ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কক্সবাজারে উদ্ধার হলো পাঁচ ফুটের বিষধর শঙ্খিনী সাপ


কক্সবাজারে উদ্ধার হলো পাঁচ ফুটের বিষধর শঙ্খিনী সাপ

কক্সবাজারের উখিয়ার একটি বসতবাড়ি থেকে বন বিভাগ পাঁচ ফুট দৈর্ঘ্যের বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে। উদ্ধার করার পর সাপটিকে ধোয়াপালং বিটের মিনি বান্দরবান-সংলগ্ন সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উখিয়া রেঞ্জের হলদিয়াপালং বিটের মৌলভীপাড়ার একটি বসতবাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন জালিয়াপালং বিটের কর্মকর্তা ফরেস্টার মো. রোকনুজ্জামান।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বাড়িতে কয়েক দিন ধরে সাপটির যাতায়াত ছিল। কখনো দিনের বেলায় ঘরে ঢুকত, আবার সন্ধ্যায় বের হয়ে যেত। বিষয়টি জানার পর ফরেস্টার মো. রোকনুজ্জামান বাড়িটিতে গিয়ে সাপটির অবস্থান শনাক্ত করেন। পরে প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে গর্ত খুঁড়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সাপটি উদ্ধার করেন। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে সাপটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

ফরেস্টার মো. রোকনুজ্জামান বলেন, উদ্ধার করা সাপটি শঙ্খিনী প্রজাতির। এটি বাংলাদেশের অন্যতম বিষধর সাপ। তবে সাধারণত শান্ত স্বভাবের। সন্ধ্যার দিকে এ সাপ বেশি চলাচল করে এবং ইঁদুরসহ বিভিন্ন প্রাণীর পাশাপাশি অন্যান্য বিষধর সাপও শিকার করে। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষায় এ সাপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, শঙ্খিনী সাপ সাধারণত মানুষকে আক্রমণ করে না। তবে অসাবধানতাবশত এর গায়ে পা পড়লে বা নিজেকে বিপদগ্রস্ত মনে করলে আত্মরক্ষার্থে কামড় দিতে পারে। এটি বিষধর হওয়ায় সাপের কামড়ের শিকার হলে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়া জরুরি।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ধার হওয়া বন্যপ্রাণীকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমনরুমের অভাবে দুর্ভোগে ছাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমনরুমের অভাবে দুর্ভোগে ছাত্রীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রীদের জন্য কমনরুম থাকলেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে তা কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মোট ৮ হাজার ৪৭৯ ছাত্রীদের জন্য মাত্র দুটি কমনরুম রয়েছে। শিক্ষার্থীর তুলনায় কক্ষগুলোর পরিসর ছোট হওয়ায় অধিকাংশ সময় বসার জায়গা পাওয়া যায় না। অপরিচ্ছন্ন ওয়াশরুম, ভাঙা চেয়ার, নষ্ট স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা না থাকায় ক্লাসের বিরতিতে বিশ্রাম নেওয়া কিংবা ব্যক্তিগত প্রয়োজন মেটাতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন ছাত্রীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের গত বছর জকসু নির্বাচনের আগে প্রকাশিত নিয়মিত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী, জবিতে ছাত্রীর সংখ্যা ৮ হাজার ৪৭৯। শিক্ষার্থীকল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে, শহীদ সাজিদ ভবন ও বিজ্ঞান অনুষদ ভবনে একটি করে মোট দুটি কমনরুম রয়েছে। বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য এই সীমিত ব্যবস্থা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে অভিযোগ তাদের।

ইসলামিক স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থী বলেন, "কমনরুমে জায়গার অভাবে গাদাগাদি করে বসতে হয়। ওয়াশরুমগুলো অপরিচ্ছন্ন ও ব্যবহারের অনুপযোগী। কোনো ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেই।"

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী তামান্না ফেরদৌসী বলেন, "কমনরুমে প্রচুর ভিড় থাকে, বসার পর্যাপ্ত জায়গা নেই। একবার গিয়েছিলাম, সেখানকার পরিবেশ এতটাই অপরিষ্কার ও শোচনীয় যে আর যেতে ইচ্ছে করে না। ওয়াশরুমগুলোর অবস্থাও খুব খারাপ।"

শহীদ সাজিদ ভবনের কমনরুমেও দুর্গন্ধ, নাজুক ওয়াশরুম

১৩ তলাবিশিষ্ট শহীদ সাজিদ ভবনের নিচতলায় ছাত্রীদের কমনরুম অবস্থিত। ভবনের ওপরের তলাগুলোতে ক্লাস করা শিক্ষার্থীদের অল্প সময়ের বিরতিতে নিচে নেমে আসা বেশ কষ্টকর। কক্ষটিতে দুটি টেবিল ও প্রায় ৮০টি চেয়ার রয়েছে। তবে পাশের বারান্দায় জমে থাকা ময়লা এবং স্যানিটারি ট্যাংকের দুর্গন্ধে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। সংলগ্ন সাতটি ওয়াশরুমের মধ্যে দুটির কাজ এখনো অসম্পূর্ণ। বাকি পাঁচটির অবস্থাও নাজুক।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাদিয়া হক বলেন, "কমনরুমটি নিচতলায় হওয়ায় ওপরের তলায় ক্লাস করা শিক্ষার্থীদের জন্য সেখানে যাতায়াত করা সময়সাপেক্ষ। প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে অনেকেই সেখানে যেতে চান না।"

এ বিষয়ে পরিচ্ছন্নতাকর্মী লেশমি দাস বলেন, "পুরোনো টাইলসে স্থায়ী দাগ পড়ে যাওয়ায় এবং অতিরিক্ত শিক্ষার্থী ব্যবহার করায় নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।"

বিজ্ঞান অনুষদে ভাঙা চেয়ার, নষ্ট ন্যাপকিনের মেশিন

বিজ্ঞান অনুষদ ভবনের কমনরুমেও রয়েছে নানা সমস্যা। সরেজমিনে দেখা যায়, কক্ষের পর্দাগুলো পুরোনো ও ময়লাযুক্ত। প্রায় ৫০টি চেয়ারের মধ্যে বেশ কয়েকটি ভাঙা। এসব চেয়ারে বসতে গিয়ে অনেক সময় শিক্ষার্থীদের পোশাক ছিঁড়ে যায়। পাশের দুটি ওয়াশরুমও ব্যবহারের অনুপযোগী বলে জানিয়েছেন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাফিজা আক্তার।

গণিত বিভাগের শিক্ষার্থী লাবনী আক্তার শিমলা বলেন, "পুরো বিজ্ঞান অনুষদের ছাত্রীদের জন্য ওয়াশরুম মাত্র দুটি। পরীক্ষার সময় সেখানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। হ্যান্ডওয়াশ থাকে না, থাকলেও তাতে পানি মেশানো থাকে। স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিনটিও নষ্ট। ফলে মেশিনে যে ন্যাপকিন ১০ টাকায় পাওয়া যেত, তা এখন দায়িত্বে থাকা কর্মীর কাছ থেকে ২০ টাকায় কিনতে হচ্ছে। কমনরুমে রাখা শুকনো খাবারের দামও দুই টাকা বেশি রাখা হয়। জরুরি প্রয়োজনে প্যারাসিটামলের মতো সাধারণ ওষুধও পাওয়া যায় না।"

তিনি আরও জানান, শহীদ সাজিদ ভবনের কমনরুমে জায়গা তুলনামূলক বেশি থাকলেও সেখানে ন্যাপকিন ভেন্ডিং মেশিন কিংবা প্রাথমিক চিকিৎসার ওষুধের ব্যবস্থা নেই।

তিন ভবনে নেই ছাত্রীদের কমনরুম

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও ভাষাশহীদ রফিক ভবনে ছাত্রীদের জন্য কোনো কমনরুম নেই। ৩৮টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটের মধ্যে কেবল সমাজকর্ম বিভাগে ছাত্রীদের জন্য পৃথক বসার ব্যবস্থা রয়েছে। তবে বারান্দার একটি অংশে তৈরি এই জায়গায় একসঙ্গে পাঁচ থেকে ছয়জনের বেশি বসতে পারেন না।

সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, বিভাগের নিজস্ব অর্থায়নে ছাত্রীদের বসার জন্য জায়গাটি তৈরি করা হয়েছে। তবে এর রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসনের কাছে জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম চেয়েও পর্যাপ্ত সহায়তা পাওয়া যায়নি।

ছাত্রদের কমনরুম নেই, ব্রেস্ট ফিডিং কর্নারও অনুপস্থিত

ছাত্রীদের জন্য দুটি কমনরুম থাকলেও বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য কোনো সাধারণ কক্ষ নেই। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন আকাশ বলেন, দূরদূরান্ত থেকে আসা ছাত্রদের ক্লাসের বিরতিতে বিশ্রাম নেওয়া ও পোশাক পরিবর্তনের জন্য অন্তত একটি কমনরুম প্রয়োজন।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত কোনো ব্রেস্ট ফিডিং কর্নার না থাকায় মা শিক্ষার্থীদেরও বিড়ম্বনায় পড়তে হয়। প্রয়োজনের সময় তাদের কমনরুমের এক পাশে নামাজের জন্য নির্ধারিত স্থান ব্যবহার করতে হয়।

এ ছাড়া জনবল ও জায়গার সংকটে বিশ্ববিদ্যালয়ের ডে-কেয়ার সেন্টারও কার্যকরভাবে পরিচালিত হচ্ছে না। দুই বছরের কম বয়সী শিশু রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা এবং প্রচারণার অভাবে ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে সেখানে শিশুদের উপস্থিতি কমে গেছে। সেন্টারের পরিবেশ ও যত্ন নিয়ে উদ্বেগ থাকায় অনেক শিক্ষার্থী সন্তান কোলে নিয়েই ক্লাস করেন।

সার্বিক বিষয়ে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. মাহাতি হাসান জুয়েল বলেন, "পর্যাপ্ত পরিচ্ছন্নতাকর্মী না থাকায় নিয়মিত তদারকি করা কঠিন হচ্ছে। তবে অস্থায়ী কর্মীর ব্যবস্থা করার চেষ্টা চলছে। ওয়াশরুম মেরামতের বিষয়টি বাজেটের ওপর নির্ভরশীল হওয়ায় জরুরি তহবিল চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। ক্যাম্পাসে জায়গার তীব্র সংকট থাকায় নতুন কমনরুম স্থাপনের তাৎক্ষণিক সুযোগ নেই।"

উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, "শিক্ষার্থীকল্যাণ ও প্রকৌশল দপ্তরের লিখিত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি বিবেচনা করা হবে। ব্রেস্ট ফিডিং কর্নার ও ডে-কেয়ার সেন্টার আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে নতুন কক্ষ নির্মাণ বা বাজেট বরাদ্দ দেওয়া কঠিন হলেও সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।"

শিক্ষার্থীদের দাবি, ছাত্রীদের সংখ্যা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে কমনরুমের পরিসর বাড়ানোর পাশাপাশি বিদ্যমান কক্ষগুলোর সংস্কার জরুরি। একই সঙ্গে স্বাস্থ্যসম্মত ওয়াশরুম, সচল ন্যাপকিন ভেন্ডিং মেশিন, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা এবং মা শিক্ষার্থীদের জন্য পৃথক ব্রেস্ট ফিডিং কর্নার নিশ্চিত করতে হবে।

এসকেডি/ আরটিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেফাজতে ইসলাম: আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


হেফাজতে ইসলাম: আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান দাবি করেছেন যে, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা উচিত। তারা ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের পাশাপাশি ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে এই দাবি জানাচ্ছেন।

শনিবার (২১ নভেম্বর) সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো এক বিবৃতিতে তারা তাদের বক্তব্য তুলে ধরেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয়, বরং জুলাই গণ-অভ্যুত্থানের সময় গণহত্যা চালানো দলটির নেতাকর্মীরা ভারতে পালিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে নিজেদের প্রমাণ করেছে। তারা বলেন, দিল্লির মদদে চব্বিশের পরাজিত শক্তি আওয়ামী ফ্যাসিবাদ আবারও দেশজুড়ে জ্বালাও-পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের পরিকল্পনা আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর, কিন্তু তারা জানুক, আমরা ইনশাআল্লাহ তা দুঃস্বপ্নে পরিণত করব।

তারা পিলখানা, শাপলা, জুলাই ও মোদিবিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের ন্যায়বিচারের জন্য অপেক্ষার কথা উল্লেখ করেন।

তারা বলেন, যারা বিভিন্ন টকশো ও প্লাটফর্মে পতিত আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের এজেন্ডা অনুসারে কথা বলেন, তাদের প্রতি জনগণের ক্ষোভ ক্রমেই বাড়ছে। অতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল এবং ৯৬ সালে প্রতারণামূলক ক্ষমা চেয়ে ক্ষমতায় এসে তারা শোধরায়নি।

তাদের দাবি, আওয়ামী লীগের বিষয়ে বিগত শাসনকালে নৃশংস ফ্যাসিবাদের শিকার শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই।

তারা মনে করেন, রাষ্ট্রক্ষমতা দখলে নিয়ে পনেরো বছর গুম-খুন, পিলখানা, শাপলা ও জুলাইসহ একের পর এক গণহত্যা চালানোর পর বাংলাদেশে দলটির আর কোনো রাজনৈতিক লেজিটিমেসি থাকতে পারে না। আওয়ামী সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদ নির্মূল না হলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অরক্ষিত থেকে যাবে।

তারা আরও বলেন, প্রভু রাষ্ট্রের বহু চেষ্টা-তদবিরেও এখনো তৃতীয় কোনো রাষ্ট্র মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত অপরাধী হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয়নি। তাদের ধারণা, কোনো সভ্য রাষ্ট্র এমন ঘৃণ্য অপরাধীকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের মুখে পড়তে চায় না। দ্য গার্ডিয়ান সম্প্রতি গণহত্যাকারী শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ হিসেবে তুলে ধরেছে। দ্য ইকোনোমিস্ট হাসিনার শাসনকালকে ‘নিকৃষ্ট শাসন’ বলে অভিহিত করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও হাসিনার চরিত্র আজ উন্মোচিত হয়েছে। ইতিহাস এভাবেই দাম্ভিক ও মাফিয়া শাসকের পরিণতি লিখে দেয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাইকগাছার বাগানে ভাগ্যবদল কৃষি উদ্যোক্তা বেলালের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


পাইকগাছার বাগানে ভাগ্যবদল কৃষি উদ্যোক্তা বেলালের

খুলনার পাইকগাছায় বেলালের ফলের বাগান তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। মাত্র দুই হাজার ৭'শ টাকা নিয়ে নার্সারি শুরু করে এবং পরবর্তীতে মিশ্র ফলের বাগান গড়ে তোলে স্নাতক পাস বেলাল। বর্তমানে তিনি প্রতিবছর কয়েক লক্ষ টাকা মূল্যের ফল ও গাছের চারা বিক্রি করছেন, সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত বেলাল। ছোট উদ্যোগকে ভিত্তি করে ১২ বিঘা জমিতে গড়ে তুলেছেন মিশ্র ফলের বাগান ও নার্সারি। এর মধ্যে পাঁচ বিঘা জমিতে রয়েছে চায়না ম্যান্ডারিন জাতের মালটা। চলতি মৌসুমে বাগানের ৫'শটি গাছ থেকে প্রায় ১৫ মেট্রিক টন মালটা উৎপাদনের প্রত্যাশা করছেন বেলাল। উৎপাদিত মালটা প্রায় ৪০ লক্ষ টাকায় বিক্রি হবে বলে তার আশা।

উপজেলার কপিলমুনি ইউনিয়নের কপোতাক্ষ নদের তীরবর্তী মালথ গ্রামে প্রবেশ করলেই বেলালের বাগানে সারি সারি মালটা গাছ চোখে পড়ে। সবুজ পাতার ফাঁকে ডালে ঝুলছে থোকায় থোকায় ফল। ফলের আকৃতি ও রঙ দর্শনার্থীদের সহজেই আকৃষ্ট করে। উপকূলীয় লবনাক্ত পরিবেশে গড়ে ওঠা বেলালের ফলের বাগান দেখতে আসেন বিভিন্ন এলাকার কৃষক, তরুণ উদ্যোক্তা ও দর্শনার্থীরা।

বেলাল হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় চার বছর আগে পাঁচ বিঘা জমি লিজ নিয়ে মালটা চাষ শুরু করেন। এতে তার ব্যয় হয়েছে ১ লাখ ২৫ হাজার টাকা। চারা ও শ্রমিক খাতে তিনি ব্যয় করেছেন ৫ লাখ ২৫ হাজার টাকা। চলতি মৌসুমে পাঁচ বিঘার বাগান থেকে প্রায় ১৫ মেট্রিক টন মালটা উৎপাদনের প্রত্যাশা করছেন। বাগান থেকেই প্রতি কেজি ফল ২৫০ টাকা দরে বিক্রি করছেন। মৌসুম শেষে উৎপাদিত মাল্টা প্রায় ৪০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা করছেন।

মালটা চাষের অভিজ্ঞতা তুলে ধরে বেলাল হোসেন বলেন, "রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে গোবর সার বেশি প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়।" তবে বেলালের কৃষি উদ্যোগের শুরুটা মালটা চাষ দিয়ে নয়। প্রায় ২৬ বছর আগে নানার বাড়ি উপজেলার সিলেমানপুর থেকে পড়াশোনার সময় নানির দেওয়া ২ হাজার ৭'শ টাকা দিয়ে নার্সারি ব্যবসা শুরু করেন তিনি। এরপর ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়িয়েছেন। বর্তমানে প্রায় ১২ বিঘা জমিতে রয়েছে বিভিন্ন ফলের বাগান ও নার্সারি। এর মধ্যে ৫ বিঘা জমিতে মালটা এবং ৪ বিঘায় ড্রাগন ফল চাষ করছেন। বাকি তিন বিঘায় বিভিন্ন প্রজাতির ফলের গাছ ও চারা রয়েছে। মালটা বাগানের মধ্যেও অন্যান্য জাতের ফলের চারা পরিচর্যা করছেন তিনি।

ফল উৎপাদনের পাশাপাশি চারা উৎপাদন ও বিক্রিও তার ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ। ভালো ফলন পাওয়া গাছ থেকে কলম চারা তৈরি করে বাজারজাত করা হয়। নার্সারি থেকে বছরে প্রায় ১২ লাখ টাকার চারা বিক্রি হয়। নার্সারি ও ফল বাগান পরিচর্যায় এলাকার অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। আগামীতে মালটা চাষের পরিধি আরো বাড়ানোর ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন বেলাল হোসেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন বলেন, বেলালের মালটা বাগান কৃষি বিভাগের পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে। তাঁকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তাঁর এই উদ্যোগ দেখে উপকূলীয় এলাকার অন্যান্য কৃষকরাও ফলের বাগান করতে আগ্রহ প্রকাশ করছেন বলে জানিয়েছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরের তারিখ পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরের তারিখ পরিবর্তন

আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্বনির্ধারিত ৩০ নভেম্বরের পরিবর্তে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তার এ সফর দুদিন পেছানো হয়েছে।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার শনিবার (২১ নভেম্বর) বিকেল পৌনে তিনটার দিকে প্রধানমন্ত্রীর সফরের নতুন তারিখ নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২ ডিসেম্বর যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠানে যোগদান করবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠান শেষে তিনি কুষ্টিয়ায় আসবেন। সফরের সময় প্রধানমন্ত্রী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। হাসপাতালটির কার্যক্রম পূর্ণাঙ্গভাবে গতিশীল হলে কুষ্টিয়া ও আশপাশের কয়েকটি জেলার মানুষের চিকিৎসাসেবায় নতুন দ্বার উন্মোচিত হবে, এমন আশা স্থানীয়দের।

এছাড়া, কুষ্টিয়া সুগার মিলস লিমিটেড এবং মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, বিনিয়োগ সম্ভাবনা ও কর্মসংস্থান সৃষ্টি নিয়েও আলোচনা হতে পারে। দীর্ঘদিন ধরে সংকট ও অব্যবস্থাপনায় প্রতিষ্ঠান দুটি উৎপাদনহীন থাকায় স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। প্রধানমন্ত্রীর সফরে মিল দুটি পুনরায় চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে আশা করছেন জেলাবাসী।

দলীয় সূত্রে জানা যায়, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরের আলোচনায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ সরকারের জনকল্যাণমূলক কর্মসূচিগুলো বিশেষ গুরুত্ব পেতে পারে।

এর আগে, প্রধানমন্ত্রীর সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ১৭ নভেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা, প্রটোকল ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা এবং বিভিন্ন উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, "আগামী ৩০ নভেম্বরের পরিবর্তে ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফর করবেন। ওই দিন যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠান শেষে তিনি কুষ্টিয়ায় আসবেন। আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%