০৩:১৭ পি.এম
শেরপুরের গারো পাহাড়ি অঞ্চলসহ জেলার বিভিন্ন উপজেলায় শীতের আগমনী বার্তা অনুভূত হতে শুরু করেছে। গত সপ্তাহ থেকে শীতের আমেজ স্পষ্ট হয়ে উঠেছে। ভোরে কুয়াশা, সন্ধ্যার পর ঠান্ডা বাতাস এবং রাতে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ লেপ-তোষক ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর ফলে জেলার বিভিন্ন হাট-বাজারে লেপ-তোষকের দোকানে ক্রেতাদের ভিড় বেড়ে গেছে।
তবে গত বছরের তুলনায় তুলা, লেপের কাপড়, ফোম এবং কারিগরদের মজুরি বৃদ্ধি পাওয়ায় লেপ-তোষক তৈরির খরচও বেড়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব এই ব্যবসাতেও পড়েছে।
ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের লেপ-তোষক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম জানান, তিনি প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত। পরিবারের ভরণপোষণ এবং সংসারের দায়িত্ব পালন করতে তিনি এই ব্যবসার আয় ব্যবহার করেন। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানে ছয়জন কারিগর কাজ করছেন। প্রতিদিন ৭ থেকে ১০টি লেপ তৈরি হচ্ছে। চার থেকে পাঁচ হাত মাপের প্রতিটি লেপ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায়।
আরও পড়ুন: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
কারিগরদের মধ্যে অনেকেই ১০ বছর ধরে এই পেশায় রয়েছেন। তাঁরা বাবার হাত ধরে এই কাজে যুক্ত হয়েছেন। অন্য পেশায় যাওয়ার ইচ্ছা নেই, তাঁরা এই পেশাতেই থাকতে চান।
লেপ-তোষক কিনতে আসা পাহাড়ি এলাকার গান্ধীগাঁও গ্রামের মিজানুর রহমান মিজান এবং গোমড়া গ্রামের আনোয়ার হোসেন জানান, শীত বাড়ার আগেই পরিবারের সদস্যদের জন্য নতুন লেপ-তোষক তৈরি করতে এসেছেন। তবে তুলা, কাপড় এবং কারিগরের মজুরি বেড়ে যাওয়ায় আগের তুলনায় খরচ বেশি হচ্ছে। দাম বাড়লেও পরিবারের প্রয়োজনেই লেপ তৈরি করাতে হচ্ছে।
প্রতাপ নগর গ্রামের আশরাফ আলী জানান, আর্থিক সংকটের কারণে এবারের জন্য দুটি লেপ তৈরির পরিকল্পনা থাকলেও তিনি একটি তৈরি করছেন। শীতের তীব্রতা বাড়ার আগে পরিবারের সদস্যদের কষ্ট লাঘব করতেই বাড়তি খরচের মধ্যে লেপ তৈরি করাচ্ছেন।
কারিগরদের মতে, শীতের আগাম প্রস্তুতি হিসেবে মানুষ লেপ-তোষক তৈরি করতে শুরু করায় কাজের চাপ বৃদ্ধি পাচ্ছে। তবে উপকরণের দাম বেশি হওয়ায় অনেক ক্রেতা চাহিদা অনুযায়ী লেপ-তোষক তৈরি করতে পারছেন না। পুঁজির স্বল্পতায় ব্যবসায়ীরাও পর্যাপ্ত উপকরণ মজুত রাখতে পারছেন না। তাঁদের আশা, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে কাজের পরিমাণ এবং আয় দুটোই বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি, বিজিবি মোতায়েন
তাঁরা আরও জানান, একসময় শীত মৌসুমে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত লেপ-তোষক তৈরির কাজ করতে হতো। বর্তমানে সেই ব্যস্ততা কিছুটা কমলেও শীত বাড়ার সঙ্গে সঙ্গে আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে প্রত্যাশা করছেন তাঁরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন