ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঈশ্বরগঞ্জে সম্পত্তি বিরোধে মা-বোনকে পিটিয়ে আটকে রাখার অভিযোগ, হাসপাতালে মায়ের মৃত্যু


ঈশ্বরগঞ্জে সম্পত্তি বিরোধে মা-বোনকে পিটিয়ে আটকে রাখার অভিযোগ, হাসপাতালে মায়ের মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি সংক্রান্ত বিরোধের কারণে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মা ও বোনকে পিটিয়ে ঘরে শিকল দিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ হয়ে পড়া বৃদ্ধা মা মিনারা বেগম (৬৫) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

নিহত মিনারা বেগম ঈশ্বরগঞ্জ পৌরশহরের কাকনহাটি গ্রামের মৃত অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিহাব উদ্দিনের স্ত্রী। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে কামরুল (৪০) ও তার স্ত্রী নিলুফা বেগম (৩৫) আত্মগোপনে রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি নিয়ে মিনারা বেগমের সঙ্গে ছেলে কামরুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর ফলে কামরুল ও তার স্ত্রী প্রায়ই মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

আরও পড়ুন: ভূঞাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক

নিহতের মেয়ে শাহানারা বেগম (চায়না) অভিযোগ করে বলেন, ‘সম্পত্তি নিয়ে বিরোধের কারণে কামরুল ও তার স্ত্রী প্রায়ই মাকে মারধর করত। সোমবার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে তারা মা ও আমাকে মারধর করে। এরপর ঘরের দরজায় বাইরে থেকে শিকল তুলে দিয়ে আমাদের ভেতরে বন্দি করে রাখে। একপর্যায়ে মারধরের আঘাতে মা গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমি ফোনে মামাকে বিষয়টি জানাই। পরে তিনি এসে আমাদের উদ্ধার করে মাকে হাসপাতালে নিয়ে যান।’

স্বজনেরা জানান, সোমবার রাত ১২টার দিকে মিনারা বেগমকে উদ্ধার করে প্রথম দফায় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল। তবে মঙ্গলবার ভোরের দিকে তার শারীরিক অবস্থার আবারও অবনতি ঘটে। পরে ভোর ৫টার দিকে নিহতের ছোট ভাই আলআমিন ও মেয়ে শাহানারা বেগম তাকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।’

আরও পড়ুন: নড়াইল বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল স্বপদে ফিরলেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিয়েভের গুরুত্বপূর্ণ ২টি সেতুতে রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


কিয়েভের গুরুত্বপূর্ণ ২টি সেতুতে রাশিয়ার হামলা

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : সোমবার গভীর রাতে রাশিয়া কিয়েভের গুরুত্বপূর্ণ দুটি সেতুতে হামলা চালিয়েছে। এ হামলার ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে শহরের কয়েকটি এলাকায় ঘর গরম রাখার ব্যবস্থা ও পানি সরবরাহে বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছেন মেয়র।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী কয়েক দিনের মধ্যে রাশিয়ার সম্ভাব্য হামলার বিষয়ে আগেই সতর্ক করেছিলেন। এ হামলা সেই সময় ঘটেছে, যখন যুদ্ধের অবসানের পথ খুঁজতে রাশিয়ার সঙ্গে আলোচনা নিয়ে কিয়েভ, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বৈঠক করছিলেন।

সোমবার স্থানীয় সময় মধ্যরাতের কিছু আগে, কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে একটি পোস্টে জানান, ‘প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর উত্তর ও দক্ষিণ সেতুতে হামলা হয়েছে।’

এর কিছুক্ষণ আগে, ইউক্রেনের বিমানবাহিনী ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছিল।

পরে ক্লিচকো আরেকটি পোস্টে উল্লেখ করেন, ‘শত্রুপক্ষের হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ও পরিষেবা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তিনি জানান, রাজধানীর কয়েকটি এলাকায় তাপ ও পানি সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ইউক্রেনও রাতভর রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মস্কোর মেয়র। অন্যদিকে, রাশিয়ার নিয়োগ করা ক্রিমিয়ার গভর্নর জানিয়েছেন, ইউক্রেনের হামলায় রাশিয়ার সঙ্গে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সংযোগকারী একটি প্রতীকী সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, রাশিয়া হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে ইউক্রেনও পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ‘আজ রাতে, রাতভর এবং আগামীকাল পুরো দিন ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তার দিকে সবাইকে বিশেষ নজর রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘রাশিয়ার জানা উচিত, তারা যে অন্যায় করবে, তার প্রতিটিরই আমরা যথাযথ জবাব দেব।’

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন মঙ্গলবার ভোরে জানান, রাজধানীর দিকে আসা ২০টি ড্রোন প্রতিহত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

এদিকে, টানা দ্বিতীয় দিনের মতো ইউক্রেন রাশিয়ার সঙ্গে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সংযোগকারী একটি প্রতীকী সেতুতে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মস্কো-নিযুক্ত ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ।

মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘এই মুহূর্তে সেতুটিতে যান চলাচল বন্ধ রয়েছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে পোশাক শ্রমিকদের আন্দোলনে পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


টঙ্গীতে পোশাক শ্রমিকদের আন্দোলনে পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বেশ কিছুদিন ধরে চলমান শ্রমিক আন্দোলন গাজীপুর সদর, কোনাবাড়ি, কাশিমপুর, সদর উপজেলার রাজেন্দ্রপুর ভবানীপুর, বাঘেরবাজার ও সালনা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে মঙ্গলবার (১৭ নভেম্বর) টঙ্গীতে পোশাক শ্রমিকদের আন্দোলন শুরু হয়েছে। টঙ্গীর এরশাদ নগর এলাকায় আন্দোলনের প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টার দিকে টঙ্গীর এরশাদ নগর এলাকায় এই ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ টঙ্গী শিল্পাঞ্চলের দুটি গার্মেন্ট বন্ধ ঘোষণা করেছে। এর ফলে গাজীপুর-২ শিল্পাঞ্চলে ৩০টিরও বেশি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক আন্দোলনের কারণে সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে শ্রমিকেরা গাছা এলাকা থেকে টঙ্গীর গাজীপুরা ও এরশাদনগর এলাকায় প্রবেশ করেন। তারা মহাসড়কে অবস্থান করে চলমান শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের রাস্তায় নামানোর চেষ্টা করেন। এসময় পুলিশ বাধা দিলে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরে পুলিশ শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এই পরিস্থিতিতে টঙ্গী এলাকার হুপলোন গার্মেন্ট এবং স্যাটান গার্মেন্ট কর্তৃপক্ষ তাদের কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন (পিপিএম সেবা) বেলা ১টায় কালের কণ্ঠকে বলেন, ‘এই পর্যন্ত আমার নিয়ন্ত্রণাধীন ৩০টির বেশি কারখানায় ছুটি বা বন্ধ ঘোষণা করা হয়েছে। টঙ্গীর এরশাদ নগর এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পবিপ্রবিতে শিক্ষকদের ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


পবিপ্রবিতে শিক্ষকদের ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

পটুয়াখালী, ১৭ নভেম্বর, ২০২৬ : দেশের সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবিতে আজ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) একটি প্রতিবাদ সমাবেশ ও শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘সচেতন শিক্ষকদের’ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।

সমাবেশে উপাচার্য মন্তব্য করেন, সারাদেশে পরিকল্পিত নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাস চালানো কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে কাম্য হতে পারে না।

ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, বিএম অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ জামাল হোসেন, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. একেএম মোস্তফা আনোয়ার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ পরিচালক মো. মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ এবং কর্মচারী মো. কালাম শরীফ ও মো. মাহবুবুর রহমান প্রমুখ।

বক্তারা উল্লেখ করেন, শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। পাশাপাশি ফ্যাসিবাদী অপশক্তির যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে শিক্ষক সমাজ সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল ১৯ নভেম্বর থেকে শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল ১৯ নভেম্বর থেকে শুরু

পাবনাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে শুরু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ। নতুন এই রেল যোগাযোগের উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী রবিউল আলম পাবনা রেলওয়ে স্টেশনে।

উদ্বোধনের প্রস্তুতি হিসেবে স্টেশন এলাকায় চলছে শেষ মুহূর্তের কাজ। নতুন এই যোগাযোগব্যবস্থা চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তবে ট্রেনের রুট নিয়ে কিছু যাত্রী অসন্তোষ প্রকাশ করেছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টায় ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ নামের ট্রেন পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। অপরদিকে, বেলা ৩টা ২৫ মিনিটে ‘পাবনা গোধূলী এক্সপ্রেস’ নামের ট্রেন ঢাকা স্টেশন থেকে পাবনার দিকে যাত্রা শুরু করবে।

স্বাধীনতার পর ১৯৭৪ সালে ঈশ্বরদী-ঢালারচর রেলপথ নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও বাস্তবায়নে কয়েক দশক লেগে যায়। অবশেষে ২০১০ সালে প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়। ঈশ্বরদীর মাঝগ্রাম থেকে পাবনা হয়ে বেড়া উপজেলার ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ করা হয়।

২০২০ সাল থেকে এই পথে নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়। পাবনা থেকে রাজশাহী ও পরবর্তীতে চাপাইনবাবগঞ্জ পর্যন্ত রেল যোগাযোগ চালু থাকলেও পাবনা শহর থেকে সরাসরি রাজধানী ঢাকায় যাওয়ার সুযোগ ছিল না। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

নতুন রেল যোগাযোগ চালুর প্রস্তুতি হিসেবে পাবনা রেলওয়ে স্টেশনে চলছে নানা কার্যক্রম। স্টেশন এলাকা পরিদর্শন করেছেন রেল মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করা হচ্ছে। এদিকে, ভারত থেকে দেশে আনা হয়েছে ১৮টি নতুন রেলকোচ, এর মধ্যে ১২টি কোচ ঢাকা-পাবনা রুটে চলাচলকারী ট্রেনে যুক্ত করা হবে।

নতুন ট্রেন চালু হলে পাবনাবাসীর রাজধানীর সঙ্গে যাতায়াত আরও সহজ হবে বলে স্থানীয়রা আশা করছেন। দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাওয়ায় সাধারণ মানুষ আনন্দিত। নতুন এই রেল যোগাযোগের মাধ্যমে পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। পাশাপাশি, রাজধানীর সঙ্গে জেলার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন পাবনাবাসী।

পাবনা স্টেশন এলাকার বাসিন্দা নবী নেওযাজ মন্তব্য করেন, ‘বহুদিন অপেক্ষা করছি, কবে হবে পাবনা-ঢাকা রেল যোগাযোগ, সেই প্রত্যাশা পূরণ হওয়ায় খুব ভালো লাগছে, তা ভাষায় প্রকাশ করা যায় না।’

পৌর এলাকার মনসুরাবাদ আবাসিক এলাকার বাসিন্দা ইসলাম হোসেন বলেন, ‘পাবনা থেকে ঢাকা সরাসরি ট্রেন চালু হচ্ছে এটা অনেক আনন্দের ব্যাপার। কিন্তু ঈশ্বরদী গিয়ে সময় লাগছে একটু বেশি, এজন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি এ বিষয়টা দেখার জন্য।’

পাবনা স্টেশন এলাকার বাসিন্দা আলামিন হোসেন জানান, ‘এখন কম খরচে আরামদায়ক ভ্রমণ করতে পারব ঢাকা যাতায়াতে। আমরা খুবই আনন্দিত পাবনা-ঢাকা সরাসরি ট্রেন উদ্বোধন হচ্ছে এ জন্য।’

ট্রেনের রুট নিয়ে কিছুটা অসন্তোষ জানিয়ে পাবনা পৌর এলাকার বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন, ‘পাবনা থেকে ঢাকায় যাওয়ার পথে ট্রেনটিকে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে গিয়ে ইঞ্জিন ঘুরিয়ে আবার যাত্রা শুরু করতে হবে। এতে সরাসরি রেল যোগাযোগের সুবিধা মিললেও যাত্রার সময় ও রুট নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছি না।’

নিরাপত্তার বিষয়ে পাকশী রেলওয়ে পুলিশ সুপার মেহেদী হাসান জানান, ‘উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। পাবনা রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%