প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি সংক্রান্ত বিরোধের কারণে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মা ও বোনকে পিটিয়ে ঘরে শিকল দিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ হয়ে পড়া বৃদ্ধা মা মিনারা বেগম (৬৫) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
নিহত মিনারা বেগম ঈশ্বরগঞ্জ পৌরশহরের কাকনহাটি গ্রামের মৃত অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিহাব উদ্দিনের স্ত্রী। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে কামরুল (৪০) ও তার স্ত্রী নিলুফা বেগম (৩৫) আত্মগোপনে রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি নিয়ে মিনারা বেগমের সঙ্গে ছেলে কামরুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর ফলে কামরুল ও তার স্ত্রী প্রায়ই মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।
নিহতের মেয়ে শাহানারা বেগম (চায়না) অভিযোগ করে বলেন, ‘সম্পত্তি নিয়ে বিরোধের কারণে কামরুল ও তার স্ত্রী প্রায়ই মাকে মারধর করত। সোমবার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে তারা মা ও আমাকে মারধর করে। এরপর ঘরের দরজায় বাইরে থেকে শিকল তুলে দিয়ে আমাদের ভেতরে বন্দি করে রাখে। একপর্যায়ে মারধরের আঘাতে মা গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমি ফোনে মামাকে বিষয়টি জানাই। পরে তিনি এসে আমাদের উদ্ধার করে মাকে হাসপাতালে নিয়ে যান।’
স্বজনেরা জানান, সোমবার রাত ১২টার দিকে মিনারা বেগমকে উদ্ধার করে প্রথম দফায় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল। তবে মঙ্গলবার ভোরের দিকে তার শারীরিক অবস্থার আবারও অবনতি ঘটে। পরে ভোর ৫টার দিকে নিহতের ছোট ভাই আলআমিন ও মেয়ে শাহানারা বেগম তাকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন