বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১১:২৯ এম
মো. সাজ্জাদ হোসেন
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : রাজধানীর ধানমন্ডি লেক, যা এক সময় নির্মল জলাধার ও সবুজের সমারোহ ছিল, নগরবাসীর জন্য স্বস্তির একটি আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে এসে নগরজীবনের ব্যস্ততা থেকে কিছুটা প্রশান্তি খুঁজে নেন। কেউ হাঁটেন, কেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে সময় কাটান। কিন্তু সময়ের সাথে সাথে লেকের স্বাভাবিক সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে গেছে। তলদেশে জমে থাকা কাদা ও বর্জ্য, পানির গভীরতার হ্রাস, দুর্গন্ধ এবং পরিবেশদূষণ লেকের নান্দনিকতা নষ্ট করেছে।
এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এই পরিস্থিতির পরিবর্তন ঘটানোর উদ্যোগ নিয়েছে। লেকের নাব্যতা ফিরিয়ে আনার পাশাপাশি দুর্গন্ধ ও দূষণ দূর করার জন্য পুনঃখনন এবং সামগ্রিক উন্নয়নকাজ শুরু হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ধানমন্ডি লেক শুধু পরিচ্ছন্ন ও দূষণমুক্ত জলাধার হিসেবেই ফিরবে না, বরং আধুনিক অবকাঠামো, বিনোদন এবং সাংস্কৃতিক আয়োজনের নতুন মাত্রা যুক্ত হবে। রবীন্দ্র সরোবরের আদলে এখানে ‘নজরুল সরোবর’ নামে একটি আধুনিক উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র নির্মাণ করা হবে।
সম্প্রতি ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য শেখ রবিউল আলম লেকের পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এই উদ্যোগের মাধ্যমে ধানমন্ডি লেকের দীর্ঘদিনের পরিবেশগত সমস্যা সমাধান ও নতুনভাবে সাজানোর কার্যক্রম শুরু হয়েছে।
ডিএসসিসির পরিকল্পনা অনুযায়ী, ৩ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ এবং গড়ে ৫৬ মিটার প্রশস্ত লেকটির তলদেশ থেকে প্রায় ১ লাখ ৬২ হাজার ৫৩৪ ঘনমিটার স্লাজ বা জমে থাকা কাদা ও বর্জ্য অপসারণ করা হবে। প্রতিদিন প্রায় ৭০০ ঘনমিটার স্লাজ অপসারণের লক্ষ্যে দুটি ভাসমান এক্সকাভেটর এবং চারটি বার্জ ব্যবহার করা হবে। এই পুনঃখনন কাজের প্রাথমিক প্রাক্কলিত ব্যয় ২৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
১৯৬০-এর দশকে পুরোনো পাণ্ডু নদীর অবশিষ্টাংশ নিয়ে গড়ে ওঠা প্রায় ৮৬ একর আয়তনের ধানমন্ডি লেকের বর্তমান জলাশয়ের পরিমাণ প্রায় ৫৫ একর। দীর্ঘদিনের পলি, কাদা ও বর্জ্য জমে লেকের স্বাভাবিক পানি প্রবাহ এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। পুনঃখননের মাধ্যমে এসব দূষিত স্লাজ অপসারণ করে লেকের গভীরতা ও পানির ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, "ধানমন্ডি লেকের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনা তার নির্বাচনী অঙ্গীকার ছিল। প্রধানমন্ত্রী এ সংক্রান্ত দুটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। এর প্রথম ধাপ হিসেবে লেকের স্লাজ অপসারণের কাজ শুরু হয়েছে। ডিটেইল ডিজাইন অনুযায়ী পুরো লেক সংস্কার করা হবে।" তিনি লেকের পরিবেশ রক্ষায় দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকার আহ্বান জানান।
ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ প্রসঙ্গে বাসসকে জানান, "ধানমন্ডি লেকের তলদেশ পরিষ্কারের পরপরই দুর্গন্ধ ও দূষণরোধে পানি শোধন, সাইডওয়াল সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ, সৌন্দর্যবর্ধন এবং আলোকসজ্জার কাজ শুরু হবে। লেকপাড়ে নগরবাসীর নির্বিঘ্নে হাঁটাচলা ও শরীরচর্চার উপযোগী সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা হবে।"
এ লক্ষ্যে হাঁটার পথ আধুনিকায়নের পাশাপাশি স্থাপন করা হবে স্মার্ট এলইডি লাইট, যাতে সন্ধ্যা ও রাতেও দর্শনার্থীরা নিরাপদে লেকপাড়ে চলাচল করতে পারেন। শিশুদের জন্য স্পিডবোটের সুযোগসহ পুরো ধানমন্ডি এলাকার রাস্তা, ফুটপাত ও সার্বিক অবকাঠামো নতুন করে সাজানো হবে। এ ছাড়া রবীন্দ্র সরোবরের আদলে এখানে ‘নজরুল সরোবর’ নামে একটি আধুনিক উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র গড়ে তোলা হবে বলে তিনি জানান।
সংশ্লিষ্ট কাজে জড়িত ডিএসসিসির এক কর্মকর্তা জানান, "বছরের পর বছর ধরে জমে থাকা জলাবদ্ধতা, অবকাঠামোগত ক্ষয় ও পরিবেশগত ক্ষতি দূর করে ধানমন্ডি লেককে আধুনিক বিনোদনকেন্দ্রে রূপ দিতে মোট ৭৫ কোটি টাকার একটি মাস্টারপ্ল্যান নেওয়া হয়েছে। এর মধ্যে ৫০ কোটি টাকা ব্যয় হবে লেক ও এর আশপাশের অবকাঠামো সংস্কারে। বাকি ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে ‘নজরুল সরোবর’ বা ‘বিদ্রোহী চত্বর’।"
তিনি জানান, মাস্টারপ্ল্যানের আওতায় লেকের পাড়ের সুরক্ষা ও ঢালের স্থিতিশীলতা নিশ্চিত করা হবে। আধুনিক নিষ্কাশনব্যবস্থা, হাঁটার পথ, স্মার্ট এলইডি আলোকসজ্জা, সীমানা বেষ্টনী ও নিরাপত্তা রেলিং সংস্কার করা হবে। লেকপাড়ের ওয়াকওয়ে সম্প্রসারণ ও আধুনিকায়নের মাধ্যমে সব বয়সী মানুষের হাঁটাচলা ও শরীরচর্চার উপযোগী পরিবেশ তৈরি করা হবে। স্মার্ট এলইডি লাইটের মাধ্যমে রাতেও লেকপাড় আলোকিত ও নিরাপদ রাখার ব্যবস্থা থাকবে। দর্শনার্থীদের নিরাপত্তা ও সেবার মান বাড়াতে সিসিটিভি ক্যামেরা, ঘোষণা ব্যবস্থা এবং নির্দেশনামূলক সাইনবোর্ড স্থাপন করা হবে। ফলে লেকের পরিবেশ যেমন পরিচ্ছন্ন ও আকর্ষণীয় হবে, তেমনি বাড়বে নিরাপত্তা ও ব্যবহারবান্ধব সুবিধা।
বিনোদন ও শরীরচর্চার সুযোগ বাড়াতেও রয়েছে নানা পরিকল্পনা। লেকের বিভিন্ন স্থানে তিনটি ভাসমান ডেক, কিয়স্ক, আধুনিক জিম, ক্যাফেটেরিয়া, ব্যাডমিন্টন কোর্ট, উন্মুক্ত ব্যায়ামাগার এবং পার্কিং সুবিধা গড়ে তোলা হবে।
দর্শনার্থীদের জন্য নিরাপদ খাবার পানি ও জনবান্ধব শৌচাগারের ব্যবস্থাও থাকবে। লেকের সবুজ পরিবেশ ও বৃক্ষসম্পদ রক্ষায় উদ্ভিদের চিকিৎসার জন্য বিশেষায়িত ‘ট্রি হাসপাতাল’ স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
এ উন্নয়ন পরিকল্পনার অন্যতম আকর্ষণ ‘নজরুল সরোবর’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও বিদ্রোহী চেতনাকে কেন্দ্র করে গড়ে উঠবে এ সাংস্কৃতিক পরিসর। কবি নজরুল ইনস্টিটিউটের ঠিক বিপরীতে ধানমন্ডির ১৩/এ ও ৮/এ সড়কের পাশে ৫০ দশমিক ৯৬৭ কাঠা জমিতে ২৫ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হবে।
এখানে নজরুলসংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজনের জন্য থাকবে উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটার ও গ্রিনরুম। পাশাপাশি কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে বুক কর্নার, লাইব্রেরি, তথ্যফলক, নগর বন, প্লাজা এবং লেকের ঘাট নির্মাণ করা হবে। কবি কাজী নজরুল ইসলামের পছন্দের খাবার পরিবেশনের জন্য বিশেষ রেস্তোরাঁ ও ক্যাফে স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
নজরুলের বিদ্রোহী চেতনা, মানবতাবাদ ও সাম্যের দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি উন্মুক্ত ক্ষেত্র তৈরি করবে এ উদ্যোগ। ফলে ধানমন্ডি লেক শুধু হাঁটাচলা বা অবসর কাটানোর স্থান থাকবে না, হয়ে উঠতে পারে সাহিত্য, সংগীত, সংস্কৃতি ও নাগরিক বিনোদনের একটি গুরুত্বপূর্ণ মিলনস্থল।
নগর পরিকল্পনাবিদদের কাছে শহরের জলাধার কেবল সৌন্দর্যের উপাদান নয়; এগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃষ্টির পানি ধারণ, নগরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে বিবেচনায় ধানমন্ডি লেকের পুনরুদ্ধার ঢাকা শহরের পরিবেশগত উন্নয়নের জন্যও তাৎপর্যপূর্ণ। তবে শুধু খনন ও অবকাঠামো নির্মাণ করলেই লেকের দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত হবে না। লেকে বর্জ্য ফেলা বন্ধ, দূষিত পানি প্রবেশ নিয়ন্ত্রণ, নিয়মিত পরিচর্যা এবং দর্শনার্থীদের সচেতন অংশগ্রহণও জরুরি।
ডিএসসিসির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম জয় বাসসকে জানান, "লেকের তলদেশ স্লাজমুক্ত করার পরপরই মূল সংস্কার ও ‘নজরুল সরোবর’ নির্মাণের কাজ একযোগে বাস্তবায়ন করা হবে। সব কাজ শেষ হলে ধানমন্ডি লেক ফিরে পাবে তার স্বাভাবিক সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্য।"
এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বুধবার জাতীয় সংসদে জানান, ধানমন্ডি লেকের উন্নয়ন ও পানিদূষণমুক্ত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৭৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে, যা অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। ইতোমধ্যে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে।
একটি দূষিত জলাধারকে পরিচ্ছন্ন, প্রাণবন্ত ও নান্দনিক নাগরিক পরিসরে রূপান্তরের এ উদ্যোগ সফল হলে ধানমন্ডি লেক হয়ে উঠবে রাজধানীর অন্যতম আকর্ষণীয় বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্র। উন্নয়নের এ নতুন যাত্রায় শুধু লেকের সৌন্দর্য নয়, এর পরিবেশ ও স্বাভাবিক জলজ প্রতিবেশও ফিরে আসবে বলে নগরবাসীর প্রত্যাশা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চাঁদপুর, ১৯ নভেম্বর, ২০২৬ : সদর উপজেলার ৪ নং-শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় বিস্ফোরণের ফলে আগুন লেগে যায়।
বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত ইউনিয়ন পরিষদ ভবনের জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন জ্বালিয়ে দেয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেন সোহাগ জানান, ইউনিয়ন পরিষদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এবং গ্রাম পুলিশ মোহাম্মদ আলীর সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে হেলমেট পরিহিত একজন ব্যক্তি প্রথমে চেয়ারম্যানের কক্ষের জানালা ভাঙার চেষ্টা করে। পরে প্রশাসনিক কর্মকর্তার কক্ষের জানালা ভেঙে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় পাশের গ্রাম আদালত কক্ষের সামনেও আগুন ধরিয়ে দেয় ওই দুর্বৃত্ত।
আগুন ও বিস্ফোরণের শব্দ শুনে দায়িত্বে থাকা গ্রাম পুলিশ মোহাম্মদ আলী এগিয়ে এসে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেনি।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনকালে গুমের শিকার হয়েছে ৪ থেকে ৬ হাজার মানুষ। এদের মধ্যে ১ হাজার ৫৬৯ জনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। বিভিন্ন বাহিনীর ১৪টি আয়নাঘরে নিয়ে গিয়ে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। ২৫১ জনের মরদেহ গুম করার ঘটনা ঘটেছে। গুম কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি গুমের নির্দেশ দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সংস্থার সাবেক প্রধানসহ ৭৯ জন এ ঘটনার সাথে জড়িত রয়েছে। গুম কমিশনের সাবেক সদস্যদের মতে, বিরোধী মত দমনের জন্য রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এই গুমের ঘটনা ঘটছে।
আট বছর নিখোঁজ থাকার পর ২০২৪ সালের ৬ আগস্ট রাজধানীর উত্তরায় জামায়াতের আইনজীবী ব্যারিস্টার আরমানের হঠাৎ দেখা মেলে। তিনি লুঙ্গি গামছা পরে এদিক সেদিক যাচ্ছিলেন এবং মুখও ঢাকছিলেন। অবশেষে তার পরিবার তাকে খুঁজে পায়।
তিনি ভেবেছিলেন, তাকে ক্রসফায়ারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। গুলির জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু, ঘটনা ভিন্ন ছিল। তাকে মাইক্রবাস থেকে ফেলে দেয়া হয়। আট বছরের বন্দি জীবনে তিনি যে লোমহর্ষক নির্যাতনের শিকার হয়েছেন, তার বর্ণনা দিয়েছেন আরমান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভুরুলিয়া এলাকায় গাজীপুরের পল্লীবিদ্যুৎ অফিসের ভিতরে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা কাঠের স্তূপে আগুন ধরিয়ে দিয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া জানান, বুধবার (১৯ নভেম্বর) রাতে ভুরুলিয়া এলাকার পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে এই ঘটনা ঘটে। তিনি বলেন, পল্লীবিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভিতরে পুরোনো কাঠের স্তূপে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের ফলে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মো. ইউসুফ আলী জানান, রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে কাঠের স্তূপ লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করলে সেখানে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর জানা যাবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কয়েক দফা ব্যর্থতার পর রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নের জন্য নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই নতুন পরিকল্পনায়, ঢাকার সব বাস একটি কোম্পানির অধীনে পরিচালিত হবে এবং নির্দিষ্ট রুট ধরে চলবে। মূলত রাজনৈতিক প্রভাবের কারণে পূর্বে এই উদ্যোগের প্রত্যাশিত সফলতা আসেনি। পরিবহন মালিকদের অসহযোগিতা এবং সঠিক ব্যবস্থাপনার অভাবের কারণে উদ্যোগটি সফল হয়নি। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে ডিটিসিএ এই প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য কাজ করতে চায়। ডিটিসিএ এবং পরিবহন খাত সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য জানা যায়।
সূত্র মতে, ২০০৪ সালে রাজধানীর বাসগুলোকে শৃঙ্খলায় আনতে প্রথমবারের মতো ঢাকার জন্য ২০ বছরের পরিবহন পরিকল্পনায় ‘বাস রুট রেশনালাইজেশন’ বা বাস রুট ফ্র্যাঞ্চাইজির পরামর্শ দেয়া হয়েছিল। এই উদ্যোগ বাস্তবায়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তৎকালীন মেয়র ২০১৬ সালে প্রথম পদক্ষেপ নেন। তিনি ঢাকার শতাধিক বাস রুট বাদ দিয়ে ৫টি রুটে ভাগ করে ৫ রঙের বাস চালানোর পরিকল্পনা করেন। পরবর্তীতে ২০১৮ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে সভাপতি করে বাস রুট রেশনালাইজেশন কমিটি গঠন করা হয়। এই কমিটি বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে ৪২টি রুটের অধীনে ২২টি কোম্পানির ৯টি ভিন্ন ভিন্ন রঙের বাস চালানোর প্রস্তাব দেয়।
বিভিন্ন অংশীজনদের নিয়ে কয়েক দফা সভা করার পর ২০২১ সালে তিনটি রুটে পরীক্ষামূলকভাবে ৫০টি বাস নিয়ে ‘ঢাকা নগর পরিবহন’ চালু করা হয়। পরবর্তীতে বাসের সংখ্যা বাড়িয়ে ১০০টি করা হয়। কিন্তু একই রুটে অন্য কোম্পানির বাস চলতে থাকায় কিছুদিন পর নগর পরিবহনের বাসগুলো বন্ধ হয়ে যায়। সূত্র জানায়, চলতি বছরের নভেম্বরে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৯তম সভা শেষে বাধ্যতামূলকভাবে ঢাকার সব বাস কোম্পানি বিলুপ্ত করে একটি কোম্পানির আওতায় চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকার ৪২টি রুটের কোম্পানিগুলোর বাস নগর পরিবহন নামে পরিচালিত হবে। এই প্রক্রিয়ায় কোম্পানিগুলোকে বিভিন্ন যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হবে। ইতোমধ্যে ঢাকায় চলাচলকারী বাস কোম্পানিগুলোকে ঢাকা নগর পরিবহনের আওতায় পরিচালনার জন্য আবেদন করতে বলা হয়েছে। পুরো নভেম্বরজুড়ে এই আবেদন গ্রহণ করা হবে। যারা আবেদন করবে না, তাদের বাস চলতে দেয়া হবে না। বর্তমানে মোট ১৭০টি বাস কোম্পানি আবেদনপত্র জমা দিয়েছে। সেগুলোর যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
এছাড়া রুট পুনর্বিন্যাস ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নানা পরিকল্পনা করা হচ্ছে। সূত্র জানায়, রাজধানীতে গণপরিবহন খাতে শৃঙ্খলা আনতে রুট পারমিটবিহীন ও রুট ভায়োলেশনকারী বাসগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে চালক ও সহায়কদের প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হবে। ডিটিসিএর প্রস্তুত করা প্রস্তাবনার সমন্বয়ে অচল রুট বাতিল ও নতুন রুটগুলোর পরিকল্পনা প্রয়োজনবোধে পরিমার্জন করা হবে। ইতোমধ্যে ডিএনসিসি ও ডিএসসিসির মাধ্যমে ১১০টিরও বেশি বাস স্টপ তৈরি করা হয়েছে। ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা আনতে বাস মালিকরাও সহায়তার আশ্বাস দিয়েছেন।
সূত্র আরো জানায়, ঢাকা নগর পরিবহন নামে শহরের গণপরিবহন পরিচিত হবে। শহরের বাইরের সঙ্গে সংযোগকারী পরিবহনের নাম হবে শহরতলী পরিবহন। ৩৪টি রুট নগরের এবং ৮টি রুট শহরতলীর। কোম্পানির নামে বাস রেজিস্ট্রেশন করতে হবে, ব্যক্তি নামে আর কোনো বাসের রেজিস্ট্রেশন ও রুট পারমিট দেয়া হবে না। কাউন্টার ও টিকিট ব্যতীত কোনো বাস চলবে না। টিকিটের সঙ্গে পরবর্তীতে র্যাপিড পাস ব্যবহারের সুযোগ রাখা হবে। নতুন করে বাস মেরামত করা হবে এবং বাসগুলোতে ধাপে ধাপে স্বয়ংক্রিয় দরজা লাগানো হবে, আসন বিন্যাস করা হবে এবং সিঁড়ির ধাপ বাড়ানো হবে। এছাড়াও ক্যামেরা বসবে, ড্যাশক্যাম থাকবে এবং স্টপেজেও ক্যামেরা রাখা হবে। ড্রাইভার ও হেল্পার নিয়োগ হবে কোম্পানি থেকে, তারা কোনো ভাড়া আদায় করবে না।
এদিকে, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মো. সাইফুল আলম জানান, বিগত ১৫ বছর সড়ক পরিবহন সেক্টরে চাঁদাবাজি, দখল, সন্ত্রাসের রাজত্ব কায়েম ছিল। ঢাকা থেকে শুরু করে সারা দেশে মালিক সমিতি, বিভিন্ন পরিবহন কোম্পানি, বাস টার্মিনাল এবং শ্রমিক ইউনিয়ন দখল করে চাঁদাবাজি করা হয়েছে। এই পরিস্থিতি থেকে বাস মালিকরা বেরিয়ে আসতে চান। তারা সড়কে শৃঙ্খলা ফিরে আসার জন্য এবং নাগরবাসীর স্বস্তিতে চলাচলের জন্য সব ধরনের সহায়তা করতে রাজি। অন্যদিকে, বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের পরিচালক ধ্রুব আলম জানান, ১৭০টি বাস কোম্পানি ঢাকা নগর পরিবহনের আওতায় আসার জন্য আবেদন করেছে। মোটামুটি ঢাকার ১৭০টি কোম্পানিই রাজধানীজুড়ে বাস পরিচালনা করে। আবেদনগুলো যাচাই করা হচ্ছে। যারা শর্ত পূরণ করবে, তারা থাকবে। এছাড়া ঢাকায় বিদ্যমান বৈধ-অবৈধ মিলিয়ে ৩৮৮টি রুটকে সমন্বয় করে ৪০ থেকে ৪৫টি রুটে পুনর্বিন্যাস করা হচ্ছে। এই রুটগুলোয় গণপরিবহনের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এতে কয়েক মাস সময় লাগবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ