাম্বিয়া কেন মামলা করল, আর বাংলাদেশ কেন সরাসরি যুক্ত হলো না?

১৯৪৮ সালের ‘গণহত্যা সনদে’ স্বাক্ষরকারী যেকোনো দেশ গণহত্যার বিরুদ্ধে আইসিজেতে মামলা করতে পারে—ওআইসি (OIC)-এর সমর্থনে গাম্বিয়া সেই বৈশ্বিক অধিকার প্রয়োগ করেছে। অন্যদিকে, বাংলাদেশ এই সনদে স্বাক্ষর করার সময় ৯ নম্বর অনুচ্ছেদে একটি শর্ত (Reservation) দিয়েছিল, যার কারণে অন্য দেশের সম্মতি বা অনুমতি ছাড়া বাংলাদেশ সরাসরি আইসিজেতে মামলা করতে পারে না।

এই মামলার পরবর্তী ধাপ কী?

মিয়ানমারকে আগামী দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন দিয়ে জানাতে হবে যে তারা আদালতের নির্দেশগুলো কীভাবে বাস্তবায়ন করছে। পাশাপাশি ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণসহ সংশ্লিষ্ট আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া চলমান থাকবে।

আইসিজের এই রায় রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধানে একটি বড় হাতিয়ার। তবে কেবল রায়ের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না; বরং এটিকে ভিত্তি করে দ্রুত কূটনৈতিক তৎপরতা জোরদার করা, আন্তর্জাতিক মিত্রদের পাশে পাওয়া এবং নিজস্ব কর্মপরিকল্পনা সাজানোই এখন সময়ের দাবি।

লেখক:

চেয়ারম্যান

সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় কারখানা পরিদর্শন করলেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় কারখানা পরিদর্শন করলেন কিম জং উন

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠক না হওয়ার কারণে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে বিভিন্ন কারখানা পরিদর্শন করতে দেখা গেছে এশিয়া সফরের সময়।

শনিবার এই তথ্য প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

এ খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানানো হয়েছে।

কারখানা পরিদর্শনের সময় কিমকে স্কুলের বিভিন্ন সরঞ্জাম ও শিক্ষা উপকরণ পরীক্ষা করতে দেখা যায়।

কিমের সঙ্গে ট্রাম্পের পূর্ববর্তী তিনটি বৈঠক তার প্রথম মেয়াদে অনুষ্ঠিত হয়েছিল। হোয়াইট হাউসে ফিরে আসার পরও ট্রাম্প উত্তর কোরীয় নেতার সঙ্গে পুনরায় বৈঠকের আগ্রহ প্রকাশ করে আসছিলেন।

তবে, বৃহস্পতিবার রাতে চীনের প্রেসিডেন্ট ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় সম্মেলন শেষে ট্রাম্প এশিয়া ত্যাগ করেন।

এ বিষয়ে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ব্যস্ততার কারণে কিমের সঙ্গে বৈঠকের জন্য সময় বের করা সম্ভব হয়নি। তিনি বলেন, "কোনো একসময় আমাদের সেই বৈঠক হবে।"

কেসিএনএর শনিবারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার কারখানা পরিদর্শনের সময় কিম সেখানে উৎপাদিত হতে যাওয়া বিভিন্ন ধরনের স্কুলের আসবাব ও সরঞ্জামের নমুনা পরীক্ষা করেন।

কিম মন্তব্য করেন, ‘বিজ্ঞান ও শিক্ষা আমাদের বিপ্লবীদের ভবিষ্যৎ প্রজন্ম ও বিপ্লব সম্পর্কে দৃষ্টিভঙ্গির সবচেয়ে স্পষ্ট প্রকাশ।’

এর আগে কিম ও ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত তিনটি বৈঠকের মূল লক্ষ্য ছিল উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনা।

জাতিসংঘের বছরের পর বছর ধরে আরোপিত নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে।

বিশ্লেষকদের মতে, চীন ও রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক দেশটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ক্ষেত্রে কম আগ্রহী করে তুলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%