ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভাসানী বিশ্ববিদ্যালয় ও বিসিকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর


ভাসানী বিশ্ববিদ্যালয় ও বিসিকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের(বিসিক) সঙ্গে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, ঋণ সহায়তা এবং শিল্প প্লট বরাদ্দসহ বিভিন্ন সুবিধা লাভ করবেন। শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ১২ তলার সম্মেলন কক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুরর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রবিউল ইসলাম লিটন, বিসিকের পরিচালক (প্রশাসন) মুহম্মদ কামরুজ্জামান, পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মো. সহীদুজ্জামান এবং বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহম্মেদ।

এই সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান যৌথ প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা জোরদারে কাজ করবে।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

পরে বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের যৌথ আয়োজনে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের প্রথম ধাপের উদ্বোধন করা হয়। প্রথম ধাপে ৩০ জন শিক্ষার্থী এই প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন।

প্রশিক্ষণে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিকের শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদের প্রধান অনুষদ সদস্য মোহাম্মদ আজাদ হোসেন। কোর্স সমন্বয়কারী হিসেবে রয়েছেন একই অনুষদের সহকারী অনুষদ সদস্য জোনায়েত হোসেন। এই প্রশিক্ষণ ২১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ ও পরিচালনা, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং সম্ভাবনাময় উদ্যোগ বাস্তবায়নের কৌশল শেখানো হবে। শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি, আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা এবং নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলার দক্ষতা বাড়ানো এই প্রশিক্ষণের লক্ষ্য। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে ১৪ মাসের মধ্যে স্বর্ণের সর্বনিম্ন দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


বিশ্ববাজারে ১৪ মাসের মধ্যে স্বর্ণের সর্বনিম্ন দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম ব্যাপকভাবে কমে গেছে। একদিনের মধ্যে ১ শতাংশের বেশি দাম হ্রাস পেয়ে, মূল্যবান এই ধাতুর দাম গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসার কারণে বিনিয়োগকারীরা আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আশাবাদী। এই পরিস্থিতি স্বর্ণের দামে প্রভাব ফেলছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ৩ হাজার ৬৭৪ দশমিক ১৩ ডলারে পৌঁছায়। লেনদেনের এক পর্যায়ে দাম ৩ হাজার ৬৬৭ দশমিক ১৯ ডলারে নেমে যায়। এটি ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন দাম।

অন্যদিকে, ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার মূল্যও ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৬৮৫ দশমিক ৫০ ডলারে লেনদেন শেষ হয়েছে।

এভারব্যাংকের ওয়ার্ল্ড মার্কেটস বিভাগের প্রধান ক্রিস গ্যাফনি মন্তব্য করেন, সুদের হার বৃদ্ধির প্রত্যাশা এবং ডলারের শক্তিশালী অবস্থান—এই দুটি বিষয় বর্তমানে স্বর্ণের দাম কমার প্রধান কারণ হিসেবে কাজ করছে।

তিনি জানান, গত মাসের ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) বৈঠকের কার্যবিবরণীতে দেখা গেছে, ফেডের প্রায় সকল কর্মকর্তা মনে করছেন সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে। ওই বৈঠকের পর প্রকাশিত মূল্যস্ফীতির তথ্যও সুদের হার বৃদ্ধির পক্ষে অবস্থানকে শক্তিশালী করেছে।

এদিকে, চলতি সপ্তাহে ডলার সূচক ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য ডলারে নির্ধারিত স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদায় চাপ সৃষ্টি হচ্ছে।

ফেডের বৈঠকের কার্যবিবরণীতে মূল্যস্ফীতি আরও বাড়ার ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আরও কঠোর মুদ্রানীতি গ্রহণের প্রয়োজন হতে পারে বলেও নীতিনির্ধারকেরা মনে করছেন।

ফেডের গভর্নর ক্রিস্টোফার ওয়ালারসহ কয়েকজন কর্মকর্তা চলতি সপ্তাহে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপের পক্ষে মত দিয়েছেন।

ফেডের আরেক গভর্নর মাইকেল বারও বলেছেন, মূল্যস্ফীতির চাপ এখনও বিদ্যমান থাকায় তিনি কঠোর মুদ্রানীতির পক্ষে সমর্থন দিতে পারেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে ৩৮ ক্রিকেটার, বাদ পড়লেন পরিচিত তারকারা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে ৩৮ ক্রিকেটার, বাদ পড়লেন পরিচিত তারকারা

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন মেয়াদে ৩৮ জন পুরুষ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় এনেছে। এই চুক্তি, যা শনিবার (২১ নভেম্বর) ঘোষণা করা হয়েছে, আগামী বছরের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

তবে, পাকিস্তানের বেশ কয়েকজন পরিচিত ও অভিজ্ঞ ক্রিকেটার এই ঘোষিত তালিকায় স্থান পাননি। বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, শান মাসুদ এবং সাইম আইয়ুব। জিও সুপারের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

পিসিবি এবার কেন্দ্রীয় চুক্তির কাঠামোয় ব্যাপক পরিবর্তন এনেছে। পূর্বে প্রচলিত এ, বি, সি ও ডি গ্রেডের ভিত্তিতে চুক্তি প্রদান করা হলেও, এবার বোর্ড সেই পদ্ধতি থেকে সরে এসে খেলোয়াড়দের পারফরম্যান্স এবং নির্দিষ্ট ফরম্যাটে অবদানের ভিত্তিতে পাঁচটি পৃথক ক্যাটাগরি বা ট্র্যাক চালু করেছে।

নতুন ব্যবস্থায় সর্বোচ্চ পর্যায়ের ট্র্যাক এবি (টেস্ট ও ওয়ানডে) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন মাত্র দুজন ক্রিকেটার, যারা হলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম এবং অভিজ্ঞ অলরাউন্ডার সালমান আলী আগা।

ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটের জন্য নির্ধারিত ট্র্যাক বি-তে ছয়জন ক্রিকেটার রয়েছেন। এই তালিকায় অন্তর্ভুক্ত আছেন শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফাহিম আশরাফ এবং হারিস রউফ।

শুধু টেস্ট ক্রিকেটের জন্য নির্ধারিত ট্র্যাক এ-তে চারজন ক্রিকেটার স্থান পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান এবং সৌদ শাকিল।

অন্যদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটের গুরুত্ব বিবেচনায় ট্র্যাক সি-তে সাত ক্রিকেটারকে রাখা হয়েছে। এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান এবং উসমান তারিক।

এছাড়া, ভবিষ্যতের ক্রিকেটার গড়ে তোলার লক্ষ্যে ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে ১৯ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকায় রয়েছেন সুফিয়ান মুকিম, মুহাম্মদ গাজী ঘোরি, রাজাউল্লাহসহ আরও কয়েকজন তরুণ ক্রিকেটার।

সব মিলিয়ে, নতুন কাঠামোয় ৩৮ জন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করেছে পিসিবি। তবে, রিজওয়ান, ইমাম, শান মাসুদ এবং সাইম আইয়ুবের মতো পরিচিত ক্রিকেটারদের বাদ পড়া এবারের কেন্দ্রীয় চুক্তিকে ঘিরে বাড়তি আলোচনা সৃষ্টি করেছে।

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা

টেস্ট ও ওয়ানডে (ট্র্যাক এবি): সর্বোচ্চ স্তরের এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মাত্র দুজন ক্রিকেটার। তারা হলেন বাবর আজম এবং সালমান আলী আগা।

শুধু টেস্ট (ট্র্যাক এ): টেস্ট ক্রিকেটের জন্য নির্ধারিত এই ক্যাটাগরিতে রয়েছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান এবং সৌদ শাকিল।

ওয়ানডে ও টি-টোয়েন্টি (ট্র্যাক বিসি): দুই সাদা বলের ফরম্যাটের জন্য নির্ধারিত এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ এবং শাহিন শাহ আফ্রিদি।

শুধু টি-টোয়েন্টি (ট্র্যাক সি): টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের জন্য রাখা এই ক্যাটাগরিতে রয়েছেন হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান এবং উসমান তারিক।

ডেভেলপমেন্ট ক্যাটাগরি: উদীয়মান ক্রিকেটারদের জন্য রাখা এই ক্যাটাগরিতে রয়েছেন ১৯ জন। তারা হলেন আবদুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, মোহাম্মদ তায়্যিব আরিফ, মুহাম্মদ গাজী ঘোরি, মুহাম্মদ ইমরান রনধাওয়া, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হোসেন, সুফিয়ান মুকিম এবং উবায়েদ শাহ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুসলিম বেড়ে যাওয়ার আশঙ্কায় খ্রিস্টানদেরকে ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


মুসলিম বেড়ে যাওয়ার আশঙ্কায় খ্রিস্টানদেরকে ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির বার্তা

বিশ্বে মুসলিম জনসংখ্যার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে খ্রিস্টানদেরকে অধিক সন্তান জন্ম দিতে এবং গির্জার শিক্ষায় খ্রিষ্টীয় মূল্যবোধে তাদের বড় করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তার এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে।

শনিবার (২১ নভেম্বর) এনডিটিভির প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেভিট একটি পোস্টে লেখেন, ‘বিয়ে করুন, বেশি সন্তান নিন, তাদের গির্জায় বড় করুন এবং আমেরিকাকে ভালোবাসতে শেখান।’ পোস্টের সঙ্গে ওয়াশিংটন পোস্টের একটি শিরোনামের স্ক্রিনশট যুক্ত করেন তিনি, যেখানে উল্লেখ করা হয়, ‘গবেষণায় দেখা গেছে, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলমানের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে।’

লেভিটের পোস্টে খ্রিস্টানদের জন্য বিয়ে, পারিবারিক জীবন এবং ধর্মের গুরুত্ব তুলে ধরা হয়েছে। পোস্টটি নিয়ে অনলাইনে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার পারিবারিক মূল্যবোধ ও ধর্মের ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টিকে সমর্থন করেছেন, আবার অন্যরা প্রশ্ন তুলেছেন, জনপরিচিত ব্যক্তিদের এভাবে নির্দিষ্ট জীবনধারা বা ধর্মীয় পথ অনুসরণের আহ্বান জানানো উচিত কিনা।

যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শিশুদের দেখাশোনার খরচ এবং তরুণ পরিবারগুলোর আর্থিক চাপের বিষয়টিও আলোচনায় এসেছে। কিছু মন্তব্যকারী বলেছেন, বড় হওয়ার পর সন্তানদের নিজেদের ধর্মীয় বিশ্বাস বেছে নেয়ার স্বাধীনতা থাকা উচিত।

একজন মন্তব্যকারী উল্লেখ করেন, ‘এটিকে খ্রিষ্টান ও মুসলমানদের মধ্যে সন্তান জন্মদানের প্রতিযোগিতা হিসেবে দেখা উচিত নয়। প্রকৃত সমাধান সহজ— পশ্চিমা দেশগুলোতে অভিবাসন সীমিত বা বন্ধ করা, যাতে পশ্চিমা দেশগুলো নিজেদের সংস্কৃতি ধরে রাখতে পারে।’

অন্য একজন মন্তব্য করেছেন, ‘যারা মাতৃত্বকালীন ছুটি, শিশুদের পরিচর্যা কেন্দ্র, জীবনধারণের উপযোগী মজুরি ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার বিরোধিতা করেন, তারাই আবার বলেন, বেশি সন্তান নিন। এরপর তারা অবাক হন, মানুষ কেন বেশি সন্তান নিচ্ছে না।’

তৃতীয় একজন মন্তব্য করেন, ‘ক্যারোলিন, আমাদের আর সন্তান নেওয়ার সামর্থ্য নেই।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন, পুড়ে ছাই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


কালিগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন, পুড়ে ছাই

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের দ্বারা পেট্রোল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কার্যালয়টি সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (২০ নভেম্বর) রাত ২টার দিকে। এতে কার্যালয়ের ভিতরে থাকা আসবাবপত্রও পুড়ে গেছে।

এ ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় ছাত্রদল কর্মী শাকিল খান জানান, রাত ২টার দিকে বারবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএনপির কার্যালয়ে আগুন দেখতে পান এক নারী। তার চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় কার্যালয়ে থাকা টেলিভিশন, ফ্যান, চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে সন্ত্রাসীরা উপজেলার হাসিলবাগ গ্রামের কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়েছে। এর ফলে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে গেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অচিরেই কালীগঞ্জে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে বিএনপি।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে কে বা কারা আগুন দিয়েছে, এ বিষয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%