ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

সীতাকুণ্ডে বাসের নিচে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, অবরোধ ছয় দফা দাবি


সীতাকুণ্ডে বাসের নিচে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, অবরোধ ছয় দফা দাবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি লরির ধাক্কায় একটি লোকাল বাস উল্টে চাপা পড়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত নিহত হয়েছেন। এই ঘটনায় একই বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ও একজন পথচারী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার প্রতিবাদে এবং ছয় দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। ফলে সড়ক ও রেলপথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ২টা ৪০ মিনিট) অবরোধ চলছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী ৮ নম্বর রুটের একটি লোকাল বাস মহাসড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় কেডিএস লজিস্টিকসের একটি লরি বাসটিকে পাশ থেকে ধাক্কা দেয়। এর ফলে বাসটি উল্টে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর পড়ে। বাসের নিচে চাপা পড়ে মাইশা মুশফিরাত, রাজিয়া সুলতানা ও এক পথচারী আহত হন। পরে স্থানীয় লোকজন ও সহপাঠীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: শ্রমজীবী ঐক্য পরিষদের শ্রমিকদের কাজে যোগ দিয়ে উৎপাদন সচল রাখার আহ্বান

নিহত মাইশা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া গ্রামে। তিনি সাখাওয়াত হোসেন ও সালমা আক্তার দম্পতির মেয়ে। আহত রাজিয়া সুলতানাও একই বিভাগের শিক্ষার্থী। তার পায়ে আঘাত লেগেছে। প্রথমে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। পরে মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইআইইউসির ট্রাস্টি বোর্ডের সদস্য আনোয়ার সিদ্দিক চৌধুরী।

আনোয়ার সিদ্দিক চৌধুরী জানান, শিক্ষার্থীরা মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন ছয় দফা দাবিতে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বাদী হয়ে মামলা দায়ের, ২৪ ঘণ্টার মধ্যে লরিচালককে গ্রেপ্তার এবং চালক ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। এছাড়া সড়ক দখল করে কেডিএস লজিস্টিকসের অবৈধ দখল বন্ধ, ক্যাম্পাসের প্রধান ফটকের উভয় পাশে ফুটওভার ব্রিজ নির্মাণ, হতাহতদের পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং প্রধান ফটক এলাকায় নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

বারআউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শামীম আলম বলেন, দুর্ঘটনার পর শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন। তাঁদের শান্ত করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

রেলওয়ে চট্টগ্রামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন জানান, সকাল ৯টা থেকে রেলপথ অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা।

আরও পড়ুন: বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমনে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পীরগঞ্জে এসিল্যান্ডের অভাবে ভোগান্তিতে উপজেলাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


পীরগঞ্জে এসিল্যান্ডের অভাবে ভোগান্তিতে উপজেলাবাসী

রংপুরের পীরগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের অভাবে উপজেলাবাসী চরম ভোগান্তির সম্মুখীন হয়েছেন। দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য থাকায় ভূমি অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে জমির নামজারিসহ বিভিন্ন ভূমিসংক্রান্ত সেবা নিতে আসা সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন।

সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ বদলি হওয়ার পর থেকে পীরগঞ্জে নতুন কোনো এসিল্যান্ড যোগদান করেননি। ফলে এই গুরুত্বপূর্ণ পদটি শূন্য অবস্থায় রয়েছে। এর ফলে ভূমি অফিসের কার্যক্রম পরিচালনায় নানা সমস্যা দেখা দিয়েছে।

ভুক্তভোগী ঘোলা গ্রামের আব্দুর রশিদ মিয়া জানান, তিনি প্রায় দুই মাস আগে জমির নামজারির জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত নামজারির কাগজ হাতে পাননি। এ বিষয়ে খোঁজ নিতে বারবার উপজেলা ভূমি অফিসে আসতে হচ্ছে তাঁদের। তবে নতুন এসিল্যান্ড কবে যোগদান করবেন এবং তাঁদের কাজ কবে সম্পন্ন হবে, সে বিষয়ে অফিসের কর্মচারীরাও সঠিক তথ্য দিতে পারছেন না বলে তিনি অভিযোগ করেন।

এছাড়া অফিসে আসা কয়েকজন ভুক্তভোগী জানান, জমিসংক্রান্ত বিভিন্ন কাজে দিনের পর দিন অফিসে ঘুরতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে। তাঁরা দ্রুত এসিল্যান্ড পদে কর্মকর্তা নিয়োগ দিয়ে ভূমিসেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল বাকিউল বারীকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ভূমি অফিসের দেয়ালে তাঁর নামের নেমপ্লেটও রয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বের কারণে নিয়মিতভাবে ভূমি অফিসে সময় দেওয়া কঠিন হয়ে পড়েছে। তিনি সপ্তাহে এক-দুই দিন অফিসে বসলেও দীর্ঘ সময় দিতে পারেন না। সর্বশেষ গত বৃহস্পতিবার বিকেলে তাঁকে ভূমি অফিসে বসতে দেখা গেছে।

উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা জানান, এসিল্যান্ডের অভাবে অফিসের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়। ফলে গুরুত্বপূর্ণ ভূমিসংক্রান্ত কাজ সম্পন্ন করতে সমস্যা সৃষ্টি হচ্ছে।

উল্লেখ্য, পীরগঞ্জ উপজেলা একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এত বড় একটি উপজেলার দুটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যালয়ের দায়িত্ব একজন কর্মকর্তার পক্ষে সামলানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

সচেতন মহলের মতে, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে পীরগঞ্জ উপজেলা ভূমি অফিসে দ্রুত একজন সহকারী কমিশনার (ভূমি) পদায়ন করা জরুরি। অন্যথায় ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা, ৮ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে অনুমোদিত বিষয়গুলোর কপি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


সরকারি কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা, ৮ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে অনুমোদিত বিষয়গুলোর কপি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সরকারি কলেজগুলোতে বিভিন্ন বিষয়ের অফিসিয়াল অনুমোদনপত্র চেয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে উচ্চমাধ্যমিক, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ে চলমান অনুমোদিত বিষয়গুলোর কপি আগামী ৮ নভেম্বরের মধ্যে অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) মাউশির উপপরিচালক শওকত হোসেন মোল্যার সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ সব সরকারি কলেজে (২০১৮ বিধিতে জাতীয়করণকৃতসহ) পদসৃজনের জন্য উল্লিখিত কলেজগুলোতে পঠিত বিষয়সমূহের অনুমোদনের অনুলিপি প্রয়োজন। এই বিষয়গুলো হলো (১. উচ্চ মাধ্যমিক পর্যায়ের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক এবং ২. ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক) অনুমোদন।

এতে আরও বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ সব সরকারি কলেজে পঠিত বিষয়সমূহের অনুমোদনের হার্ডকপি আগামী ৮ নভেম্বরের মধ্যে উপপরিচালক, এইচআরএম, (কক্ষ নং-৫৩০) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা বরাবর প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঠে সংঘর্ষের পর টেনেরিফের স্প্যানিশ স্ট্রাইকার যিশুস দে মিগেলের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


মাঠে সংঘর্ষের পর টেনেরিফের স্প্যানিশ স্ট্রাইকার যিশুস দে মিগেলের মৃত্যু

স্পেনের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে গুরুতর আঘাত পাওয়ার পর মৃত্যুবরণ করেছেন টেনেরিফের ৩০ বছর বয়সী ফরোয়ার্ড যিশুস দে মিগেল।

সোমবার, আন্দোরার বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে গোলরক্ষক যিশুস ওওনোর সঙ্গে ভয়াবহ সংঘর্ষের ফলে মাথা ও বুকে মারাত্মক আঘাত পান দে মিগেল। এই ঘটনার পর ওওনোকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়।

সংঘর্ষের পর দে মিগেলের শারীরিক অবস্থা ‘স্থিতিশীল, তবে গুরুতর’ বলে জানানো হয়েছিল। কিন্তু মঙ্গলবার সকালে তার অবস্থা খারাপ হয়ে যায়। স্থানীয় সময় সকাল ৮টায়, বাংলাদেশ সময় দুপুরের দিকে, ৩০ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলার মারা যান।

দে মিগেলের মৃত্যুর খবর নিশ্চিত করে টেনেরিফ ক্লাব এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। ক্লাবটি জানায়, এই মর্মান্তিক ঘটনায় তাদের কাছে বলার মতো কোনো ভাষা নেই এবং তারা শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের পাশে রয়েছে।

ক্লাবের বিবৃতিতে উল্লেখ করা হয়, দে মিগেলের পরিবার তাদের প্রতি সমবেদনা ও সমর্থন জানানো প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের অনুরোধ জানানো হয়েছে।

মাঠে সংঘর্ষের ফলে মাত্র ৩০ বছর বয়সে দে মিগেলের মৃত্যু স্প্যানিশ ফুটবলে গভীর শোকের ছায়া ফেলেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার মোড় এলাকায় ছিনতাইয়ের চেষ্টা করার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (এসআরইউ)।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ডিএমপি এই তথ্য প্রকাশ করেছে।

গ্রেপ্তারকৃতদের নাম হলো মো. সাজেদুল ইসলাম সাইদুল (২৬) এবং মো. মাসুম বিল্লাহ (২৭)।

ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সূত্র জানায়, মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে মিরপুর ও তেজগাঁও এলাকায় ছিনতাই প্রতিরোধের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। সেই সময় তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার মোড় এলাকায় ছিনতাইয়ের চেষ্টা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির হাতিরঝিল, কলাবাগান ও তেজগাঁও থানায় একাধিক মামলা রয়েছে। তাদের গ্রেপ্তারের পর তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%