বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৩২ এম
কয়েক দফা ব্যর্থতার পর রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নের জন্য নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই নতুন পরিকল্পনায়, ঢাকার সব বাস একটি কোম্পানির অধীনে পরিচালিত হবে এবং নির্দিষ্ট রুট ধরে চলবে। মূলত রাজনৈতিক প্রভাবের কারণে পূর্বে এই উদ্যোগের প্রত্যাশিত সফলতা আসেনি। পরিবহন মালিকদের অসহযোগিতা এবং সঠিক ব্যবস্থাপনার অভাবের কারণে উদ্যোগটি সফল হয়নি। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে ডিটিসিএ এই প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য কাজ করতে চায়। ডিটিসিএ এবং পরিবহন খাত সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য জানা যায়।
সূত্র মতে, ২০০৪ সালে রাজধানীর বাসগুলোকে শৃঙ্খলায় আনতে প্রথমবারের মতো ঢাকার জন্য ২০ বছরের পরিবহন পরিকল্পনায় ‘বাস রুট রেশনালাইজেশন’ বা বাস রুট ফ্র্যাঞ্চাইজির পরামর্শ দেয়া হয়েছিল। এই উদ্যোগ বাস্তবায়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তৎকালীন মেয়র ২০১৬ সালে প্রথম পদক্ষেপ নেন। তিনি ঢাকার শতাধিক বাস রুট বাদ দিয়ে ৫টি রুটে ভাগ করে ৫ রঙের বাস চালানোর পরিকল্পনা করেন। পরবর্তীতে ২০১৮ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে সভাপতি করে বাস রুট রেশনালাইজেশন কমিটি গঠন করা হয়। এই কমিটি বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে ৪২টি রুটের অধীনে ২২টি কোম্পানির ৯টি ভিন্ন ভিন্ন রঙের বাস চালানোর প্রস্তাব দেয়।
বিভিন্ন অংশীজনদের নিয়ে কয়েক দফা সভা করার পর ২০২১ সালে তিনটি রুটে পরীক্ষামূলকভাবে ৫০টি বাস নিয়ে ‘ঢাকা নগর পরিবহন’ চালু করা হয়। পরবর্তীতে বাসের সংখ্যা বাড়িয়ে ১০০টি করা হয়। কিন্তু একই রুটে অন্য কোম্পানির বাস চলতে থাকায় কিছুদিন পর নগর পরিবহনের বাসগুলো বন্ধ হয়ে যায়। সূত্র জানায়, চলতি বছরের নভেম্বরে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৯তম সভা শেষে বাধ্যতামূলকভাবে ঢাকার সব বাস কোম্পানি বিলুপ্ত করে একটি কোম্পানির আওতায় চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকার ৪২টি রুটের কোম্পানিগুলোর বাস নগর পরিবহন নামে পরিচালিত হবে। এই প্রক্রিয়ায় কোম্পানিগুলোকে বিভিন্ন যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হবে। ইতোমধ্যে ঢাকায় চলাচলকারী বাস কোম্পানিগুলোকে ঢাকা নগর পরিবহনের আওতায় পরিচালনার জন্য আবেদন করতে বলা হয়েছে। পুরো নভেম্বরজুড়ে এই আবেদন গ্রহণ করা হবে। যারা আবেদন করবে না, তাদের বাস চলতে দেয়া হবে না। বর্তমানে মোট ১৭০টি বাস কোম্পানি আবেদনপত্র জমা দিয়েছে। সেগুলোর যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
এছাড়া রুট পুনর্বিন্যাস ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নানা পরিকল্পনা করা হচ্ছে। সূত্র জানায়, রাজধানীতে গণপরিবহন খাতে শৃঙ্খলা আনতে রুট পারমিটবিহীন ও রুট ভায়োলেশনকারী বাসগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে চালক ও সহায়কদের প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হবে। ডিটিসিএর প্রস্তুত করা প্রস্তাবনার সমন্বয়ে অচল রুট বাতিল ও নতুন রুটগুলোর পরিকল্পনা প্রয়োজনবোধে পরিমার্জন করা হবে। ইতোমধ্যে ডিএনসিসি ও ডিএসসিসির মাধ্যমে ১১০টিরও বেশি বাস স্টপ তৈরি করা হয়েছে। ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা আনতে বাস মালিকরাও সহায়তার আশ্বাস দিয়েছেন।
সূত্র আরো জানায়, ঢাকা নগর পরিবহন নামে শহরের গণপরিবহন পরিচিত হবে। শহরের বাইরের সঙ্গে সংযোগকারী পরিবহনের নাম হবে শহরতলী পরিবহন। ৩৪টি রুট নগরের এবং ৮টি রুট শহরতলীর। কোম্পানির নামে বাস রেজিস্ট্রেশন করতে হবে, ব্যক্তি নামে আর কোনো বাসের রেজিস্ট্রেশন ও রুট পারমিট দেয়া হবে না। কাউন্টার ও টিকিট ব্যতীত কোনো বাস চলবে না। টিকিটের সঙ্গে পরবর্তীতে র্যাপিড পাস ব্যবহারের সুযোগ রাখা হবে। নতুন করে বাস মেরামত করা হবে এবং বাসগুলোতে ধাপে ধাপে স্বয়ংক্রিয় দরজা লাগানো হবে, আসন বিন্যাস করা হবে এবং সিঁড়ির ধাপ বাড়ানো হবে। এছাড়াও ক্যামেরা বসবে, ড্যাশক্যাম থাকবে এবং স্টপেজেও ক্যামেরা রাখা হবে। ড্রাইভার ও হেল্পার নিয়োগ হবে কোম্পানি থেকে, তারা কোনো ভাড়া আদায় করবে না।
এদিকে, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মো. সাইফুল আলম জানান, বিগত ১৫ বছর সড়ক পরিবহন সেক্টরে চাঁদাবাজি, দখল, সন্ত্রাসের রাজত্ব কায়েম ছিল। ঢাকা থেকে শুরু করে সারা দেশে মালিক সমিতি, বিভিন্ন পরিবহন কোম্পানি, বাস টার্মিনাল এবং শ্রমিক ইউনিয়ন দখল করে চাঁদাবাজি করা হয়েছে। এই পরিস্থিতি থেকে বাস মালিকরা বেরিয়ে আসতে চান। তারা সড়কে শৃঙ্খলা ফিরে আসার জন্য এবং নাগরবাসীর স্বস্তিতে চলাচলের জন্য সব ধরনের সহায়তা করতে রাজি। অন্যদিকে, বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের পরিচালক ধ্রুব আলম জানান, ১৭০টি বাস কোম্পানি ঢাকা নগর পরিবহনের আওতায় আসার জন্য আবেদন করেছে। মোটামুটি ঢাকার ১৭০টি কোম্পানিই রাজধানীজুড়ে বাস পরিচালনা করে। আবেদনগুলো যাচাই করা হচ্ছে। যারা শর্ত পূরণ করবে, তারা থাকবে। এছাড়া ঢাকায় বিদ্যমান বৈধ-অবৈধ মিলিয়ে ৩৮৮টি রুটকে সমন্বয় করে ৪০ থেকে ৪৫টি রুটে পুনর্বিন্যাস করা হচ্ছে। এই রুটগুলোয় গণপরিবহনের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এতে কয়েক মাস সময় লাগবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি- মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কুমারভোগে সম্প্রতি প্রয়াত দরবেশ আলী খান জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, কুমারভোগ ইউনিয়নে এই মসজিদটির উদ্বোধন করা হয় জুম্মার নামাজ ও দোয়া মাহফিলের মাধ্যমে, যা প্রয়াত দরবেশ আলী খানের নামের সঙ্গে যুক্ত করা হয়েছে।
মসজিদটির জমিদাতা হচ্ছেন দরবেশ আলী খানের স্ত্রী। মসজিদটির নির্মাণ কাজ পরিচালনা করেছেন দরবেশ আলী খানের মেঝ ছেলে খান নজরুল ইসলাম হান্নান। দরবেশ আলী খান এবং তার পুত্র নুর মোহাম্মদ খান দীর্ঘকাল ধরে কুমারভোগ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সুনামের সঙ্গে স্থানীয় জনগণের সেবা করে আসছেন। তাদের কর্মের স্মৃতিকে ধরে রাখতে এবং জনসেবায় অবদান রাখতে এই ধর্মীয় স্থাপনাটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল মো. মোজাম্মেল হক, দরবেশ আলী খানের মেঝ ছেলে খান নজরুল ইসলাম হান্নান, সরকারী হরগঙ্গা কলেজের এসোসিয়েট প্রোফেসর ফারুক আহাম্মেদ, সাংবাদিক নাসির খান, মো. রয়েল বেপারী, তৌফিক হোসেন বুলেট এবং মো. উল্লাস। মসজিদ উদ্বোধনের সময় জুম্মার নামাজ ও দোয়া মাহফিলে প্রায় সাত থেকে আট শত মুসল্লি অংশগ্রহণ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জেএসপিএস (জাপান সোসাইটি ফর দ্যা প্রোমোশন অব সায়েন্স) অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং জেএসপিএস এর সহযোগিতায় শিক্ষকদের জন্য ‘গাইডেন্স সেমিনার অন জেএসপিএস এন্ড ইটস ইন্টারন্যাশনাল প্রোগ্রাম’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারটি শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ১ম একাডেমিক ভবনের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও জেইউএএবি এর সাবেক সভাপতি প্রফেসর ড. এম এ এম এহিয়া খন্দকার এবং জেএসপিএস ব্যাংকক অফিসের পরিচালক প্রফেসর ড. ইয়োশিও ওটেনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. তুহিন শুভ্র রায়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেমিনার আয়োজক কমিটির আহবায়ক, বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইসি সদস্য, সাবেক যুগ্ম-সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. মো. আশরাফ হোসাইন তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. তন্ময় রায় তুষার।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং গবেষক শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইলের ছিন্নমূল শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরের দিকে টাঙ্গাইল রেল স্টেশন এলাকায় দেড় শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক শরীফা হক।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জিয়াউল ইসলাম চৌধুরী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামান, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক কমিটি সকলের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা ভুল তথ্যে বিভ্রান্ত না হন। সংগঠনটি জানায়, ‘জনশক্তি’ নামে কোনো রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়নি।
শনিবার, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি নতুন রাজনৈতিক দলের নাম ‘জনশক্তি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই তথ্য জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে বলে তারা মনে করছে।
এতে আরও বলা হয়, আমরা নিশ্চিত করতে চাই যে, এ ধরনের কোনো নাম নিয়ে আমাদের মধ্যে আলোচনা কিংবা সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ