০৭:৫৩ পি.এম
দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, নাশকতামূলক কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা এবং থানায় অগ্নিসংযোগের প্রতিবাদে কাউখালীতে বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।
রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া অটোগাড়ি স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলের নেতৃত্ব দেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর। এতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মিছিলটি দক্ষিণ বাজার বিএনপির নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাপুড়িয়া পট্টি ও পোস্ট অফিস সড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজার ব্রিজের পাদদেশে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর বলেন, "বিএনপি কখনো আগুন সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সরকার। এ সরকার উন্নয়ন ও জনকল্যাণে বিশ্বাসী।" তিনি বলেন, খুন, গুম, হত্যা, পেট্রোল বোমা ও নৈরাজ্যের রাজনীতি পরিহার করতে হবে। প্রতিমন্ত্রী এসব নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের দায়ী করে বলেন, "গুপ্তভাবে বাসে আগুন দিয়ে মানুষ হত্যা, থানা জ্বালিয়ে দেওয়া এবং পুলিশ সদস্যদের ওপর হামলার মতো জঘন্য অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না।" তিনি অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ—"কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।" সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। পতিত সরকারের পলাতক নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দূরত্ব বজায় রাখতে হবে। তিনি বলেন, "যদি কেউ তাদের সহযোগিতায় এগিয়ে আসে, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"
দক্ষিণাঞ্চলকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, হাটবাজার, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আজম দুলাল, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার ও রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, সদস্যসচিব শাফিউর রহমান সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্যসচিব রাকিব তালুকদার, শ্রমিক দলের সভাপতি আবু তাহের, সদস্য সচিব ইউসুফ আলী আকন, ছাত্রদলের আহ্বায়ক সুমন ও সদস্যসচিব সোয়েব সিদ্দিকীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ইউনিয়ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
আরও পড়ুন: পরীক্ষার ফরম পূরণে বেশি টাকা আদায়ের ঘটনায় ইউএনওর হস্তক্ষেপ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন