প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাবনাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে শুরু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ। নতুন এই রেল যোগাযোগের উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী রবিউল আলম পাবনা রেলওয়ে স্টেশনে।
উদ্বোধনের প্রস্তুতি হিসেবে স্টেশন এলাকায় চলছে শেষ মুহূর্তের কাজ। নতুন এই যোগাযোগব্যবস্থা চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তবে ট্রেনের রুট নিয়ে কিছু যাত্রী অসন্তোষ প্রকাশ করেছেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টায় ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ নামের ট্রেন পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। অপরদিকে, বেলা ৩টা ২৫ মিনিটে ‘পাবনা গোধূলী এক্সপ্রেস’ নামের ট্রেন ঢাকা স্টেশন থেকে পাবনার দিকে যাত্রা শুরু করবে।
স্বাধীনতার পর ১৯৭৪ সালে ঈশ্বরদী-ঢালারচর রেলপথ নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও বাস্তবায়নে কয়েক দশক লেগে যায়। অবশেষে ২০১০ সালে প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়। ঈশ্বরদীর মাঝগ্রাম থেকে পাবনা হয়ে বেড়া উপজেলার ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ করা হয়।
২০২০ সাল থেকে এই পথে নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়। পাবনা থেকে রাজশাহী ও পরবর্তীতে চাপাইনবাবগঞ্জ পর্যন্ত রেল যোগাযোগ চালু থাকলেও পাবনা শহর থেকে সরাসরি রাজধানী ঢাকায় যাওয়ার সুযোগ ছিল না। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
নতুন রেল যোগাযোগ চালুর প্রস্তুতি হিসেবে পাবনা রেলওয়ে স্টেশনে চলছে নানা কার্যক্রম। স্টেশন এলাকা পরিদর্শন করেছেন রেল মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করা হচ্ছে। এদিকে, ভারত থেকে দেশে আনা হয়েছে ১৮টি নতুন রেলকোচ, এর মধ্যে ১২টি কোচ ঢাকা-পাবনা রুটে চলাচলকারী ট্রেনে যুক্ত করা হবে।
নতুন ট্রেন চালু হলে পাবনাবাসীর রাজধানীর সঙ্গে যাতায়াত আরও সহজ হবে বলে স্থানীয়রা আশা করছেন। দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাওয়ায় সাধারণ মানুষ আনন্দিত। নতুন এই রেল যোগাযোগের মাধ্যমে পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। পাশাপাশি, রাজধানীর সঙ্গে জেলার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন পাবনাবাসী।
পাবনা স্টেশন এলাকার বাসিন্দা নবী নেওযাজ মন্তব্য করেন, ‘বহুদিন অপেক্ষা করছি, কবে হবে পাবনা-ঢাকা রেল যোগাযোগ, সেই প্রত্যাশা পূরণ হওয়ায় খুব ভালো লাগছে, তা ভাষায় প্রকাশ করা যায় না।’
পৌর এলাকার মনসুরাবাদ আবাসিক এলাকার বাসিন্দা ইসলাম হোসেন বলেন, ‘পাবনা থেকে ঢাকা সরাসরি ট্রেন চালু হচ্ছে এটা অনেক আনন্দের ব্যাপার। কিন্তু ঈশ্বরদী গিয়ে সময় লাগছে একটু বেশি, এজন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি এ বিষয়টা দেখার জন্য।’
পাবনা স্টেশন এলাকার বাসিন্দা আলামিন হোসেন জানান, ‘এখন কম খরচে আরামদায়ক ভ্রমণ করতে পারব ঢাকা যাতায়াতে। আমরা খুবই আনন্দিত পাবনা-ঢাকা সরাসরি ট্রেন উদ্বোধন হচ্ছে এ জন্য।’
ট্রেনের রুট নিয়ে কিছুটা অসন্তোষ জানিয়ে পাবনা পৌর এলাকার বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন, ‘পাবনা থেকে ঢাকায় যাওয়ার পথে ট্রেনটিকে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে গিয়ে ইঞ্জিন ঘুরিয়ে আবার যাত্রা শুরু করতে হবে। এতে সরাসরি রেল যোগাযোগের সুবিধা মিললেও যাত্রার সময় ও রুট নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছি না।’
নিরাপত্তার বিষয়ে পাকশী রেলওয়ে পুলিশ সুপার মেহেদী হাসান জানান, ‘উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। পাবনা রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন