মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:২৪ পি.এম
রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ করে হত্যা করার মামলায় আসামি সোহেল রানা মৃত্যুদণ্ডের সাজা থেকে রেহাই না পেলেও, তার স্ত্রী স্বপ্না আক্তার খালাস পেয়েছেন। এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধর্ষণ ও হত্যাকাণ্ডে স্বপ্নার জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন।
রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, ময়নাতদন্তের প্রতিবেদনে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি সত্য ও স্বেচ্ছাপ্রণোদিত বলে প্রমাণিত হয়েছে। আদালত বলেন, শিশুটিকে অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিকভাবে হত্যা করা হয়েছে এবং এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।
অন্যদিকে, স্বপ্না আক্তারকে খালাস দেওয়ার কারণ ব্যাখ্যা করে আদালত জানায়, সোহেল রানা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যায় স্ত্রী স্বপ্নার সহযোগিতার কোনো তথ্য প্রদান করেননি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, গ্রেফতারের পর সোহেল রানা দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। আদালত সেই জবানবন্দি বিবেচনায় নিয়ে তার মৃত্যুদণ্ড বহাল রেখেছে।
স্বপ্নার খালাসের বিষয়ে তিনি বলেন, মূল অপরাধ হচ্ছে ধর্ষণ ও হত্যা। এসব অপরাধে স্বপ্না খাতুনের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তিনি শুধু স্বামীকে পালিয়ে যেতে সহায়তা করেছিলেন। এ কারণে আদালত তাকে খালাস দিয়েছেন।
মামলার নথি অনুযায়ী, রাজধানীর পল্লবীতে প্রতিবেশী সোহেল রানা সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ করেন। ঘটনার আড়াল করতে শিশুটিকে গলা কেটে হত্যা করার পর মরদেহ খণ্ডিত করেন তিনি। এরপর জানালার গ্রিল কেটে পালিয়ে যান। পাশের ফ্ল্যাটে থাকা রামিসার মা পারভীন আক্তার শিশুটির আর্তনাদ শুনলেও তখন বুঝতে পারেননি, সেটি তার নিজের সন্তানের। পরে পাশের ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সেলিম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নুরুদ্দিন (৪০) নামের আরও একজন ব্যক্তি।
দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে।
নিহত সেলিম গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের মৃত জয়নুল আবেদীনের পুত্র। আহত নুরুদ্দিন একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, রাত ৩টার দিকে মাছ কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সেলিম ও নুরুদ্দিন। পরে তারা জামালদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে সেলিমের মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে আহত নুরুদ্দিনকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠান।
ভাবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ইরানকে কেন্দ্র করে আরও শক্তিশালী হয়েছে। মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট যখন মধ্যপ্রাচ্যে পৌঁছেছে, তখন সেখানে বর্তমানে প্রায় ৫৩ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। একই সঙ্গে, যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দ্য জেরুজালেম পোস্টকে এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট বিষয়ে অবগত একটি সূত্র।
প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরির উপস্থিতি একটি বিরল ঘটনা। গত এপ্রিলের পর থেকে এমন পরিস্থিতি দেখা যায়নি। ২০০৩ সালে দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধের সময়ও একই ধরনের সামরিক উপস্থিতি ছিল।
এদিকে, ইরান পরিস্থিতি নিয়ে রোববার সন্ধ্যায় ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা একটি দীর্ঘ বৈঠক করেছে। বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইসরাইলি সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামিরের মধ্যে মতপার্থক্য থাকার খবর নিয়েও আলোচনা হয়েছে।
তবে বৈঠক সম্পর্কে অবগত ইসরাইলের দুটি সূত্র জেরুজালেম পোস্টকে জানিয়েছে, ইরান ইস্যুতে নেতানিয়াহু ও সেনাপ্রধান একই অবস্থানে রয়েছেন। বৈঠকে তারা পরস্পরের বিরোধিতা করেননি। তথ্য কিংবা সিদ্ধান্তের ক্ষেত্রেও তাদের মধ্যে কোনো মতপার্থক্য ছিল না বলে একটি সূত্র জানিয়েছে।
বৈঠকটি তেল আবিবে ইসরাইলি সামরিক সদর দপ্তর কিরিয়ার অপারেশনস ডিরেক্টরেটের ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইসরাইলি সামরিক কর্মকর্তারা জানান, অর্থনৈতিক সংকটের মধ্যেও ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পুনর্গঠনে বিপুল সম্পদ বিনিয়োগ করছে। দেশটির সামরিক সক্ষমতা পুনরুদ্ধারের এই প্রচেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : অর্থ বিভাগ ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য মোট ৫৭৮টি মোটরসাইকেল কেনার অনুমোদন প্রদান করেছে, যা ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন। মোট ব্যয় হবে ১১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা।
মঙ্গলবার অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি সম্মতিপত্র জারি করা হয়েছে। উপসচিব র. হ. ম. আলাওল কবিরের স্বাক্ষরিত চিঠিটি ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, মাঠপর্যায়ের ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনার অনুমোদন চাওয়া হয়েছিল। ভূমি ব্যবস্থাপনা, সরেজমিন পরিদর্শন, ভূমি উন্নয়ন কর আদায়, নামজারি এবং জমাভাগ সংক্রান্ত কার্যক্রম তদারকির জন্য মোটরসাইকেল প্রয়োজন।
এতে আরও উল্লেখ করা হয়েছে, জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর ভূমিসেবা পৌঁছানোর জন্য মোটরসাইকেল একটি অত্যাবশ্যকীয় পরিবহন মাধ্যম। বিশেষ করে প্রত্যন্ত ও দুর্গম এলাকায় অবস্থিত ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত মাঠপর্যায়ে দায়িত্ব পালন, সেবাপ্রত্যাশীদের অভিযোগ ও সমস্যা সরেজমিনে নিষ্পত্তি এবং ভূমিসেবা কার্যক্রম গতিশীল রাখতে মোটরসাইকেলের প্রয়োজনীয়তা রয়েছে।
অর্থ বিভাগের সম্মতিপত্র অনুযায়ী, প্রতিটি মোটরসাইকেলের নির্ধারিত মূল্য ১ লাখ ৯৩ হাজার টাকা। এই হিসাবে ৫৭৮টি মোটরসাইকেল কেনার মোট ব্যয় ১১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ক্রয়ের ক্ষেত্রে অর্থ বিভাগ কয়েকটি শর্ত প্রদান করেছে। শর্ত অনুযায়ী, মোটরসাইকেল কেনার ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ অনুসরণ করতে হবে।
২০২৬-২৭ অর্থবছরে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট খাতে বরাদ্দ করা অর্থ থেকেই এ ব্যয় নির্বাহ করতে হবে। এ জন্য অতিরিক্ত কোনো বরাদ্দ প্রদান করা হবে না। এছাড়া ক্রয়সংক্রান্ত সব বিধি ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালন করতে হবে।
ভূমি মন্ত্রণালয়ের ২৬ অক্টোবর ২০২৬ তারিখের এক স্মারকের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ এ সম্মতি দিয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
২০১৮ সালের বহুল সমালোচিত ‘স্যান্ডপেপার-কাণ্ড’ নিয়ে উসমান খাজার সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ব্যক্তিগতভাবে সাবেক ওপেনারকে আক্রমণ করেছেন বলে মনে করেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সাবেক এই স্পিনারের মতে, কামিন্স খাজার বক্তব্যের বিরোধিতা না করে তার ব্যক্তিত্ব ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
জিওহটস্টারের ‘স্যান্ডপেপারগেট: দ্য আনসেটলড ডিবেট’ অনুষ্ঠানে কামিন্সের প্রতিক্রিয়ার সমালোচনা করেন অশ্বিন। তিনি মন্তব্য করেন, ‘প্যাট কামিন্সের সংবাদ সম্মেলনে যা হয়েছে, তা হলো তিনি উসমান খাজার বক্তব্যকে ভুল প্রমাণ করেননি, বরং মানুষ হিসেবেই তাকে অবিশ্বাসযোগ্য করে তুলেছেন। আমার কাছে সমস্যাটা এখানেই। কারও তথ্য বা বক্তব্য খণ্ডন করতে না পারলে আপনি সেই ব্যক্তিকেই প্রশ্নবিদ্ধ করেন।’
অশ্বিন খাজার সঙ্গে ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকে তার চরিত্রের পক্ষেও কথা বলেছেন। কামিন্সের এমন প্রতিক্রিয়া দেখানো নিয়ে তিনি জানান, তা তিনি ভাবেননি। অশ্বিন বলেন, ‘আমি উসমান খাজাকে চিনি। তার সঙ্গে অনেক ক্রিকেট খেলেছি। ব্যক্তিগতভাবে খুব ঘনিষ্ঠ না হলেও তিনি অত্যন্ত সৎ, নীতিবান ও স্পষ্টভাষী একজন মানুষ। সত্যি বলতে, ওই ঘটনায় প্যাট যে খাজাকেই ব্যক্তিগতভাবে অবিশ্বাস্য করে তুলবে, তা আমি কখনোই ভাবিনি।’
খাজার সদ্যপ্রকাশিত আত্মজীবনী ‘সবর’-এ ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে কিছু বিস্ফোরক তথ্য প্রকাশের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ