ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি, তদন্ত শুরু মুম্বাই পুলিশের


সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি, তদন্ত শুরু মুম্বাই পুলিশের

মুম্বাই পুলিশ অভিনেতা সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি দেওয়ার একটি অডিও ক্লিপের ঘটনায় তদন্ত শুরু করেছে। এই হুমকিটি ২০২৪ সালের অক্টোবরে মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি হত্যা মামলার পলাতক আসামি জিশান আখতার দ্বারা দেওয়া হয়েছে কিনা, অথবা কেউ তার পরিচয় ব্যবহার করে অডিওটি তৈরি করেছে, তা যাচাই করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে সক্রিয় অপরাধী চক্র রোহিত গোদারা গ্যাংয়ের নামে হুমকির অডিওটি ছড়িয়ে পড়েছে। বক্তা নিজেকে জিশান আখতার বলে পরিচয় দিয়েছেন।

২০২৪ সালের অক্টোবরে মুম্বাইয়ের বান্দ্রায় ছেলে জিশান সিদ্দিকির অফিসের সামনে গুলি করে হত্যা করা হয় বাবা সিদ্দিকিকে। এরপর থেকেই পলাতক রয়েছেন জিশান আখতার। তদন্তকারীরা প্রথমে তাকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট সমন্বয়কারী হিসেবে শনাক্ত করেছিলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি অযাচাইকৃত ভিডিওতে আখতার দাবি করেন, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং রোহিত গোদারা গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছেন।

আরও পড়ুন: আইসিজের রায় রোহিঙ্গাদের দুর্দশার দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি: এইচআরডব্লিউ

প্রাথমিক তথ্য অনুযায়ী, সাইফ আলী খানের স্ত্রী কারিনা কাপুরকে ঘিরে সাম্প্রতিক একটি বিতর্কের কারণে তাকে হুমকি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

মুম্বাই পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে জানান, পুলিশ হুমকির বিষয়টি তদন্ত করছে এবং অডিওটি জিশান আখতার পাঠিয়েছেন কিনা, কিংবা কেউ তার পরিচয়ে পাঠিয়েছেন কিনা, তা যাচাই করা হচ্ছে। ওই কর্মকর্তার সংগঠিত অপরাধ ও সাইবার চাঁদাবাজির মামলার তদন্তে এক দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে।

পুলিশের ফরেনসিক ও সাইবার অপরাধবিষয়ক দল অডিও বার্তার কণ্ঠস্বরের বৈশিষ্ট্য পরিচিত নমুনার সঙ্গে মিলিয়ে দেখছে। চলচ্চিত্রজগতের পরিচিত ব্যক্তিদের লক্ষ্য করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া হুমকির ফোন ও অডিও তৈরির ঘটনা সম্প্রতি বেড়েছে।

চলতি মাসের শুরুতে একই ধরনের হুমকির অডিও পাঠানোর অভিযোগে ৩০ বছর বয়সী বৈভব মিশ্রকে গ্রেফতার করে মুম্বাই পুলিশের অপরাধ শাখা। তিনি ভারতের ইনস্টিটিউট অব টেকনোলজির স্নাতক এবং বেঙ্গালুরুতে প্রযুক্তিবিদ হিসেবে কাজ করতেন। অভিনেতা আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুরকে একই ধরনের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন: জামায়াতের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের বক্তব্যের অভাব নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান

তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদে বৈভব মিশ্রের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কণ্ঠস্বর নকলের সফটওয়্যার এবং ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাব ব্যবহারের তথ্য পাওয়া গেছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিতে তিনি ‘হ্যারি বক্সার’ ও ‘অনিল পণ্ডিত’সহ বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করেছিলেন বলে অভিযোগ। তুষার কাপুরের কাছে পাঁচ কোটি রুপি এবং আয়ুষ্মান খুরানার কাছে কয়েক কোটি রুপি চাঁদা দাবি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

মুম্বাই পুলিশের সূত্রের দাবি, মিশ্র কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হুমকি দিলেও কোনো অপরাধী চক্রের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল না। মুম্বাইয়ে সাম্প্রতিক কয়েকটি আলোচিত নিরাপত্তা ঘটনার পর তিনি ৫০ জনের বেশি তারকাকে বার্তা পাঠিয়েছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

সাইফ আলী খানকে লক্ষ্য করে সর্বশেষ হুমকির ঘটনা উত্তর ভারতের অপরাধী চক্র ও বলিউড তারকাদের ঘিরে ধারাবাহিক নিরাপত্তা উদ্বেগের মধ্যে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফের জুহুর বাসার বাইরে গুলির ঘটনা ঘটেছে। নিরাপত্তা উদ্বেগের কারণে অভিনেতা অমিতাভ বচ্চনও মুম্বাইয়ের বাসায় সুরক্ষামূলক কাচের ঘের স্থাপন করেছেন।

আরও পড়ুন: এটাই সাইকোপ্যাথের চরিত্র, গণহত্যা চালিয়ে এখন ভিকটিম সেজেছেন: সোহেল তাজ

এর আগে বান্দ্রায় নিজের বাড়ির ভেতরে ছুরিকাঘাতের হামলা থেকে বেঁচে যান সাইফ আলী খান। এ ছাড়া বান্দ্রায় অভিনেতা সালমান খানের বাসার বাইরে এবং জুহুতে চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির বাড়ির বাইরেও গুলি চালানোর ঘটনা ঘটেছে।

গত আগস্টে সাবেক বিধায়ক জিশান সিদ্দিকিও পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, পর্তুগাল থেকে আসা একটি নম্বরের ভয়েস বার্তায় তাকে হুমকি দেওয়া হয়েছে। ওই বার্তায় বক্তা নিজেকে জিশান আখতার পরিচয় দিয়ে রোহিত গোদারা গ্যাংয়ের পক্ষ থেকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রায়পুরায় গ্রামীণ ব্যাংকে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


রায়পুরায় গ্রামীণ ব্যাংকে আগুন

নরসিংদীর রায়পুরায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি কাঠের র‌্যাক এবং কিছু পুরনো নথিপত্র পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যাংকটির ব্রাঞ্চ ম্যানেজার রেজাউল কবীর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘বুধবার রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ব্যাংকের একটি কক্ষের এক কোণে আগুনের সূত্রপাত হয়। এতে দুটি কাঠের র‌্যাক ও কিছু পুরনো নথিপত্র পুড়ে যায়। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

এদিকে, গ্রামীণ ব্যাংকের রাধাগঞ্জ বাজার শাখায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রায়পুরা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এ ঘটনার সঙ্গে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখার আহ্বান জানান। একই সঙ্গে আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবেন বলেও জানান তারা।

রায়পুরা থানার ওসি মজিবুর রহমান জানিয়েছেন, ‘ব্যাংকের কর্মকর্তারা আগুন লাগার কোনো কারণ জানাতে পারেননি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপি নেতাকে মারধরের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


এনসিপি নেতাকে মারধরের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে তদন্ত শুরু

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় শাহারিয়ার নাফিজ শুভ (২১) নামে এক এনসিপি নেতার ওপর মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়জুল হক সাকিবের বিরুদ্ধে। এই ঘটনায় শুভকে রক্ষা করতে গিয়ে তার বাবা আহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাগানবাজার ইউনিয়নের বড়বিল এলাকায় এই ঘটনা ঘটে।

আহত শাহারিয়ার নাফিজ শুভ উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব হলুদিয়া গ্রামের হানিফ মিয়ার ছেলে। তিনি উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযুক্ত ফয়জুল হক সাকিব (২২) বাগানবাজার ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গার্ডের দোকান এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় শতাধিক মোটরসাইকেল নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনবিরোধী মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। সাকিবের নেতৃত্বে মিছিলটি বড়বিল বাজারে পৌঁছালে শুভকে ছাত্রলীগের কর্মী হিসেবে চিহ্নিত করে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় ছেলেকে রক্ষা করতে গিয়ে তার বাবাও হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

আহত শুভ বলেন, "ছাত্রদলের লীগবিরোধী মিছিলকে আমরা স্বাগত জানাই। কিন্তু প্রকাশ্য বাজারে এভাবে আমাকে ও আমার বাবাকে মারধর করবে, তা ভাবিনি। অথচ আমার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমি কখনো ছাত্রলীগ করিনি। জুলাই আন্দোলনে রাজপথে ভূমিকা রেখেছি।"

অভিযোগের বিষয়ে ফয়জুল হক সাকিব বলেন, "ছেলেটি ছাত্রলীগের একজনকে বাঁচিয়েছে, তাই তাকে মেরেছি। সে নিজেও ছাত্রলীগ করত এবং সাবেক চেয়ারম্যান প্রার্থী সাজুর সঙ্গে ছিল। তারাও আমাকে মেরেছে।"

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সাকিব ও শুভ দুজনই সাবেক চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন সাজুর সঙ্গে চলাফেরা করতেন। শাহাদাত হোসেন সাজু বিগত সরকারের আমলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এ বিষয়ে জানতে বাগানবাজার ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার হুসাইন মুহাম্মদ এনামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে জানাবেন বলে জানান।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা এবিএম মোজাম্মেল হক জানান, শাহরিয়ার শুভ নামে একজন যুবককে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফিরে গেছেন।

ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে লকডাউনের প্রভাব নেই, বার্ষিক পরীক্ষা স্বাভাবিকভাবে অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


শিক্ষাপ্রতিষ্ঠানে লকডাউনের প্রভাব নেই, বার্ষিক পরীক্ষা স্বাভাবিকভাবে অনুষ্ঠিত

রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয়েছে, যদিও আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত কথিত লকডাউন চলছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল স্বাভাবিক। কোথাও পরীক্ষা কার্যক্রমে বিঘ্ন বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে। অভিভাবকেরাও স্বাভাবিকভাবে সন্তানদের নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছান। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পরীক্ষা আয়োজন ও পরিচালনায় কোনো সমস্যা হয়নি।

কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, লকডাউন কর্মসূচি ঘিরে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি হয়নি। নিয়মিত সময়সূচি মেনে পরীক্ষা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষা দিতে আসা বা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোনো বাধা সৃষ্টি হয়নি।

সন্তানকে পরীক্ষা দিতে নিয়ে আসা কয়েকজন অভিভাবক জানান, সকালে বাসা থেকে বের হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে কোনো সমস্যায় পড়তে হয়নি। সড়কে যানবাহন চলাচলও ছিল স্বাভাবিক। গণপরিবহন ও ব্যক্তিগত গাড়িতে সহজেই সন্তানদের নিয়ে স্কুলে পৌঁছানো গেছে। লকডাউন নিয়ে আগে কিছুটা উদ্বেগ থাকলেও চলাচলের ক্ষেত্রে তেমন কোনো প্রভাব দেখা যায়নি।

এদিকে, পরীক্ষা চলাকালে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে বাড়তি সতর্কতা দেখা গেছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিছু প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে। প্রবেশপথ ও আশপাশের এলাকায় নজরদারি রাখা হয়।

পুলিশ সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিল। কোথাও যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট এলাকায় পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

সব মিলিয়ে, নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউন কর্মসূচির মধ্যেও রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রমে দৃশ্যমান কোনো প্রভাব পড়েনি। নির্ধারিত সূচি অনুযায়ী বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সড়কে যানবাহন চলাচল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশও ছিল স্বাভাবিক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত

হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যা’ চালানোর প্রমাণ পেয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণার সময় বিচারক ইয়াসাওয়া ইয়ুজি এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এটি স্পষ্ট হয়েছে যে, নির্দিষ্ট কিছু স্থানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্বিচার হত্যাকাণ্ড, পুরুষদের আলাদা করে মৃত্যুদণ্ড কার্যকর করা, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের ঘরবাড়ি ইচ্ছাকৃতভাবে জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনার সঙ্গে জড়িত ছিল।

বিচারক আরও বলেন, আদালত প্রমাণ পেয়েছে যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে এবং ব্যাপকভাবে যৌন সহিংসতা চালিয়েছে। এছাড়া, শিশুদের ওপরও চরম নৃশংসতা চালানো হয়েছে এবং যখন রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন তাদের ওপর হামলা চালানো হয়েছে।

আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে, রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করে আসছে। বিচারক ইউজি বলেন, আদালত দেখতে পেয়েছে যে, মিয়ানমার সরকার ঐতিহাসিকভাবে রোহিঙ্গাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে আসছে। বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধগুলো ক্রমান্বয়ে তাদের অধিকারকে ক্ষুণ্ণ করেছে এবং তাদের প্রান্তিক করে অত্যন্ত অরক্ষিত অবস্থার দিকে ঠেলে দিয়েছে। সামরিক বাহিনী-সমর্থিত বিদ্বেষমূলক বক্তব্যও তাদের বিরুদ্ধে শত্রুতাকে উসকে দিয়েছে।

রায় পড়ার সময় বিচারক ইয়াসাওয়া ইয়ুজি রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেন। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গাদের নিজস্ব ভাষা ও শিল্পকলা রয়েছে এবং তারা নিজেদের স্বতন্ত্র পরিচয়ে চিহ্নিত করে।

বিচারক কিছু সাক্ষ্য-প্রমাণের কথা উল্লেখ করে বলেন, মিয়ানমার কয়েক দশক ধরে রোহিঙ্গাদের প্রতি বৈষম্য করে আসছে এবং তারা একটি সুরক্ষিত গোষ্ঠী হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য। একইসঙ্গে, রাখাইনে মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর দমন-পীড়নে প্রায় দশ হাজার মানুষ নিহত হয়েছেন। বিচারক ইউজি বলেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, ২০১৭ সালের ক্লিয়ারেন্স অপারেশন বা শুদ্ধি অভিযানের সময় প্রায় দশ হাজার রোহিঙ্গাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।

উল্লেখ্য, রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার চেয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। মিয়ানমারের রাখাইন রাজ্যে ওই গণহত্যা চালানো হয়।

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে গাম্বিয়ার দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযান ও নির্যাতন ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%