ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কালিগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন, পুড়ে ছাই


কালিগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন, পুড়ে ছাই

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের দ্বারা পেট্রোল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কার্যালয়টি সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (২০ নভেম্বর) রাত ২টার দিকে। এতে কার্যালয়ের ভিতরে থাকা আসবাবপত্রও পুড়ে গেছে।

এ ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

স্থানীয় ছাত্রদল কর্মী শাকিল খান জানান, রাত ২টার দিকে বারবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএনপির কার্যালয়ে আগুন দেখতে পান এক নারী। তার চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় কার্যালয়ে থাকা টেলিভিশন, ফ্যান, চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে সন্ত্রাসীরা উপজেলার হাসিলবাগ গ্রামের কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়েছে। এর ফলে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে গেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অচিরেই কালীগঞ্জে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে বিএনপি।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে কে বা কারা আগুন দিয়েছে, এ বিষয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুরে অন-সাইট জরুরি প্রস্তুতিতে ঘাটতি পায়নি আইএইএ, জাতীয় সমন্বয় জোরদারে সুপারিশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


রূপপুরে অন-সাইট জরুরি প্রস্তুতিতে ঘাটতি পায়নি আইএইএ, জাতীয় সমন্বয় জোরদারে সুপারিশ

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি ও অবকাঠামোর ইতিবাচক দিক আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) ১০ দিনব্যাপী Emergency Preparedness Review (EPREV) মিশনে কেন্দ্রটির নিজস্ব জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র এবং আধুনিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামোকে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, আইএইএর প্রকাশিত মূল্যায়নে রূপপুরের অন-সাইট জরুরি ব্যবস্থাপনায় কোনো নির্দিষ্ট ঘাটতি বা সংশোধনমূলক পদক্ষেপের সুপারিশ উল্লেখ করা হয়নি।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) তত্ত্বাবধানে গত ৮ থেকে ১৮ নভেম্বর এই পর্যালোচনা অনুষ্ঠিত হয়। ১৮ নভেম্বর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে আইএইএ দেশের জরুরি প্রস্তুতির ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি জাতীয় পর্যায়ে সমন্বয় আরও জোরদারের সুপারিশ করেছে।

আইএইএর বিশেষজ্ঞ দল বাংলাদেশের জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামোর দুটি উল্লেখযোগ্য শক্তিশালী দিক চিহ্নিত করেছে। প্রথমত, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা ভিত্তিক সুপ্রতিষ্ঠিত ব্যবস্থা, যা পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত কার্যক্রমের ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

দ্বিতীয়ত, রূপপুরের নিজস্ব জরুরি সাড়াদান সক্ষমতা। বিশেষজ্ঞ দল কেন্দ্রের চিকিৎসাসেবা ও মনস্তাত্ত্বিক সহায়তাসম্পন্ন চিকিৎসাকেন্দ্র এবং অগ্নিনির্বাপণ কর্মীদের বাস্তব পরিস্থিতিতে প্রশিক্ষণের জন্য নির্মিত আধুনিক ফায়ার স্টেশন সিমুলেটরকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে। এসব অবকাঠামো জরুরি প্রস্তুতি, প্রশিক্ষণ ও নিয়মিত পুনঃপ্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান শনিবার (২১ নভেম্বর) বলেন, আইএইএর মূল্যায়ন বুঝতে অন-সাইট ও অফ-সাইট জরুরি ব্যবস্থাপনার পার্থক্য বিবেচনা করা জরুরি। অন-সাইট ব্যবস্থাপনা কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান, দুর্ঘটনা মোকাবিলা, অগ্নিনির্বাপণ, চিকিৎসাসেবা ও কর্মীদের সুরক্ষার সঙ্গে সম্পৃক্ত। অন্যদিকে, অফ-সাইট ব্যবস্থাপনা জাতীয় ও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উদ্ধারকারী সংস্থা এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রমের ওপর নির্ভরশীল।

তিনি জানান, আইএইএর সুপারিশের মূল লক্ষ্য জাতীয় জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামোকে আরও সমন্বিত করা। বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ড. জাহেদুল হাসান বলেন, “পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি শুধু একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল নয়; কেন্দ্রের নিজস্ব প্রস্তুতির পাশাপাশি জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সক্ষমতাও গুরুত্বপূর্ণ। রূপপুরের জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাসেবা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামো আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের মূল্যায়নে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত হওয়া তাৎপর্যপূর্ণ। জাতীয় পর্যায়ে সমন্বয় জোরদারের সুপারিশকে কেন্দ্রের নিজস্ব ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করা ঠিক হবে না।

তিনি আরও বলেন, পারমাণবিক নিরাপত্তা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এনপিসিবিএল নিয়মিত প্রশিক্ষণ, জরুরি প্রস্তুতি যাচাই ও আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণের মাধ্যমে রূপপুরের সক্ষমতা আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

পরমাণু বিশেষজ্ঞদের মতে, সুপারিশ মানেই বিদ্যমান ব্যবস্থায় ঘাটতি নয়। আন্তর্জাতিক নিরাপত্তা চর্চায় নিয়মিত পর্যালোচনা, প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে সক্ষমতা উন্নত করা স্বাভাবিক প্রক্রিয়া। কোনো ব্যবস্থা আরও শক্তিশালী করার সুপারিশ মানেই সেটি অনুপস্থিত বা অকার্যকর—এমন নয়।

আইএইএর মূল্যায়নে জাতীয় পর্যায়ে জরুরি প্রস্তুতি জোরদারের পাশাপাশি পূর্ণাঙ্গ জরুরি মহড়া ও মূল্যায়ন কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রস্তুতি যাচাই এবং সমন্বিত সাড়াদান কার্যক্রম অনুশীলন করা। প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব সুপারিশকে রূপপুরের অন-সাইট ব্যবস্থাপনার নির্দিষ্ট ব্যর্থতা হিসেবে উল্লেখ করা হয়নি।

পর্যালোচনা দলের প্রধান মার্ক ব্রেইটিঙ্গার বলেন, বাংলাদেশ আইএইএর নিরাপত্তা মানদণ্ড অনুসারে পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থা শক্তিশালী করতে দৃঢ় অঙ্গীকার দেখিয়েছে। রূপপুরের কমিশনিং প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্মুক্ত ও গঠনমূলক মনোভাবও তিনি ইতিবাচকভাবে উল্লেখ করেন।

বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুরের কার্যক্রম শুরুর প্রাক্কালে সর্বোচ্চ পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। আইএইএর মিশন দেশের প্রস্তুতি মূল্যায়ন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের সুযোগ তৈরি করেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, আইএইএর সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়, জরুরি সেবাদানকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব নির্ধারণ করে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

রূপপুরের কমিশনিং ও বাণিজ্যিক উৎপাদনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়ে আইএইএর EPREV মিশন বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ আন্তর্জাতিক মূল্যায়ন। এতে কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান, চিকিৎসাসেবা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ সক্ষমতার ইতিবাচক দিক উঠে এসেছে। পাশাপাশি জাতীয় পর্যায়ে সমন্বয় আরও শক্তিশালী করার দিকনির্দেশনা পাওয়া গেছে।

আইএইএর সুপারিশকে রূপপুরের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা হিসেবে না দেখে বিদ্যমান সক্ষমতার ভিত্তিতে জাতীয় সমন্বয় আরও সুসংহত করার সুযোগ হিসেবে বিবেচনা করাই যুক্তিযুক্ত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অতিরিক্ত সাত প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। ফলে, গোপালগঞ্জে মোট আনসার ব্যাটালিয়নের সংখ্যা ১৫ প্লাটুনে পৌঁছেছে। দেশের সাতটি জেলায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে মোট ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য।

শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব এই তথ্য প্রকাশ করেন।

তিনি আরও উল্লেখ করেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদের সুরক্ষা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে এই সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বর্তমানে গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৪ প্লাটুন, খুলনায় ৪ প্লাটুন, মাদারীপুরে ৪ প্লাটুন এবং শরীয়তপুরে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনা ও সমন্বিত মোতায়েন পরিকল্পনা অনুযায়ী, এসব সদস্য জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল এবং কৌশলগত পয়েন্টে নিরাপত্তা প্রদান করছেন।

নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত টহল, স্থির অবস্থানে দায়িত্ব পালন, মোবাইল টহল এবং সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। একইসঙ্গে জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতি রয়েছে।

সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন অধিনায়ক এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মীর শাহে আলম: আওয়ামী লীগের পুনরুত্থানের সুযোগ নেই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


মীর শাহে আলম: আওয়ামী লীগের পুনরুত্থানের সুযোগ নেই

বাংলাদেশে আওয়ামী লীগের পুনরুত্থানের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, "পরাজিত, পতিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক, বাংলাদেশ আর কোনো বিদেশি শক্তির তাঁবেদারি করবে না।"

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম’ এবং রংপুর ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। স্টেডিয়াম উদ্বোধনের সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম এবং তার ভাই উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, "বাংলাদেশকে নতুন করে তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র যারা করছে, তাদের জানা দরকার বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার।" তাই দেশকে এগিয়ে নিতে যা প্রয়োজন, সেটি করা হবে।

আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, "পতিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দেশের দুই-একটি জায়গায় পেট্রলবোমা মেরে, থানা পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে।" তবে তিনি উল্লেখ করেন, "কিন্তু এসব করে কোনো লাভ হবে না।"

মীর শাহে আলম বলেন, "অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত সঠিক ও যৌক্তিক ছিল বলে প্রমাণিত হয়েছে।"

তিনি আরও বলেন, বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রের প্রতি আস্থাশীল। এ কারণে আগের সরকারের মতো গুম, হত্যা কিংবা গুলি চালিয়ে কোনো কিছু নির্মূল করতে চায় না সরকার। মানবিক দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করা হয়েছে। তবে সরকারের এই ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই।

থানা ও সরকারি প্রতিষ্ঠান নিয়ে তিনি বলেন, "কোনো জেলার মানুষ যদি মনে করে তাদের সেখানে থানার প্রয়োজন নেই, তাহলে সরকার সেখানে থানা রাখবে না।" একইভাবে, "যদি কোনো জেলার মানুষ মনে করে সেখানে সরকারি অফিস, আদালত ও উন্নয়ন প্রয়োজন নেই, তাহলে সরকার সেগুলোও করবে না।" জনগণ কী চায়, তার ওপরই এসব নির্ভর করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকের সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকের সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি

আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ আবারও দেখা দিয়েছে। বেশ কিছু কারখানা বন্ধ থাকায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং কর্মক্ষেত্রে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে শিল্পাঞ্চলজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

শনিবার (২০ নভেম্বর) সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় দুটি কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনার পর আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়।

হঠাৎ করে ছুটির সিদ্ধান্তে বিপাকে পড়েছেন কর্মস্থলে আসা শ্রমিকরা। অনেক শ্রমিক কারখানায় এসে ছুটির নোটিশ দেখে উত্তেজিত হয়ে পড়েন এবং কারখানা খুলে দেওয়ার দাবি জানান। শ্রমিকরা জানান, "বেতন-ভাতা না দিয়ে এভাবে বিনা কারণে কারখানা বন্ধ রাখা সঠিক সিদ্ধান্ত নয়।"

তারা আরও বলেন, "মালিকরা নিজেদের অপরাধ ঢাকতে ও শ্রমিকদের দায়ী করে সময়মতো বেতন না দিয়ে আন্দোলনের অজুহাতে বিনা কারণে কারখানা বন্ধ রাখছে।"

পুলিশ জানায়, শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার সামনে শ্রমিকদের উপস্থিতি দেখা গেলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক ও কারখানার আশপাশে নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে, বারবার শ্রমিক অসন্তোষের ঘটনায় শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মালিকরা। তাদের মতে, এতে পোশাক রপ্তানি ও শিল্পের স্বাভাবিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম বলেন, "সকাল থেকে শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫০টি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত তেমন কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%