প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ময়মনসিংহে জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানার উদ্দেশ্যে গিয়ে সাংবাদিকদের গালিগালাজ, হেনস্তা এবং ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’ বলে হুমকি দেওয়ার ঘটনায় সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামকে শোকজ করেছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
রোববার (১৫ নভেম্বর) সকালে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন, তার জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমান রোববার দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নায়েব আবুল কালামের অসদাচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। এ কারণে তাকে শোকজ করা হয়েছে এবং তার জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান নিজের বাবার জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে যান। সেখানে নায়েব আবুল কালামকে অফিসে চায়ের আড্ডায় ব্যস্ত অবস্থায় দেখা যায়। দীর্ঘ সময় অপেক্ষার পর তথ্য জানতে চাইলে তিনি সাংবাদিক অনিক খানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
একপর্যায়ে সাংবাদিকদের উদ্দেশ্যে গালিগালাজ করে আবুল কালাম বলেন, ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব।’ শুধু তাই নয়, তথ্য জানতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার এবং আটকে রাখার হুমকিও তিনি দেন বলে অভিযোগ রয়েছে। সরকারি দপ্তরে দায়িত্ব পালনরত একজন কর্মকর্তার মুখে এমন হুমকির ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় সেখানে নাগরিক টিভির মাল্টিমিডিয়ার সাংবাদিক ফারহাদ, কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার সাংবাদিক আলাদিন সানি এবং ডিবিসির মাল্টিমিডিয়ার সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত উপস্থিত ছিলেন। পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
সাংবাদিকদের অভিযোগ, সরকারি দপ্তরে নাগরিকের তথ্য জানার অধিকার নিশ্চিত করার পরিবর্তে একজন দায়িত্বশীল কর্মকর্তা সাংবাদিকদের জেলে পাঠানোর হুমকি দিয়েছেন। এমন আচরণ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে এবং সরকারি সেবাপ্রতিষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে কর্মকর্তাদের আচরণ নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে।
সাংবাদিকদের দাবি, শোকজের মধ্যেই যেন এ ঘটনার নিষ্পত্তি না হয়। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে নায়েব আবুল কালামের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন জেলা প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে ময়মনসিংহের সাংবাদিকরা তাকিয়ে রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন